একতার কণ্ঠঃ জ্বালানি তেল,গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশোডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে নিজেদের মধ্যে হট্রগোল হয়েছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
রবিবার(৩১ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার।
এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-আহবায়ক কাজী শাফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী প্রমুখ।
এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে বিএনপির নেতারা বলেন, সমাবেশকে বানচাল করতে কিছু পদবঞ্চিত নেতারা অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ । পরে আমরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ সম্পন্ন করি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ সচিব পদে লিখিত পরীক্ষায় দূর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষায় সকল প্রার্থীর চেয়ে সর্বোচ্চ নম্বর পান পরীক্ষার্থী আদ্রিতা রহমান। তিনি টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের মেয়ে ।
অভিযোগ উঠেছে আদ্রিতা রহমানের মা টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়না খানমের সরাসরি নিয়ন্ত্রণে থাকা পরীক্ষা কেন্দ্র লিখিত পরীক্ষা হওয়ায় কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব এবং প্রার্থীর কক্ষের পরিদর্শকদের প্রত্যক্ষ সহায়তায় অস্বাভাবিক নাম্বার প্রাপ্ত হন আদ্রিতা।
পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ওই প্রাপ্ত নম্বর নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিস্ময় প্রকাশ করেন। স্থানীয় জনগণের সন্দেহের প্রেক্ষিতে ও অধিকতর যাচাইয়ের স্বার্থে একই প্রশ্নে পুনরায় আদ্রিতার লিখিত পরীক্ষা নেন টাঙ্গাইল জেলা প্রশাসন। তবে এবার লিখিত পরীক্ষায় তেমন কোন উত্তরই দিতে পারেননি এই পরীক্ষার্থী।
লিখিত পরীক্ষায় কথিত অসদুপায় অবলম্বনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২৭ জুলাই) টাঙ্গাইল জেলা প্রশাসক এর কার্যালয় থেকে লিখিত ভাবে মন্ত্রী পরিষদ বিভাগকে অবহিত করা হয়।
বিষয়টির প্রকৃত অবস্থা উদঘাটন এবং ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের বিশেষ ইউনিট সিআইডির সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো. আতাউল গনি।
চিঠির মাধ্যমে জানা যায়, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া আদ্রিতা রহমান যার রোল নাম্বার ২০০১১৯৮ তিন ধাপের পরীক্ষায় ৬৯ নম্বর পাওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিস্ময় প্রকাশ করেন। প্রার্থীর মেধা আচার আচরণের সাথে ফলাফলের সামঞ্জস্য না থাকায় নিয়োগ কমিটি সদস্যদের অবহিত করেন এবং অভিযোগ করেন আদ্রিতা রহমান, টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের মেয়ে। আরও অভিযোগ আছে, আদ্রিতা রহমানের মা জেলা শিক্ষা কর্মকর্তা সরাসরি নিয়ন্ত্রণে থাকা পরীক্ষা কেন্দ্র “বিবেক আনন্দ হাই স্কুল এন্ড কলেজ টাঙ্গাইল” এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব এবং প্রার্থীর কক্ষের পরিদর্শকদের প্রত্যক্ষ সহায়তায় অস্বাভাবিক নাম্বার প্রাপ্ত হন। অধিকতর যাচাইয়ের স্বার্থে প্রার্থীকে উপ পরিচালক, স্থানীয় সরকার তার অফিস কক্ষে গত ২১ জুলাই একই প্রশ্নে তার লিখিত পরীক্ষা গ্রহণ করেন। সেখানে প্রার্থীর এলোমেলো আচরণ করেন এবং তেমন কিছুই উত্তর দিতে সক্ষম হয়নি। এজন্য লিখিত পরীক্ষায় প্রার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি আরো স্পষ্ট হয়।
এমতাবস্থায় টাঙ্গাইল জেলা প্রশাসক ড.মো. আতাউল গনি মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো চিঠির অনুলিপি প্রদান করেন সচিব, স্থানীয় সরকার বিভাগ,বিভাগীয় কমিশনার,অতিরিক্ত সচিব মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব।
এ প্রসঙ্গে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান,কেন্দ্রে ১১৬০ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ কেন্দ্রে আদ্রিতা রহমান নামের কোন পরীক্ষার্থী ছিল কিনা সেটি আমার জানা নেই।
তিনি আরও জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা গ্রহণের সার্বিক দায়িত্ব পালন করেন। পরীক্ষা কেন্দ্রে সকল কার্যক্রম পরিচালনায় তিনি সহায়তা করেন। তবে কেন্দ্র সচিব, সহকারি কেন্দ্র সচিব বলে কোন দায়িত্ব ছিলনা। দুই সদস্য বিশিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটির গঠণ করা হয় বলে জানান তিনি। ওই কমিটির সদস্যরা হলেন- আবু দাউদ ও আলহাজ্ব ফজলুর রহমান। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন ৪০জন।
অভিযোগ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম জানান, আমার মেয়ে আদ্রিতা রহমান ইউনিয়ন সচিব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ। পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেছেন জেলা প্রশাসন। সেখানে আমার কোন প্রভাব ছিলনা।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো. আতাউল গনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি ও দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যে বিষয়ে প্রশ্ন উঠেছে, তার প্রকৃত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন। যাতে অপরাধ করে কেউ পার না পান। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পান।
উল্লেখ্য, গত ১৬ জুলাই লিখিত পরীক্ষায় এবং ১৭ জুলাই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে ১২ জন প্রার্থী চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়। এর মধ্যে টাঙ্গাইল বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরীক্ষা দেন ২০০১১৯৮ রোল নম্বরধারী জেলা শিক্ষা কর্মকর্তার মেয়ে আদ্রিতা রহমান। এবং সকল পরীক্ষার্থীর চেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উওীর্ণ হন।
একতার কণ্ঠঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের প্রাণের টাঙ্গাইলে।
শনিবার (৩০ জুলাই ) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উদযাপিত হয় এই পুনর্মিলনী।ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল, এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
টাঙ্গাইল পৌর সভার মেয়র ও সাবেক ঢাবিয়ান সিরাজুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ।
প্রকাশ,১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়।
এই পুনর্মিলনী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ।
দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেছেন সুখ-আড্ডায়।
ভুল করেননি একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে বন্দি হতে। এছাড়া তারা পরিবার-পরিজন নিয়ে মধ্যান্য ভোজে অংশগ্রহণ করে।
একতার কণ্ঠঃ :মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল পরিবেশে শান্তিপূর্ণভাবে শনিবার (৩০জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ৪টি কেন্দ্রে ৪৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট ২০২২ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।শুক্রবার (২৯ জুলাই) বিকালে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সাপুয়া বাঘিল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যাক্তি একই উপজেলার শ্রীফলিয়াটার (বাগিল বাজার) আ: কুদ্দুছের ছেলে শাহদাত (২৫) ও বাচ্চু মিয়ার ছেলে ফারুক আহম্মেদ (২৮)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সদর উপজেলার সাপুয়া (বাঘিল) এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ছয় শত টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় আবু সাইদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় বানু পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
নিহত আবু সাইদ সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। হৃদয় বানুরও এর আগে বিয়ে হয়েছিলো। ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে বাসা ভাড়া নেন। সেখানেই হৃদয় বানু থাকতেন। মাঝে মাঝে আবু সাইদ তার কাছে যেতেন। বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাদের ঘরে যায়। এ সময় ঘরে আবু সাইদের লাশ দেখে তারাই পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিলো।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান ,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
একতার কণ্ঠঃ চেক জালিয়াতির মামলায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে (বটতলা) অবস্থিত বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের করণিক আনোয়ার পারভেজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৭ জুলাই) রাতে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার পারভেজ পৌর শহরের দেওলা এলাকার বাসিন্দা।
অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান, শহরের সাবালিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ধার নেন করণিক আনোয়ার। পরে ওই ব্যক্তির টাকা পরিশোধের জন্য তাকে একটি চেক দেন আনোয়ার। পরিশোধের নির্দিষ্ট তারিখে তার অ্যাকাউন্টে টাকা না থাকায় আনোয়ার পারভেজের নামে একটি ডিজ-অনার মামলা করেন ওই ব্যক্তি। ওই মামলায় রোববার(২৪ জুলাই) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক কে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায় যে, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হককে যোগদানের তারিখ হতে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তিনি বুধবার (২৭ জুলাই) সকালে পরিচালক হিসেবে যোগদান করেছেন।
এই ব্যাপারে অধ্যাপক ড. মোঃ আজিজুল হক বলেন, এই দায়িত্বপালন পালনের জন্য আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার এর নিকট আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে আমি বদ্ধপরিকর। মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের জাতীয় চেতনার অংশই। ভাসানী হুজুরের জীবনের বহুমাত্রিকতায় অধিকতর গবেষনণার সুযোগ রয়েছে-এ লক্ষ্যেই গবেষনণা কেন্দ্রটি কাজ করে যাবে।
উল্লেখ্য, তাকে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আসন বিন্যাস করায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক খান মোঃ মূর্তজা লিংকন জানান, শুধুমাত্র ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাড়ী পরিবহনগুলো শিক্ষার্থীদের আনা নেওয়া করবে। রাবনা বাইপাস থেকে ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল ৯.৪৫ মিনিটে বাস (বনলতা,২০৮) ক্যাম্পাসের কেন্দ্রের উদ্দেশ্য ছেড়ে আসবে। ঘারিন্দা রেলস্ট্রেশন রক্ত করবী (২০৭) বাসটি সকাল ৯.৪৫ এ ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। আশেকপুর বাইপাস থেকে রুপসী বাংলা (০০০৪) বাসটিও সকাল ৯.৪৫ এ ছেড়ে আসবে, সোনার তরী (০০০৩) বাসটি সকাল ১০ টায় ছেড়ে আসবে ক্যাম্পাসের উদ্দেশ্যে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অপরদিকে একই সময়ে (সকাল ১০ টা) টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড থেকে শংসপ্তক (০০০৫) নং বাস ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সূত্রে আরও জানা যায় যে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০/০৭/২০২২, ১৩/০৮/২০২২ এবং ২০/০৮/২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি: /সম্মান) GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ীগুলো টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এই ৩ দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাসের সকল ট্রিপ সকাল থেকে দুপুর ১২.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে শহর থেকে দুপুর ১.০০ টায় ছাত্র-ছাত্রীদের বাস ছেড়ে আসবে এবং দুপুর ২.০০ টা হতে অন্যান্য ট্রিপ অপরিবর্তীত থাকবে।
শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়মিত ট্রিপগুলোর মধ্যে ভর্তি পরীক্ষার দিন শুধুমাত্র শিক্ষকদের দুপুর ১.০০টার ট্রিপটি ২.০০টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে এবং বিকাল ৫.০০ টার ট্রিপটি ৫.১৫ টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে। অন্যান্য সকল ট্রিপ অপরিবর্তীত থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে এবং যাতায়াতে ডিন মহোদয়দের বরাদ্দকৃত গাড়ী ৫৯৯১ (প্রাডো জীপ) এবং মাইক্রোবাস
৫১-০০০১ গাড়ীটি সার্বক্ষনিক ডিন অফিসের কাজে নিয়োজিত থাকবে।
ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন সময়ে সকল মাইক্রোবাস ও মিনিবাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে এবং ৭১-৩২৫৯ এ্যাম্বুলেন্সটি একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এর মাঝখানে অবস্থান করবে এবং ৭১-১৫৮০ এ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থান করবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ছিলিমপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি পান ৫ হাজার ৩৬৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী মো. সেলিম (আনারস) পান ২ হাজার ৫০৬ ভোট।
কাকুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।
কাতুলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগর প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পান ৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী দেওয়ান সুমন আহমেদ (আনারস) পান ৬ হাজার ৩৪৮ ভোট।
মাহমুদনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন। তিনি পান ২ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ প্রাথী মো. সেলিম (নৌকা) পান ২ হাজার ৪৯৯ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান,, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নিদিষ্ট সময়ের পরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।’
এ ছাড়া নির্বাচনে প্রায় ৭০ ভাগের বেশি ভোট কাস্টিং হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইভিএমে স্লো ভোটিং-এর কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করতে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য, র্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে টাঙ্গাইল সদর থানায় প্রেমিক আতিকসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ।
আতিক সদর উপজেলার ধুলুটিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
কলেজছাত্রীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কলেজ ছাত্রী সোমবার (২৫ জুলাই) দুপুরে তার প্রেমিক আতিকের সঙ্গে সিএনজি অটোরিকশা যোগে বেড়াতে যায়। পরে স্থানীয় স্কুল মাঠে প্রেমিকসহ তার বন্ধু কলেজছাত্রীকে ধর্ষণ করে। রাতে ওই কলেজছাত্রীকে ওই এলাকার নদীর পাড়ে নিয়েও ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর কাছ থেকে বিস্তারিত তথ্য নেয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই ধুলুটিয়া গ্রামের জাকির, শওকত আলী ও আব্দুল খালেক মণ্ডল নামের তিনজনকে আটক করে।
আতিকের বাবা আমিনুল ইসলাম জানান, ছেলে ও মেয়েকে আটক রাখা হয়েছে বলে রাতে তাকে খবর দেওয়া হয়। পরে তিনি সেখানে হাজির হয়ে তার ছেলে আতিক বাধা অবস্থায় দেখতে পান। তবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ধর্ষণের কারণে মেয়ের পরিবার তার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান জানান, রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ করার পর প্রেমিক আতিককে আটক করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৬ জুলাই) সকালে সন্তোষস্থ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ন্যাপ ভাসানীর মহাসচিব খালেদ শাহরিয়ার, বরিশাল জেলা ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক ইউনুস নাজির, যুগ্ম-মহাসচিব মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ-জাতি ও ন্যাপ ভাসানীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।