/ হোম / কালিহাতী
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে কুড়া বোঝাই ট্রাক ও ঢালাইয়ের মিক্সার মেশিন বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)।

প্রত্যক্ষদর্শী শ্রমিক কালাম মিয়া জানান, আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কুড়া বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অক্টোবর ২০২৫ ০১:০৬:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে কিশোরের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে কিশোরের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাহীন নামে এক কিশোরের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহীন (১৭) উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করতেন। নিহতের পরিবারের দাবি তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পরিত্যক্ত অটো রাইস মিল এলাকায় ক্রিকেট খেলার কথা বলে শাহীনকে ডেকে নেয় আজিজ নামের এক তরুণ। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের আয়নালের ছেলে দেলুয়ারের সঙ্গে। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে গুরুতর আহত হয় শাহীন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহীন নামের এক রোগী আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জিজ্ঞাসা করলে সে জানায় ইঁদুরের বিষসহ একটি গ্যাস্ট্রিকের ওষুধ ও একটি অ্যান্টিবায়োটিক খেয়েছে সে। তারা ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করেন, কিন্তু সে পাইপ কেটে ফেলে। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তার গলায় খামছানোর দাগও লক্ষ্য করেছি।

নিহতের মামী অভিযোগ করে বলেন, শাহীনকে ডেকে নিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে। এরপর তাকে জোর করে বিষও খাওয়ানো হয়েছে। তারা খুব প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তবে দেলুয়ারের দাদা করিম বিষয়টি ভিন্নভাবে তুলে ধরে বলেন, খেলা নিয়ে মারামারির ঘটনা জানার পরই আমি নাতিকে বকাঝকা করেছি। পরে শাহীনের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে এসেছি। রাতে শুনি সে নাকি বিষ খেয়েছে, এর বেশি কিছু জানি না।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু অপরপক্ষ বলছে কিশোর শাহীনের মৃত্যু হয়েছে বিষপানের ফলে। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নিহত শাহীনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফলে এই মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের দেখা দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অক্টোবর ২০২৫ ০৩:০১:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হৃদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তারা কালিহাতী শহরের সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাদে মঙ্গলবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলার পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলেও জনান তিনি।

সর্বশেষ আপডেটঃ ০১. অক্টোবর ২০২৫ ০১:৫৪:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে ডাক্তার না হয়েও ‘শিশু রোগ বিশেষজ্ঞ’, ভ্রাম্যমান আদালতের জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে ডাক্তার না হয়েও ‘শিশু রোগ বিশেষজ্ঞ’, ভ্রাম্যমান আদালতের জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও ক্লিনিকে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা গেছে, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার ‘কাকলী ফার্মেসী’র সত্ত্বাধিকারী নারায়ন চন্দ্র পাল ডাক্তার না হয়েও নিজেকে ‘শিশু রোগে বিশেষ অভিজ্ঞ’ পরিচয় দিয়ে প্রেসক্রিপশন ও ভিজিটিং কার্ড তৈরি করেন এবং নিয়মিত মা ও শিশুর চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে উল্লেখ করে তাকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কালিহাতী হাসপাতাল রোডে অবস্থিত ‘নিরাপদ ক্লিনিক’-এর কাগজপত্র সঠিক না থাকা এবং সাইনবোর্ডে ক্লিনিক লেখা থাকলেও ভেতরে ডায়াগনস্টিক সেন্টার হিসেবে পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, জনস্বাস্থ্য ও মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৩০. সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৬:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে নদীতে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ভরবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাফাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভরবাড়ী গ্রামের মারুফ হোসেনের ছেলে আলিফ হোসেন (২) বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে সাফাই নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শিশুর মৃত্যুর বিষয় আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি জেনে আপনাদের জানাতে পারবো।

এদিকে শিশু আলিফের অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সর্বশেষ আপডেটঃ ২৯. সেপ্টেম্বর ২০২৫ ০২:০৪:এএম ৯ মাস আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় অনিক হাসান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আবীর (১৫) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী পৌর এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্যাফৈর গ্রামের অটোচালক নিশান মিয়ার ছেলে। আহত আবীরের বাড়িও একই এলাকায়। অনিক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন। বৃহস্পতিবার সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলযোগে সিলিমপুর যাওয়ার পথে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের চাটিপাড়া সেতু এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিক মহাসড়কে পড়ে গেলে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪:পিএম ১০ মাস আগে
কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের দাফন সম্পন্ন - Ekotar Kantho

কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের দাফন সম্পন্ন

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারেরর প্রথম ও দ্বিতীয় নামাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ও বাদ জোহর ভিয়াইল মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি সোমবার(১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল গ্রামে।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শফিকুল ইসলাম তালুকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। মঙ্গরবার দুপুরের পর তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়।

জানাজার পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো,উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া ও কৃষক দলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক হিরো।

পরে দাফন শেষে মরহুম শফিকুল ইসলাম তালুকদারের পরিবারের প্রতি সহমর্মিতা জানান ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

সর্বশেষ আপডেটঃ ০৩. সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৯:এএম ১০ মাস আগে
টাঙ্গাইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুই ভাই  গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুই ভাই গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা বড়বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা এলাকার মোহাম্মদ আলী মাস্টারের দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই মফিজুর রহমান ও শফিকুল ইসলাম ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় তাদের নিজ বাড়ি বল্লা বড়বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২৫ ০১:৫২:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আরমান কবীরঃ টাঙ্গাইল থেকে ৪৯ কেজি গাঁজাসহ একটি তুলা বহনকারী ট্রাক ও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ট্রাক চালক আমিনুল, হেলপার বাবু ও মোজাহিদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন।

কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক মাদক দ্রব্য নিয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ট্রাকটি জব্দ করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ট্রাকের তুলার ভেতর লুকানো অবস্থায় ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান,ঘটনায় র‌্যাব বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইলের কালিহাতী থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২০. অগাস্ট ২০২৫ ০৪:৪২:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা উপকরণ বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা উপকরণ বিতরণ

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে স্থানীয় কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণমালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সেবা এনজিওর আশুলিয়া শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

বর্ণমালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও কালিহাতী উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক হামিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নাজিমউদ্দীন তালুকদার, সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম, জয়নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১০. অগাস্ট ২০২৫ ০২:৫৩:এএম ১১ মাস আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় হাতিয়া রেলক্রসিংয়ে পৌঁছলে ট্রেনের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আবুল হোসেনের।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. অগাস্ট ২০২৫ ০৩:১৭:এএম ১১ মাস আগে
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি

আরমান কবীরঃ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়ালকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন লিখিতভাবে তাকে দল থেকে অব্যাহতি দেন।

লিখিত চিঠিতে জিয়া পরিষদের মহাসচিব উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া আব্দুল আউয়ালের বক্তব্যের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা বিএনপির কেন্দ্রীয় এবং জিয়া পরিষদের নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তার এই বক্তব্যে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে জিয়া পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের ১নং সহ-সভাপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল হোসেন শিশির বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। আমি এখন পর্যন্ত চিঠি পাইনি। চিঠি পেলে এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব।

সর্বশেষ আপডেটঃ ০১. অগাস্ট ২০২৫ ০১:৫৬:এএম ১১ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।