/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ বিএনপি জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ জুলাই )বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, আনিছুর রহমান আনিছ, নাহার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২০. জুলাই ২০২৩ ০২:২৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মাদক মামলায় ব্যবসায়ীর ৫ বছরের কারাদন্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে মাদক মামলায় ব্যবসায়ীর ৫ বছরের কারাদন্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মো.শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (১৯ জুলাই) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মো.শামীম আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত শামীম পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার।

তিনি জানান, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শামীমকে (৪৫) গ্রেপ্তার করেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুল আলমসহ সঙ্গীয় ফোর্স।

তিনি আরও জানান, এ ব্যাপারে উপ-পরিদর্শক সাইফুল আলম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার (১৯ জুলাই ) সেই মামলায় আদালতের রায়ে শামীমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২০. জুলাই ২০২৩ ০২:৪৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতেই ডুবেছে নৌকা - Ekotar Kantho

টাঙ্গাইলে ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতেই ডুবেছে নৌকা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচটিতেই নৌকার ভরাডুবি হয়েছে। এসব ইউনিয়নে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। মাত্র একটি ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

সোমবার (১৭ জুলাই) টাঙ্গাইলের সখিপুরে চারটি ইউপিতে এবং কালিহাতীতে দু’টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সখিপুর উপজেলার চারটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

কালিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: জামাল হোসেন এবং নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় হয়েছেন দেলোয়ার হোসেন সাথী।

বড়চওনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: আজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। সেখানে তার কাছের প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার।

হাতীবন্ধা ইউনিয়নে নৌকার প্রার্থী রনি আহমেদকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলীয় বিদ্রোহী প্রার্থী রবিন খান।

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী মো: হুমায়ন খান। সেখানে দ্বিতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।

একই দিন কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে বীর বাসিন্দা ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল খালেককে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোরহাব আলী এবং পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২৩ ০৩:০৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিএনপি’র পদযাত্রা কর্মসুচি পালন, আটক ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি’র পদযাত্রা কর্মসুচি পালন, আটক ৩

একতার কণ্ঠঃ কেন্দ্রীয় কর্মসচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা কর্মসুচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাঁ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহরের বাগানবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

পদযাত্রা চলাকালে সেখান থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলা যুবদলের অন্যতম নেতা ও শহর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনি পাহেলি ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্রাট পাহেলি ও মগড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল।

জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামালি শাহিন বলেন, আমাদের চলমান পদযাত্রা থেকে সম্পূর্ণ বিনা উস্কানিতে তিনজনকে আটক করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনের গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমি এই গ্রেপ্তারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, পদযাত্রার আশপাশে বিশৃংখলার সৃষ্টির সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পদযাত্রা কর্মসুচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এ সময় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠণের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২৩ ০৩:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

নিহত গৃহবধু বিথি আক্তার (১৭) উপজেলার লুহুরিয়া গ্রামের মনিরুজ্জামান বাজেলের মেয়ে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, ৭ মাস পুর্বে উপজেলার লুহুরিয়া গ্রামের মনিরুজ্জামান বাজেলের মেয়ে বিথি আক্তারের সাথে একই উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামের আব্দুল্লাহ আনসারীর বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী সুমন আনসারীর সাথে বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর সুমন প্রবাসে চলে যান। তারপর থেকেই সৎ শ্বাশুড়ি শাহিনা আক্তার যৌতুকের জন্য নানা অত্যাচার শুরু করে।

তারা আরও জানায় , রবিবার (১৬ জুলাই ) দুপুরে ওই প্রবাসীর স্ত্রী শ্বশুরকে স্থানীয় হাট থেকে শশা কিনে আনতে বলেন। ছেলের বউয়ের কথামত শ্বশুর শশা কিনে আনলে শ্বাশুড়ি ওই শশা বাড়ির বাহিরে ফেলে দেয়। স্বামীকে নানা ধরনের বকাঝকা করতে থাকে। ছেলের বউ শ্বশুরের পক্ষ নিয়ে কথা বললে শ্বাশুড়ির মনে ক্ষোভের সৃষ্টি হয়। সবাই মিলে রাতের খাবার শেষে শ্বাশুড়ি প্রবাসীর স্ত্রীকে একগ্লাস দুধ খেতে দেয়। শ্বাশুড়ির দেওয়া দুধ খেয়ে প্রবাসীর স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন।

সোমবার (১৭ জুলাই ) সকালে বিথি ঘুম থেকে না উঠলে তার শ্বাশুড়ি তাকে ডাকা-ডাকি করে। তাতেও না উঠলে বিথির বাবার বাড়িতে ফোন দেওয়া হয়। ফোনপেয়ে তার বাবার বাড়ির লোকজন এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তারা আরও জানায়, মৃত্যুর পর রাতেই নিহতের বাবার সাথে মীমাংসার জন্য ওই ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল ইসলাম, মেম্বার হযরত আলী, আতোয়ার রহমান, মাহমুদুল হক,মিন্টু মিয়া ও ওহাব আলীসহ একাধিক মাতব্বর মিলে দফায়-দফায় বৈঠক করেন। মীমাংসা না হওয়ায় একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের দাদি হোসনেয়ারা ও ফুপু মর্জিনা আক্তার জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে সোনার গহনা দেওয়ার কথা ছিল। সেই গহনা দিতে একটু সময় লাগায় তার সৎ শ্বাশুড়ি দুধের সাথে বিষ মিশিয়ে বিথিকে মেরে ফেলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে গেলে এ ঘটনা ঘটতো না। তাকে উদ্ধার করতে দরজা ভাঙ্গার প্রয়োজন হলে শ্বাশুড়ি বাঁধা দিয়ে বলে, এটা অনেক দামি দরজা এটা ভাঙা যাবে না। অন্যকোন উপায়ে তাকে বের করার কথা বলে।

স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম গভীররাতে দফায়-দফায় বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠকের কথা স্বীকার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. জুলাই ২০২৩ ০২:১৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মুশুরির ডাল এবং ১শ’ টাকা লিটার দরে তেল পাবেন। মাসে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি, চাল ২ কেজি ডাল ও ২ লিটার তেল ক্রয় করতে পারবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা শুরু হলো। প্রতিটি উপজেলায় টিসিবি’র পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. জুলাই ২০২৩ ০৩:৩৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সার্কিট হাউজে ছাদ বাগানের কার্যক্রম উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে সার্কিট হাউজে ছাদ বাগানের কার্যক্রম উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সার্কিট হাউজের ছাদ বাগানের কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার (১৬ জুলাই)সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এ ছাদ বাগান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ছয় তলা বিশিষ্ট নতুন এ সার্কিট হাউসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। যার ফলে আমরা সুযোগ পেয়েছি ছাদ বাগান করার। এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না, তা বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন এবং কৃষি চাষাবাদ করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী ছাদ বাগানেও আমরা অনেক আগ্রহ হয়েছি। এখানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এ ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফল রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ১০:২৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার;পরিবারের দাবি হত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার;পরিবারের দাবি হত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে রেল সেতু থেকে এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (১৬ জুলাই)দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিবারের সদস্যদের দাবি, এটি একটি হত্যাকান্ড।

ওই কাঠ ব্যবসায়ীর নাম মো. বাচ্চু মিয়া (৪২)। তিনি সদর উপজেলা মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের মৃত হুরমুজ আলী ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তিনি ঘাটাইল উপজেলা গাছের বাগান কিনতে যান। রাতে ঘাটাইল বাসস্ট্যান্ডে এসে তার পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তাকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ শালিনা এলাকায় লাশ আছে বলে জানায়। পরে সকালে পরিবারের সদস্যরা বাচ্চুর লাশ শনাক্ত করে।

বাচ্চু মিয়ার বড় ভাই আব্দুল হামিদ বলেন, আমার ভাই কখনও আত্মহত্যা করতে পারে না। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে আইনগত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক রহস্য জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ১০:১৩:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ১১ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জাইদুল ইসলাম (২৭) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবামান এলাকার আব্দুল ছাত্তারের ছেলে। সে মদগুলো নিয়ে টাঙ্গাইলের করটিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিকুর রহমান জানান, বাংলাদেশ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাসটিতে তল্লাশি চালিয়ে ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেই সাথে জাইদুল ইসলামকে আটক করে কালিহাতী থানায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ০৩:৫৫:এএম ৩ বছর আগে
কালিহাতীর দুই ইউপি নির্বাচনে হামলা-মামলা, সুষ্ঠু নির্বাচনের শংকা - Ekotar Kantho

কালিহাতীর দুই ইউপি নির্বাচনে হামলা-মামলা, সুষ্ঠু নির্বাচনের শংকা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই সোমবার। এ নির্বাচনে নৌকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থীরা।

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী ৩ চেয়ারম্যান প্রার্থীকে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগে অদৃশ্য বিভক্তি দেখা দিয়েছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। প্রার্থীরা শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকের শংকাও রয়েছে।

জানা যায়- ২০১১ সালে বীরবসিান্দ ইউনিয়ন ভেঙে পারখী নামের নতুন একটি ইউনিয়ন গঠিত হয়। এবার নির্বাচনে বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুল খালেক (নৌকা)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ইউনিয়নে আরো ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার (আনারস) ও বর্তমান চেয়ারম্যান ছোহরাব আলী (মোটরসাইকেল সাইকেল) এবং মিতু আক্তার (চশমা)।

এদিকে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার তোতা (নৌকা)। তিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার (মোটর সাইকেল)। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়েছেন আব্দুস সবুর শামীম (গামছা)।

এ নির্বাচনকে কেন্দ্র করে বীরবাসিন্দা ইউনিয়নে একাধিক মারামারি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।

স্বতন্ত্র প্রার্থী ছোহরাব আলীর বলেন, আমার নির্বাচনের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান লিটনকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা। কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন এখন ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও নির্বাচনী অফিস ও গাড়ী ভাংচুর করে প্রচারনায় বাঁধা দেওয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের কস্তুরীপাড়া জামে মসজিদের সামনে ও বৃহস্পতিবার দুপুরে রাজাফৈর বাজার এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

ছোহরাব আলী আরো বলেন, আমি নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। তিনি আমাকে নিরেপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন।

এছাড়া একই ইউনিয়নে বৃহস্পতিবার রাতে সিংনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজুসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

আহতরা বলেন, হামলাকারীরা বর্তমান চেয়ারম্যান ছোহরাব হোসেনের লোকজন।

কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলামিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। রাতেই রকিবুল ইসলাম সুমন বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছোহরাব হোসেনকে প্রধান আসামী করে ৪৩ জনের নামে মামলা দায়ের করেছেন। হেলাল উদ্দীন নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচন করায় ৩ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসাথে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা হলেন বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোহরাব আলী, একই ইউনিয়নের উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম সিকদার ও পারখী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার। তাদেরকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক ও অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার তোতা বলেন, যতই ষড়যন্ত্র হোক উন্নয়নের স্বার্থে জনগণ নৌকাকেই ভোট দিয়ে বিজয়ী করবে।

কালিহাতী উপজেলা নির্বাচন ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দীন আহমেদ বলেন, বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ৪ টি অভিযোগ দিয়েছেন। সেগুলো আমরা তদন্ত করছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকল পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কালিহাতীতে এসে বৃহস্পতিবার মতবিনিময় করেছেন। সেখানে পুলিশ প্রশাসন ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোন প্রকার শংকা নেই। বীরবাসিন্দা ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৭০৫ এবং পারখী ইউনিয়নে ১৬ হাজার ৫৮৪ জন।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ০৩:৩৯:এএম ৩ বছর আগে
বিএনপির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবী হাস্যকর:কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবী হাস্যকর:কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই, একটি নির্বাচিত সরকার সেই সরকারের বিরুদ্ধে এক দাবী করেছে বিএনপি পদত্যাগ, এটি হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ জুলাই )সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একদিনে ১লক্ষ গাছ রোপন ও পৌর উদ্যানে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপিসহ অন্য বিরোধী দল যারা বলছে এই সরকার পদত্যাগ করবে তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হবে। একটি নির্বাচিত সরকার কোন দিনই কারো দাবীতে পদত্যাগ করবে না। ২০১৪ ও ১৫ তে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এই দেশের মানুষ মোকাবেলা করতে পেরেছে। ইনশাআল্লাহ যারা এই পদত্যাগের দাবী করছে তাদের দাবী কোনদিনো পূরন হবে না। এটি একটি হাস্যকর বিষয়। অতএব, তারা সহযোগিতা করতে পারে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২৩ ০৮:০২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন অপর একজন। একই ঘটনায় আহত শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।

শুক্রবার(১৪ জুলাই )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এ ঘটনা ঘটে।

তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন।

তবে তিনি নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।এতে অটোরিক্সার চালক কাওসার আহমেদ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকসা ৫/ ৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর পিছন দিক থেকে দ্রতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা(৪০) ও খাদিজা(৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত খাদিজার স্বামী মাসুদ রানা(৪৫)সহ ওই নিহত দুই নারীর সন্তান সন্ততি সিনহা(১০), মারিয়া(১০), রায়হান(৫) রাইম(৬) কে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২৩ ০৫:৩১:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।