একতার কণ্ঠঃ যেখানে সিগারেট বিক্রি হয়, সেখানে তামাকজাত পণ্যের প্রদর্শনীও নিষিদ্ধ হচ্ছে। এমন বিধি রেখে, সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন।
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ হয়েছে আগেই। ২০১৩ সালে যে বিধিমালা করা হয়েছিলো, তাতে বিক্রয়ের স্থলে এসব পণ্য পদর্শণ করা যায়। তবে, এবার সেই সুযোগও বন্ধ হচ্ছে। অর্থাৎ, দোকানে দোকানে যে সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখা হয়, তা আর করা যাবে না।
দোকান থেকে চাইলেই একটি দুটি করে সিগারেটের খুচরা শলাকা কেনা যায়। বন্ধ হচ্ছে সেই সুযোগও। কিনতে হবে পুরো প্যাকেট।
এসব বিধান যুক্ত করে, সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন। ইতিমধ্যে ওয়েবসাইটে উন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ। আইনটি পাস হতে পারে চলতি বছরেই। সরকারের লক্ষ্য রয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশ হবে তামাকমুক্ত।
নতুন আইনে নিষিদ্ধ হচ্ছে প্যাকেটহীন জর্দা-গুল বিক্রি। ই-সিগারেট, হিটেড টোবাকো পণ্যের আমদানি ও বিক্রিও বন্ধ করা হবে।
দেশের চার কোটি প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করেন। যা উদ্বেগজনক, বলছেন চিকিৎসকরা। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুসারে, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে। যার মধ্যে ৪৬ শতাংশ পুরুষ ও ২৫ দশমিক ২ শতাংশ নারী।ক
একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর শহরের ৬ নং ওয়ার্ডের প্যাড়াডাইস পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধায় প্যাড়াডাইস পাড়া খালপাড় রোডস্থ শ্রীশ্রী দুর্গা মন্দিরে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
প্যাড়াডাইস পাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটনের সভাপতিত্বে সভায় বিগত বছরের পূজার আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অভিজিৎ গৌড়(গৌতম) ও
অভিষেক সাহা( জয়)।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এ বছর প্যারাডাইস পাড়ার দুর্গা পূজার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশসেরা শিল্পী দিয়ে বড় পরিসরে প্রতিমা নির্মাণ করা হবে। এ ছাড়া একই সাথে আনন্দ শোভাযাত্রা, আলোকসজ্জা,আতোশ বাজীসহ বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় প্যাড়াডাইস পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি ড. পিনাকী দে, স্বপন সাহা, সুবোধ পাল, জে সাহা জয়,উত্তম কুমার গৌড়, অনন্ত রায়, কেশব রায়, উৎপল পাল, পিন্টু সাহা, কৌশিক সাহা শঙ্কু বাদল বাগচী, প্রদীপ শংকর পাল সহ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সারা দেশে পঞ্চমী পূজার মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরু হবে। ৫ অক্টোবর দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে এ বছরের শারদীয়া দুর্গোৎসব।
একতার কণ্ঠঃ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যে এর কাজ শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা পুরো পৃথিবী পর্যবেক্ষণ করতে পারবো। বিশেষ করে আমরা দক্ষিণাঞ্চলে বিশাল জল সমুদ্র পেয়েছি। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিশাল সমুদ্র পর্যবেক্ষণ করতে পারবো এবং সম্পদ চুরি ঠেকাতে পারবো।
শনিবার (৬ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্যাটেলাইট উৎক্ষেপণের স্বপ্ন দেখেছিলেন। আমরা তারই নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উক্ষেপণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করেছি। এমন এটি বিশাল প্রজেক্টে আমাকে কাজ করতে দেয়ায় আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
এর আগে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা-ই-রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ড. জাহাঙ্গীর আলম, ব্রি. জে. ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির, কোম্পানি সচিব (উপ সচিব) মো. রফিকুল হক উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ওটিজি কম্পানির সাইট চিফ অফিসার শাহ আব্দুল মঈন(৩৫) নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শাহ আব্দুল মঈন নরসিংদীর পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেনের ছেলে। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান শাহ আব্দুল মঈন। এ সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর গজারি বন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত মো. জগু মিয়ার ছেলে মো. জরু মিয়া (৬০)।
পারিবারিক সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে নিহত ওই ব্যাক্তি বুধবার (৩ আগষ্ট) বিকাল থেকে নিখোঁজ। নিহত ব্যাক্তির আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।
আরো জানা যায়,নিহত ব্যাক্তির ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য স্থানীয় এক আদম ব্যাবসায়ীকে আনুমানিক ৪ লক্ষ টাকা দিয়েছে। এখন ওই আদম ব্যাবসায়ী বিদেশ পাঠাচ্ছে না বলে জানা যায়। এ টাকা নিয়েও পরিবারে অনেক কথা-কাটাকাটি হয় বলে জানান নিহতের পরিবার।
শুক্রবার (৫ আগষ্ট) আনুমানিক সকালে নিহত ব্যাক্তির বাড়ির দক্ষিণ দিকের গজারি বনের পাশে ধানের জমিতে শ্রমিকরা কাজ করতে যাওয়ার পর তারা জমির পাশে বনের ভেতর দেখতে পায় মৃত ব্যাক্তি।পরে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে
একতার কন্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর মসজিদের মাইকে প্রচার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন রাশেদ মিয়া (৩০) নামে এক যুবক।
সোমবার (০১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। তাবে তার ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।
তিনি আরো জানান, পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলেন যে- আমি আমার বাবাকে হত্যা করেছি এটা একটু মাইকে প্রচার করে দেন। এসময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে আটক করে।
একতা কন্ঠ: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৪ জুলাই) ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা মারে।
তিনি আরও জানান, এতে হানিফ বাসের চালক ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম (১৬) নামের এক এসএসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাসাইল থানার এএসআই হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাকিবুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষনকুশিয়া গ্রামের ইদরিস আলীর ছেলে ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (১৭) ও কোরবান আলীর ছেলে সাইদুল ইসলাম মিন্টু (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে সিএনজি বাসাইল কলেজ পাড়া আসলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় একজনের মৃত্যু হয়।
বাসাইল থানার এএসআই হাবিব জানান, বিকেল ৫টার দিকে বাসাইল কলেজ পাড়া এ দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেল আরোহী তিনজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় একজনের মৃত্যু হয়।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ থৈ থৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বইঠার ছন্দ মাতিয়ে তোলে বাসুলিয়ার চাপড়া বিলের শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া খ্যাত চাপড়া বিলের বুকে হাজারো মানুষের ঢল নামে।
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ-নদী ও বিল-বাঁওড়ে আয়োজন করা হয় নৌকা বাইচ।
এরই ধারাবাহিকতায় বাসাইলের দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন বাসুলিয়ায় উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দৃষ্টিনন্দন ও নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি চাপড়া বিলে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। জেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রতি বছরের মতো এবারও বর্ণিল এ নৌকা বাইচের আয়োজন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদ।
প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, ফুলের তরী, হীরার তরী, আদর্শ তরী, ময়ূর পঙ্খী, পঙ্খীরাজ ও জলপরীসহ বাহারী নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেলনা, অলংগাসহ কয়েক ক্যাটাগরির প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে।
ছোট, বড় ও মাঝারি নৌকা নিয়ে পৃথক পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে টাঙ্গাইলের ভূঞাপুরের ‘নিউ হীরার তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় নাগরপুর উপজেলার ‘হারানো মানিক নৌকা।’ পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী প্রত্যেকটি নৌকাকেই আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে এসে প্রিয়াঙ্কা বণিক (৬) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রিয়াঙ্কা মির্জাপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রবীর বণিকের মেয়ে।
জানা গেছে, সকালের দিকে প্রিয়াঙ্কা তার দাদীর সঙ্গে লৌহজং নদীর দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঘাটে গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবরি দল মির্জাপুরে এসে নদীর ওই স্থানের আশপাশে উদ্ধার কাজ চালাচ্ছে।
মির্জাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের গোপালপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি টাঙ্গাইলের তৃতীয় পর্যায় দ্বিতীয় ধাপে ৩৪৯ জন গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ বাড়ির কবুলিয়ত দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুর উপজেলায় মোট ১৯৪টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণির পরিবার হিসাবে) চিহ্নিত করা হয়। এদের মধ্যে প্রথম পর্যায়ে ৬৮টি, দ্বিতীয় পর্যায়ে ৯০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। কিন্তু এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া ১০টি পরিবার জীবিকার তাগিদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় ১০টি বাড়ির বরাদ্দ বাতিল করে পূর্বের তালিকাভুক্ত পরিবার থেকে নতুন করে ১০টি পরিবারকে বাছাই করা হয়। বাছাইকৃত ওই পরিবারগুলোকে খালি বাড়িগুলোতে পুনর্বসন করা হয়েছে।
এছাড়া অত্র উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন ছিল ২৬টি পরিবার। সর্বশেষ তৃতীয় পর্যায়ে ওই ২৬টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সেহেতু অত্র উপজেলায় কোনো ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার অবশিষ্ট নেই।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের সময় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, জেলায় তিন হাজার ২০৬টি ভূমিহীন, গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। এদের মধ্যে দুই হাজার ৯৯৩টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এ জেলায় অবৈধ দখলে থাকা ১৫০ বিঘা খাস জমি উদ্ধার করা হয়েছে। এই জমির মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। উদ্ধার করা জমিতে আশ্রয় প্রকল্পের বাড়ি নির্মাণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোপূর্বে যে সব গৃহহীনদের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। সেই সব আশ্রয়ণে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়াও গৃহহীনদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সব মানুষ গৃহহীন ও ভূমিহীন হয়েছে তাদেরও তালিকা প্রস্তুত করে বাড়ি নির্মাণ করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হারুন অর রশিদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাকুল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সুবিথ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, ‘সকালে হারুন মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’