/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।

দন্ডিতরা হচ্ছেন, জেলার সখীপুর উপজলার মহানন্দপুর গ্রামের আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশ্বরি মরিচপুরিচালা গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইছ আহমেদ (২১)। দন্ডিত দুইজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

মামলার অপর আসামী ফরহাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি কৌশুলী (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, দন্ডিত সাগর ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ২৯ জুন রাত নয়টার দিকে নাইছকে নিয়ে ওই ছাত্রীর সাথে দেখা করতে আসেন। পরে ওই ছাত্রীকে বাসারচালা পশ্চিমপাড়া একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরদিন তারা আবার একই স্থানে ডেকে নিয়ে পুনরায় ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

রায় ঘোষণার সময় দন্ডিত দুইজনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ২০. মার্চ ২০২৪ ০২:০৮:এএম ২ বছর আগে
বাজারে কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না: বানিজ্য প্রতিমন্ত্রী - Ekotar Kantho

বাজারে কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না: বানিজ্য প্রতিমন্ত্রী

একতার কণ্ঠঃ বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোন মধ্যস্বত্ব ভোগী রাখা হবেনা। যাতে করে সাধারণ ক্রেতারা হয়রানি না হয়। কে মাল হোলসেল করলো আর কে কিনলো, শিগগিরই এ জন্য অ্যাপস দেওয়া হবে ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মন্ত্রী টাঙ্গাইল শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার ‘পার্ক বাজারে’ নিত্য প্রয়োজনীয় পণ্যের মনিটরিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা সারাদেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছে। কয়েকটা জায়গায় কম মূল্যও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪০ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তৈলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি। কিন্তু খুচরা তারা ১৫৮ টাকা বিক্রি করছে। রমজান মাস উপলক্ষে সব কিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোন নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নাই। রমজানে বাজারে পর্যাপ্ত পরিমানে পণ্যের সরবরাহ রয়েছে। লেবুসহ নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই বাজারে পর্যাপ্ত পরিমানে রয়েছে ৷ টাঙ্গাইলে লোকাল প্রশাসন যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে ৷

তিনি বলেন, আমাদের কাজ হলো সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করা ৷

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃদন্দ।

সর্বশেষ আপডেটঃ ২০. মার্চ ২০২৪ ০১:৩৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খান ওরফে ঝলককে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের পিতা সোমবার রাতেই বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রানা মিয়া (২২), তার ভাই জিয়াদ (১৯) ও একই গ্রামের জয়ের উদ্দিনের ছেলে ইমন (১৯)।

নিহত জাহিদ সলিমাবাদ গ্রামের ছামিনুর রহমান খানের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের কাগমারীতে অবস্থিত সরকারি এম এম আলী কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সোমবার রাতে জাহিদ তারাবিহর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাঠের কাছে ফাঁকা একটি জায়গায় এলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ জানান, রাতেই নিহত জাহিদের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মামলার আসামি জিয়াদ, ইমন ও রানাকে গ্রেপ্তার করেছে। নিহত জাহিদের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৯ মার্চ) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন বলেন, ‘এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

সর্বশেষ আপডেটঃ ১৯. মার্চ ২০২৪ ০৮:০৭:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা, যুক্ত হচ্ছে মাদক সেবনের সাথেও - Ekotar Kantho

টাঙ্গাইলে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা, যুক্ত হচ্ছে মাদক সেবনের সাথেও

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে ইদানিং বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। একই সাথে তারা যুক্ত হচ্ছে মাদক সেবনের সাথেও। ফলে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে এইসব কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বিশেষ করে শহরের ক্যাপসুল মার্কেট, সবুর খান টাওয়ারের সামনের রাস্তা, ছয়আনি পুকুর পার, মাঝি পাড়া, আদালত পাড়া পুকুর পার, টাঙ্গাইল সরকারি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের বড় পুকুর পার, শহিদ স্মৃতি পৌর উদ্যান, শহিদ স্মৃতি পৌর উদ্যানের পেছনের নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাসহ পুরো গলি, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের বাঁশ বাজার, পরিত্যক্ত ভাসানী হল চত্বর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে এরা দলবেঁধে মিলিত হয়। পরে শহর জুড়ে বিকট শব্দে হর্ন বাজিয়ে চালায় মোটরসাইকেল মহড়া।

এইসব কিশোর গ্যাংয়ের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে গ্রুপ খুলে নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে । কোন ঘটনা ঘটলেই এইসব গ্রুপের মধ্যেমে মুহূর্তেই সদস্যদের কাছে পৌঁছে যায় সেই খবর। এইসব ফেসবুক গ্রুপের মধ্যেমে কোথায় মিলিত হতে হবে, অপারেশন করতে হবে- এমন নির্দেশনাও পেয়ে থাকে সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরা।

সম্প্রতি পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়েছে কিশোর গ্যাংয়ের এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সংঘর্ষের ঘটনা। ফলে প্রায় প্রতিদিনই কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। যে কোন সময় বেঁধে যেতে পারে বড় ধরনের সংঘর্ষ। ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও।

এছাড়া এইসব কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবনের সাথেও যুক্ত রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা জেলা সদরের সৌখিন মৎস্য শিকারি সমিতির আশপাশ এলাকা, পৌর এলাকার শামসুল হক মার্কেটের ২য় তলার খালি অংশ, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের বাঁশ বাজার, মালঞ্চ সিনেমা হলের আশপাশের এলাকা, শহরের শামসুল হক তোরণ, সরকারি গ্রন্থাগার, কোদালিয়া, নতুন বাস টার্মিনালের পিছনের লেকপার, বেড়াডোমা, মাঝি পাড়া, কাগমারা এলাকাসহ শহরের বিভিন্ন চিহ্নিত স্পট থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে প্রকাশ্যেই সেবন করছে কিশোর গ্যাংয়ের এইসব বেপরোয়া সদস্যরা।

এছাড়া শহরে মাদকের সংকট হলেই তারা মাদক সংগ্রহের জন্য মোটরসাইকেল যোগে চলে যাচ্ছে, শহরতলীর গালা ইউনিয়নের মনতলা, মগড়া ইউনিয়নের ছোট বাসালিয়া, দাইন্যা ইউনিয়নের ছোট বিন্যাফৈর, বড় বিন্যাফৈর , চর ফতেপুর, শ্যামার ঘাট এলাকা, ঘারিন্দা রেল স্টেশন, সন্তোষ, অলোয়া জমিদার বাড়ির আশপাশের এলাকাসহ রাবনা বাইপাস ও নগরজলফৈ বাইপাস এলাকায়।

শুক্রবার (১৫ মার্চ) পৌর শহরের কলেজ গেট এলাকার হাতেম আলীর ছেলে মামুনকে বিশ্বাস বেতকা এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য পিয়াসের নেতৃত্বে গ্যাংয়ের সদস্যরা তুলে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। পরে সেখান থেকে চিকিৎসা শেষে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবিষয়ে টাঙ্গাইল সদর থানায় আহতের মা মালেকা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে অবস্থিত টাঙ্গাইল ফুটবল একাডেমির ছাত্র তরুণ ফুটবলার মো. সজিব হোসেন (১৮) পৌর শহরের সাবালিয়া এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য নুরু ও তার গ্যাংয়ের সদস্যদের হাতে বেদম প্রহারের শিকার হন। তার বাম হাত, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় বর্তমানে‌ সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে, টাঙ্গাইল ফুটবল একাডেমির কোষাধাক্ষ ও ইনচার্জ, রণজিৎ রায় জানান, ইতিমধ্যে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।

সম্প্রতি ডিসি লেকে বেড়াতে আসা বাসাইলের এক কলেজ ছাত্র কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজ ছাত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে সে ও তার এক বান্ধবী ডিসি লেকে বেড়াতে আসে। ডিসি লেকের শিশু পার্ক চত্বর থেকে একদল কিশোর গ্যাংয়ের সদস্য তাদের আটক করে পাশের একটি ফাস্টফুডের দোকানে নিয়ে যায়। সে ও তার বান্ধবীকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে‌। পরে তাদের সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

সে আরও বলেন, ডিসি লেকের পাশে অবস্থিত বেশ কয়েকটি ফাস্টফুডের দোকানদারদের সাথে এইসব কিশোর গ্যাংয়ের সদস্যদের যোগসাজশ রয়েছে। ফলে প্রায় প্রতিদিনই ডিসি লেকে বেড়াতে আসা নিরীহ ছাত্র-ছাত্রীরা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে।

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ এর কয়েকজন দোকানদার জানান, প্রায় প্রতিদিনই ঈদগাহ্য়ের পশ্চিম পাশের বকুল গাছের নিচে শহরের বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের ছাত্রদের ধরে এনে কিশোর গ্যাংয়ের সদস্যরা অত্যাচার চালায়। এসময় রেখে দেওয়া হয় তাদের টাকা-পয়সাসহ মোবাইল ফোন। প্রায় ক্ষেত্রেই এইসব ঘটনার পেছনে প্রেম সংক্রান্ত বিষয় জড়িত থাকে বলেও তারা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোর গ্যাঙের দুই সদস্য জানান, টাঙ্গাইলের এক প্রভাবশালী রাজনৈতিক বড় ভাইয়ের আশীর্বাদে তাদের গ্যাংয়ে প্রায় ২৫ জন সদস্য রয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা সেই ভাইয়ের পক্ষ হয়ে নিয়মিত মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে। তার পরিবর্তে তাদের সেই বড় ভাই বিভিন্ন ঘটনায় তাদের শেল্টার দিয়ে থাকে।

সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া বলেন, কিশোর গ্যাং তৈরি হয় সাধারণত সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক বড় ভাইদের আশ্রয় প্রশ্রয়ে। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক অবক্ষয় বেশি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থাও এই অক্ষয়ের অন্যতম কারণ। ফলে পরিবারে বাবা-মায়ের সাথে সন্তানদের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। বর্তমানে বাবা-মায়ের আদর-স্নেহ ও শাসন থেকে বঞ্চিত হয়ে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তাদের সন্তানেরা। এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে কিশোর গ্যাং।

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি মইদুল ইসলাম শিশির বলেন, টাঙ্গাইল শহরে ইদানিং কিশোর গ্যাংয়ের বিচরণ লক্ষ করা যাচ্ছে। সাধারণত নিম্নবিত্ত পরিবারের সন্তান ও উচ্চবৃত্ত পরিবারের সন্তানরা কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে। নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা রুজি-রোজগারের আশায় কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়। আর উচ্চবৃত্ত পরিবারের বখে যাওয়া সন্তানেরা থ্রিলারের আশায় কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়।

তিনি আরও বলেন, এই কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত সদস্যদের পারিবারিক ও সামাজিক ভাবে বুঝিয়ে শুনিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আর যারা ইতিমধ্যেই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে তাদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। যেন ভবিষ্যতে কেও আর কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হতে সাহস না পায়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার-ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অস্তিত্ব সারা বাংলাদেশেই আছে, একই অবস্থা টাঙ্গাইল শহরেও। বিষয়টি আমাদের জানা আছে। যখনই তারা কোন অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে সাথে সাথেই সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকের সাথে যুক্ত হচ্ছে এটাও সত্য। এ কারণে তাদের দ্বারা অপরাধও বেশি সংঘটিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি কিশোর গ্যাং সৃষ্টির পিছনে রাজনৈতিক বড় ভাইদের হাত থাকে। এই কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে শুধুমাত্র প্রশাসনই নয়, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের তৎপরতা কমিয়ে আনা যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

প্রতিবেদক: মো. আরমান কবীর

সার্বিক সহযোগিতায়: সাহান হাসান

সর্বশেষ আপডেটঃ ২২. মার্চ ২০২৪ ০৩:৩৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. সেলিম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সেলিম হোসেন জেলার গোপালপুর উপজেলা সদরের মাদারজানি এলাকার জব্বার খলিফার ছেলে। সে গাজীপুর জেলার শফিপুর আনসার একাডেমিতে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ জানান, বিকেলে গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে সেলিম হোসেন টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে উপজেলার এলেঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৪ ০৩:০৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।

রবিবার সকালে জেলা সদরের জনসেবা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরাল এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে মিলিত হয়। পরে এখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন, র‌্যালি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে কেক কাটার আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৪ ০২:১৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটি বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে অটোরিক্সার চালক তোফাজ্জল হোসেন (৩৫) এবং দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে অটোরিক্সার যাত্রী সুশান্ত বাকালি (৩৫) ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, রাতে যাত্রী নিয়ে অটোরিক্সাটি দেউহাটার দিকে যাচ্ছিল। এসময় পিছন থেকে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক নিহত হয় ও অটোরিক্সায় থাকা ৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৭. মার্চ ২০২৪ ০৮:৫০:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্টের জুয়ার আসর থেকে আটক ১৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্টের জুয়ার আসর থেকে আটক ১৪

একতার কণ্ঠঃ জুয়া, মাদক ও অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় অবস্থিত বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্ট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গায় অবস্থিত এ রিসোর্টের কিছু কর্মকর্তার যোগসাজশে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে এসব অপকর্ম।

অবশেষে বহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২ টায় এই রিসোর্টের বিথিকা কটেজ থেকে নগদ ৩ লক্ষ ৩০ হাজার ৫’শত ২০ টাকাসহ ১৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৫ মার্চ) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫), ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪), মৃত নুর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), মৃত আইন উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ( ৫০), গোহালিয়াবাড়ী গ্রামের গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস (৩৪), মজিবুর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের জহিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭) ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে মো. আব্দুল আলীম ( ৩৬ ), সারটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম ( ৩৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্টে (বিরতি রিসোর্ট ) জুয়ার আসর চলে আসতেছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ এলেঙ্গা বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়। পাশাপাশি জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৩০ হাজার ৫’শত ২০ টাকা ও ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়। শুক্রবার সকালে কালিহাতী থানার এসআই রাজীব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মার্চ ২০২৪ ০২:২২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আত্মসাত করা টাকা ফেরত পাচ্ছে সোনালী ব্যাংকের গ্রাহকরা - Ekotar Kantho

টাঙ্গাইলে আত্মসাত করা টাকা ফেরত পাচ্ছে সোনালী ব্যাংকের গ্রাহকরা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার গ্রাহকের ম্যানেজার কর্তৃক সঞ্চয়পত্রের আত্মসাত করা টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা।

বুধবার (১৩ মার্চ) সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা কার্যালয় থেকে এই টাকাগুলো ফেরত দেওয়া হয়। এতে ৮৪ জন গ্রাহকের মধ্যে ৫৭ জন গ্রাহককে ২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

গ্রাহক মর্জিনা বেগম বলেন, সোনালী ব্যাংকে ২১ লাখ টাকা রেখেছিলাম। টাকাগুলো কৌশলে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার শহিদুল ইসলাম আত্মসাত করেছিল। পরে অনেক আন্দোলনের পর টাকাগুলো ফেরত পেয়েছি।

আরেক গ্রাহক ববিতা রানী বলেন, ভাবছিলাম টাকা ফেরত পাব না। কিন্তু অবশেষে আমার জমাকৃত ২৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত পেয়েছি। আত্মসাতের টাকা ফেরত পেয়ে ভালো লাগছে।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের উর্ধ্বধন কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে যোগাযোগ করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আত্মসাতের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ৫৭ জন গ্রাহকের ২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৮৪ জন গ্রাহককে ৩ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা ফেরত প্রদান করা হবে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের গোবিন্দাসী শাখা’র সাবেক ম্যানেজার মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এনিয়ে গ্রাহকদের মাঝে অসন্তোষ ও হতাশা দেখা দেয়। পরে গ্রাহকরা একাধিকবার ব্যাংক ঘেরাও, মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচিসহ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তদন্তপূর্বক প্রায় ৯ মাস পর গ্রাহকদের মাঝে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

শহিদুল ইসলাম ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় ২০২০ সালে যোগদান করে। এরপর দীর্ঘ ৩ বছর ২ মাস কাজ করেন সেখানে। এই দীর্ঘ সময়ে তথ্য প্রযুক্তিতে মেধা সম্পন্ন শহিদুল ইসলাম কৌশলে ব্যাংকের ১৩০ জনের সঞ্চয়পত্রের টাকা লুজ চেকের (জরুরি উত্তোলণের জন্য একক পাতা) মাধ্যমে অন্য একাউন্টে ৫ কোটি ১১ লাখ টাকা সরিয়েছেন বলে অভিযোগ উঠে। এছাড়া উপজেলার গাবসারা ইউনিয়নের হতদরিদ্রদের ভাতার ৬ লাখ ৮১ টাকাও গায়েব করা হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সোনালী ব্যাংকের ম্যানেজার শহিদুল ইসলাম তার বড় ভাই ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মহির উদ্দিনের তালুকদার এগ্রো ফার্ম ও কালিহাতী উপজেলার আদাবাড়ি গ্রামের খালেদা বেগম নামে পলাশ এগ্রো ফার্মের অ্যাকাউন্টসহ তার বন্ধু বান্ধবদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাত করেন।

এছাড়া খালেদা বেগমের মেয়ের জামাই পটুয়াখালী জেলায় দুদকের উপ-পরিচালক মামুন চৌধুরীর সাথে শহিদুল ইসলামের বন্ধুত্বের কারণে ওই হিসাব নম্বর ব্যবহার করে টাকা সরানোর অভিযোগ রয়েছে। এছাড়া কেন্দ্রীয় সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গোবিন্দাসী শাখা হতে ঋণের ব্যবস্থা করে দিয়েছেন শহিদুল ইসলাম। এসব অভিযোগের পর কিছুদিন শহিদুল ইসলাম আত্মগোপনে থাকেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. মার্চ ২০২৪ ০২:২৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলের সাব্বির জলদস্যুদের হাতে জিম্মি, পরিবারের আহাজারি - Ekotar Kantho

টাঙ্গাইলের সাব্বির জলদস্যুদের হাতে জিম্মি, পরিবারের আহাজারি

একতার কণ্ঠঃ একমাত্র উপার্জনক্ষম ছেলের জিম্মির খবর শুনে কেঁদে বুক ভাসাচ্ছেন তার প্যারাইলাইজড বাবা হারুন অর রশিদ। পাশেই বিলাপ করে কাঁদছেন মা সালেহা বেগম। একমাত্র বোন মিতু আক্তার বুকে পাথর বেঁধে ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন।

তাদের আহাজারি দেখে প্রতিবেশী-আত্বীয়স্বজনরা ছুটে এসেছেন। যে যার মতো করে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। পরিবারের একমাত্র ছেলের এমন দশায় সান্ত্বনা কি আর তাদের আশ্বস্ত করতে পারে? তাদের মুখে শুধু একটাই দাবি, সরকার যেন দ্রুত সাব্বিরসহ সব জিম্মিকে মুক্ত করে আনে।

জানা গেছে, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ জন নাবিকের একজন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের সাব্বির হোসেন।

সাব্বির উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। এরপর টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজ (কাগমারি) থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাস করে ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্যবাহী জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে যোগ দেন।

সাব্বিরের চাচাতো ভাই আহম্মেদ হোসেন রানা জানান, সাব্বিররা এক ভাই এক বোন। বোনের বিয়ে হয়েছে। সাব্বির অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। তার বাবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্যারাইলাইজড হয়ে শয্যাশায়ী। সাব্বিরের চাকরি হওয়ার পর তার মা শয্যাশায়ী স্বামীকে নিয়ে সহবপুর তার বাবার বাড়িতে থাকেন। সংসার চলে সাব্বিরের উপার্জনে। সরকারের কাছে দাবি জানাই সাব্বিরসহ সবাইকে যেন জিম্মি দশা থেকে দ্রুত মুক্ত করা হয়।

সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, এক মাস আগে বাড়ি এসেছিল আমার ভাই। একদিন থেকেই চলে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দুপুরে এমভি আব্দুল্লাহ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। বাবা মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা শুধু কেঁদেই চলছে আর বলছে আমার ছেলেকে এনে দাও। আমার একমাত্র ভাইয়ের কিছু হলে বাবা মাকে বাঁচানো যাবে না। অতি দ্রুত আমার ভাইকে মুক্ত করে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ১৪. মার্চ ২০২৪ ০২:১৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি জানান, উপজেলার মীরহামজানি এলাকায় স্থানীয় লোকজন বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ৬-৭ দিন আগে ওই যুবককে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।

সর্বশেষ আপডেটঃ ১২. মার্চ ২০২৪ ০২:৫৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে শিশু কেয়ার একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শিশু কেয়ার একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে শিশু কেয়ার একাডেমিক স্কুলে বার্ষিক মিলাদ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের শিশু কেয়ার একাডেমিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশু কেয়ার একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা সেলিম রেজা। এরপর স্বাগত বক্তব্য রাখেন শিশু কেয়ার একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক জিয়াসমিন সুলতানা।

অনুষ্ঠানে রাজবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল।

এত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্কয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মিজান, স্থানীয় ইউপি সদস্য খন্দকার মিঠুল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও শিশু বার্তা ম্যাগাজিনের কো-অর্ডিনেটর শেখ মাজহারুল ইসলাম সোহান।

অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এর পূর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শিশু কেয়ার একাডেমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিবাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০. মার্চ ২০২৪ ০৩:০৫:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।