/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১০ মে) দুপুরে আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুড়তে খুড়তে অনেক গভীরে চলে যান। এক পর্যায়ে নরম মাটি তাদের ওপর ভেঙে পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।। লাশ দুইটি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক শামীম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. মে ২০২২ ০৯:০১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - Ekotar Kantho

টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

একতার কণ্ঠ: টাঙ্গাইলের নাগরপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাই সুমন মিয়াকে (২৫) হত্যা করেছেন বড় ভাই আতোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তি।

সোমবার (৯ মে) সকালে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ও অভিযুক্ত আতোয়ার ওই গ্রামের কলিম উদ্দিনের দুই স্ত্রীর সন্তান।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করেন বড় ভাই আতোয়ার মিয়া।

এতে গুরুতর আহত হন সুমন। এ অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৫৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

একতার কণ্ঠ: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ফারুক নামে এক ব্যক্তি ও তার সহযোগী বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৮ মে) ভোরে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৫ মে (বৃহস্পতিবার) সকালে ওই ছাত্রী দাদাবাড়ি যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৭ মে (শনিবার) সকালে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ফারুক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফারুক ভূঞাপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে এবং মো. বিশাল সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মামলা ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, মেয়েটি স্কুলে যাওয়ার আসার পথে ফারুক বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও নানাভাবে উত্যক্ত করত। প্রতিবাদ করলে তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো তাকে। গত ৫ মে (বৃহস্পতিবার) ঈদের তৃতীয় দিন সকালে সকালে স্কুলছাত্রী একা তার দাদার বাড়ি যাচ্ছিল। এ সময় তাকে প্রেমের প্রস্তাব দেয় ফারুক। সে প্রস্তাবে রাজি না হওয়ায় ফারুক তার দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায় মেয়েটিকে। এরপর নৌকাযোগে প্রথমে সিরাজগঞ্জের তার এক বন্ধুর বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফারুক। তারপর সেখান থেকে ফারুক তার খালার বাসায় নিয়ে ফের ধর্ষণের পর শারীরিক নির্যাতন করে বিয়ের চাপ সৃষ্টি করে। এতকিছুর পরও বিয়েতে রাজি না হওয়ায় তার এক সহযোগী অপহরণকারীর বাড়িতে সন্ধ্যার দিকে স্কুলছাত্রীকে নিয়ে আসে ফারুক ও তার অন্যান্য সহযোগীরা।

এরপর এ বিষয়টি মেয়েটির বাবা জানতে পেরে ওইদিন রাতেই ফারুকের বন্ধুর বাড়ি থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয় মাতব্বরদের সঙ্গে নিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করেন। পরে শনিবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে ফারুককে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে এসআই ফাহিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত ফারুক ও তার সহযোগী বিশালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, অভিযুক্ত প্রধান আসামি ফারুক ও তার সহযোগী বিশালকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ আপডেটঃ ০৮. মে ২০২২ ০৭:১০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী গ্রামে।

স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তিন দিন আগে ঝাটিবাড়ী গ্রামের আঃ করিম ও একই গ্রামের স্বপেনের ছেলে ইকবাল ও মিলনের সাথে বিরোধ সৃষ্টি হয়।

ওই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (২ মে) রাত ৮টার দিকে স্বপেন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে ঝাটিবাড়ী গ্রামের আঃ করিমের বাড়ীতে হামলা চালায়। হামলায় আঃ করিম, তাজিম উদ্দিন,কাজিম উদ্দিন, ফজলুল হক,রুস্তম, শাজাহান ও দেলোয়ার সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে ভর্তি করে এবং রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে । নিহতের লাশ ময়নাতদন্ত করার পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত ১ কিশোরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুইচামারা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা- উপজেলার যদুরনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর পাতলাচড়ার গ্রামের আব্দুর রহিমের ছেলে আল-আমিন (১৫), অপরজন আছর আলীর ছেলে রিপন (১৫)। আহত কিশোর একই গ্রামের হবিবুর রহমান হবির ছেলে আমিনুর ইসলাম (১৩)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় কুইচামারা ব্রিজের কাছে এসে তাদের নিজেদের মধ্যেই দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের সতর্কতা খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মারা যায় চালক রিপন মিয়া। অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনও মারা যায়। আমিনুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক।

আল-আমিনের বন্ধু কবির হোসেন জানান, ওরা তিনজন মিলে মোটরসাইকেল ভাড়া করে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া বলেন, ঈদে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে তাদের দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার লাশ নিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুজন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া।

নিহতরা হলো- উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে একজন মারা যায়। এ সময় আরও চারজন আহত হয়। আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, যে দুইজন আহত হয়েছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২২ ০৯:৪৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে নিয়ে ইউপি সদস্য উধাও - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে নিয়ে ইউপি সদস্য উধাও

একতার কন্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে ইউপি সদস্য উধাও হয়েছেন।

গত শনিবার (২৩ এপ্রিল) উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. লিটন মন্ডল দীর্ঘ দিন যাবত ঝুনকাই গ্রামের সৌদি প্রবাসী জামাল মিয়ার স্ত্রী রোজিনার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন পর জামাল মিয়া বাড়ি আসার কথা রয়েছে। কিন্তু তিনি আসার আগেই লিটন মন্ডল ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। লিটন মন্ডল ও রোজিনার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

প্রবাসী জামালের মা বলেন, লিটন মন্ডল ফুঁসলিয়ে সম্পর্ক করে আমার ছেলের বউকে নিয়ে পালিয়ে গেছে। ১২ বছর বয়সের আমার নাতনি লজ্জায় ঘরের বাইরে বের হচ্ছে না, শুধু কাঁদছে।

তিনি আরো বলেন, লিটন মন্ডল এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নানা অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আমি এর বিচার চাই।

এ ব্যপারে দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক বলেন, এমন ঘটনায় আমরা লজ্জিত ও বিব্রত হচ্ছি। বিভিন্ন সংস্থা থেকে মোবাইল ফোনে মেম্বার লিটন সম্পর্কে জানতে চাচ্ছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে এখনও কোনো অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৩০. এপ্রিল ২০২২ ১০:০৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চাচার ধর্ষণের শিকার শিশু ভাতিজি - Ekotar Kantho

টাঙ্গাইলে চাচার ধর্ষণের শিকার শিশু ভাতিজি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় লম্পট চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত চাচার নাম মো. আব্বাস (২৫)। তিনি পেশায় কাঠমিস্ত্রী এবং জয়নালের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির মা-বাবাসহ বাড়িতে কেউ ছিল না। প্রকৃতির ডাকে মেয়েটি সাড়া দিতে বাথরুমে গেলে হঠাৎ আব্বাস বাথরুমে প্রবেশ করে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে লোকজন এগিয়ে গেলে আব্বাস পালিয়ে যায়। পরে মেয়েটির মা বাড়িতে এসে ঘটনা শুনে স্থানীয় ও জনপ্রতিনিধিদের অবগত করে আব্বাসের বিরুদ্ধে মেয়েটির মা ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন । সম্পর্কে আব্বাস মেয়েটির চাচা।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে মামলা দায়ের করার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্বাসকে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২২ ১০:১৩:পিএম ৪ বছর আগে
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

একতার কণ্ঠঃ ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের জন্য স্বাভাবিকের তুলনায় দ্বিগুন লেন বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মোটর সাইকেলের জন্য আলাদা দুই লেন করা হয়েছে।

তারপরও শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকেই সেতুর পূর্ব প্রান্তের গোলচত্তর থেকে টোলপ্লাজা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন লেগে গেছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেলের যাত্রী ও চালকদের।

টোলপ্লাজা সূত্র জানিয়েছে, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতুতে ৩/৪টি লেন চালু রাখা হয় টোল আদায়ের জন্য। কিন্তু ঈদকে সামনে রেখে এই মহাড়কে প্রায় কয়েকগুন যানবাহন চলাচল বেড়ে যায়। তাই যানজট মুক্ত রাখতে সেতুতে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের জন্য সাতটি লেনে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটর সাইকেলের জন্য বাম দিকের রাস্তা দিয়ে আলাদা দুই লেন করা হয়েছে। তারপরও অতিরিক্ত মোটরসাইকেলের কারণে পুরোপুরি লেন দুটি বন্ধ হয়ে গেছে।

বিকেলের দিকে এই চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২২ ১০:২৮:পিএম ৪ বছর আগে
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা : সাবেক মেয়র মুক্তির জামিন স্থগিত - Ekotar Kantho

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা : সাবেক মেয়র মুক্তির জামিন স্থগিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জর্জ আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে মুক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে (বুধবার ২৭ এপ্রিল) টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ মুক্তিকে জামিন দেন। পরে ২৮ ফেব্রুয়ারি তার অন্তর্বর্তী জামিন বাতিল হয়। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মুক্তি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি নিহত হন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ। তার গুলিবিদ্ধ মরদেহ কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্ট মাসে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামে দুজনকে গ্রেপ্তার করে।

আদালতে এই দুই আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যার সঙ্গে জড়িত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্ত আছেন। তাদের অপর দুই ভাই এখনও আত্মগোপনে রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২২ ০৩:৩১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক অবরোধ - Ekotar Kantho

টাঙ্গাইলে বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক অবরোধ

একতার কণ্ঠঃ বেতন-বোনাসের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে নাহিদ কটনমিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুইপাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিকরা জানান, শ্রমিকদের ঈদের বোনাস না দিয়ে শুধু অর্ধেক বেতন দিতে চায় কারখানার মালিক। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ভাংচুর শুরু করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কের অবস্থান নেয়। তবে পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, শ্রমিকরা তাদের দাবিতে আন্দোলন শুরু করে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২২ ০৩:৪৭:এএম ৪ বছর আগে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ - Ekotar Kantho

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

একতার কণ্ঠঃ আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। এছাড়া বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। বুধবার (২৭ এপ্রিল) মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গাসসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

পুলিশ জানায়, যানজট নিরসনে সড়কে সবসময় কাজ করবে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়েছে। সোমবার দুপুরে গোড়াই ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত তিনটি ফ্লাইওভার খুলে দেওয়ায় মহাসড়কের যাত্রীরা যানজটের কবল থেকে মুক্তি যাবে- এমনটাই ধারণা করা হচ্ছে।

যাত্রী মো. মোতালেব বলেন, আমি বাইপাইল এলাকায় কাজ করি। ঈদকে কেন্দ্র করে রংপুর গ্রামের বাড়ি যাচ্ছি। স্বাভাবিক সময়ে বাস ভাড়া ৫৫০-৬০০ টাকা নিলেও এখন এক হাজার টাকা দাবি করছে। ৮০০ টাকার নিচে হলে কাউকে বাসে নিচ্ছে না। অতিরিক্ত ভাড়া বন্ধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

আরেক যাত্রী মনির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ মোড় পর্যন্ত ভাড়া ৫০-৬০ টাকা।  আজ ১০০ টাকার নিচে কেউ নিচ্ছে না। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ভাড়া বেড়ে যায়। বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ একটু বেশি। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, উত্তর, দক্ষিণাঞ্চলসহ ২৬টি জেলার মানুষ চলাচল করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে। ঈদে ব্যাপক পরিবহনের চাপে পড়ে মহাসড়কটি।

সর্বশেষ আপডেটঃ ২৭. এপ্রিল ২০২২ ০৭:৫৭:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।