একতার কণ্ঠঃ হাসানুজ্জামিল শাহীন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার(১ নভেম্বর) জেলা বিএনপির সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
রাত নয়টায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে হাসানুজ্জামিল ১ হাজার ৩৮২ ভোট পেয়েছেন।
তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী আলী ইমাম তপন ৫৮৭ ভোট ও ছাইদুল হক ৭৭ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ফরহাদ ইকবাল ১ হাজার ২৬০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হক সানু ৭৯১ ভোট পেয়েছেন।
নির্বাচনে ২ হাজার ১১৫ জন কাউন্সিলর ভোট দেন। মোট ভোটার ছিলেন ২ হাজার ৩২৩ জন।
এর আগে মঙ্গলবার সকালে শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ফকরি মাহবুব আনাম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।
এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় ১৩ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হলো। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এরপর তিন দফা দলটির জেলা কমিটি গঠন করা হয়েছে সম্মেলন ছাড়া।
সর্বশেষ গত ৩ আগস্ট আহমেদ আযম খানকে আহ্বায়ক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটি সব উপজেলা ও পৌরসভার সম্মেলন শেষ করে জেলা সম্মেলনের আয়োজন করে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে আমির হামজা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১ নভেম্বর) সকালে উপজেলার কালিয়া পশ্চিম ঘোনারচালা এলাকায় নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামজা মাদকসেবী ছিলেন। তিনি মাদকের জন্য নিয়মিত তাঁর মায়ের কাছে টাকা দাবি করত। মঙ্গলবার সকালেও টাকা চাইলে মা তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানান।
পরে হামজা অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ডাকলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবারের সদস্যরা। এ সময় তাঁকে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ছেলেটি মাদকসেবী ছিল।
একতার কণ্ঠঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, নিশিরাতের সরকারের সহযোগী বর্তমান ইসির অধিনে আর কোন নির্বাচন হবে না। গাইবান্ধা মার্কা নির্বাচন বাংলাদেশে আর হতে দেয়া হবে না। একটি নিরপেক্ষ সরকার ও ইলেকশন কমিশনের অধিনে বিএনপি নির্বাচনে যাবে, এর বাইরে কোন বিকল্প নেই। মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পশ্চিম আকুরটাকুর পাড়া্ ঈদগাহ মাঠে জেলা বিএনপির ক্রি-বার্ষিক সম্মেলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার একটি লুটেরা সরকার, দুর্ভিক্ষের সকরকার, ডাকাত সরকার। প্রধানমন্ত্রী বলেছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ মোকাবিলার আগেই দেশের জনগন এই সরকারের পতন ঘটাবে।।মির্জা আব্বাস আরো বলেন, গণতন্ত্র দিয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউরর রহমান, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। আর গণতন্ত্র হত্যা করেছেন শেখ হাসিনা।
টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবাইদুল হক নাসির প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৩ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সরসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের কথা রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে ফিল্মি কায়দায় বিদ্যালয়ে ঢুকে প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা পড়েছে দশম শ্রেণির এক ছাত্রী। শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহীম, শিক্ষক গিয়াস উদ্দিন, মহিউদ্দিন ওরফে মনির এবং ওই ছাত্রীর মা বিদ্যালয়ে গিয়ে তাকে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবী ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীসহ আরও দুই ছেলে বন্ধুর সহায়তায় এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য শনিবার দিবাগত রাত ১টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। সে আগে থেকে বানানো তালার চাবি দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে একেক করে কয়েকটি আলমারির তালা ভাঙতে থাকে। এ সময় পাশের রুমে থাকা নাইটগার্ড ফজলু তালা ভাঙার শব্দ শুনে ভেতরে গিয়ে ওই ছাত্রীর হাতে ছুরি দেখতে পান। এ সময় ওই ছাত্রী নাইটগার্ডকে ফাঁসানোর ভয় দেখায়। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাসে নাইটগার্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদের বাসায় নিয়ে যান। পরে সেখানে মেয়েটি ঘটনার বিস্তারিত বলে। পরে মানবিক বিবেচনায় রাতেই প্রধান শিক্ষক ওই ছাত্রীর মা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে বিষয়টি জানালে তারা বিদ্যালয়ে এসে মেয়েটিকে নিয়ে যান।
ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ জানান, প্রশ্নপত্র চুরি করে বিক্রির জন্য ছেলেদের পোশাক পড়ে গভীর রাতে বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ওই ছাত্রী। তবে পূর্বেই ফিল্মি স্টাইলে বিদ্যালয়ের তালা-চাবির ছবি তুলে তালা খোলার জন্য আলাদা চাবি বানিয়ে কক্ষে প্রবেশ করে সে। পরে কক্ষের ভেতরে কয়েকটি আলমারির তালা নষ্ট করে। পরে নাইটগার্ড শব্দ পেয়ে ভেতরে গিয়ে তাকে ছুরিসহ হাতেনাতে আটক করে। সে আমাদের জানিয়েছে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন চুরি করে বন্ধুদের কাছে বিক্রি করবে। পরে মানবিক কারণে তাকে স্কুলের প্রধান শিক্ষক ও তার মাকে জানানো হলে তারা বিদ্যালয়ের এসে মেয়েকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এই কাজে জড়িত থাকার দায়ে আমাদের বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ে প্রবেশ করে প্রশ্ন চুরির ঘটনা জানি না। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোছা. ইশরাত জাহান বলেন, ঘটনাটি জেনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে খাওয়ার ওষুধ মনে করে বিষ পানে শতবছর বয়সী চান মাহমুদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে চিকিৎসাধিন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বাড়ি উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গিলারচালা গ্রামে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) বৃদ্ধ চান মাহমুদ দুপুরের খাবারের পর নিজের খাওয়ার ওষুধ মনে করে ভুলক্রমে ঘরে রাখা ঘাস মারার বিষ পান করে ফেলেন। পরে তিনি অসুস্থবোধ করলে মেয়েকে ডেকে বলে ‘ দেখত মা ইডা আমি কি খাইলাম ।’ প্রথমে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্য হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওই বৃদ্ধের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)। রবিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিদেশী মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন)ওসি হেলাল উদ্দিন জানান , টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর থানাধীন আলোকদিয়া এলাকা হতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত জিআর মূলে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে শনিবার(২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেনসিডিল সহ দুই কিশোরকে আটক করেছে র্যাব।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে র্যাব-১২ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃত কিশোরদ্বয় হচ্ছেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়োজিদ(১৬) ও একই এলাকার মৃত শাহিন ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম(১৪)।
তারা ঠাকুরগাঁও জেলা শহরের ২ নম্বর ওয়ার্ডের আসলামপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য শনিবার রাতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে একটি সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়।
অভিযানে ১১৯ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ উল্লেখিত কিশোরদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইলও জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, আটককৃত কিশোরদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে নেশা করতে বাধা দেওয়ায় সুলতান হোসেন স্বপন(৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকাসক্তরা। এ ঘটনায় আজমির হোসেন(২৫) নামে আরও এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) দিনগত রাতে নাগরপুরের গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান হোসেন স্বপন নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় যুবক রানা, আলি, সোলাইমান ও আনোয়ারসহ কয়েক যুবক মিলে গাজা সেবন করছিল। বিষয়টি স্বপন তাদের আভিভাবকদের জানায়। এক পর্যায়ে স্বপন সিংজোড়া বাজারের বাসু মিয়ার চায়ের দোকানে গেলে মাদকাসক্তরা তাকে ছুরিকাঘাত করে।
এসময় ওই দোকানে থাকা আজমির বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে মাদকাসক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজমিরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, হত্যার ঘটনায় সুলতান হোসেন স্বপনের আত্মীয়রা মামলার প্রস্তুতি নিয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একতার কণ্ঠঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সম্পাদক মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ।
টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলার উপজেলা সমূহ থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম টাঙ্গাইল এসে পৌঁছুলে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাঁকে বরণকরে নেন টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে এমপির সামনেই দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহতও হয় বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা স্থগিত করেছে জেলা থেকে আসা নেতৃবৃন্দ।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, দলীয় কার্যালয় বন্ধসহ পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। একইসাথে দু’পক্ষের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে। এমপি ও মেয়র দুই পক্ষের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভূঞাপুর থানা পুলিশ।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় বর্ধিত সভা করে আসছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।
এ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদহ তার অনুসারী এবং বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সভা শুরু করেন। সভা চলাকালীন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির অনুসারী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় প্রবেশ করলে তার সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুপক্ষের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমপি ও মেয়র পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও মিছিল প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ জানান, আমরা আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু করি। সভা শুরুকালে এমপি মহোদয় সভাস্থলে প্রবেশ করলে আমি তাকে বসতে আহ্বান জানাই।
তিনি আরও জানান, সে সময় তিনি না বসে আমাকে পাশ কাটিয়ে সভাস্থল ত্যাগ করাকালে তার সাথে আসা কিছু নেতাকর্মী হঠাৎ করে আমাদের নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে আমরা সভাস্থল ত্যাগ করে চলে আসি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করলে বসার জায়গা না থাকায় সভাস্থলে কর্মীদের মাঝে ক্ষোভ থেকে হট্টগোলের সৃষ্টি হয়। পরে জেলার নেতৃবৃন্দ বর্ধিত সভা স্থগিত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দু’পক্ষের হাতাহাতির ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুত গতির বাস চাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা- টাঙ্গাইল – বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। নিহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকার ১২ নম্বর সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী ঘোড়ার গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. নাজমুল হাসান বলেন, ‘নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যাত্রীবাহী বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি ঘোষপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে দ্বীপ ঘোষ(১৪) নামে এক ভারতীয় কিশোরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পৌলি নদীতে পৌলি ঘোষপাড়া শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের একমাত্র ছেলে ও কালিহাতী উপজেলার পৌলি ঘোষপাড়া এলাকার যতীন ঘোষের নাতি।
স্থানীয় সুবল ঘোষ জানান, দীর্ঘদিন পর মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে সমবয়সী ছেলেদের সাথে পৌলি নদীতে গোসলে নামে দ্বীপ। একপর্যায়ে ড্রেজার দিয়ে মাটি কাটার খাদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দায়িত্বরত ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দিপকে উদ্ধার করে। স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দ্বীপকে উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।