/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ১৩ নারীসহ আটক ২৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ১৩ নারীসহ আটক ২৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় ইয়ার গার্ডেন আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

মির্জাপুর থানা সূত্রে জানা যায়, গোড়াই দক্ষিণ নাজিরপাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের একটি ভবনের তৃতীয় তলায় ইয়ার গার্ডেন নামের একটি আবাসিক হোটেল রয়েছে। সেখানে ১০টি কক্ষে প্রতিদিন নারীদের এনে অসামাজিক কার্যকলাপ চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালায়।

অভিযানে হোটেলের ম্যানেজারসহ অসামাজিক কাজের সঙ্গে জড়িত ১৩ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হোটেলের ম্যানেজার পিন্টু, বরিশালের উজ্জল হোসেন, কুড়িগ্রামের সাইদুল, রংপুরের মামুন, নারায়ণগঞ্জের আবু তালেব, লালমনিরহাটের সোহাগ, কুড়িগ্রামের ফারুক হোসেন, টাঙ্গাইলের মিজানুর রহমান, পাবনার আলম, বগুড়ার খাজা মোল্লা, কিশোরগঞ্জের মিম আক্তার, কুড়িগ্রামের জয়নব বেগম ও শিল্পী আক্তার, কুষ্টিয়ার হাসিনা বেগম ও রহিমা বেগম, গাইবান্ধার সাথি বেগম, শরিফা আক্তার ও সাবিনা আক্তার, গাজীপুরের কৃষ্টি আক্তার, বরিশালের সোনিয়া আক্তার, দিনাজপুরের হোসনে আরা বেগম, বরিশালের তানজিলা আক্তার ও শেরপুরের নাসিমা আক্তার।

মির্জাপুর থানার দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান জানান, গোড়াই শিল্পাঞ্চল এলাকায় আবাসিক হোটেলের নামে ইয়ার গার্ডেনে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া জড়িত না থাকায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৩ ০২:৫৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের বৈরাণ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় লোকজন নদীর ধারে কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাল শার্ট ও প্যান্ট পড়া লাশের বিভিন্ন অংশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখে রক্ত লেগে চেহারা বিবর্ণ রুপ ধারণ করেছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, স্থানীয়রা নদীর পাড়ে কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহটি দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, লাশের শরীরসহ মুখমণ্ডল পচে বিকৃত হয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৩ ০২:৪০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আরমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমান উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো.বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার সকালে শিশু আরমান বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি না ফেরায় বাবা-মাসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি চালায়। ঘন্ট্যাবাপী পুকুরে তল্লাশি চালিয়ে পুকুর থেকে আরমানের মৃতদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৩ ০১:৩১:এএম ৩ বছর আগে
ভূঞাপুর থানার সেই আলোচিত ওসিকে বদলি! - Ekotar Kantho

ভূঞাপুর থানার সেই আলোচিত ওসিকে বদলি!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আলোচিত ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলামকে জেলা পুলিশ লাইনে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাকে ভূঞাপুর থানা হতে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত স্মারক নং ৫১৭০/১ (৪৯) (আরওআই) আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলামকে পুলিশ লাইন (লাইনওআর) এ সংযুক্ত করা হল। একই আদেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত থাকা মো. আহসান উল্লাহকে ভূঞাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়।

এরআগে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন কারণে গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২৩ ০৩:৪৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক এইচ আর খান আর নেই - Ekotar Kantho

টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক এইচ আর খান আর নেই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. হারুন অর রশীদ খান (ডা. এইচ আর খান) আর নেই।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্নের মোনাশ হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় দেড়বছর যাবত বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।

মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) অস্ট্রেলিয়ার সময় সকাল দশটায় মেলবোর্নের ড্যানডেনঙের আলবেনিয়া মসজিদ প্রাঙ্গণে ডা. এইচ আর খানের জানাজার নামাজ শেষে সেখানকার বুনুরঙ মেমোরিয়াল পার্ক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, ডা. এইচ আর খান বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন- বিএমএ টাঙ্গাইল শাখা, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স এসোসিয়েশন টাঙ্গাইল শাখা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি- এফপিএবি টাঙ্গাইল শাখা ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি- নাটাব টাঙ্গাইল শাখার সাবেক সভাপতিসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২৩ ০৩:৫২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

একতার কণ্ঠঃ নিয়মনীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন ধরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজারে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন- গোবিন্দাসী বাজারের মো: বেলাল হোসেন ও মো. আলমগীর। এদের মধ্যে বেলালকে ৩ হাজার ও আলমগীরকে ২ হাজার টাকা, মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এতে উপস্থিত ছিলেন- উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান খান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর মাধ্যমে গোবিন্দাসী বাজারের দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২৩ ০৩:৩৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

একতার কণ্ঠঃ গৃহবধূ ধর্ষণ মামলায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন।

সাকিব মিয়া বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।

জানা যায়, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে বলে ওই গৃহবধূর স্বামীর মোটরসাইকেল নিতে আসে। মোটরসাইকেল নেওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেল ত্রুটির কথা বলে ডেকে নেন। এরই ফাঁকে তার সহযোগি সাইদুল মিয়া ও শাহেদ মিয়ার সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে কৌশলে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ১৬মে ওই গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব ও তার দুই সহযোগী সাইদুল ও শাহেদের বিরুদ্ধে মামলা করেন। এরপর তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সাকিব মিয়া আদালতে হাজির হন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী জিনিয়া বখশ বলেন, মামলার প্রধান আসামি সাকিব মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে মামলার বাকি দুই আসামি সাইদুল ও শাহেদ ১৫দিন কারাভোগের পর নিম্ন আদালত থেকে ২৩ জুলাই ফের জামিন পান।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে র‍্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই - Ekotar Kantho

টাঙ্গাইলে র‍্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোনালী ব্যাংক মির্জাপুর শাখা থেকে সৌদি প্রবাসী ইয়াকুব মোল্লার টাকা উত্তোলন করে হেলাল মোল্লা নামে তার এক চাচাত ভাই বাসযোগে বাড়ি যাচ্ছিলেন।

হেলাল মোল্লার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গবরা গ্রামে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটলেও বুধবার (২৩ আগস্ট) বিকেলে সোনালী ব্যাংক মির্জাপুর শাখায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা তদন্তে আসলে ঘটনাটি জানাজানি হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সৌদি প্রবাসী ইয়াকুব মোল্লার আনা কিছু স্বর্ণ চাচাত ভাই হেলাল মোল্লা মির্জাপুর বাজারের স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্সে বিক্রি করেন। ৫ লাখ ২৮ হাজার টাকা নগদ এবং ১৪ লাখ টাকার চেক দেন ওই ব্যবসায়ী। পরে হেলাল মোল্লা সোনালী ব্যাংক মির্জাপুর শাখা হতে টাকা উত্তোলন করে মির্জাপুর বাইপাস বাস স্ট্যান্ড হতে বিনিময় পরিবহনের একটি বাসে উঠে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শুভূল্যা নামক স্থানে একটি প্রাইভেটকার বাসের গতিরোধ করে।

পরে তারা র‌্যাবের পরিচয়ে টাকাসহ হেলাল মোল্লাকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে টাঙ্গাইলের দিকে রওনা হয়। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাসড়কের জামুর্কী কবরস্থান নামক স্থানে হেলালকে ফেলে ছিনতাইকারীরা কার নিয়ে চম্পট দেয়। ছিনতাইকারীদের পরনে র‌্যাবের কালো কটি ও হাতে পিস্তল এবং ওয়্যারলেস ছিল বলে হেলাল মোল্লা জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ দায়ের হলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীনের নেতৃত্বে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা বুধবার বিকেলে সোনালী ব্যাংক মির্জাপুর শাখায় তদন্তে আসলে ঘটনাটি জানাজানি হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মুনসুর মুসা, মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীনের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২৩ ০২:১৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে ৫নং জোবায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমের বিরুদ্ধে পরীক্ষার ফি’র নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

তিনি বিদ্যালয়ের প্রায় ২ শত কোমলমতি শিক্ষার্থীর কাছ থেকে শ্রেনী ভেদে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি আদায় করেছেন এমন তথ্য দিয়েছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের জানান,প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনা ব্যায় নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয় আলাদা অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোনক্রমেই পরীক্ষার ফি’র টাকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। অথচ সরকারী প্রজ্ঞাপণের তোয়াক্কা না করে জোবায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুইশত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি বাবদ প্রায় ২০ হাজার টাকা আদায় করেছে। সরেজমিনে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

 

জানা গেছে,টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় ৫০ শতাংশ জায়গার উপর ১৯৬৪ সালে স্থাপিত এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২শত। শিক্ষকের সংখ্যা ৮ জন। বর্তমানে বিদ্যালয়টিতে বিভিন্ন শ্রেনীর অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ের পরীক্ষা শেষে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানায়, প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭৫ টাকা হারে পরীক্ষা ফি আদায় করা হয়েছে। এছাড়া তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১ শত টাকা হারে পরীক্ষার ফি আদায় করা হয়েছে।

তারা আরো জানায়, শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর জন্য ১শত টাকা ও তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ২শত টাকা পরীক্ষা ফ্রি নির্ধারন করা হয়।পরে অভিভাবকদের প্রতিবাদের মুখে পরীক্ষার ফি কমানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন অভিভাবক জানায়,সরকার প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা থেকে শুরু করে বেতন-পরীক্ষা ফি সরকার বহন করে। এমনকি শিক্ষার্থীদের বছরের শুরুতেই বিনামুল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়। এছাড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা উৎসাহ প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তি প্রদান করা হয়।

অথচ জোবায়দা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমের একক সিদ্ধান্তের কারণে আমাদের সন্তানের কল্যাণ চিন্তা করে নিয়মবর্হিভুত ভাবে দাবি করা টাকা দিতে বাধ্য হয়েছি।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, তিনি কোন পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করেননি। তার বিদ্যালয়ের কিছু ঈর্ষান্বিত সহকর্মী তাকে বিপদে ফেলার জন্য এসব অভিযোগ করেছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আরিফুল ইসলাম জানান, তিনি ব্যবসা সুত্রে ঢাকায় থাকেন। যদি পরীক্ষা বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, কোন অবস্থাতেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা যাবে না। যদি কোন প্রধান শিক্ষক পরীক্ষার ফি নিয়ে থাকেন তবে তিনি আইনগতভাবে অপরাধ করেছেন।

তিনি আরো জানান, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। যদি তদন্তে দোষী প্রমানিত হয় তবে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০৮:১৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে এলপিজি গ্যাস সিলিন্ডারের ২ ব্যবসায়ীকে জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে এলপিজি গ্যাস সিলিন্ডারের ২ ব্যবসায়ীকে জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুই ব্যবসায়ীকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তাঁরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে একটি টিম উপজেলার রামপুর ভাসানী মার্কেটে অভিযান পরিচালনা করেন। এসময় সংরক্ষণ মূল্য তালিকা প্রদর্শণ না করা, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এল.পি.জি. গ্যাস সিলিন্ডার বিক্রি, লাইসেন্স ছাড়া এবং গ্যাসের ক্রয়-বিক্রয় রশিদ না রাখায় রাহাত গ্যাস স্টোরকে ১০ হাজার ও মাসুদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

তবে অভিযানের সংবাদ পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দ্রুত উধাও হয়ে যায়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের সাহায্যে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০৪:১০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে শিক্ষককে ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করার নোটিশ দিলেন প্রধান শিক্ষক - Ekotar Kantho

টাঙ্গাইলে শিক্ষককে ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করার নোটিশ দিলেন প্রধান শিক্ষক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরের একটি বিদ্যালয়ে এক শিক্ষককে ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করার নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। নোটিশ পাওয়া ওই শিক্ষকের নাম রনি প্রতাপ পাল। তিনি উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বিয়ে করার জন্য গত ২৬ জুলাই লিখিত নোটিশ দেন।

ওই নোটিশের বিষয় নিয়ে প্রধান শিক্ষক ওই শিক্ষককে নানাভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রনি প্রতাপ গোপালপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৬ সালের ৬ নভেম্বর ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পরেই তিনি এমপিওভুক্ত হন।

নোটিশে বলা হয়, আপনি গত ৬/১১/২০১৬ তারিখ এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম শিক্ষা) পদে যোগদান করেন। যোগদানের পর অবগত হলাম, আপনি অবিবাহিত রয়েছেন। পরবর্তী সময়ে আপনাকে বারবার মৌখিকভাবে তাগিদ দিয়েছি বিবাহ করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয়, যোগদানের কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও আপনি বিবাহ করেননি। বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু রয়েছে। অভিভাবকগণ অবিবাহিত শিক্ষক নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সুতরাং বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নোটিশপ্রাপ্তির ৩০ কর্মদিবসের মধ্যে বিবাহকার্য সম্পন্ন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আপনাকে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

নোটিশ পাওয়ার দুই দিন পর শিক্ষক রনি প্রতাপ প্রধান শিক্ষককে লিখিত জবাব দেন। লিখিত জবাবে তিনি বলেন, আমার অভিভাবকেরা আমার বিয়ের চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের বিয়ের পাত্রপাত্রী বাছাইয়ে গোত্র বা বর্ণের বিষয় রয়েছে। এ ছাড়া হিন্দুধর্মাবলম্বীরা শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত বিয়ে করাটা শুভ মনে করে না। সুতরাং পারিবারিক ও ধর্মীয় রীতির কারণে আগামী অগ্রহায়ণ মাসে আমার অভিভাবকেরা আমাকে বিবাহ করাবেন বলে জানিয়েছেন।

রনি প্রতাপ বলেন, জবাব দেওয়ার পরও প্রধান শিক্ষক তাঁকে নানাভাবে মানসিক যন্ত্রণা দিতে শুরু করেন। পরে তিনি বিষয়টি তাঁর অন্য সহকর্মী এবং অন্যদের জানান। রনি প্রতাপ গত ৩০ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে প্রধান শিক্ষকের নোটিশের বিষয়টি জানান। সেখানে তিনি উল্লেখ করেন, আমি অবিবাহিত থাকলেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী কখনো কারও কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। কিন্তু বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে স্কুলের বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চলমান সরকারি তদন্তে যাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাক্ষ্য না দিই, সে জন্য আমাকে বিয়ের নামে চাপাচাপি ও হয়রানি করা হচ্ছে।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, রনি প্রতাপ ভালো শিক্ষক। তাঁকে নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তোলেননি। অথচ দুটি সরকারি তদন্তে মিথ্যা সাক্ষী দিতে না চাওয়ায় প্রধান শিক্ষক তাঁকে এমন একটি নোটিশ দিয়ে হয়রানি করছেন।

নোটিশের ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রনি প্রতাপের স্বভাব-চরিত্র নিয়ে বিদ্যালয় সংশ্লিষ্ট কেউ কোনো অভিযোগ করেননি। তবে সহশিক্ষা চলমান রয়েছে, এমন প্রতিষ্ঠানে কোনো অবিবাহিত শিক্ষক থাকলে নানা অসুবিধা হতেই পারে। নানা অনৈতিক কিছু ঘটতেও পারে। এ জন্য তাঁকে দ্রুত বিয়ে করার নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক। এভাবে নোটিশ করার এখতিয়ার কোনো প্রধান শিক্ষকের নেই। মঙ্গলবার (২২ আগস্ট) তিনি বিদ্যালয়টিতে গিয়েছিলেন। এই নোটিশ দেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক কোনো উত্তর দিতে পারেননি। প্রতিষ্ঠানটিতে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কয়েক বছরের। এটি তদন্তের জন্য সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আহ্বায়ক এবং অন্য দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্যসচিব করে একটি তদন্ত কমিটির প্রস্তাব করা হবে।

টাঙ্গাইল শহরের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদার মন্তব্য জানতে চাইলে তিনি জানান, বিয়ে করা না-করা মানুষের ব্যক্তিগত ব্যাপার। রনি প্রতাপকে বিয়ে করার জন্য প্রধান শিক্ষক যে নোটিশ দিয়েছেন, তা মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন নোটিশ দেওয়া অনৈতিক।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০৩:৫৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার - Ekotar Kantho

টাঙ্গাইলে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার আবাসন আইন অমান্য করে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই এলাকায় বসবাসরত পাঁচটি পরিবার। স্থানীয় মাতাব্বরদের মধ্যস্থতায় এর নিস্পত্তি না হওয়ায় সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ওই পরিবারগুলো।

প্রায় দুই বছর ধরে এমন অমানবিকতার শিকার হচ্ছেন টাঙ্গাইল পৌরসভার ১১নং ওয়ার্ডের কচুয়াডাঙা প্রাইমারী স্কুলের সামনে বসবাসরত পাঁচ পরিবার।

সমস্যা সমাধানে দফায় দফায় স্থানীয়ভাবে বৈঠক হলেও এর স্থায়ী কোন সুরাহা পায়নি পরিবারগুলো। পরিবারগুলোর চলাচলের জন্য দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত দেন বৈঠকের স্থানীয় মাতাব্বররা। মাতাব্বরদের রাস্তা ছাড়ার সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই দেয়াল নিমার্ণ করেছেন ওই প্রতিবেশী বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসির অভিযোগ, প্রভাবশালী কতিপয় মাতাব্বরের ইন্দনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আবাসন আইনে প্রতিবেশীদের চলাচলের জন্য রাস্তা ছাড়ার বিধান থাকলেও ওই মাতাব্বরদের প্ররোচনায় সে আইনের তোয়াক্কা করছেন না জমি ক্রেতারা। রাস্তা না থাকায় অন্যের বাড়ির উপর দিয়ে পরিবারগুলোর চলাচল করতে হচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক। স্থানীয়রা নীরিহ হওয়ায় এ ভোগান্তির শিকার হচ্ছেন মিজানুর রহমান, আব্দুল্লাহ্, শাহাদত, শাওন ও মনিদের পরিবার। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ইতোপূর্বে এই স্থান দিয়ে চলাচলের রাস্তা ছিল। দুইজন ওই স্থানের ৮ শতাংশ জমি কিনে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য বললেও এ জমির ক্রেতা সেই সিদ্ধান্ত না মেনেই দেয়াল নির্মাণ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমরা চর থেকে এসে এখানে বাড়ি করেছি বলে এমন অত্যাচারের শিকার হচ্ছি। রাস্তা না থাকার কারণে মানুষের বাড়ির উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। এতে নানা ধরণের সমস্যায় রয়েছি আমরা। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হলেও এর কোন সুরাহা পায়নি।

আব্দুল্লাহ্ বলেন, অতীতে জমিগুলো ফাঁকা ছিল। এ কারণে চলাচলের কোন সমস্যা হত না। সম্প্রতি জমিটুকু বিক্রি হওয়াসহ সেই জমিতে দেয়াল নির্মাণ করার কারণে চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য জমি ক্রেতাদের বললেও রাস্তার জন্য কোন জায়গা ছাড়ছেন না তারা। এতে আমাদের পাঁচটি পরিবারের যাতায়াতে চরম সমস্য দেখা দিয়েছে। পৌর আইনে প্রতিবেশীদের চলাচলের সুবিদ্ধার্থে রাস্তা ছাড়ার বিধান থাকলেও সেই আইনী সুবিধা পাচ্ছিনা আমরা।

চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের কথা স্বীকার করেছেন জমি ক্রেতা রহিম। তিনি বলেন, আমার দুই শালিকার নামে ওই জমিটুকু কেনা হয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। রাস্তার জন্য ছাড়া ওই দুই ফুট জায়গার বিপরীতে রাস্তা সুবিধাভোগীরা আমাকে দুই ফুট জায়গা দেয়ারও সিদ্ধান্ত দেন কাউন্সিলর। প্রতিবেশীরা জায়গা না দেয়ায় আমি দেয়াল নির্মাণ করেছি।

জমি ক্রেতা সত্তর বলেন, আমার জমি এক অংশ দিয়ে রাস্তা ছাড়া আছে। এক জমির দুই দিক দিয়ে রাস্তা দেয়া কি সম্ভব ?

পাঁচ পরিবারের চলাচলে চরম অসুবিধার কথা স্বীকার করেছেন স্থানীয় মাতাব্বর বাবর আলী। তিনি বলেন, আমরা কয়েকবার রাস্তার সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সমাধানের জন্য আমি ওই জমি ক্রেতাদের রাস্তার জন্য তিন ফুট জমি ছাড়লে ভুক্তভোগীদের কাছ থেকে দুই ফুট জমি নিয়ে দিব এমন প্রস্তাবও দিয়েছিলাম। তবে রহস্যজনক কারণে আমাদের সেই প্রস্তাবও মানেননি তারা। বিষয়টির সমাধানে পৌর কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মোছা: মাহমুদা বেগম জেবু জানান, প্রতিবেশীদের চলাচলের ব্যবস্থা না থাকলে অবশ্যই রাস্তা ছাড়তে হবে জমির মালিকদের। লিখিত অভিযোগ দিলে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০২:৫৯:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।