/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক নারীর(৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুরে করটিয়া হাটের পুর্ব পাশে রাস্তার ড্রেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, টানা বৃষ্টিতে উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়ায় ড্রেনে ময়লা আটকে পানি জমে থাকায় দোকানদাররা ড্রেন পরিস্কার করছিল। এ সময় জনৈক দোকানদার ড্রেনে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

উদ্ধার হওয়া অজ্ঞাত ওই নারীর পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২২ ০১:৩৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই পুলিশসহ নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই পুলিশসহ নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, জামালপুর সদরের নারায়নপুর পুলিশ ফাড়ির সদস্য নুরুল ইসলাম ও সোহেল রানা। অপর নিহত হলেন ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাজহারুল আমিন জানান, ধর্ষণ মামলার আসামিকে মেডিকেল পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে জামালপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ফেরার পথে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পিছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য এবং ধর্ষণ মামলার আসামির মৃত্যু হয়।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যদের মরদেহ তাদের ইউনিটে পাঠানো হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:৩১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইল সদর উপজেলা আ’লীগের নতুন সভাপতি মানিক সাধারণ সম্পাদক তোফা - Ekotar Kantho

টাঙ্গাইল সদর উপজেলা আ’লীগের নতুন সভাপতি মানিক সাধারণ সম্পাদক তোফা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলীর নাম ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এর আগে বৃষ্টি বিঘ্নিত আয়োজন স্থলে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুক।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:১০:পিএম ৪ বছর আগে
বড় কোন ধরনের দুর্যোগ না হলে, খাদ্য সংকটে পড়বে না বাংলাদেশ :কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বড় কোন ধরনের দুর্যোগ না হলে, খাদ্য সংকটে পড়বে না বাংলাদেশ :কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। বাংলাদেশে বড় কোন ধরনের দুর্যোগ না হলে, আমরা খাদ্য সংকটের মধ্যে পড়বো না। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপি ২০১৫ সালে ৯০ দিনের হরতাল দিয়েছিলো। তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না। রাজপথ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিলো। এখনো আছে, আগামীতেও থাকবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, দেশের আইনশৃঙ্খলা, মানুষের জীবন রক্ষার্থে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবেনা এমনটা হয়? তারা রেল লাইন উপড়ে ফেলবে, আগুন দিবে, জীবন্ত মানুষ পুড়িয়ে মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে, তা হয়না।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

এর আগে বৃষ্টি বিঘ্নিত আয়োজন স্থলে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুক।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২২ ০৯:৪৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইল ডিবি উত্তরের ওসি হলেন মীর মোশারফ - Ekotar Kantho

টাঙ্গাইল ডিবি উত্তরের ওসি হলেন মীর মোশারফ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শুক্রবার (২১ অক্টোবর) যোগদান করেছেন মো. মীর মোশারফ হোসেন।

তিনি ২০১৯ সালে ১৮ জুলাই থেকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২০১৭ সালে টাঙ্গাইলের কালিহাতী থানায় যোগদান করেন।

তিনি কালিহাতী ও টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) থাকাকালীন তার কর্ম এলাকায় সন্ত্রাস, মাদক, জঙ্গী, বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেন।

মীর মোশারফ হোসেনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি পুলিশে যোগদানের পর থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিংকে জিরো টলারেন্স ঘোষণা করে ও বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, তার কাছে প্রতিটি মানুষই আপন তবে অপরাধীরা পার পাবে না। তার অফিসে একজন ধনী প্রভাবশালী ব্যক্তি আসলে যে সম্মান পাবে, ঠিক তেমনি দিন মজুর রিক্সা চালক আসলেও ঠিক একই সম্মান পাবে। মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।

মীর মোশারফ হোসেন জামালপুর সদর উপজেলার সাবেক স্বাস্থ্যকর্মকর্তা মৃত আব্দুল হক সরকারের ছেলে। বৈবাহিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

উল্লেখ্য,মীর মোশারফ হোসেন জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে এসআই হিসেবে যোগদান করেন। এরপর তিনি টাঙ্গাইল সদর থানা, মির্জাপুর, বাসাইল, কালিহাতী থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২২ ০৯:০১:পিএম ৪ বছর আগে
বন্ধুর বিয়েতে যাবার পথে লাশ হলো টাঙ্গাইলের শাকিল - Ekotar Kantho

বন্ধুর বিয়েতে যাবার পথে লাশ হলো টাঙ্গাইলের শাকিল

একতার কণ্ঠঃ  ঢাকা থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুরগামী স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চে নিহত তিন যাত্রীর একজন টাঙ্গাইলের শাকিল আহমেদ শান্ত (২০)। তিনি সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের ঘোষপাড়ার মুদি দোকানী নাজিম উদ্দিনের ছেলে।

রোববার (২২ অক্টোবর) সকালে মৃত্যুর খবরটি শাকিলের বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়।

পরে নিহত শাকিলের বড়ভাই সরোয়ার হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াসহ কয়েকজন নিকট আত্মীয় টাঙ্গাইল থেকে শরিয়তপুর যান লাশ আনার জন্য।

সরোয়ার হোসেন রোববার সন্ধ্যায় জানান, আমরা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট শাকিল আহমেদ শান্ত। সে গাজীপুরের একটি গার্মেন্টস কারাখানায় চাকরি করতো। যতটুকু জানতে পেরেছি শাকিলের বন্ধু গোসাইরহাটের তানজিলের বিয়ের অনুষ্ঠানে যাবার জন্য শনিবার ( ২২ অক্টোবর) রাতে রওনা হয়। তানজিল কয়েকবার আমাদের বাড়িতেও এসেছিল। ওরা একসাথে চাকরি করতো। রবিবার সকালে আমরা দুর্ঘটনার খবর পাই।

কাপড় ব্যবসায়ী সরোয়ার হোসেন আরো জানান, আমার বোনটি প্রতিবন্ধী। সবার আদরের ছোট ভাই শাকিলের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। এমন দুর্ভাগ্য যেনো আর কোন পরিবারে না আসে। আমরা আইনী প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করবো।

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে আমার কাছে খবর আসে। পরে ইউপি সদস্য লিটন মিয়াকে শাকিলের লাশ আনতে আত্মীয় স্বজনদের সাথে পাঠিয়েছি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২২ ০৪:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের অভিজাত নুরজাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি ভেন্যুকে ২৫ হাজার টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলের অভিজাত নুরজাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি ভেন্যুকে ২৫ হাজার টাকা জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও কোমল পানীয় রাখার দায়ে জেলা শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত অভিজাত নুরজাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি ভেন্যুকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম‌।

এ প্রসঙ্গে সৈয়দা তামান্না তাসনীম‌ জানান, টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডে অবস্থিত নুরজাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি ভেন্যুকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ব্যবহার করে বার্গার তৈরি, মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ এবং পূর্বের দিনের বিরিয়ানি, চিকেন ফ্রাই ও সবজি সংরক্ষণ এবং প্রস্তুতকৃত খাবার এবং কাঁচা মাংস একসাথে সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ এবং ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, এ ছাড়া শহরের বিভিন্ন চিনির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

এই ভ্রাম্যমান আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর নির্দেশনা ও অর্পিত ক্ষমতাবলে, টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এছাড়া, জেলা পুলিশের একটি চৌকস টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২২ ০৩:৩২:এএম ৪ বছর আগে
নতুন ডিএমপি কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক - Ekotar Kantho

নতুন ডিএমপি কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক

একতার কণ্ঠঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২২ অক্টোবর) সকালে শহরের আশেকপুর সদর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগরজলফৈ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনসহ সড়ক ও জনপথ বিভাগ, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ অংশগ্রহ করে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২২ ০১:২৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার(২২ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- সদর উপজেলার থানা পাড়ার মো.রফিক ও সম্রাট, খোদ্দ যুগনীর ইউসুফ আলী, বেপাড়ি পাড়ার হৃদয় ও কালিহাতী উপজেলার রাজাবাড়ি গ্রামের লেলিন।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, শুক্রবার রাতে কলেজ পাড়ায় ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মডেল থানার পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় রফিক, সম্রাট, ইউসুফ আলী, হৃদয় ও লেলিনকে পুলিশ আটক করতে পারলেও অজ্ঞাত আরো ৩/ ৪ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা ডাকাতি, অস্ত্র, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২২ ১০:০১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মৌমাছির কামড়ে নব বিবাহিত যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মৌমাছির কামড়ে নব বিবাহিত যুবকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৫) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে ।

শুক্রবার (২১ অক্টোবর)সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর হাসান মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তানভীরের হাসানের মামা সোলায়মান সেলিম জানান, বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিলেন। বাড়ির অদূরে মৌমাছির ঝাঁক তাঁকে আক্রমণ করে। এ সময় তার চিৎকার শুনে বাড়ি থেকে তাকে উদ্ধারে দৌড়ে আসে বড় ছেলে তানভীর হাসান। মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তাঁর ওপর আক্রমণ চালায়। সে খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে পালাক্রমে মৌমাছি কামড়াতে থাকে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তানভীর দিগ্বিদিক ছুটতে থাকে। মৌমাছির দলও তার শরীরে দফায় দফায় কামড়াতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে। পরে তানভীরকে দ্রুত মধুপুর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
সোলায়মান সেলিম আরও জানান, সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে অবস্থায় আরো অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

প্রকাশ, তানভীর সরকারি সা’দত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। এ বছরের ১৩ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২২ ০৮:১১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর নুরুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মীর দেওহাটা গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মােসলেম খানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত বুধবার বড়শি নিয়ে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় নুরুল ইসলাম। এরপর গত দুই দিন পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। পরে শুক্রবার বিকেলে মীর দেওহাটা গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির এভাবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

সর্বশেষ আপডেটঃ ২২. অক্টোবর ২০২২ ০৩:১৬:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।