/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা, ট্রাকের হেলপার নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা, ট্রাকের হেলপার নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মো. জাকির হোসেন (৩৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ অপর এক হেলপার আহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে।
আহত ট্রাক চালক ও হেলপার এ দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, ভোরে মালবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। সেই ট্রাকে চালকসহ দুইজন হেলপার ছিলেন। ট্রাকটি আশেকপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও এক হেলপার।

তিনি আরও জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে। পরে ট্রাক চালক পালিয়ে যায়। আহত অপর হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০৭:০০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা সি‌ভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

এদি‌কে জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সু‌ত্রে জানা গে‌ছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন, ঘাটাইল উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ৪ জন, গোপালপুর উপজেলায় ৩ জন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন ৪ জন।

এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২ জন মৃত্যুবরণ করছেন

জেলা সি‌ভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বার্ধক্য জনিত নানা সমস্যাসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া জেলায় প্রতি‌দিনই ডেঙ্গু রো‌গের সংখ‌্যা বাড়‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০২:২৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিরূপ মন্তব্য করে বঙ্গবন্ধু ও সাঈদীর জানাযার ছবি ফেসবুকে পোস্ট ছাত্রলীগ নেতার! - Ekotar Kantho

টাঙ্গাইলে বিরূপ মন্তব্য করে বঙ্গবন্ধু ও সাঈদীর জানাযার ছবি ফেসবুকে পোস্ট ছাত্রলীগ নেতার!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জায়ামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার ছবিতে বিরূপ মন্তব্য করে ফেসবুকে পোষ্ট করেছেন। পরে তার দেয়া পোষ্টটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।

তবে আলোচনা ও সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে নিজের ফেসবুকে দেয়া পোষ্টটি ডিলিট করেন ছাত্রলীগ নেতা ইকবাল। তার পোষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জানাযায় মানুষের সংখ্যা কম এবং জামায়াত নেতা সাঈদীর জানাযায় বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতির ছবি ছিল।

বুধবার (১৬ আগষ্ট) রাতে ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন তার ব্যবহৃত ফেসবুকে ওই পোষ্ট করেন। এরআগে বুধবার বিকেল ৫টা ৩ মিনিটে ”মো. সৈকত মৃধা বরিশাল” নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু ও সাঈদীর জানাযার ছবি পোষ্ট করেন। তার ওই ফেসবুক পোষ্টটি শেয়ার করেন গোপালপুরের ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন।

ছাত্রলীগ নেতা ইকবালের পোষ্টে দুই ছবি দিয়ে লেখা ছিল, “ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, একজনের জানাযায় মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আরেকজনের জানাজা পড়ার জন্য লাখো মানুষ জীবনবাজি রেখে লড়াই করছে। আল্লাহু আকবার। এটাই জীবনের সফলতা।”

পোষ্ট শেয়ার দেয়ার বিষয়ে গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন বলেন, বঙ্গবন্ধু ও সাঈদীর জানাযার ছবি পোষ্টটি ভুলবশত করে ফেলেছি। পরে ফেসবুক থেকে মুছে (ডিলিট) করে দিয়েছি। একজন দুইজনের জানাযার ছবি দিয়ে পোষ্ট দিয়েছিল সেটার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে পোষ্ট করেছিলাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, বুধবার রাতে বিতর্কিত পোষ্টটি সে শেয়ার করেছিল। পরে তাকে সেটি ফেসবুক থেকে ডিলিট করার জন্য বলা হলে সেটি ডিলিট করে ফেলেছ। ছাত্রলীগের নেতা হয়ে সে ওই ধরণের বিতর্কিত পোষ্ট করতে পারে না। বিষয়টি জেলা নেতাবৃন্দকে জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, কয়েকদিন নিয়মিত প্রোগ্রাম থাকাতে কোন কিছু জানতে পারিনি। এই বিষয়ে আমার জানা নেই। কেউ অবহিতও করেনি।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০২:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মতি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।

জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভূঞাপুর যচ্ছিল। সে সময় নিহত মতি রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মতি নামে ওই বৃদ্ধ লোকটি। দূর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০১:৪৭:এএম ৩ বছর আগে
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের টাঙ্গাইলে প্রতিনিধি সম্মেলন - Ekotar Kantho

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের টাঙ্গাইলে প্রতিনিধি সম্মেলন

একতার কণ্ঠঃ জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখা।

বৃহস্পতিবার(১৭ আগস্ট )দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: রেজাউল করিম রাজুর সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও: লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, সহ-সভাপতি আব্দুল কাদের, জাতীয় শিক্ষক ফোরামের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী আনিসুর রহমান সিল্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাদাত আবির প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১৭৫০১৬০০

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৮:৪৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৭ আগস্ট )সকালে মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মো. লতিফ মিয়া(৪০)। সে করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।

নিহতের ভাই আব্দুল জলিল মিঞা জানান, বৃহস্পতিবার সকালে লতিফ মহাসড়কের চরপাড়া এলাকায় বাড়ির সামনে সড়ক বিভাজনের মধ্যে তার চাষকৃত ডাটা শাঁক তুলতে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপোরোয়া গতিতে এসে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এতে সড়ক বিভাজনে দাড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এস আই)মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান,ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৬:২২:পিএম ৩ বছর আগে
মানুষ আর আপনাদের চায় না, ‘বোনের’ উদ্দেশে কাদের সিদ্দিকী - Ekotar Kantho

মানুষ আর আপনাদের চায় না, ‘বোনের’ উদ্দেশে কাদের সিদ্দিকী

একতার কণ্ঠঃ জাতীয় নির্বাচনের আগে আমার ‘বোন’কে বলে দিতে চাই, ভালো হয়ে যান। মানুষ এখন আপনাদের চায় না, বিএনপিকেও চায় না। তাই সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন, ভালো হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ’৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ না করলে জিয়াউর রহমান আওয়ামী লীগকে নরকে পাঠিয়ে দিত। আওয়ামী লীগ থাকত না। বঙ্গবন্ধু সব নেতার বড় নেতা। বাংলাদেশের সব নেতার শক্তি বাঁধলে যে শক্তি তার সব শক্তি বঙ্গবন্ধুর একা।

এ সময় ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিক হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, সদস্য শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৩:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোবাইলে প্রেম; দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা - Ekotar Kantho

টাঙ্গাইলে মোবাইলে প্রেম; দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

একতার কণ্ঠঃ মোবাইলে প্রেম করে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায়।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে পৌলি এলাকায় সড়ক ও জনপথের (সওজ) একটি ইয়ার্ডের পরিত্যক্ত ঘরে ধর্ষণের শিকার হয় ওই তরুণী।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। এ ঘটনার প্রধান আসামি প্রেমিক মোহাম্মদ আলী (৩০) পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত প্রেমিকের বন্ধু মো. সোহেল রানা (২৩) সে এলেঙ্গা পৌরসভার ফটিকজানী এলাকার মো.শাজাহানের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের এক তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের সেকান্দার আলীর ছেলে মোহাম্মদ আলীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসে প্রেমিক।

তিনি আরও জানান, পরে ওই তরুণীকে উপজেলার পৌলি এলাকায় সড়ক ও জনপথের (সওজ) ইয়ার্ডের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে প্রেমিক মোহাম্মদ আলী । ধর্ষণের পর প্রেমিকের বন্ধু সোহেলের কাছে ওই তরুণীকে রেখে চলে যায় সে।

তিনি জানান, পরে সোহেলও ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও প্রেমিকের বন্ধু সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার ওই তরুণীর পিতা সোমবার বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আটককৃত সোহেল রানাকে বুধবার (১৬ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৩:৫৪:এএম ৩ বছর আগে
ট্রেন ভ্রমণের বকেয়া টাকা পরিশোধ করে দিলেন আলামিন - Ekotar Kantho

ট্রেন ভ্রমণের বকেয়া টাকা পরিশোধ করে দিলেন আলামিন

একতার কণ্ঠঃ দিনটি ছিল শনিবার (১২ আগস্ট)। দিনগত রাত সাড়ে ১২টায় জয়পুরহাট রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ওঠেন আলামিন (২৬)। পরে স্টেশনে নেমে দ্রুত কর্মস্থলে ফেরায় ভাড়া ২৮৫ টাকা পরিশোধ করতে পারেননি। পরে সেই টাকা পরিশোধ করেছেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে হাজির হয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করেন আলামিন।

বকেয়া টাকা গ্রহণ করার কথা বিষয়টি স্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম।

আলামিন নওগাঁর বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন আলামিন।

এ বিষয়ে আলামিন বলেন, তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু ভ্রমণের সেই টাকা পরিশোধ করতে পারিনি। এ নিয়ে চরম অনুশোচনায় ভুগতে থাকি আমি। দেনামুক্ত হতে বুধবার সেই টাকা পরিশোধ করেছি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সততার জন্য তাকে পুরস্কৃত করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৩:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫০ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫০ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন।

এ ছাড়া মোট সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীণ রয়েছেন ১৪৮ জন রোগী। মোট এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ করেছেন ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় ৮ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ৫ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও বসত বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন রাখতে হবে। যাতে করে ডেঙ্গু‌ রোগ বিস্তার করতে না পারে।

সর্বশেষ আপডেটঃ ১৬. অগাস্ট ২০২৩ ০৮:২৮:পিএম ৩ বছর আগে
নাগরপুর উপজেলা আ.লীগের উদ্যোগে শোক দিবস পালিত - Ekotar Kantho

নাগরপুর উপজেলা আ.লীগের উদ্যোগে শোক দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সরকারি যদুনাথ স্কুল মাঠ প্রাঙ্গনে শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, উপজেলা স্মারক ৭১ প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উল্লেখিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি মতিয়ার রহমান মতি, সম্মানিত সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাজাহান সিরাজ পান্না, শিক্ষা ও মানব সম্পদ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রাশেদ, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, সদস্য গোপাল সরকার, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. অগাস্ট ২০২৩ ০৪:১৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে শোক দিব‌সে খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষ - Ekotar Kantho

টাঙ্গাইলে শোক দিব‌সে খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় শোক দিবসে চরাঞ্চ‌লের অসহায় ও দুস্থ‌্য প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের এম‌পি ম‌নোনয়ন প্রত‌্যাশ‌ী খন্দকার ম‌শিউজ্জামান রো‌মেল।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনি‌য়‌নের ৭শ প‌রিবারের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ১ কেজি লবণসহ এক‌টি প‌্যা‌কেট প্রত্যেকের হা‌তে তু‌লে দেয়া হয়। ।

খাদ্য সামগ্রী পেয়ে দিনমজুর আহসান আলী বলেন, শোক দিবসে এরআগে কখনো আমরা চরাঞ্চলের মানুষ এভাবে খাদ্য সামগ্রী উপহার পাইনি। উপহার পেয়ে খুশি হয়েছি।

গৃহবধূ খাদিজা বেগম ব‌লেন, এখন বর্ষা মৌসুম চারদিকে নদীর থৈথৈ পানি। কোথাও যাওয়ার জায়গা নেই। এই সময়ে এসব পেয়ে অনেক উপকার হল।

খাদ্য সামগ্রী বিতরণের আগে জাতীয় শোক দিবস নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাবসারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার বাছেদের সভাপতিত্বে ও গাবাসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামীলী‌গের শিল্প ও বা‌নিজ‌্য বিষয়ক উপক‌মি‌টির সদস‌্য খন্দকার মশিউজ্জামান রোমেল।

প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক।

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জি.এস সুরুজ্জামান সরুজ, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ উন-নবী, আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, ওয়াহেদুজ্জামান পলাশ, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রাসেল, মুক্তার হোসেন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৬. অগাস্ট ২০২৩ ০৪:২২:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।