একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ মে) সকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের উপজেলার অর্জূনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাওয়ার সময় গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে সড়কের উপর পরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে টাঙ্গাইল যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে কোন তথ্য জানা নেই।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দফায় দফায় ভিমরুলের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আশে-পাশের এলাকার সাধারণ মানুষ।
বুধবার (৮ মে) দুপুর ১টা ও ২টা ৩০ মিনিটে দুই দফায় উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সময় এই ভিমরুলের আক্রমণের ঘটনা ঘটে।
এ সময় ভিমরুলের আক্রমণে শিশু-মহিলা-পুরুষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভিমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে। হঠাৎ ভিমরুলের আক্রমণে দিশেহারা হয়ে ভোটারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে। মুহূর্তে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায় । এসময় অনেকেই মাঠের পাশে থাকা খড়ের গাদা থেকে খড় নিয়ে তা জ্বালিয়ে ধুঁয়া তৈরি করে আত্মরক্ষা করে। প্রায় বিশ মিনিট পর ভিমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিটে ভিমরুলের ঝাঁক পুনরায় মাঠে উপস্থিত ভোটার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।
এ প্রসঙ্গে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই (নিরস্ত্র) আবু তাহের জানান, ভিমরুলের আক্রমণে ৪ পুলিশ ও ২ জন আনসার সদস্য আহত হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করছেন।
মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মামুন সরকার জানান, ভিমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের ৪ জন, আনসার সদস্য ২ জন ও স্থানীয় ২ জন শিশু সহ ১৭ জন আহত হয়েছেন। ভিমরুলের আক্রমণে ছানোয়ার ও সলিমুল্লাহ নামে দুই জনের অবস্থা গুরুতর। এই দুই জনসহ মোট ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার সময় ভোট গ্রহণ সাময়িক ভাবে বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণের হার ৫১.৫৩ পার্সেন্ট।
ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত-কলম), সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস) এবং সাবেক ছাত্রলীগ নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আজিজুল ইসলাম (হেলিকপ্টার)।
উল্লেখ্য, মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২০৫৩। এর মধ্যে নারী ভোটার ১০৪৩ জন ও পুরুষ ভোটার ১০১০ জন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (৭ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার না করে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে।
এছাড়া দুর্ঘটনার পরই ক্ষতিগ্রস্ত দুটি যান উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দুটি সড়ক থেকে অপসারণের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানের চালকসহ আরও দু’জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে সোহাগ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৫ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার বন বিভাগের বিশ্রামাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (২০) কালিহাতী পৌরসভার সোনা খড়িল্লা এলাকার লিটন মিয়ার ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে বাড়ি যাওয়ার পথে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের কালিহাতী বন বিভাগের বিশ্রামাগারের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রী এক যুবকের প্রাণ।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-দৌলতপুর আঞ্চলিক সড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা এলাকার ব্র্যাক অফিসের সামনে বালুবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ওই যুবক।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এইচ এম জসিম উদ্দিন।
নিহত ওই যুবকের নাম রাকিব মিয়া(২৪)। সে উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে নাগরপুর থেকে একটি সিএনজি টাঙ্গাইলের উদ্যেশে রওনা হয়। অপরদিকে, টাঙ্গাইলের দিক থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আঞ্চলিক সড়কের উপজেলার ডাঙ্গা এলাকার ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় সিএনজি চালক।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানায়, বালুবাহী ট্রাক্টরগুলো দিনরাত আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। অধিকাংশ ট্রাক্টর চালক কিশোর হওয়ায় কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রচন্ড গতিতে ট্রাক্টর চালায় তারা। ফলে এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এইচএম জসিম উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
তিনি আরো জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে হিট স্ট্রোক করে সালমা বেগম (৫০) নামের ওই নারীর মৃত্যু হয়।
তিনি ভূঞাপুর পৌর শহরের ফকিরপাড়ার চরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট সানাউল্লাহর স্ত্রী।
শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, শুক্রবার রাতে প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সালমা।পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভুঞাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, শুক্রবার রাতে সালমা নামে এক বয়স্ক নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়। প্রচন্ড গরমে স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহী গামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
এ সময় যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নামার সময় অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।
গরমের কারণে ট্রেনের হাইড্রলিক ব্রেক থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় বলে জানিয়েছেন মহেড়া স্টেশন মাস্টার সোহেল খান।
এলাকাবাসী জানান, ওই স্থানে বিকেল পাঁচটার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি থামানো হয়।
‘ট’ বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকের স্থানে আগুন দেখতে পান। খবর পেয়ে স্টেশনের ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে কয়েকজন যাত্রী আহত হন।
মহেড়া স্টেশন মাস্টার সোহেল খান জানান, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি থামানোর সময় গরমের কারণে ট্রেনের হাইড্রলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার কারণে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস মির্জাপুর রেলস্টেশন থেকে কিছুটা দেরিতে ছাড়ে।
একতার কণ্ঠঃ রাজধানী ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন পালন করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা এই ঘটনার তীব্র নিন্দাসহ দোষীদের দ্রুত আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন, কার্যকরী কমিটির সদস্য শামীম আল মামুন, মামুনুর রহমান প্রমূখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ, আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, খবরের কাগজের জুয়েল রানা, আজকের বসুন্ধরার রাহিদ রানা, শেয়ার বিজের সোহেল রানা, সাম্প্রতিক দেশকালের নওশাদ রানা সানভীসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
এসময় বক্তারা বলেন, এফডিসির ভিতরে সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে যে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা টাঙ্গাইল থেকেই বলতে চাই যে যদি এই হামলার বিচার না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ২২ সাংবাদিকদের উপর হামলাকারী শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজেন্ডার বো’র কঠিন বিচার করতে হবে। এছাড়াও হামলাকারীদের এফডিসি থেকে বহিস্কার করতে হবে।
একতার কণ্ঠঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টায় মদিনায় এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত হাবিবুল্লাহ মেসবাহ জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামের মাওলানা মো. আবদুল হাইয়ের ছেলে।
নিহত হাবিবুল্লাহ মেসবাহ টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাওলানা মো. হাবিবুল্লাহ মেসবাহ শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মদিনা থেকে ৬০ কিলোমিটার দূরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে সময় তিনি এক হজ্জ কাফেলার মোয়াল্লিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী, ২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে আরও জানা গেছে, তার মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে তার মরদেহ কবে দেশে আনা যাবে সেটা এখনো নিশ্চিত করা যায়নি।
তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বামাশিস’র কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ও টাঙ্গাইল জেলা ইমাম মোয়াজ্জেম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার স্বামী।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহতের নাম পাপিয়া বেগম (৪৫)। সে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাঞ্জানা গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
নিহতের ভাতিজা ফারুক হোসেন জানান, তার চাচা আনিছুর রহমান ঘাটাইল উপজেলা সহকারি মৎস কর্মকর্তা হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাঞ্জানা গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাসা ভাড়া করে পাশ্ববর্তী উপজেলা কালিহাতীতে থাকতেন। শুক্রবার সকালে কালিহাতী থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী পাপিয়াকে নিয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন। সকাল ৮ টার দিকে বাড়ির কাছাকাছি বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে তার স্ত্রী মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমান নিজেও মহাসড়কে পড়ে যান।
তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপিয়া বেগম। চিকিৎসকের বরাদ দিয়ে ফারুক জানান, বর্তমানে তার চাচা আনিছ শঙ্কামুক্ত আছেন।
ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
একতার কন্ঠ: টাঙ্গাইলের কালিহাতীতে বাস- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো রনি হোসেন নামে এক মোটরসাইকেল চালকের নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রনি হোসেন (৩০) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার চাঁদ প্রামাণিকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক। মোঃ রনি। এ সময় তার সাথে থাকা একজন আরোহীও আহত হয়।
তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই জনকে উদ্ধার করা হয়।পরে গুরুতর আহত মোটরসাইকেল চালক রনিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে প্রেরণ করা হয়।হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কন্ঠ: গাছের সঙ্গে ধাক্কা লেগে একতা এক্সপ্রেসে ট্রেনের ছাদে থাকা হানিফ মিয়া নামে এক যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নিহত হানিফ জয়পুরহাট জেলার আমতলী থানার আমতলী গ্রামের আ. হান্নানের ছেলে।
ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে নিহত হানিফ মিয়া।
পথিমধ্যে কোথায় কীভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌঁছালে মরদেহটি দেখার পর উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।