একতার কণ্ঠঃ যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেলসেতু’। শুরুতে এই সেতুর নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন যমুনা রেলসেতু নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধন করা হতে পারে।
তিনি জানান, এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটারগেজের যে রেলসংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭০ কিলো-নিউটন/মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই, সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘণ্টায় মাত্র ২০ কিলোমিটার গতিতে ৪ দশমিক ৮ কিলোমিটার সেতু পার হতে একেকটি ট্রেনের ২৫ মিনিটের মতো সময় লেগে যায়। সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। সবমিলিয়ে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টার বেশি।
এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ কোটি টাকা এবং জাপানের জাইকা ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।
সেতুর প্রকল্প সূত্রে জানা যায়, ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। ডব্লিউডি-১ প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোআ করপোরেশন ও জেইসি (ওটিজে) জয়েন্ট ভেঞ্চার। সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনে ডব্লিউডি-৩ প্যাকেজের কাজ করছে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়াশিমা।
নতুন এই রেলসেতুর বিষয়ে প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানিয়েছেন, নতুন এই রেলসেতু দিয়ে ব্রডগেজ ট্রেন প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ও মিটারগেজ ট্রেন ১০০ কিলোমিটার গতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। কিন্তু সিবিআইএসের কাজের অগ্রগতি হয়েছে ৪০ শতাংশ। সেতু চালু হওয়ার পরে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে সিবিআইএস চালু করতে। সিবিআইএস চালু না হওয়ায় মূল সেতুতে নয়, রেলের গতি কমবে সেতুর কানেক্টিং দুই স্টেশনে। নন-ইন্টারলিংক সিস্টেম চালু থাকায় স্টেশনের লুপ লাইনে যখন ট্রেন প্রবেশ করবে, তখন তার গতি কমিয়ে আনতে হবে ১৬ কিলোমিটারে। তবে লুপ লাইন পেরিয়ে মূল সেতুতে রেল ফুল স্পিডে চলাচল করতে পারবে। রেললাইন ও ব্রিজের সক্ষমতা রয়েছে।
যমুনার পুরোনো সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালুর পরে আন্তঃনগর, লোকাল, কমিউটার ও মালবাহী ট্রেনসহ ৮৮টি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে। তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে।
রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে। চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না। তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন, পাবনাবাসীর জন্য কোনো নতুন ট্রেন পরিচালনা করা যায় কী না। সেটি নিয়ে আমরা ভাবছি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী পিতা মজিবুর রহমান(৫৮) এবং তার বড় ছেলে জাহিদ(২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে পিতা-পুত্র দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার(২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া গ্রামের সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরেমুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটো চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রদীপ পালকে ঢাকা নেয়ার পথে মারা যায়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ী নিয়ে গেছে।
একতার কণ্ঠঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, , দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপি’র কাছে নিরাপদ। বিএনপি গণতান্ত্রিক ও গণতন্ত্রের পক্ষের দল। আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা কখনওই জনগণের গণতন্ত্র হরণ করি নাই।
শুক্রবার(২০ ডিসেম্বর )বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর স্কুল মাঠে দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান নিহত রফিকুল ইসলাম ফারুকের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
টুকু বলেন, ৯ বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের নেতা আমাদের অভিভাবক তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। আমাদের নেতা কি আপোষ করেছেন। ২৪ সালের অনেকেই ক্ষমতার লোভে ভাগাভাগির সেই নির্বাচনে গিয়েছেন। জনগণ ভোট দেয় নাই। দেশ নায়ক তারেক রহমানকে অনেকভাবেই অফার করা হয়েছিল। সাবেক মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন বিএনপিকে বলা হয়েছিল যদি তারা নির্বাচনে আসে তাহলে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করা হবে না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান জনগণের অধিকারের কথা চিন্তা করে ওই ফ্যাসিস্ট হাসিনার সাথে কোন আপোষ করে নাই। বিএনপি গণ মানুষের দল, মানুষের কথা চিন্তা করেই পদক্ষে নেয়। জনগণও সবসময় বিএনপির সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম।
শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহতের ছোটভাই লাবলু মিয়া, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে নিহতের পরিবারের সাথে সাক্ষাত করেন টুকু।এ সময় বিএনপি ক্ষমতায় গেলে নিহত রফিকুল ইসলাম ফারুক হত্যার বিচার সম্পন্ন করা আশ্বাস দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু।
একতার কণ্ঠঃ যমুনা রেল সেতু জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করার কথা বলেছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি করবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে।
শুক্রবার(২০ ডিসেম্বর )দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় নবনির্মিত ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনে কালে এসব কথা বলেন তিনি।
রেল প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করে ফাহিমুল ইসলাম বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।
টাঙ্গাইল-গাজীপুর রেলপথ ডাবল লেন করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে।
“সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল-গাজীপুর রেলপথ ডাবল লেন করা হবে।”
যমুনা রেল সেতু চালু হলে প্রয়োজনে এই পথে নতুন ট্রেন সংযুক্ত করার কথা বলেছেন রেল সচিব।
এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এবং প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকা পরিদর্শন করেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
প্রসঙ্গত, টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর নির্মাণের কাজ চলছে। দেশের এই দীর্ঘতম রেলসেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে। ফলে সেতু পারাপারে ২০ থেকে ৩০ মিনিট সময় বেঁচে যাবে।
একতার কণ্ঠঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। যারা চায় না এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাদেরকে জবাব দেয়া হবে।
বুধবার(১৮ ডিসেম্বর )বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে বিএনপি’র ৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান আরও বলেন, আমরা তাদের কায়দায় জবাব দেবনা। আমরা আমাদের কায়দায় জবাব দিব। কি সেই কায়দা ? শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিলেন সেই কাজগুলো করা। যা আমরা ৩১ দফায় বলেছি। সেই কাজগুলো সফল করার মাধ্যমেই আমরা ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারকে জবাব দিতে পারবো। তার জন্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। এর আগে তিনি ৩১ দফার আলোকে কর্মশালায় অংশগ্রহনকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি’র ঢাকা বিভাগীর সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, বিএনপি’র সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ও বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
কর্মশালায় তৃনমুল পর্যায়ে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।পরে দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর দিনের মুল কর্মসুচি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের কারণে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে যায়।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান শিরাজী (১৮)।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ওই দুইজন মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের সিরাজী মুয়াজ্জিন এবং হাবিবুর ইমামতি করতেন। এছাড়া তারা দুইজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, দুইজন মাদরাসার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতো। ভোরে মসজিদে আযান দেয়ার জন্য মাদরাসা থেকে তারা মোটরসাইকেলযোগে মসজিদের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ভোরে প্রচুর কুয়াশা ছিল । ফলে রাস্তার কিছুই দেখা যাচ্ছিল না।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এরআগে তাদের গুরুত্বর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপ জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে।
তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিজনে ঢাকা বিভাগ উত্তরের চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ দল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ১১ রানের ব্যবধানে কিশোরগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হবার গৌরব অর্জন করে টাঙ্গাইল জেলা দলের বোলার মুনতাসির রহমান।
সকালে টস জয়ী টাঙ্গাইল জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে ২৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে সামিউল আলম ৫০ বলে সর্বোচ্চ ৩৬ রান করে। এছাড়া আবিদ হোসেন ২২ রান করে।
বোলিংয়ে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলের রোমান ও বাদশা যথাক্রমে ১৮ ও ২৫ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করে।
জবাবে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দল- ৪১ওভার ২ বলে ১০ উইকেটে ১২২ রান করে অলআউট হয়। ফলে টাঙ্গাইল জেলা ১১ রানে জয়লাভ করে। কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে তামিম ভূঁইয়া সাকিব ৭৬ বলে সর্বোচ্চ ৩৫ রান করে। এছাড়া ইমরান মিয়া ও বাদশা দু’জনেই ২১ করে রান করে।
বিজয়ী টাঙ্গাইল জেলা দলের মুনতাসির রহমান ১০ ওভার বল করে ৩৪ রানে বিনিময়ে ৩টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় আম্পায়ার ছিলেন বজলুর রহমান ও আসিফুর রহমান।সাথে স্কোরার ছিলেন ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শিহাব রায়হান।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিম শাহরিয়া, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাছুদ রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে,টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান। ।
উল্লেখ্য,টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার দুই ভেন্যুতে ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি জেলা অংশগ্রহন করেছিলো। টাঙ্গাইল ভেন্যুতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই বহিষ্কার করা হয় বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী রতন এ বিষয়টি নিশ্চিত করেছেন ।এর আগে গত ১০ ডিসেম্বর তাকে সাময়িক বহিষ্কার করে গভর্নিং বডি।
এছাড়া অর্থ ছাড়া পদোন্নতি না দেওয়ার অভিযোগে ওই কলেজের ১৩ জন শিক্ষক অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন।
এর আগে অধ্যক্ষ হাছান আলীকে ২টি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং একইসঙ্গে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছিলেন কলেজ গভর্নিং বডি।
কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ৩১ ডিসেম্বর কলেজের সাবেক সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ হাছান আলীকে এ ২টি কারণ দর্শানোর নোটিশ ও ৬ মাসের ছুটির আদেশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে কলেজের সভাপতি বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছিল।
ওই নোটিশে বলা হয়, নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর কলেজের গভর্নিং বডির সভার ২ নম্বর সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদনে তার অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরে।
বহিষ্কারপত্র সূত্রে জানা যায়, গভর্নিং বডি চলতি বছরের ২২ জানুয়ারি একটি মিটিংয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে ২২ লাখ ৯০ হাজার ৫০১ টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। এর প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর কলেজ গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বাহিষ্কার করা হয়।
এসব অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাছান আলী বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। গভর্নিং বডি আমাকে বহিষ্কার করতে পারে না। কমিটির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. রেশমা আখতার জানান, অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই তাকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একতার কন্ঠঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুত ৩১ দফা জনগনের কাছে পৌঁছানোর লক্ষ্যে আটিয়া ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া চক বাজারে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
আটিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোঃ মহব্বত হোসেন রানার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এসএম আলমগীর হোসেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল কুদ্দুস,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রিপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাবুল খান, জেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা আনজুমান বানু,উপজেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইনসান আলী,উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ রায়হান,ছাত্রদল নেতা রাকিব আল হাসান শরৎ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জায়েদুর রহমান জাহিদ।
জনসভায় বক্তারা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জনসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনী, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
১৬ ডিসেম্বর (সোমবার)সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরিফা হক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, পৌরসভার পক্ষে প্রশাসক শিহাব রায়হানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৯ টায় শহিদ স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয় এবং ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি’র সহ বিভিন্ন রাজনৈতিক দল, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে শিশু সন্তানকে হত্যা মামলায় মাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর)দুপুরে বাসাইল আমলী আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া হীরা আক্তারকে (৩৫) । তিনি বাসাইল পূর্ব পাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী।
গত শুক্রবার নিজের দুই বছর বয়সি ছেলে মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে মা হীরা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে হীরা আক্তারকে একমাত্র আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ইব্রাহীম মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ছেলে মোহাম্মদ আলীকে প্রসাব করানোর কথা বলে ঘরের বাইরে নিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে ইব্রাহীমকে ডেকে তার স্ত্রী জানান মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইব্রাহীম বের হয়ে ছেলেকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ছেলেকে উদ্ধার করা হয়। পরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার সকাল ৮ টার দিকে বাসাইল থানার পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা আক্তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কারা তাকে হত্যায় সহায়তা করেছে সে সম্পর্কে কোন তথ্য দেয়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।