/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২৩ জুন) বিকেলে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের বানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই স্কুলের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্কুলের ভেতরে কুদরত ই এলাহী খানের স্বেচ্ছাচারী একক সিদ্ধান্তে এখানে কোন দোকান হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। এসময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান উদ্যোগ ওই বিদ্যালয়ের ভেতরের পশ্চিম পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের নামে পাইকারি কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:৩৯:এএম ৩ বছর আগে
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ ।

এ সময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:২৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। তার হেফাজত থেকে দুটি পুলিশ পোষাক, একটি পুলিশ বেল্ট, একটি পুলিশ রিফ্ল্যাক্টিং বেল্ট ও পাঁচটি ছোরা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জুন)বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সোনাব আলী (৫০)। সে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকুরকী গ্রামের মৃত জিলানীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ (ওসি)মো. মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান করা হয়। রাত সোয়া ১০ টার দিকে খবর আসে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী কলেজ মোড়ে কিছু ডাকাত পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে পুলিশের নকল পোষাক ও দেশীয় অস্ত্র-শস্ত্র, অন্যান্য মালামালসহ অবস্থান করছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে কাগমারী কলেজ মোড় থেকে মো. সোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান,শুক্রবার এসআই মনির বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সোনাব আলীকে কারাগারে পাঠানো হয়।পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:৫৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মামার হাতে ভাগ্নি খুন - Ekotar Kantho

টাঙ্গাইলে মামার হাতে ভাগ্নি খুন

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে মামার হাতে ভাগ্নি খুন হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোর রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক মামা সুমন মিয়া সহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুলিন (৫) ঘাটাইল উপজেলার একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। নিহত তুলিনের বাড়ি এবং নানার বাড়ি পাশাপাশি। মাঝে মাধ্যেই তুলিন তার নানার বাড়িতে মামা মামীর কাছে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিন তার মামা মামীর কাছে থাকতে যায়। রাত গভীর হলে তুলিনের মামা সুমন তার দুলাভাইকে ( শিশু তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তার মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। শুক্রবার সকালে তুলিনকে খুজতে তার বাবা-মা তুলিনের মামার বাড়ি যায়। এসময় তুলিনের মামা ও পরিবারের অন্যান্য লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তুলিনের মামা সুমন মিয়া, স্ত্রী সুমাইয়া ও নানী মরিয়মকে আটক করে। পরে স্বজন ও এলাকাবাসী পুলিশে খবর দিলে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পানির ট্যাংকি থেকে তুলির লাশ উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান,সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সুমন, তার মা মরিয়ম বেগম এবং স্ত্রী সুমাইয়া বেগমকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি । থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০১:২০:এএম ৩ বছর আগে
এবারও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা হবে: অতিরিক্ত আইজিপি - Ekotar Kantho

এবারও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা হবে: অতিরিক্ত আইজিপি

একতার কণ্ঠঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদে একটু ভিন্নমাত্রা আছে। এ ঈদে পশুবাহী গাড়ির বেশি চলাচল করে। মহাসড়কের সংলগ্ন ও অদূরেই হাট থাকে। এই চ্যালেঞ্জগুলো আমরা চিহ্নিত করেছি, এর সমাধানের পথ জানি, সেগুলো সমাধানের পথও আমরা চিহ্নিত করেছি। ইজারাদারসহ স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সকলে মিলে এবারও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ। সেভাবে আমরা মাঠে আছি ও কাজ করছি।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহাবুদ্দিন খান বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদউত্তীর্ণ যানবাহন নিয়ে যে আমরা শুধু ঈদের আগে কাজ করি তা না। প্রতিনিয়ত এসব যানবাহন নিয়ে আমরা কাজ করে থাকি। প্রতিনিয়ত ফিটনেসবিহীন ও মেয়াদউত্তীর্ন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। গত মে মাসে এ রকম যানবাহনের বিরুদ্ধে ২৫ হাজার মামলা দেয়া হয়েছে।

তিনি বলেন, এছাড়াও অনেক গাড়ি আটক করা হয়েছে। এসব ব্যবস্থার কারনে কিন্তু গত ঈদ এ যাবতকালের স্বস্তি দায়ক ঈদ যাত্রা হয়েছে। যানজট ও নিরাপদ ঈদ আমরা উপহার দিতে পেরেছি। ফিটনেসবিহীন, রেজিষ্ট্রেশনবিহীন ও লাইসেন্সসহ নানা অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। এ ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত আছে, আশা করছি এর সুফল এবারও পাবো।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান বলেন, তারপরও ভাল গাড়ি যদি তাৎক্ষনিক বিকল হয় সে গুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মহাসড়কের যানবাহন মেরামতের ওয়ার্কশপের মালিকদের নম্বর আমরা রেখেছি। বিকল হওয়া গাড়ি যাতে তাৎক্ষনিক চালু করা যায় সে বিষয় জোরদার করা হয়েছে। যে সব যানবাহন চালু করা যাবে না সেগুলো রেকার দিয়ে অপসারণ করবো।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের হেড কোয়ার্টার ,আইনশৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ আমরা সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে থাকি। আমাদের গুরু দায়িত্ব মনে করি ঈদের সময়ে জন নিরাপত্তার ক্ষেত্রে, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করে ঘরমুখো মানুষের নিরাপদে স্বাধচ্ছন্দে স্বজনদের কাছে যাওয়ার ব্যবস্থা করে থাকি। যখন এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বেশি থাকবে তখন বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বর হয়ে ভূঞাপুর দিয়ে এলেঙ্গা দিয়ে ঢাকায় যাবে। গাড়ির চাপ কম বেশির উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৩. জুন ২০২৩ ০২:৩৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুর ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ আরজু ( ৫০ ) ও তার স্ত্রী সম্পা বেগম (৪৫ ) ।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় শিন্নি দিতে যান।সেখান থেকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা রেল সেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে কাটা পড়েন।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরোও জানান, খবর পেয়ে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৩ ০৯:২৪:পিএম ৩ বছর আগে
করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে ডিজিএফ’র চাল বিতরণ - Ekotar Kantho

করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে ডিজিএফ’র চাল বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে ২৩৬০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ‘ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন)সকালে স্থানীয় এইচ এম ইনিস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করটিয়ার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ট্যাগ অফিসার আখি আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হাসান, ইউপি সদস্য মো.শাহীন মিয়া, আব্দুল লতিফ, মো. ফারুক হোসেন খান মানিক প্রমুখ।

বিতরণকালে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৩৬০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৩ ০৯:০৫:পিএম ৩ বছর আগে
নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারা মিয়া (২৮) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২১ জুন) বিকালে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের চরকাঠুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার কাঁচপাই গ্রামের আফছার শেখের ছেলে।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পল্লী বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় কাঠ ব্যবসায়ী রফিক চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে গাছ কাটতে ছিলেন। হঠাৎ করেই বিদ্যুৎদের তারের ওপর গাছের ঢাল পড়ে সাথে সাথেই শরীর বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মারা যায় তারা মিয়া। গাছের সাথে ঝুলে থাকে তার লাশ। পরে ফায়ার সার্ভিসের লোক এসে নিহতের লাশ নিচে নামিয়ে আনেন। আহত অপর দুইজনকে নাগরপুর হাসপাতালে চিৎকিসার জন্য পাঠানো হয়। আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের কর্মকর্তা মোহাম্মদ মেশবাহুল হক জানান, গাছ কাটার বিষয়ে আমাদের অবহিত করা হয়নি।

নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, বিকেল ৫টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৩ ০৩:৩৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় সাজেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা বেগম বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি গ্রামের জামাল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নলগাইরা বাজারের রাস্তার এক পাশে মহিলাটি দাঁড়িয়ে ছিলেন। বাসাইল হতে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেল মহিলাটিকে ধাক্কা দিলে মহিলাটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রমেশ জানান, দুর্ঘটনার পর মহিলাকে হাসপাতালে নিয়ে আসে। ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৩ ০১:০০:এএম ৩ বছর আগে
বাসাইলে পৌর মেয়র হলেন গামছা প্রতীকের টিপু - Ekotar Kantho

বাসাইলে পৌর মেয়র হলেন গামছা প্রতীকের টিপু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ৪ হাজার ৭শ’ ৪২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬শ’ ২১ ভোট।

স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল নারিকেল গাছ প্রতীক নিয়ে ৪ হাজার ৩শ’ ৫৪ ভোট পেয়েছেন ।

বুধবার(২১ জুন) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সর্বশেষ আপডেটঃ ২২. জুন ২০২৩ ০১:০০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি, চালকসহ আটক ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি, চালকসহ আটক ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতিতে যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় বাস চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে জেলা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক ও এটিএসআই জাহাঙ্গির আলমের সহযোগিতায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিং রোড এলেঙ্গা রাজাবাড়ি থেকে তাদের আটক করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে বাস চালক রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) ও জামালপুরের সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী এসএস ট্রাভেলস্ যাত্রীবাহী বাসে চন্দ্রা থেকে কয়েকজন গরুর ব্যাপারী ওঠেন। পথে মির্জাপুর রেলক্রসিং পার হলে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা গরুর বেপারীদের মারধর করে তাদের কাছে থাকা টাকা পয়সা লুট করে বাস থেকে নামিয়ে দেন।

পরে তারা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়টি সবখানে পৌঁছানো হয়। পরে বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ লিং রোড এলেঙ্গা রাজাবাড়ি ক্রস করার সময় ওই বাসটি গতিরোধ করা হয়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দৌড়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
কালিহাতি থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ২১. জুন ২০২৩ ০৯:১৪:পিএম ৩ বছর আগে
বাসাইল পৌরসভা নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ  - Ekotar Kantho

বাসাইল পৌরসভা নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ 

একতার কণ্ঠঃ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও উৎসমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বুধবার(২১ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় একটানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে, এ নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি এনামুল করিম অটল এবং উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৮ হাজার ৪৩৭ জন ভোটারের এ পৌরসভায় তিন জন মেয়র প্রার্থী, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটারা।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেলক্ষ্যে পৌরসভায় পর্যাপ্ত সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ আপডেটঃ ২১. জুন ২০২৩ ০৭:৩৩:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।