/ হোম / টাঙ্গাইলে
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে অসদাচরণের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

সাহান হাসানঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে জেলা পরিষদের কর্মকর্তাদের অসদাচরণের অভিযোগ এনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়েছিল আহতরা। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।

বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে ‌জেলা শিল্পকলার সামনে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অব‌রোধ ক‌রেছেন তারা। এতে ওই সড়‌কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও পথচারী।

আহতরা জানায়, সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতের মাঝে আর্থিক অনুদান দেয়ার জন‌্য শিল্পকলায় অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রা হয়। এসময় তিন ক‌্যাটাগ‌রি‌তে আর্থিক সহায়তা হি‌সে‌বে চেক দেয়া হয়। এতে আহত‌দের ৫ হাজার টাকার চেক দেয়া হয়। এসময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা না বলে চলে যান।

এরপর ক্ষুব্ধ হ‌য়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দল্লাহ আল মামুন এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাদের আশ্বাসে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খাইরুল ইসলামসহ আন্দোলনে আহত অর্ধশতাধিক আহত উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:০৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ইউপি চেয়ারম্যানসহ ২১ আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ইউপি চেয়ারম্যানসহ ২১ আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সাহান হাসানঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ডেভিল হান্ট অপারেশনে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২১জন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলররা রয়েছেন।

রাতভর অভিযানে আটক হওয়া নেতাকর্মীদের জেলার বিভিন্ন জায়গার নাশকতার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলার স্ব স্ব থানা পুলিশ আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের লক্ষে জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রাম পর্যায়ে এসব অভিযানে আওয়ামী লীগের নেতাকমীদের আটক করা হয়। পরে আটক করা এসব নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেলার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন।

ভূঞাপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার এবং পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে আটক করা হয়। এছাড়া মধুপুরে ১জন, গোপালপুরে ৪জন, ঘাটাইলে ২জন, টাঙ্গাইল সদরে ৪জন, মির্জাপুরে ৩জন, সখীপুরে ১জন ও নাগরপুরে ১জন রয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, আটক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আটককৃতরা টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি। পরে তাদের টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:২৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার গ্রেপ্তার  - Ekotar Kantho

টাঙ্গাইলে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার গ্রেপ্তার 

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদারকে(৬০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারান্দিয়ার নিজ বাসভবন তাকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার নারান্দিয়ায় নিজ বাসভবন থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যানকে আটক করা হয়।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাসুদ তালুকদারকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১১. ফেব্রুয়ারী ২০২৫ ১১:৩৩:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আরমান কবীরঃ টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের পাশ থেকে অভিজিত কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে তার প্যান্টের প্যাকেটে থাকা জন্ম সনদ, সার্টিফিকেট দেখে পরিচয় শনাক্ত করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যাইনি। পরে তার প্যান্টের প্যাকেট থেকে কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২৫ ০৯:০৪:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের সাথে সংঘর্ষে অটোচালক বাপ্পি(২৫) নিহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পি উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাপ্পি বাসাইলের দিকে যাচ্ছিলেন। কলিয়া এলাকায় পৌঁছালে মাটির বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক বাপ্পি গুরুতর আহত হলে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২৫ ০২:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ভাংচুর,অগ্নিসংযোগের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়-দাবি সমন্বয়কদের - Ekotar Kantho

টাঙ্গাইলে ভাংচুর,অগ্নিসংযোগের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়-দাবি সমন্বয়কদের

আরমান কবীরঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

শনিবার(৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আল আমিন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, লুটপাটের ঘটনায় আমরা জড়িত নই। কিছু নামধারী সমন্বয়ক এ কাজ করতে পারে। যারা এ সব কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিডিও ফুটেজ দেখে প্রশাসনের সাথে কথা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আমরা এ অভিযানের সফলতা কামনা করছি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মনিরুল ইসলাম, নবাব আলী, আল আমিন সিয়ামসহ অন্যান্য সমস্বয়করা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতেও লুটপাট চালানো হয়।

সর্বশেষ আপডেটঃ ০৯. ফেব্রুয়ারী ২০২৫ ০৬:০২:পিএম ২ বছর আগে
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপি’র সমাবেশ - Ekotar Kantho

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপি’র সমাবেশ

আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যােগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। ড.ইউনুসকে বলেন, দেশ সংস্করণ করতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। তাই অতিদ্রুত নির্বাচন দেওয়ার জন্য জোর দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।

এসময় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

সর্বশেষ আপডেটঃ ০৯. ফেব্রুয়ারী ২০২৫ ০৪:৩৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ‘জিতবে এবার নৌকা’ গান বাজিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগের কার্যালয় - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘জিতবে এবার নৌকা’ গান বাজিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগের কার্যালয়

আরমান কবীরঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত “জিতবে এবার নৌকা’ ” গান বাজিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ভাঙচুর চালানো হয়। এই ভাঙচুর চলাকালীন পুরো সময় বিভিন্ন ধরনের গান বাজিয়ে ও নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত ছাত্র-জনতা।

বিক্ষুব্ধরা মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে শুরু করেন কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার কাজ। এর কিছু সময় পর শহরের থানা পাড়ায় অবস্থিত জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফজলুর রহমান খান ফারুকের বাসাও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বাড়ি জ্বলছিল। এ সময়ও ছাত্র-জনতা গান বাজিয়ে আনন্দ উল্লাস করে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল শহরের ভাসানী হলের সামনে স্থাপিত শেখ কামালের মুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ছাত্র-জনতার অভিযোগ, ‘টাঙ্গাইলে যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের আস্তানা আমরা বাংলার মাটিতে রাখবো না। জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও আমরা ভেঙে ফেলবো।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জানান, ‘আমরা টাঙ্গাইলে আওয়ামী লীগের কোনো অফিস রাখব না। এখন আওয়ামী লীগ অফিস ভেঙেছি। আওয়ামী লীগের যত নেতা আছে, তাদের বাসাও ভেঙে ফেলা হবে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ‘ভাঙচুরের বিষয়ে শুনেছি, তবে নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে পারিনি।

সর্বশেষ আপডেটঃ ০৭. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:২৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ৩ ইটভাটা মালিককে সাড়ে ৪লাখ টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩ ইটভাটা মালিককে সাড়ে ৪লাখ টাকা জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ড ও বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ আপডেটঃ ০৫. ফেব্রুয়ারী ২০২৫ ০১:৫৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানাসহ ৪ ভাই খালাস - Ekotar Kantho

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানাসহ ৪ ভাই খালাস

আরমান কবীরঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা, তাঁর তিন ভাইসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁশুলি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করেছে

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। মোহাম্মদ আলী ২০১৪ সালে গ্রেপ্তার হওয়ার পর ফারুক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁর জবানবন্দিতে এই হত্যার সঙ্গে আমানুর রহমান ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পলাতক। অপর দণ্ডিত কবির হোসেন ২০১৪ সাল থেকে আত্মগোপনে আছেন।

বেকসুর খালাসপ্রাপ্তরা হচ্ছেন সাবেক এমপি আমানুর রহমান খান (রানা), তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)। বাকি ছয় খালাসপ্রাপ্ত হলেন সানোয়ার হোসেন (সানু), নূরু, বাবু, ফরিদ হোসেন, মাসুদুর রহমান ও আলমগীর হোসেন।
মামলা চলাকালে দুই আসামি আনিসুল ইসলাম (রাজা) ও মো. সমীর কারাগারে মারা যান।

রায় ঘোষণার সময় কারাগার থেকে সহিদুর রহমানকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি বাবু ও নূরু হাজির হন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, দণ্ডিত দুজনকে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত আসামিদের ব্যাপারে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম (রাজা) ও মোহাম্মদ আলী নামে দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান ও তাঁর তিন ভাইয়ের নাম আসে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আবদুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে হত্যার বর্ণনা উঠে আসে। এরপর চার ভাই আত্মগোপনে চলে যান। আমানুর আদালতে আত্মসমর্পণ করেন। তিন বছর হাজতে থাকার পর জামিন পান। ৫ আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম (রাজা) ও মোহাম্মদ আলী নামে দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান ও তাঁর তিন ভাইয়ের নাম আসে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আবদুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে হত্যার বর্ণনা উঠে আসে। এরপর চার ভাই আত্মগোপনে চলে যান। আমানুর আদালতে আত্মসমর্পণ করেন। তিন বছর হাজতে থাকার পর জামিন পান। ৫ আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান।
রায় ঘোষণার পর নিহত ফারুক আহমেদের ছেলে আহমেদ মজিদ মুঠোফোনে বলেন, মামলা দায়ের থেকে তদন্ত, আদালতে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণসহ বিভিন্ন পর্যায়ে আসামিরা বিচারপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, এই মামলার আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবী নেতারা। তাঁরা ৫ আগস্টের পর আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এসব আইন কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এর আগেও যাঁরা ছিলেন, তাঁরা আসামিদের ভয়ে দায়িত্ব পালন করতে পারেননি।

সর্বশেষ আপডেটঃ ০৩. ফেব্রুয়ারী ২০২৫ ১২:৪৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ

আরমান কবীরঃ টাঙ্গাইলে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি )দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের অয়নাপুর বাজারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ আপডেটঃ ৩১. জানুয়ারী ২০২৫ ০১:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আরমান কবীরঃ স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে পৌর সভার ১১নং ওয়ার্ডের বেবিস্ট্যান্ড খাদ্য গুদামের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, যুবদল নেতা আব্দুল্যাহেল কাফী সাহেদ, স্বেচ্ছাসেবকদল নেতা সালেহ মোহাম্মদ সাফী ইথেন, মিজানুর রহমান উজ্জল, জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক মোস্তফা, যুবদল নেতা সাব্বির আহম্মেদ রতন, ছাত্রদল নেতা আজাদ মিয়া, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোস্তফা কামাল।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৯. জানুয়ারী ২০২৫ ০৩:২৩:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।