আরমান কবীরঃ চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা।
রবিবার (২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল শহীদ স্বৃতি পৌরউদ্যানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, মূখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ, মূখপাত্র ইফফাত রাইসা নূহা, সিনিয়র যুগ্ম সাইদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সেজান প্রমূখ।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলামিন বলেন, যেমনভাবে আমরা হাতে-হাত রেখে, কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানাই। গত জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।
সাহান হাসানঃ টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার (৩৫) নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জু খন্দকার জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের মাদকাসক্ত ছেলে ফরিদ খানকে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন। সেই প্রেক্ষিতে গত শনিবার (২২ মার্চ) রাতে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয় জন ব্যক্তি মনির খানের বাড়িতে যান। পরে মনিরের ছেলে ফরিদকে ঘর থেকে বের করার সময় তার চিৎকারে পাশের বাড়ির পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজন এগিয়ে আসে। পরে ফরিদ, পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজনে মিলে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিহামলা চালায়। এ সময় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু খন্দকার মাটিতে লুটিয়ে পড়লে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখানে তার সঙ্গে থাকা অপর লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় নিরাময় কেন্দ্রের আরও চারজন আহত হন।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৩ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে রঞ্জু খন্দকারের মৃত্যু হয়। পরে সোমবার (২৪ মার্চ) সকালে তার লাশ বাসাইল থানায় আনা হয়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ ও পলাশ মাদক কারবারি বলে স্থানীয়দের দাবি।
টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবর রহমান তপন বলেন, মাদকাসক্ত ফরিদকে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আমাদের কাছে আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমাদের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয়জন ফরিদকে আনতে তাদের বাড়িতে যান। সেখানে ফরিদকে আনার জন্য চেষ্টা করলে আমাদের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহন বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকার ২নং ব্রীজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল। অটোটি রবিবার বেলা ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ নামের এক যাত্রীর মৃত্যু হয়।
যমুনাসেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) ইফতার মাহফিলে ও কেন্দ্রীয নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে টাঙ্গাইলে শিশু একাডেমী অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মূখ্য সংগঠক আলী নাসের, মুখ্য যুগ্ম সংগঠক অলিক, সংগঠক আজাদ খান ভাসানী, কেন্দ্রীয় সদস্য মেজর সালাউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আগামী দিনে অবশ্যই নাগরিক পার্টির বিকল্প নেই। তাই আগামী দিনে সবাই পার্টির পাশে থাকবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলার সংগঠক মাসুদুর রহমান রাসেল।স
সাহান হাসানঃ টাঙ্গাইলের বাসাইলে দুই যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষুককে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিক খান (২৪) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর পূর্ব কাজিরাপাড়া এলাকা থেকে পুলিশ আশিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত আশিক খান উপজেলার ঢংপাড়া মাঝিবাড়ি এলাকার কাশেম খানের ছেলে। অভিযুক্ত অপর যুবকের নাম মামুন (২৪)। সে উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। ওই নারী ঝিনাই নদীর পাড়ে পৌঁছলে আশিক ও মামুন নামে দুই যুবক মিলে জোরপূর্বক তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ওই নারীকে ফেলে তারা দুজনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে একপর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত আশিককে স্থানীয়রা ধরে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সামির মিয়া ও যুগ্ম সদস্যসচিব মাহবুবুর রহমান বাসাইল থানা পুলিশকে বিষয়টি অবগত করে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলে, ওই যুবককে থানায় আনা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার শিয়ালকোল হাট থেকে তাকে আটক করে পুলিশ। পরে একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ারে তেলের লরির আগুনে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার লাউহাটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পাঁচ ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে খাবারের দোকান, মুদি দোকান, কম্পিউটারের দোকানসহ প্রায় ২১টি দোকান পুড়ে হাই হয়ে যায়।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার এবং মির্জাপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরমান কবীরঃ ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও সাধারণ ছাত্র-জনতা।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনের গাজায় হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেন, জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরায়েল বয়কট, বয়কট বয়কট ভারত বয়কট।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা।
এদিকে ফিলিস্তিনের সাধারণ অধিবাসীদের ওপর ইসরাইলের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এসময় ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে সনি ব্রিকস নামে একটি ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার মীর দেওহাটা এলাকায় অবস্থিত মেসার্স সনি ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করার দায়ে ভাটার চিমনী ও কিলিন ভাঙ্গা হয়। এছাড়া স্থায়ীভাবে ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ভাটা মালিককে জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনাবাহিনী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা কবীরঃ টাঙ্গাইলে ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুপুর পৌনে ১২টা থেকে শুরু করে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে।
এই মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গমুখী দু’পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার হাইকোর্ট ৩০ শতাংশ পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছেন। এতে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ শতাংশ কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সব ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্জন করছি। দাবি না মানলে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করব না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালকের নাম উত্তম কুমার দে(৪০)।সে বগুড়া সদর উপজেলার দিলীপ কুমারদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে ওই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকের চালক মারা যান। আহত হন আরও দুইজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতেই একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে তারা এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এলেঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদি হাসান, শাহরিয়ার খান আকাশ, শান্ত ও সিয়াম প্রমুখ। এসময় কয়েক শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মুরতুজ গংরা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাস থেকে সমিতির নামে চাঁদাবাজির মাধ্যমে জনদুর্ভোগ তৈরী করছেন। ছাত্রদের রক্তের দাগ এখনো না শুকালেও তারা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। আমরা হুশিয়ার করে বলেতে চাই কোন অপশক্তিই এখন থেকে আর এই এলেঙ্গা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করতে পারবে না। যারা চাঁদাবাজি করবে তাদের এলেঙ্গার মাটিতে জায়গা হবে না।