আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষতিকর রং-কেমিক্যাল দিয়ে মেয়াদহীন আইসক্রিম উৎপাদন করায় দুই আইসক্রিম ফ্যাক্টরি মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকা ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাজিমুদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানা যায়, ভেজাল ওই দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে অনুমোদনহীন বিভিন্ন ক্ষতিকর রং ও কেমিক্যাল, বিভিন্ন নামে বেনামে ঠিকানা ব্যবহার করে মেয়াদহীন আইসক্রিম উৎপাদন করে আসছিল এই দুই ফ্যাক্টরি। পরে পৌলী বাজার এলাকায় জিথী আইসক্রীম ও স্বাধীন আইসক্রীম কারখানায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিথী আইসক্রীম কারখানা মালিককে ৫০ হাজার এবং স্বাধীন আইসক্রীম কারখানা মালিককে ১৫ হাজার টাকা করে মোট দুই কারখানা মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, দুই আইসক্রিম ফ্যাক্টরির মালিক অঙ্গীকার করেছেন বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হবে। আগামীতে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) গভীর রাতে পুলিশ উপজেলার দক্ষিণ পাড়া সাতুটিয়া গ্রামের রকিবের বাড়ী থেকে নোমান, শরিফ, জামিল, ইমরান ও শাকিলকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে ।
এদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে আলীমের সহপাঠী নোমানকে হত্যা মামলায় অভিযুক্ত করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নোমান উপজেলার কোকডহরা ইউনিয়নের মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এছাড়া একই উপজেলার ঘড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাব্বিরের বাড়ী থেকে নিহত আলীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির ও শাকিলকে স্বাক্ষী হিসেবে টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে বলে এসআই মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
প্রকাশ, গত শনিবার (১২ এপ্রিল) ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের চাঁনতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে ও কালিহাতী শাহ্জাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলীম বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কালিহাতী পৌর এলাকার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ ওই কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, সাতুটিয়ায় অবস্থিত রকিবের বাড়িতে প্রধান আসামি নোমানসহ চারজন কালিহাতী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী বাসা ভাড়া নিয়ে থাকতেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, হত্যায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর একজনকে অভিযুক্ত করে ও দুজনকে স্বাক্ষী হিসেবে টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
সাহান হাসানঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ভূঞাপুর স্টেশনের রেললাইনে এক যুবক মাদক সেবন করছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহত যুবক মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে চলমান এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা।
তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন, এটা আগের ভিডিও। ওই দিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমার কাছে স্বীকার করেছেন ভিডিও অনেক আগের। মঙ্গলবারের পরীক্ষা নিয়ম মেনে নেয়া হয়েছে।
কালিহাতী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর বলেন, আমি এখানে নতুন এসেছি। কেন্দ্র সচিব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, মঙ্গলবার সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা আর এসএসসি পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।
তিনি আরও বলেন, মঙ্গলবারের পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা নেই। এখন আমরা একটি কমিটি করে দেব। তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
আরমান কবীরঃ টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলিম (১৯) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলিম ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের সৌদিপ্রবাসী জহুরুল ইসলামের ছেলে।
নিহত আলিমের মা আকলিমা আক্তার জানান, আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সে গত ১২ এপ্রিল(শনিবার )সকালে কালিহাতীতে প্রাইভেট পড়ার কথা বলে একটি সুজকি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার পর থেকেই সে নিখোঁজ ছিল। বাড়ি ফিরে না আসায় এ বিষয়ে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গত তিন ধরে খোঁজাখুঁজি করে তার সন্ধান কোথাও পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসতঘরের পেছনে টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে আলিমের মা আকলিমা আক্তার কালিহাতী থানায় গিয়ে লাশের পরনের পোশাক দেখে লাশটি আলিমের বলে তার শনাক্ত করেন
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে ধান খেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের একটি ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।
মৃত ফজিলা বেগম উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো সাড়াশব্দ পায়নি। ওই সময় ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল।
সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা তাকে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের ধান খেতে মরদেহটি দেখতে পান। ওই সময় ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কানে ও হাতে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো চিল। তার একটি কান কাটা ছিল। নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরমান কবীরঃ বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আমজানী ব্রীজ সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পারখী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনছার আলী শিকদারের সভাপতিত্বে ও ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদারের আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেল সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক হিরো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহর আলী, ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালকের নাম উত্তম কুমার দে(৪০)।সে বগুড়া সদর উপজেলার দিলীপ কুমারদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে ওই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকের চালক মারা যান। আহত হন আরও দুইজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতেই একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে তারা এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এলেঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদি হাসান, শাহরিয়ার খান আকাশ, শান্ত ও সিয়াম প্রমুখ। এসময় কয়েক শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মুরতুজ গংরা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাস থেকে সমিতির নামে চাঁদাবাজির মাধ্যমে জনদুর্ভোগ তৈরী করছেন। ছাত্রদের রক্তের দাগ এখনো না শুকালেও তারা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে। আমরা হুশিয়ার করে বলেতে চাই কোন অপশক্তিই এখন থেকে আর এই এলেঙ্গা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করতে পারবে না। যারা চাঁদাবাজি করবে তাদের এলেঙ্গার মাটিতে জায়গা হবে না।
আরমান কবীরঃ টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ার জেরে এক যুবদল নেতার মিথ্যা মামলা ও ক্রমাগত হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে এক প্রবাসী ও তার পরিবার। প্রতিকারে মামলা দায়ের করেও সুফল না পেয়ে সংবাদ সম্মেলনে ওই যুবদল নেতার অত্যাচার থেকে রেহাই পাওয়ার আকুতি জানিয়েছেন সৌদী প্রবাসী মো. আশিকুর রহমান তালুকদার।
আশিকুর রহমান কালিহাতী উপজেলার বাসজানা মালতি গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।
বুধবার (১৯ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. আশিকুর রহমান তালুকদার লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবের একটি ভিসা ব্যবসার কোম্পানিতে কাজ করছিলেন। ২০২২ সালে তিনি কোম্পানির ভিসা ব্যবসা পরিচালনার দায়িত্ব পান এবং সুনামের সঙ্গে ভিসা ব্যবসা পরিচালনা করতে থাকেন। একপর্যায়ে তার গ্রামের আমিনুর ইসলাম রুবেল বাংলাদেশে ভিসা ব্যবসা করার আগ্রহ প্রকাশ করে সহযোগিতা চান। ওই সময় কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব ও এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের হাসমত আলী রেজা তার পার্টনার বলে জানান। অত:পর যুবদল নেতা হাসমত আলী রেজা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। যোগাযোগের এক পর্যায়ে হাসমত আলী রেজা ১৩টি রিক্রুটিং লাইসেন্সের নাম্বর দিয়ে ভিসা পাঠানোর অনুরোধ করেন। পরে তিনি ওই ১৩টি লাইসেন্সের মাধ্যমে ৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১১৯টি ভিসা পাঠান। ভিসার বিপরীতে মোট টাকার মধ্যে ৫৮ লাখ টাকা হাসমত আলী রেজা তাকে পাঠান। বাকি টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। কোম্পানির মালিক বাকি টাকার জন্য চাপ দিলে তিনিও যুবদল নেতা হাসমত আলী রেজা ও আমিনুর ইসলাম রুবেলকে চাপ দেন। কিন্তু তারা পাওনা টাকা পরিশোধ করতে গড়িমসি করতে থাকেন।
তিনি বলেন, কোম্পানির পাওনা টাকার চাপে তিনি বাংলাদেশে গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। দেশে এসে আমিনুর ইসলাম রুবেল ও হাসমত আলী রেজার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাকে ঢাকার অফিসে যেতে বলেন। তাদের কথা মতো ঢাকার অফিসে গেলে তারা কোন টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে টাকা দাবি করলে তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে নাজেহাল করে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এর কিছুদিন পর যুবদল নেতা হাসমত আলী রেজা মিথ্যা ও বানোয়াট অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন পান। পরে পাওনা টাকার দাবিতে তিনিও আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি হলে হাসমত আলী ও রুবেল স্থানীয় নেতাদের মাধ্যমে আপোষ-মীমাংসার কথা বলে আদালত থেকে জামিন পান। এরপরও বাকি টাকা পরিশোধ না করে বা আপোষ-মীমাংসায় না বসে তাদের পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে কালিহাতী উপজেলার এলেঙ্গায় আটক করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেয়। এসবের পরেও মামলা তুলে না নেওয়ায় হাসমত আলী রেজা আবার তার নামে সাজানো অভিযোগে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, ন্যায্য পাওনা টাকা দাবি করায় এহেন হয়রানি ও অত্যাচার-নির্যাতন এবং ক্রমাগত হুমকিতে পরিবার নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিনি প্রশাসনের সুদৃষ্টি ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে প্রবাসীর পরিবারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সাহান হাসানঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রাসেল রানা (২৫) সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে এবং বকুল সরকার (১৭) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন রাসেল ও বকুল। মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরমান কবীরঃ অগ্নিঝরা ৩ মার্চ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে পল্টন ময়দানে ছাত্র জনসভায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়, যা মুক্তিযুদ্ধের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।
এ উপলক্ষে সোমবার (৩ মার্চ) সকালে টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে শাজাহান সিরাজ কলেজে স্বাধীনতার ইশতেহার পাঠের তাৎপর্য নিয়ে মুক্ত আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম, আশরাফ আলী মোল্লা, প্রভাষক আরিফুল ইসলাম, কর্মচারীদের পক্ষ থেকে খাদেমুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে আয়োজিত ঐতিহাসিক জনসভায় ছাত্রনেতা শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে ছিল, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো, সামরিক আইন প্রত্যাহার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। এছাড়াও, জাতীয় সংগীত হিসেবে “আমার সোনার বাংলা” গ্রহণের ঘোষণা দেওয়া হয়।