/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগতির বিনিময় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার দিগর ইউনিয়নের আঠারোদানা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেকের ছেলে। সাইফুল কালিহাতীর শাহজান সিরাজ কলেজের ছাত্র ছিলেন।
এ ঘটনায় নিহতের বন্ধু মোটরসাইকেল আরোহী শাহীনুর (২০) গুরুতর আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে দুই বন্ধু চাচাত ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির কাছেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মোটরসাইকেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের থাকা সাইফুল মাথা থেতলে মৃত্যু বরণ করে।

পরে মোটরসাইকেলের অপর আরোহী শাহীনকে স্থানীয়রা উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তার ডান হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,মোটরসাইকেলের সাথে অজ্ঞাত একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন । এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. জানুয়ারী ২০২৫ ০২:৫৯:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর এলাকার ৫ নম্বর রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ধলাটেঙ্গর এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।

নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি।

পথে ধলাটেঙ্গর ৫ নম্বর রেল ব্রিজের কাছে রেললাইন পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. জানুয়ারী ২০২৫ ০৯:১৯:পিএম ১ বছর আগে
টাঙ্গাইলে পৃথক-পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক-পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখিপুরে পৃথক-পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলার সখীপুর উপজেলার টাঙ্গাইল-সখীপুর আঞ্চলিক সড়কের বেড়বাড়ী, সকাল ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০ টায় সখীপুর-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুতুবপুর এলাকায় তিনটি পৃথক-পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল ৭টায় ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার টাঙ্গাইল-সখীপুর আঞ্চলিক সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

অন্যদিকে, সোমবার সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়।

নিহত জয়েন উদ্দিন মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

সকাল ১০টায় সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সখীপুর-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুতুবপুর এলাকায় সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি সখীপুর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ গুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২৪ ০২:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী পিতা মজিবুর রহমান(৫৮) এবং তার বড় ছেলে জাহিদ(২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে পিতা-পুত্র দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত‍্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২৪ ০১:২১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার(২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া গ্রামের সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরেমুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটো চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রদীপ পালকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ী নিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২৪ ০১:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কাব্য (১৭) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে।

এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন (১৭ বছর)। তারা দুইজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পিছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান । এ ঘটনায় তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২৪ ০২:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তারা সবাই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর লিংক রোডে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজার সংলগ্ন চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে তিন বন্ধু যমুনাসেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পেছন থেকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনের মধ্যে শাহরুখ আকন্দের মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২৪ ১২:৪০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মিক্সার মেশিনে পড়ে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুু - Ekotar Kantho

টাঙ্গাইলে মিক্সার মেশিনে পড়ে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইটের ভাটায় কাজ করতে গিয়ে মিক্সার মেশিনে পড়ে হাফেজ মন্ডল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মন্ডল পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার চর বিহারী গ্রামের মৃত আবু সাঈদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাফেজ মন্ডল ইট তৈরীর কাজে মাটি মিক্সচার করার সময় অসাবধানতা বশত মেশিনে পড়ে হাত পা পেচিয়ে গেলে হাফেজ এর ডাক- চিৎকার শুনে অন্য শ্রমিকরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি টিম এসে হাফেজকে পা কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইটভাটায় কাজ করার সময় মিক্সার মেশিনে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২৪ ০৩:২৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়কে গতিরোধকের দাবীতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়কে গতিরোধকের দাবীতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় চলতি সপ্তাহে দুজনের মৃত্যুর পর ঐ সড়কে গতি রোধকের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কের বেড়াডোমা চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল একাডেমি, জনসেবা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম, সাবেক কাউন্সিলর নুরুল আলম,জহুরুল ইসলাম আজাদ, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ব্যবসায়ী রুহুল তালুকদার, শহীদ মডেল একাডেমির পরিচালক মাজহারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা দাবী করেন, টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক
সড়কে সিএনজি ও অটোরিকশা বেপরোয়া গদিতে চলাচল করে। ফলে এক সপ্তাহের মধ্যেই এই সড়কে দুই জনের প্রাণ গেছে।

বক্তারা বলেন, এই সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটি মোড়,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে হবে। সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে প্রয়োজনে ফুটওভার ব্রিজ চাই। যানবাহনের বেপরোয়া গতির নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. নভেম্বর ২০২৪ ১২:২৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু।

মঙ্গলবার(১২ নভেম্বর )রাত ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

সে একই উপজেলার সুরীরচালা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনায় আহত হয় তানভীরের বন্ধু ফেরদৌস। সে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল পার্শ্ববর্তী ঘাটাইল থানার আওতাধীন থাকায় আমাদের থানায় এ বিষয়ে কেউ কিছু জানাননি।

নিহত তানভীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর মঙ্গলবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে খবর আসে তানভীর ঘাটাইলের পেচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কালিহাতী উপজেলার এলেঙ্গা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তানভীরের মরদেহ রয়েছে বলে জানান তার নানা আবুল কাশেম। তিনি বলেন, লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

তানভীরের বড় বোন বর্ষা আক্তার বলেন, অনেকবার বলার পর আমার ভাইকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, সেই মোটরসাইকেলই ভাইয়ের প্রাণ কেড়ে নিল। মানতে পারছি না ভাই আমার আর কোনো দিন আমার বাড়ি যাবে না।

সর্বশেষ আপডেটঃ ১৩. নভেম্বর ২০২৪ ১১:২১:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপু্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। বর্তমান ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।

কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহরের তার নিজ বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিযোগে রওনা হন তিনি। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শিক্ষক আব্দুল আলীমের গ্রামের বাড়ী জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চরাঞ্চলেও হলেও তিনি প্রায় ২০ বছর ধরে স্বপরিবার নিয়ে ভূঞাপুর পৌর শহরের ঘান্টান্দী নতুনপাড়া বসবাস করে আসছেন।

সর্বশেষ আপডেটঃ ০৮. নভেম্বর ২০২৪ ১২:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত  - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত 

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিকে পাশ কাটাতে গিয়ে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্ত্রী তানজিনা রাস্তার ছিটকে খাদে পড়ে আহত হলেও অল্পের জন্য বেঁচে গেছেন।

নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে আকাশ স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিহাতীর মুলিয়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি সিএনজি পাশ কাটাতে গিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।

নিহত আকাশের স্ত্রী তানজিনা ছিটকে পাশের খাদে পড়ে আহত হলেও অল্পের জন্য বেঁচে গেছেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । সে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে চলে গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক সুমি জানিয়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের মরদেহ আইনিগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৪ ০৬:০৪:পিএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।