/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি সংঘর্ষে আনোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন মির্জাপুর উপজেলার ঘৌহাতলী গ্রামের হাজী শুকুর মিয়ার ছেলে।

আহতরা হলেন- নিহতের স্ত্রী শাহনাজ বেগম (৫৫), নিহত আনোয়ারের ভাইয়ের বউ সেলিনা (৩৩), ভাইয়ের ছেলে সিফাত (৫), জামুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে আবুল কালাম (৩৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শেরপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি সিএনজি। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলসের একটি বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে এ ঘটনায় টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি মহাসড়কের ভাইঘাট এলাকা থেকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৪ ০২:২৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হয়েছেন।

নিহত নাহিদ ইসলাম কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাহিদ ইসলাম এক বন্ধুসহ মোটরসাইকেল যোগে ঘুরতে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ইছাপুর এলাকায় পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আজমেরী ট্রাভেলসের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত নাহিদের বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম নিহত হয়।

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৪ ০২:১৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গােড়াই শিল্প অঞ্চলের মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের গােড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

পুলিশ জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার সকালে মহাসড়কের গােড়াই মিলগেইট এলাকায় পৌঁছালে সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বােঝাই পূর্ব থেকেই থেমে থাকা একটি ট্রাকের সাথে থাক্কা লাগে।

এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভিতর ঢুকে গেলে ওই দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুরের গােড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. জুলাই ২০২৪ ১১:০০:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে অটোরিক্সা চাপায় শিশু নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে অটোরিক্সা চাপায় শিশু নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মো. পরান (৪) নামে এক শিশুর অটোরিক্সা চাপায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিক্সায় থাকা দুই যাত্রি গুরুত্বর আহত হয়েছেন।

নিহত শিশু পরান উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়ি পুর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে কয়েকজন শিশু মিলে পোড়াবাড়ি-ছোনখোলা আঞ্চলিক সড়কের পাশে বাড়ির উঠানে ফুটবল খেলছিলো । খেলার এক পর্যায়ে বলটি পাকা সড়কে চলে যায়। পরান বলটি দৌড়ে আনতে যেয়ে ফেরার সময় হঠাৎ অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়।

এ সময় অটোরিক্সার চাকা পরানের বুকের উপর দিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় অটোরিক্সায় থাকা দুইজন যাত্রী আহত হন। আহত যাত্রিদের মধ্যে উপজেলার শান্তানগর গ্রামের সোহরাব হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত অজ্ঞাত মহিলা যাত্রিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২৪ ০৩:২৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ী চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা হয়েছেন।

বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সাতুটিয়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম দুলাল হোসেন (৬৫)। সে সখিপুর উপজেলার সাপিয়াচালা গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। তিনি কালিহাতীতে স্থায়ীভাবে বসবাস করতেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির‌ এসআই সাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুলাল হোসেন মোটরসাইকেলযোগে সখিপুর থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতুটিয়া ব্রিজের উপর পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ীর চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৪ ০৩:০২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাঠে বজ্রপাতে বুলবুল আহমেদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার সুন্যা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ ওই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

জানা যায়, বুলবুল সকালে সুন্যা উত্তরকোড় চকে ধানক্ষেত পরিস্কার করতে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে বুলবুল বাড়িতে ফেরার জন্য রওনা দেন। এসময় রাস্তায় ওঠার আগেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের পরিবার।

নিহতের চাচাতো ভাই স্কুলশিক্ষক আসাদুজ্জামান বলেন, সকালে আমার ভাই ধানক্ষেত পরিস্কার করতে গিয়েছিলেন। পরে বজ্রপাত শুরু হলে তিনি বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। প্রায় এক ঘণ্টা পর খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নাইকানীবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। তিনি কৃষি জমি আবাদ করে সংসার চালিয়ে আসছিলেন। এখন তার স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে পড়লেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুন ২০২৪ ০৩:১৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়শীপের জার্সি উম্মোচন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়শীপের জার্সি উম্মোচন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের (ভিএফসি) জার্সি উম্মোচন করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজীব, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য আকরাম হোসেন কিসলু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, ভিএফসির উপদেষ্টা মীর নাসিমুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপ উপলক্ষে প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ টি টিম খেলায় অংশগ্রহণ করবে। আগামী ২৩ জুন থেকে টাঙ্গাইল স্টেডিয়ামে এ খেলা শুরু হবে।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৪ ০৪:৫৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আটজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কামরুল ইসলাম। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জয়নাবাজার এলাকায়। তিনি ওই এলাকার একটি ভাতের হোটেলের কর্মচারী। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মধুপুর পৌরশহরের মালাউড়ি এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী প্রাইভেটকারের সঙ্গে মধুপুরগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় যান দ্রুতগতিতে থাকায় মাহিন্দ্রা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। প্রাইভেটকার সড়কের কয়েক গজ দূরে গিয়ে থমকে দাঁড়ায়। মাহিন্দ্রার যাত্রীরা ছিটকে সড়কে পড়েন।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘বিকট শব্দ শুনে আমরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। অপরদিকে প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে গেলেও ভেতরে আটকা পড়া এক যাত্রিকে কাচ ভেঙে উদ্ধার করা হয়।’

প্রাইভেটকার থেকে উদ্ধার করা যাত্রীর নাম চিকিৎসক আদনান আহসান চৌধুরী। তাঁকে বের করার পরপরই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় মধুপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে উদ্ধার তৎপরতা চালান বলে জানান মিলন হোসেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, নেত্রকোনার ইমাম হোসেনের ছেলে আব্দুল হাশেম (৫৫), নেত্রকোনার বারহাট্টা এলাকার সুমন খানের ছেলে আব্দুল কদ্দুস, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), মাহিন্দ্রা চালক মধুপুর উপজেলার লুচিয়া নগরবাড়ী এলাকার আরফান আলীর ছেলে মো. জালাল হোসেন (৩০), ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদনান আহসান চৌধুরী, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল মিয়া (৪০), একই উপজেলার নগর হাওলা গ্রামের রইজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪০) ও জয়নাবাজার এলাকার মইন উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া।

এ প্রসঙ্গে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহে নেওয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. জুন ২০২৪ ০৮:৫৫:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রা (পিকআপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রবাসী হেলাল উদ্দিন (৩৫) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ জুন) দুপুরে সখীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের উপজেলার নলুয়া বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন উপজেলার কালিদাস গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নলুয়া বাজার এলাকায় মাহিন্দ্রা (পিকআপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন সিঙ্গাপুর প্রবাসী হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের আত্মীয় জাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হেলাল উদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুন ২০২৪ ০৩:৪০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

শুক্রবার (১৪ জুন) ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে ভোররাতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় উত্তরবঙ্গগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে

একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোন এক সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনকে নেওয়া হয়।
এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৬ জনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা। এখনো নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুন ২০২৪ ১২:২৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঘাটাইল থানা পুলিশ জানায়, উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল এন্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে সড়কের উপর মধুপুর থেকে ছেড়ে আসা একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ১-১১-৩২০৮) ও কদমতলী থেকে ঘাটাইলের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘাটাইল থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহী তিনজনের দুইজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেন বাদশাকে (৪৮) মৃত ঘোষণা করে। ‌

নিহত বাদশা উপজেলার গারট্ট গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে।

মোটরসাইকেলের অপর আরোহী জুয়েলকে (৪৫) কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

নিহত জুয়েল ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহী শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। চালককে আটক করাসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুন ২০২৪ ০৩:৫৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ি ওভারটেক করতে গিয়ে মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জুন) সকাল ৮ টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরাতৈল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ঢাকা জেলার ডেমরা থানার ২৩/১১ বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার মো. আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি পালসার মোটরসাইকেল দ্রুত বেগে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটির উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে আরোহী মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী জানান, মহাসড়কের সরাতৈল নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, রবিবার রাতে ঝড়-বৃষ্টি ও এই দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৮/১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও কোথাও যানজট সৃষ্টি ও থেমে থেমে যানবাহন চলাচল করে। ফলে অনেকে ভোগান্তি এড়াতে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন পরিবহন চালকরা।

সর্বশেষ আপডেটঃ ১০. জুন ২০২৪ ০৬:৫৮:পিএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।