একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজন ও নতুন কমিটি গঠিত হয়েছে। এতে গোলাম কিবরিয়া বড় মনিকে সভাপতি এবং এম আর খান টুটুলকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) গাজিপুরের শিল্পী কুঞ্জ রিসোর্টে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্যে এ কমিটি গঠিত হয়। একই সাথে আগামী তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু। এছাড়াও জেলার সকল সরকারী বিভাগের তালিকাভুক্ত ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। সারাদেশের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়নে ঠিকাদারদের ভূমিকা রয়েছে। বিশেষ করে টাঙ্গাইলের ঠিকাদাররা অত্যন্ত সততার সাথে তাদের দায়িত্ব পালন করছে।
বনভোজনে অংশ নেন, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি ঠিকাদারদের শুধুমাত্র ঠিকাদার মনে করিনা। ঠিকাদার হলো দেশের উন্নয়নের গুরুত্বপুর্ন সহযোগী অংশ। দেশের উন্নয়নে ঠিকাদারদের ব্যপক ভূমিকা রয়েছে। প্রতিবছর এ ধরনের আয়োজন করা দরকার।
ঠিকাদার সমিতির নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি বলেন, আমি দায়িত্বে থাকাকালীন আমার সর্বোচ্চ দিয়ে ঠিকাদারদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও আমি এভাবেই সকলের সেবা করে যেতে চাই।
নবনির্বাচিত সাধারন সম্পাদক এম আর খান টুটুল বলেন, ঠিকাদারদের স্বার্থ সংরক্ষন করাই সমিতির উদ্দেশ্য। আমি যতদিন দায়িত্বে আছি সকল ঠিকাদারদের সাথে নিয়ে এ স্বার্থ সংরক্ষন করে যাবো।
এদিকে টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজনে গাজিপুরের শিল্পী কুঞ্জ রিসোর্ট যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিল। জেলার ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যদের জন্যে ছিল দিনব্যাপী নানা আয়োজন। মধ্যাহ্নভোজ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র ছিল আয়োজনের সেরা আকর্ষন।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় ট্রাক চাপায় এক পুলিশের এসআই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. ইউনুস আলী উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মো. ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত থাকার পূর্বে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। সে সুবাধে তার পরিবারের সদস্যরা পূর্বের বাসা টাঙ্গাইল মডেল থানার পাশেই বসবাস করেন। গত কয়েক দিন পূর্বে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ঢাকা-টাঙ্গাইল মহসড়কের বাসাইল উপজেলার গুল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, ঘাতক ট্রাক ও চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ ।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৩৫) পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বুধবার মামলা হলে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাসুদ পেশায় একজন ভ্যানগাড়ি চালক। প্রায় মাস দুয়েক আগে মাসুদ ভ্যানে করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন বনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি পেটের ব্যথায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে বুধবার সকালে শিশুটি তার পরিবারকে সব ঘটনা খুলে বললে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, শিশুটির ওপর একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
শিশুটির মা বলেন, যে আমার অবুঝ মেয়েটির ক্ষতি করেছে, তার উপযুক্ত বিচার হোক।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকেও ডাক্তারি পরীক্ষার জন্য জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, ভাসানী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিনের কর্মসূচির মধ্যে ছিল- পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও শহিদ জাতীয় চার নেতার প্রতিকৃতি ও মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি, রচনা, চিত্রাংকন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি।
জেলা প্রশাসনের পক্ষে জনসেবা চত্বরে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন বঙ্গবন্ধু ও শহিদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
শেষে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আসন্ন রমজানে বাজার পরিস্তিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে কনজুমারস এসোনিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.ওলিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ ও জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো.সিকদার শাহীনুর আলম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কৃষি বিপননীর কর্মকতা ফারজানা আক্তার ও পার্ক বাজার সমিতির সভাপতিসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী ভালো নেই। বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তাতে সীমিত আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এপরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তার জন্য বাজার করা আর্থিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আলোচনা করেন মতবিনিময় সভার বক্তারা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের আওতায় ভেজালরোধে তদারকিমূলক অভিযান চালিয়ে মুড়ির মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত ফিটকিরি ব্যবহার করা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় সুশীল শংকর মদক নামে এক মুড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার নারান্দিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযানে সহায়তা করেন- টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী পরিদর্শক মো. আনোয়ারুর ইসলাম।
শিকদার শাহীনুর আলম বলেন, প্রস্তুতকৃত মুড়ির প্যাকেটের মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার করা, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্রভাবে মুড়ি তৈরি করায় নারান্দিয়া এলাকায় ভেজালরোধে অভিযান চালিয়ে শিব শংকর মুড়ি মিলের এক মুড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারের চকতৈল আলহাজ্ব কাজী আব্দুস ছালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেনের অপসারণ ও ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (৪ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করা হয়। মানববন্ধনে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুস ছালাম যোগদানের পর থেকে অনিয়মিত বিদ্যালয়ে আসেন। তিনি কোন শ্রেণীর ক্লাশ নেননা। এছাড়াও তিনি যোগদানের পর বিদ্যালয়ে কোন প্রকার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেননি। এছাড়াও বিদ্যালয়ের বেতন ও অন্যান্য ফি নেওয়া হলেও তার নির্দেশে কোন রশিদ দেওয়া হয় না। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকেন না। তাই তার অপসারণের দাবি করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক জুয়েল বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে আমাদের পরিবার ও এলাকাবাসীর ভূমিকা আছে। প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, অসৈৗজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ উঠেছে। এছাড়াও তার কারনে বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যালয়ে তেমন উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাই প্রধান শিক্ষককে অপসারণসহ ম্যানেজিং কমিটির দাবি জানাচ্ছি।
প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁ মালিকদের দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী জানান, অগ্নিকান্ড প্রতিরোধ ও নির্বাপকের ব্যবস্থা পর্যাপ্ত পরিমান না থাকায় এবং ফায়ার লাইসেন্স না থাকায় পুরাতন বাসস্ট্যান্ডের সুরুচি রেস্টুরেন্টকে এক লাখ টাকা, সুগন্ধা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে এবং সেফাত রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনেক রেস্তোরায় এলপিজি গ্যাস ঝুঁকিপূর্নভাবে ব্যবহার করতে দেখা গেছে। তাদের সতর্ক করা হযেছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি (কাচ্চি ভাই রেস্টুরেন্ট) ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। ফলে এধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে টাঙ্গাইল শহরবাসী।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অটোরিক্সার ভাড়া বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দিনব্যাপী জেলা অটোরিক্সা , টেক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকরা অটোরিক্সা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
সরেজমিনে রবিবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক আদালত চত্বর, বটতলা মোড় ও শান্তিকুঞ্জ মোড়ে কোন অটোরিক্সা চলতে দেখা যায়নি। এতে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিক্সায় যাত্রীরা চলাচল করেন। এ সুযোগে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অনেকে আবার হেঁটেই গন্তব্যে গিয়েছেন।
সাব্বির মিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, অটো শ্রমিকদের এ আন্দোলন ও দাবি অযৌক্তিক। তারা অটো বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা অটো না পায়ে, হেঁটে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছি।
আল মুতাকাব্বির সামি বলেন, বর্তমানে যে ভাড়া আছে সেটি স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি ভাড়া হলে সেটা সাধারণ মানুষের উপর বোঝা হয়ে যাবে। তাদের এ দাবি এক প্রাকার জিম্মি করার মতো। আমরা এ দাবি মানবো না।
জেলা অটোরিক্সা, টেক্সি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উল্লাস বলেন, শ্রমিকরা সারাদিনে যে ভাড়া পায়, তা দিয়ে তাদের সংসার চলে না। সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আন্দোলন করছি। জেলায় চার হাজারের বেশি অটোরিক্সার শ্রমিক রয়েছেন।
সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ বলেন, ভাড়া বৃদ্ধির দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে। ইতোপূর্বে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আমরা জেলা প্রশাসক ও টাঙ্গাইল পৌরসভার মেয়রকে জানিয়েছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর বলেন, শ্রমিকরা ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পৌরসভায় এসেছিলেন। আমি সাধারণ মানুষের ভোগান্তির কথা শুনে দ্রুত আন্দোলন প্রত্যাহার করে অটোরিকশা চালু করতে বলেছি। ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রশাসন সাংবাদিকসহ সকল পেশার মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগান থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ মার্চ) সকালে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৪ বছর।
পুলিশের ধারণা, শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাবার বাগানে ফেলে গেছে।
পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন রাবার বাগানে শরীরের বিভিন্ন অংশ পোড়া অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ‘খবর পেয়ে রাবার বাগান থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তীতে লাশের কোনো পরিচয় না পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও জানান,আমরা ধারণা করছি লাশটি মধুপুর এলাকার নয়। রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। ওই যুবককে কেউ যেন শনাক্ত করতে না পারে সেজন্য আগুন দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের রাজনীতিতে খান পরিবার ও সিদ্দিক পরিবার নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। সব আলোচনা উপেক্ষা করে ৯০ দশকের পর এই প্রথম এক মঞ্চে বসলেন দুই পরিবার।
শনিবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিদ্দিখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণীর আলোচনা সভায় তারা এক মঞ্চে বসেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এই পরিবারের সাথে আমার অনেক আগে থেকে সু-সম্পর্ক ছিল। কিন্তু মাঝখানে কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দিলেও এখন আর নেই। রানা ও তার ভাইয়েরা যদি মনে করে যে আমাকে তারা মেনে চলবে তাহলে তাদের সাথে চলতে কোন বাঁধা নেই।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেন, লতিফ চাচা আমাদের অভিভাবক তাই তার সাথে চলতে কোন বাঁধা নেই। আমরা চাই এক সাথে এক সঙ্গে রাজনীতি করতে।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতেজা হাসান, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিয়া প্রমূখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা পোস্টমাস্টারের বিরুদ্ধে বেশ কয়েকজন গ্রাহকের মুনাফার প্রায় লাখ টাকা কম দেয়ার অভিযোগ উঠেছে। মুনাফার টাকা কম দেওয়ার বিষয়ে গোবিন্দ সুত্রধর ও লিপি সাহা নামের ওই পোস্ট অফিসের দুই গ্রাহক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এরআগে বর্তমান পোস্টমাস্টার শাহাজাহান আলী পোস্টম্যান পদে থাকা অবস্থায় স্থানীয় মহাদেব কর্মকারের শ্যালক ও পোস্ট অফিসের এক গ্রাহকের সাথে এমন প্রতারণায় লিপ্ত হন। পরবর্তীতে তৎকালীন পোস্টমাস্টার ও স্থানীয়দের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমন প্রতারণায় জড়িত পোস্টমাস্টার শাহজাহান আলীর কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
অভিযোগের বিভাগীয় তদন্ত শুরু হলেও এলেঙ্গার পোস্টমাস্টার শাহজাহান আলী মুনাফার টাকা আত্মসাতের কথা অস্বীকার করছেন।
পোস্টমাস্টারের প্রতারণার শিকার গ্রাহকরা হলেন-গোবিন্দ সুত্রধর, এসবি হিসাব নম্বর- ৪১৪৫৩৮, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১০ হাজার টাকা। লিপি সাহা, এসবি হিসাব নম্বর-৫০৪১৩৯, মুনাফা কম দেওয়ার পরিমাণ ৪ হাজার ৫৮০ টাকা, নরেশ, এসবি হিসাব নম্বর-৪০৫৮৮৫, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১০ হাজার টাকা, অর্চনা রাণী, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১৫ হাজার টাকা হলেও তার এসবি হিসাব নম্বরটি পাওয়া যায়নি।
এছাড়াও সুবল চন্দ্র রায়, এফডি হিসাব নম্বর-৩৩১৫৭৭, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১৫ হাজার টাকা, জোসনা, এফডি হিসাব নম্বর-৪১৯৮১০. মুনাফা কম দেওয়ার পরিমাণ ১৫ হাজার টাকা, শিল্পী, এফডি হিসাব নম্বর-৪২২৭০০, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১০ হাজার টাকা, নরেশ, এফডি হিসাব নম্বর-৩৬৯৬২৮, মুনাফা কম দেওয়ার পরিমাণ ১০ হাজার টাকা।
সরেজমিন পোস্ট অফিসের মুনাফা বিতরণ বইয়ের পাতায় একেক একেক গ্রাহকের স্বাক্ষর ভিন্ন রকম থাকলেও বিতরণকৃত টাকা নেওয়ার লেখা এক হাতে লেখা হয়েছে।
জানা যায়, চলতি বছরের ১৪ জুন এলেঙ্গা পোস্ট অফিসে পোস্টমাস্টার পদে যোগদান করেন শাহজাহান আলী। এরআগেও তিনি এলেঙ্গা পোস্ট অফিসের পোস্টম্যানের দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কালিহাতী উপজেলার মাইজবাড়ী গ্রামে বাড়ি হওয়ায় এলেঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার শাহজাহান কারো তোয়াক্কা করেন না। অফিসে যোগদান করার পর থেকেই যা খুশি তাই করছেন তিনি। গ্রাহক ও অফিস স্টাফদের সাথে করছেন রীতিমত অসৌজন্য মূলক আচরণ। জেলা ও বিভাগীয় অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে উনার সখ্যতা থাকায় রীতিমত তিনি এই অফিসে অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছেন। হরহামেশায় তার বিরুদ্ধে শোনা যাচ্ছে গ্রাহককে মুনাফার টাকা কম দেওয়ার অভিযোগ। এর ফলে গ্রাহকের আস্থা হারিয়ে ফেলেছে এলেঙ্গা পোস্ট অফিস। সরকারি অফিসটি রক্ষায় পোস্টমাস্টার শাহজাহান আলীর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী গোবিন্দ সুত্রধরের অভিযোগ , প্রায় ১০ থেকে ১২ বছর আগে এলেঙ্গা পোস্ট অফিসে আমি সঞ্চয়ী বইটি খুলি। এরপর থেকেই বইটিতে লেনদেন চালিয়ে আসছি। এখন প্রয়োজন পরায় মুনাফার টাকা উত্তোলন করতে যাই। পোস্টমাস্টার শাহাজাহান আলী আমার মুনাফা ৭ হাজার ১৫৩ টাকা হয়েছে বলে জানায়। আমি সেই টাকাই নিজ হাতে লিখে উত্তোলন করি। হঠাৎ সন্দেহ হওয়ায় আমার বই নিয়ে টাঙ্গাইল অফিসে যাই এবং জানতে পারি আমি মুনাফা বাবদ পাবো ১৭ হাজার ১৫৩ টাকা। টাকা কম দেওয়ার কারণে আমি পোস্টমাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।
তিনি আরও জানায়, টাঙ্গাইল অফিস থেকে তদন্তে এসেছিল। আমি আমার বাকি টাকা ফেরত পাওয়াসহ প্রতারক পোস্টমাস্টারের কঠোর বিচার দাবি করেছি।
ভুক্তভোগী লিপি সাহা জানায়, আমি ১৪ হাজার টাকা মুনাফা পাবো, সেখানে আমাকে দেওয়া হয়েছে ৯ হাজার ৪২০টাকা। এ সময় মুনাফার টাকা কম দেওয়ার বিষয়টি বুঝতে না পারলেও বিভিন্ন জনের সাথে এমন প্রতারণা করা হয়েছে খবর জানতে পেরে আমি টাঙ্গাইল অফিসে যোগাযোগ করি। ওই অফিসের মাধ্যমেই টাকা কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে লিখিত অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, আমি আমার অবশিষ্ট টাকা ফেরত পাওয়াসহ প্রতারক পোস্টমাস্টারের শাস্তি দাবি করেছি।
এলেঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার শাহজাহান আলী মুনাফার টাকা কম দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল পোস্ট অফিস পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, অভিযোগের তদন্ত চলছে।
এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. মোরশেদ আলম জানান, এলেঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার শাহজাহান আলীর বিরুদ্ধে গ্রাহকে মুনাফার টাকা কম দেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে।
তিনি আরও জানান, তদন্তে প্রায় ২০ থেকে ২২ কর্মদিবস সময় লাগে। তদন্ত প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।