/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মিলছেনা র‌্যাবিস্ ভ্যাকসিন, রোগী ভোগান্তি চরমে - Ekotar Kantho

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মিলছেনা র‌্যাবিস্ ভ্যাকসিন, রোগী ভোগান্তি চরমে

একতার কণ্ঠঃ টাঙ্গাইল হাসপাতালে মিলছেনা সরকারিভাবে দেওয়া বিনামূল্যের র‌্যাবিস্ ভ্যাকসিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীসহ স্বজনরা। কেউ কেউ একটি বা দুটি বিনামূল্যের ভ্যাকসিনের ডোজ পেলেও গত দুইদিন যাবৎ বন্ধ রয়েছে এর সরবরাহ। রোগীরা ভোগান্তির শিকার হলেও সর্বোচ্চ বিক্রয় মূল্যে ওই ভ্যাকসিন বিক্রির ফায়দা নিচ্ছেন ওষুধ বিক্রেতা। রোগীর চাপ বাড়ায় দায়িত্বরতরা ভ্যাকসিনের সরবরাহ না থাকার অজুহাত দিয়ে ওষুধ বিক্রেতাদের মাধ্যমে বাড়তি সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

রবিবার (১৫ ডিসেম্বর)এ চিত্র দেখা গেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিক ভবনে স্থাপনকৃত র‌্যাবিস্ ভ্যাকসিন বিতরণ কক্ষে।

দেখা গেছে, এ ভবন চত্বরে শিশু,নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক রোগী ও স্বজনদের। বিনামূল্যের ভ্যাকসিন না থাকায় হতাশ আগত রোগী ও স্বজনরা। কেউ কুকুর আবার কেউ বিড়ালে কামড় বা খামচির শিকার। সরকারি বিনামূল্যের ভ্যাকসিন না থাকার সুযোগ নিয়ে বেসরকারি কোম্পানীর ভ্যাকসিন ওই ভবন চত্বরেই বিক্রির কাজ করছেন ওষুধ বিক্রেতার কয়েকজন প্রতিনিধি। চারজনের এক একটি গ্রুপ মিলিয়ে একটি র‌্যাবিস্ ভ্যাকসিন ও চারটি সিরিঞ্জ প্রকাশ্যে বিক্রি করছেন সর্বোচ্চ বিক্রয় মূল্য সাড়ে পাঁচশ টাকায়। যদিও ভ্যাকসিনের গায়ে সর্বোচ্চ মূল্য লেখা ৫’শ টাকা আর পাঁচ টাকা মূল্যের এক একটি সিরিঞ্জের দাম নেয়া হচ্ছে ১০ টাকা।

ভুক্তভোগী ফাতেমা জানান, গত ১১ ডিসেম্বর আমার দুই বছরের বাচ্চাকে বিড়ালে খামচি দেয়। ১২ ডিসেম্বর এখান থেকে বিনামূল্যে প্রথম ডোজটি দিয়েছি। এভাবে তিনটি ডোজ দেয়ার তারিখ লিখে দেন কর্তব্যরত নার্স। রবিবার আমার বাচ্চার দ্বিতীয় ডোজ দেয়ার দিন। এসে শুনি সরকারি ভ্যাকসিন নাই। বাধ্য হয়ে জনপ্রতি ১৩৫ টাকা ভাগ করে দিয়ে একটি ভ্যাকসিন কিনে আমরা চারজনের বাচ্চাকে দিয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যের ভ্যাকসিন নেই এটা কি বিশ্বাসযোগ্য।

রুবী আক্তার নামের এক রোগীর স্বজন জানান, দুটি ডোজ বিনামূল্যে পেয়েছি। আজকে এসে শুনি ভ্যাকসিন নেই, তাই বাধ্য হয়ে এখানে থাকা এক ওষুধ বিক্রেতার কাছ থেকে কিনে বাচ্চাকে শেষ ভ্যাকসিনটি দিতে হলো। সরকারি ভ্যাকসিন হঠাৎ উধাও হলো, নাকি বাড়তি সুবিধা নিতে দায়িত্বরতরা না থাকার এই অজুহাত সাজিয়েছেন।

দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম জানান, বরাদ্দকৃত সরকারি ভ্যাকসিন শেষ হওয়ায় রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। ভবনের বাইরে যে ভ্যাকসিন বিক্রি করছে সে আমাদের কেউ নন। তাকে এই ভবন চত্বরে ভ্যাকসিন বিক্রির অনুমতি না দেয়াসহ কোন বাড়তি সুবিধা তারা নিচ্ছেননা বলে দাবি করেছেন তিনি। দালাল আর বহিরাগত ওষুধ বিক্রেতাদের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এরআগে কয়েক দফায় পুলিশের হাতে আটকও হয়েছে তারা।

অপর দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রিজিয়া জানান,এ বছর রোগীর সংখ্যা অনেক বেশী হওয়ায় সরবরাহকৃত ভ্যাকসিন সময়ের আগেই শেষ হয়েছে। কর্তৃপক্ষকে ভ্যাকসিনের চাহিদা দেয়া হয়েছে। আশা করছি, দ্রুত সরকারি ভ্যাকসিন পেয়ে যাবো।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)ডা. মো. আলমগীর হোসেন বলেন,চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় র‌্যাবিস্ ভ্যাকসিন বিতরণে সমস্যা হচ্ছে। প্রতি সপ্তাহে আমরা যে পরিমানের চাহিদা দিই, সেই পরিমানের ভ্যাকসিন আসেনা। সরকারি ভ্যাকসিন আসলেই এ সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের ভিতরে দালাল বা বাইরের ওষুধ বিক্রেতাদের বিক্রির সুযোগ নেই। এরপরও যদি কেউ কেউ বিক্রি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২৪ ০২:১৫:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কাব্য (১৭) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে।

এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন (১৭ বছর)। তারা দুইজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পিছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান । এ ঘটনায় তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২৪ ০২:১৬:এএম ১ বছর আগে
মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত - Ekotar Kantho

মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ডক্টর ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ডক্টর আবু জুবাইর, রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক-পৃথক ভাবে অংশগ্রহন করে।

এদিন মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গনে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২৪ ০১:৫০:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর - Ekotar Kantho

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামী সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার(১১ ডিসেম্বর )বিকালে মির্জাপুর আমলী আদালতের বিচারক সোহেল ম্রোং এ রায় দেন।

এরআগে বিকেলে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আদালত চত্বরে আনা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে প্রিজন ভ্যান থেকে তাকে আদালতের ভিতরে না নিয়ে কারাগারে ফেরত নেওয়া সময় শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। এসময় প্রিজন ভ্যানে থাকা সাবেক মন্ত্রীকে লক্ষ করে ডিম ছুড়ে মারে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রিজন ভ্যানের গতিরোধ করার চেষ্টা করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময়ে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দিতে রাজি হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, লাঠি চার্জ করা পুলিশকে এক ঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে বড় পরিসরে আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে পিপি শফিকুল ইসলাম রিপন জানান, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক একাধিক মামলার আসামী। মির্জাপুরে ইমন হত্যা মামলায় তাকে বুধবার আদালতে হাজির করার তারিখ ধার্য করা ছিল। এ মামলায় তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

তিনি আরও জানান,এছাড়াও নিরাপত্তা জনিত কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালত চত্বর থেকেই তাকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩:এএম ১ বছর আগে
টাঙ্গাইল পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের র‍্যালি - Ekotar Kantho

টাঙ্গাইল পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের র‍্যালি

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বুধবার(১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এডভোকেট খালেক মন্ডলের নেতৃত্বে বিজয় র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন,জেলা বিএনপি’র বর্তমান সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি ছাইদুল হক ছাদু,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বৎসরে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় করনের মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে। আমরা বর্তমান সরকার কাছে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিচার এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি।

এই বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

দিনটি উপলক্ষে জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ আপডেটঃ ১১. ডিসেম্বর ২০২৪ ০৭:৫৬:পিএম ১ বছর আগে
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক মওলা - Ekotar Kantho

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক মওলা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে এডভোকেট জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।

অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস)। যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ)। কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট)।

কার্যকরি সদস্য শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন), শামসুজ্জামান (কালের স্বর)।

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত ৬ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হয়। প্রতি পদে একজন করে প্রার্থী হওয়ায় এবং মনোনয়ন বাছাই শেষে কোন প্রার্থী প্রত্যাহার না করায় সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এ নির্বাচনে অন্য দুই কমিশনার হলেন টাঙ্গাইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

সর্বশেষ আপডেটঃ ১০. ডিসেম্বর ২০২৪ ০১:৪৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে বিএনপি’র দুইগ্রু‌পের সংঘ‌র্ষে আহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে বিএনপি’র দুইগ্রু‌পের সংঘ‌র্ষে আহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে কেন্দ্রীয় বিএন‌পির দুই নেতার কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। সংঘ‌র্ষে পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম গুরুতর আহতবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

র‌বিবার (৮ ডি‌সেম্বর) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপজেলার শাহজাহান সিরাজ ক‌লে‌জের সাম‌নে এই ঘটনা ঘ‌টে।
আহত মুজা‌হিদুল ইসলাম কেন্দ্রীয় বিএনপি’র সহ-সংগঠনিক সম্পাদক বেন‌জির আহমেদ টিটুর কর্মী। কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের কর্মী-সমর্থকরা এই হামলা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উঠে‌ছে।

জানা গে‌ছে, ‌‌কেন্দ্রীয় বিএন‌পির নেতা  আহমেদ টিটুর লোকজন শাহজাহান সিরাজ ক‌লে‌জের একজন শিক্ষার্থী‌কে মারধর ক‌রে। প‌রে বিষয়‌টি স্থানীয় বিএন‌পি’র লোকজন মিমাংসা করে দেয়। এই ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি নেতা টিটু ও ম‌তি‌নের লোকজন ক‌লেজ এলাকায় মোটরসাইকেল শোডাউন ক‌রে। প‌রে টিটুর গ্রু‌পের লোকজন ক‌লে‌জের অধ‌্যক্ষের ক‌ক্ষে মি‌টিং করার সময় বিএন‌পি নেতা ম‌তি‌নের লোকজন গি‌য়ে দেশীয় অস্ত্র দি‌য়ে হামলা ক‌রে। এতে পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে কু‌পি‌য়ে আহত করা হয়। পৌর যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি র‌ফিকুল ইসলাম র‌ফি‌কের নেতৃ‌ত্বে হামলা ক‌রে শান্ত না‌মের একজন বিএনপি কর্মী। এছাড়া তৌ‌হিদ না‌মের আরেক কর্মী‌কে লা‌ঠি‌ দি‌য়ে পিটা‌নো হয়। ‌প‌রে গু‌রুত্বর আহত মুজা‌হিদ‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এদি‌কে দেশ‌ীয় অস্ত্র নি‌য়ে হামলার করার অ‌ভিযুক্ত শান্তর বিরু‌দ্ধে ৫ আগষ্ট বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নে শিক্ষার্থী‌দের উপর হামলা করার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। ওই হামলার ঘটনায় দা‌য়ের  হওয়া মামলার প্রধান আসামী করা হয় তা‌কে।

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আবুল কালাম ভূইয়া জানান, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি’র দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে একজনকে কু‌পি‌য়ে আহত করা হ‌য়ে‌ছে। এই ব্যাপারে এখনও কোন অ‌ভি‌যোগ পাইনি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৪ ০৭:০৮:পিএম ১ বছর আগে
টাঙ্গাইলে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জিওসি - Ekotar Kantho

টাঙ্গাইলে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জিওসি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি বাসাইল দক্ষিণপাড়া, এসআরপাড়া ও ভাটপাড়ায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় কৃষক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশিদ, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরুখ খানসহ সেনাবাহিনী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অপরিকল্পিতভাবে বাসাইল দক্ষিণপাড়া এলাকায় সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ বছর বাসাইল দক্ষিণপাড়াসহ কয়েকটি এলাকায় সরিষা আবাদ থেকে বঞ্চিত হয়েছেন অসংখ্য কৃষক। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে কর্তৃপক্ষের নজরে আসে।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৪ ০১:০২:এএম ১ বছর আগে
স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিরাজমান - Ekotar Kantho

স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিরাজমান

একতার কণ্ঠঃ বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি’র পরিচয়েই আমরা বেঁচে থাকতে চাই। বিগত দিনে ১৭টি বছর আমরা অনেকেই নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আজকে সেই নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতাকালীন একটি দল থাকে, কিন্তু কর্মীরা সারাজীবন দলের সাথে সম্পৃক্ত থাকে। স্বৈরাচারের বিদায় হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বিরাজমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামছুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে স্বৈরাচারের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে; কিন্তু সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে আমাদের মাঝখান থেকেই ঢুকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অনেকেই মনে করতে পারেন, দল ভারি করার জন্য পাশে কাউকে আশ্রয় দিয়ে দল ভারি করবেন।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মী। এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। এ পরিচয় নিয়েই আমরা গর্ববোধ করি এবং পথ চলতে চাই।

সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলব আগামী দিনে। কারণ গণতন্ত্রের যে বিজয়, সেই পরিপূর্ণ বিজয় অর্জন করতে এখনো আমরা সক্ষম হইনি। একটি পথ আমরা অতিক্রম করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই।

শামছুল হক স্মৃতি সংসদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মরহুম শামসুল হকের জ্যেষ্ঠপুত্র ও জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমূখ।

এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক সাদু, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী প্রমুখ।

এ সময় বিএনপিসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২৪ ০৩:২০:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তারা সবাই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর লিংক রোডে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজার সংলগ্ন চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে তিন বন্ধু যমুনাসেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পেছন থেকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনের মধ্যে শাহরুখ আকন্দের মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২৪ ১২:৪০:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলার সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে জেলা সদর হেলিপ্যাড চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাসে গিয়ে শেষ হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেৎরা, হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।

এই সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। পরে সকল ধর্মের মানুষদের নিয়ে পুলিশ লাইনের ভিতরে সম্প্রতির বৃক্ষরোপণ করা হয়। শেষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২৪ ০১:৪৩:এএম ১ বছর আগে
ত্রিপুরায় উপ-হাইকমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল - Ekotar Kantho

ত্রিপুরায় উপ-হাইকমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

একতার কণ্ঠঃ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনারের মৌলবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করা হয়েছে।

মঙ্গলবার(৩ ডিসেম্বর )সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি শুরু করা হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, আবু আহমেদ শেরশাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা‌র আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২৪ ০৮:১৫:পিএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।