/ হোম / কালিহাতী
টাঙ্গাইলে ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডোবা থেকে উদ্ধারকৃত মরদেহটি জিহাদ মিয়া (১৫) নামে এক কিশোরের। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিহাদ মিয়া এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ দিন ধরে নিখোঁজ ছিলো জিহাদ, রবিবার বেলা ১২ টার দিকে মার্কেটের একজন কর্মচারী পিছনে প্রস্রাব করার জন্য গেলে জিহাদের লাশটি দেখতে পান। পরে মার্কেটের অন্যান্য লোকজনকে সে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২৪ ০১:০১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজ‌নের মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপ‌জেলার কাইতকাই এলাকায় একটি বা‌ড়ির পা‌শের ধানখেত থেকে কিশোর শামী‌ম (১৪) ও কালিহাতী উপ‌জেলার হা‌তিয়া এলাকা থেকে অজ্ঞাত বৃ‌দ্ধের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত শামীম উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শামীম ঘাটাইল ক‌্যান্টন‌মেন্ট-সংলগ্ন ঝড়কা বাজারের এক‌টি মুরগির দোকা‌নে কাজ করত। মা‌ঝে মধ্যে মানু‌ষের বা‌ড়ির গাছগু‌লোর ফলমূল চু‌রি করত সে। ‌যে বা‌ড়ির পা‌শে তার মরদেহ উদ্ধার হ‌য়েছে সেই বাড়িতে কেউ ছিল না। তার মাথায় আঘাত ক‌রে হত‌্যা করা হ‌য়েছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে একই সম‌য়ে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ত‌বে তার মৃত্যু ট্রেনে কাটা পড়ে না‌কি অন্যকিছু হ‌য়ে‌ছে সেটা জানা যায়‌নি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) র‌কিবুল ইসলাম জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে তা‌কে কেউ হত‌্যার পর সেখা‌নে ফে‌লে গে‌ছে। নিহতের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে প‌ড়ে‌ছিল ওই বৃদ্ধের মরদেহ। যেহেতু মরদেহটি রেললাইনের পা‌শে প‌ড়ে‌ছিল সে‌হেতু বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। প‌রে তারা মরদেহটি উদ্ধার করেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৪:এএম ২ বছর আগে
বিনামূল্যে আলোকিত কালিহাতীর চারাগাছ বিতরণ - Ekotar Kantho

বিনামূল্যে আলোকিত কালিহাতীর চারাগাছ বিতরণ

একতার কণ্ঠঃ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষুধী প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি মো. আব্দুল আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, আলোকিত কালিহাতীর সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, আলোকিত কালিহাতীর সহ-সভাপতি রশিদ আহমদ আব্বাসী, এসএ টিভির জেলা প্রতিনিধি আহমেদ রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি খাইরুল আলম মিল্টন, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি দাশ পবিত্র, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, এশিয়ান টিভির ঘাটাইল ও মধুপুর প্রতিনিধি আব্দুল লতিফ, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য নাহিদ খান প্রমূখ।

উল্লেখ্য, প্রতি বছর আলোকিত কালিহাতীর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি, বর্ন্যাতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহন করে থাকে।

সর্বশেষ আপডেটঃ ১১. সেপ্টেম্বর ২০২৪ ০২:২৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

নিহত পিকআপ ভ্যান চালক আব্দুল জলিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে ।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক আবদুল হামিদ জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন

তিনি আরও জানান, মরদেহ থানায় রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. সেপ্টেম্বর ২০২৪ ০২:০১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকার ১৮নম্বর ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে যান-চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিহত ওই মোটরসাইকেল চালকের নাম সাজেদুল ইসলাম (৪৫)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানান, সোমবার সকালে সাজেদুল মোটরসাইকেল যোগে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলটি ব্রিজের উপর পরে যায়। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ-ঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৪ ০৯:০১:পিএম ২ বছর আগে
কালিহাতী উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ - Ekotar Kantho

কালিহাতী উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৫ আগস্ট) সকালে সাধারণ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

জানা গেছে, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রবিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কোন কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এদিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

এ সময় কালিহাতীর ইউএনও শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থী রাসেল, আল আমিন, সাব্বির, রাশেদুল, রিফাত, আশরাফুল, কবির, হৃদয়, শাওন, হাবিব, সাজিদ প্রমুখ হ্যান্ড মাইকে নানাবিধ স্লোগান দেন ও বক্তব্য রাখেন।

তারা দাবি করেন, কালিহাতীর ইউএনও একজন কর্মমুখি-শিক্ষাবান্ধব ও ন্যায়-নীতিবান ভালো মানুষ। তার বদলির আদেশ তারা মানেন না। তার বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

কালিহাতী উপজেলা সমাজসেবা অফিসার শহিদুজ্জামান মাহমুদ, কৃষি অফিসার ফারহানা মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেহাব উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় তারা স্ব স্ব কার্যালয়ে ঢুকতে পারছেন না। এতে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক জানান, ভাগ্যক্রমে তাঁর কার্যালয়টি উপজেলা কমপ্লেক্সের বাইরে থাকায় তিনি তালাবদ্ধের আওতায় পড়েননি। তবে উপজেলা প্রশাসনের মূল ফটকে তালা দেওয়ায় প্রতিদিনের কাজ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ইউএনও’র বদলির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের। তিনি সার্বক্ষণিক কালিহাতীর উদ্ভুত পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং তা যথাযথভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের বদলির আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরদিন শুক্রবার (২৩ আগস্ট) একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এদিন শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিব সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ২৬. অগাস্ট ২০২৪ ০২:৪৬:এএম ২ বছর আগে
কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষের পদত্যাগ - Ekotar Kantho

কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষের পদত্যাগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. বখতিয়ার হোসেন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে অধ্যক্ষের (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন।

রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা তাঁর কার্যালয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতিতে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্রে স্বাক্ষর করে একটি কপি শিক্ষার্থীদের প্রদান করেন তিনি।

পদত্যাগী বিটেক অধ্যক্ষ মো. বখতিয়ার হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় পদত্যাগ করেছি। সোমবার (১৯ আগস্ট) স্বশরীরে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মহদোয়ের নিকট পদত্যাগপত্রটি দাখিল করবো।

জানা যায়, তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিলো। অভিযোগগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সহায়তা না করা, আন্দোলনে বিভিন্নভাবে বাধা প্রদান করা।

ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তাা না করে জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করা। দায়িত্ব গ্রহনের পর বাজেট থাকার পরও আবাসিক হল, ৬ দফা চত্বর, একাডেমিক ভবন, সাবস্টেশন, সোলার, জেনারেটর ইত্যাদির কোন ধরনের উন্নয়ন কাজ না করা।

প্রতি বছর ২টি মিল পরিদর্শন আবশ্যক থাকার পরও এখন পর্যন্ত কোনও ব্যাচের মিল পরিদর্শন করাতে পারেননি ও এ খাতের সকল টাকা কুক্ষিগত করে রাখা। দায়িত্ব গ্রহণের পূর্ববর্তী বছরে বুটেক্সের সকল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের মধ্যে ফলাফলে ১ম হলেও পরবর্তী সময়ে সেশনজট, ফলাফল বিপর্যয় এবং নিয়মিত ইয়ারলস স্বাভাবিক হয়ে দাড়ালেও তা নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহনের ব্যর্থতা।

ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে শিক্ষার্থী ও সরকার থেকে প্রাপ্ত টাকার যথাযথ ব্যবহার না করা এবং হিসাব জানতে চাইলে পরোক্ষভাবে ইয়ারলসের হুমকি দেওয়া। প্রিন্সিপালের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বললেই গোপন সিন্ডিকেটের মাধ্যমে একাডেমিক ও মানসিকভাবে হয়রানি এবং ব্যক্তিগত প্রতিহিংসায়ও ইয়ারলসের পাশাপাশি সাধারণ শিক্ষকদের কম নম্বর প্রদানে বাধ্য করা। ক্যাম্পাস ও ছাত্রীহলের নিরাপত্তা প্রদানে ব্যর্থতা।

ইতঃপূর্বে ছাত্রী হলে চুরির ঘটনার সুষ্ঠু সমাধানে ব্যর্থতা। ল্যাবগুলোর অচলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা। কোনও প্রয়োজনে শিক্ষার্থীদের সাক্ষাতের অনুমতি প্রদান না করা।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২৪ ০৩:৫৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে পানিবন্দি চরাঞ্চলসহ ৩৬ হাজার মানুষ - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিবন্দি চরাঞ্চলসহ ৩৬ হাজার মানুষ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলায় বাড়ি-ঘর, হাট-বাজার, মসজিদ, মন্দির, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে দুর্গম চরাঞ্চলে ৩৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে।

জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, আবার কোথাও অবনতি হয়েছে। জেলার কয়েকটি উপজেলাতে বিস্তির্ন জনপদের বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলী জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে।

সোমবার (৮ জুলাই) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঝিনাই ও যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে ও যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

ভুয়াপুর উপজেলার ফরমান, সাইফুলসহ কয়েকজন বলেন,আমরা যমুনা তীরের মানুষ। প্রতিবছরই যমুনা নদীর সাথে যুদ্ধ করে চলতে হয়। এবারের বন্যায় আমাদের অনেক ক্ষতি করেছে। বন্যার পানির স্রোতে আমাদের কারো বাড়ির আঙিনা আংশিক করে ভেঙে গেছে। গত পাঁচ থেকে সাতদিন ধরে পানিতে বন্দি রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, জেলায় ৩৬ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। বন্যা কবলিত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি মসলাসহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৪ ০২:১৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হয়েছেন।

নিহত নাহিদ ইসলাম কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাহিদ ইসলাম এক বন্ধুসহ মোটরসাইকেল যোগে ঘুরতে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ইছাপুর এলাকায় পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আজমেরী ট্রাভেলসের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেলে থাকা অপর আরোহী নিহত নাহিদের বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাহিদ ইসলাম নিহত হয়।

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৪ ০২:১৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পা‌নি বিপৎসীমা অতিক্রম - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পা‌নি বিপৎসীমা অতিক্রম

একতার কণ্ঠঃ টানা বৃ‌ষ্টির সঙ্গে পাহা‌ড়ি ঢলে টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পা‌নি বিপৎসীমার উপর দিয়ে প্রবা‌হিত হচ্ছে। নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলার তিন উপজেলার কয়েকটি গ্রামের মানুষ পা‌নিব‌ন্দি হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকালে জেলা পা‌নি উন্নয়ন ‌বোর্ডের তথ‌্য অনুযায়ী, যমুনা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৪১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪১ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রীজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১০ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার, এবং মধুপুর পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এরফলে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমির পাট, তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধির কারণে জেলার ভুঞাপুর ও কালিহাতী এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, আমরা সব সময় শুকনো মৌসুমে কাজ করে থাকি, তবে এ সময়ে যে সব উপজেলায় পানি বেড়ে ভাঙন শুরু হয়েছে সে এলাকায় জিও ব্যাগ ফেলা হবে বলে জানান তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, উজানের পানি নেমে আসায় ভাটিতে পানি বাড়ছে। ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নের কিছু ফসলি জমি প্লাবিত হয়েছে। পার্শ্ববর্তী নিকরাইল ও গাবসারা ইউনিয়ন আজকালের মধ্যে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ প্রস্তুত আছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুলাই ২০২৪ ০২:৫৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে এলেঙ্গা রিসোর্ট থেকে ৩ খদ্দেরসহ ৭ নারী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে এলেঙ্গা রিসোর্ট থেকে ৩ খদ্দেরসহ ৭ নারী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্গা রিসোর্টে  অনৈতিক কার্যক্রম চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন খদ্দেরসহ সাত নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে রিসোর্টের বিভিন্ন রুম থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১ জুলাই) সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠিয়েছে কালিহাতী থানা পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত পুরুষরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুর গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. মোজাম্মেল (৫৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৫) ও বগুড়া সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে কনক ইসলাম(৩০)।

আটককৃত নারীরা হলো, টাঙ্গাইল শহরের বোয়ালী মধ্যপাড়ার মৃত আবু সাঈদের মেয়ে হাফিজা ওরফে হাবিবা (২৫), একই শহরের অলোয়াভবানী এলাকার আ. করিমের মেয়ে শিউলী (২৪), একই জেলার গোপালপুর উপজেলার নরিল্যা গ্রামের আ. কাদেরের মেয়ে কুলসুম (১৯), টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা (সৃষ্টিস্কুল রোড) এলাকার মো. সিদ্দিকুর রহমানের মেয়ে সারিয়া রহমান জাকিয়া(২১), শহরের বটতলা এলাকার মরহুম ফজলুর রহমানের (ব্রিগেডিয়ার) মেয়ে ফারজানা (৩২), একই জেলার মির্জাপুর উপজেলার কুরণী গ্রামের মৃত কদ্দুছ খানের মেয়ে ঈশা ওরফে শাহনাজ (২৭) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের আশরাফ গাজীর মেয়ে মুক্তা(৩০)।

স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পা‌শেই এলেঙ্গা রি‌সোর্টে রেস্টু‌রেন্টের আড়া‌লে যৌন ব‌্যবসা প‌রিচালনা করা হয়। রি‌সোর্ট কর্তৃপক্ষ খ‌দ্দের সংগ্রহ করে যৌনকর্মী‌দের ভাড়া ক‌রে আনে। যৌন ব‌্যবসা ছাড়াও রিসো‌র্টে মাদকের ব‌্যবসা করা হয় প্রশাসন‌কে ম‌্যা‌নেজ ক‌রে। এর আগেও ক‌য়েকবার খ‌দ্দেরসহ যৌনকর্মী‌দের আটক ক‌রে‌ছিল পু‌লিশ। ত‌বে রি‌সো‌র্টের কাউক আইনের আওতায় আনা হয় না। প্রতিবারই তা‌দের ছাড় দেওয়া হয়।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রবিবার গভীর রাতে গোপণে অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে এলেঙ্গাস্থ বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্গা রিসোর্টে অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় রিসোর্টের মোসলেম উদ্দিন(৫৫), ফাহাদ (৩৫) ও সিরাজুল(৩৫) সহ আরও ৩ থেকে ৪ জন দৌঁড়ে পালিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গোপণ সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন অভিযান পরিচালনা করে তিন খদ্দেরসহ সাত নারীকে আটক করে। পরে পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামে মানবপাচার আইনের ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০২. জুলাই ২০২৪ ০৩:৩৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ী চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা হয়েছেন।

বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সাতুটিয়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম দুলাল হোসেন (৬৫)। সে সখিপুর উপজেলার সাপিয়াচালা গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। তিনি কালিহাতীতে স্থায়ীভাবে বসবাস করতেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির‌ এসআই সাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুলাল হোসেন মোটরসাইকেলযোগে সখিপুর থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতুটিয়া ব্রিজের উপর পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ীর চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৪ ০৩:০২:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।