/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় রাহাত (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

সোমবার(৭ আগষ্ট )বিকেলে উপেজলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস কেন্দুয়া থেকে মধুপুরে দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহাত নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান,এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অগাস্ট ২০২৩ ০১:৪৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যুবকের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলের কালিহাতীতে যুবকের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গলায় ফাঁস দিয়ে মহিউদ্দিন (৩৫) নামে এক যুবককে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট ) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ওই গ্রামের মৃত ছোহরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে মহিউদ্দিন পরিবারের সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে ঘরের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজ করে এক পর্যায়ে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে ডাক চিকিৎকার করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা পরিবারের সদস্যরা কেউ বলতে পারেনি।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অগাস্ট ২০২৩ ০২:৩৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অটো ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কালিহাতী পৌর এলাকার কামার্থীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মোটরসাইকেল চালক উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।একই সময় প্রাইভেটকারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কামার্থী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলের চালক জাকির ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২৩ ০৯:৪৭:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাদিকুল স্থানীয় একটি পোল্ট্রিফার্মের শ্রমিক জসিম উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাঝির ঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পোল্ট্রিফার্ম ঘেঁষা পুকুর পাড়ে একা একাই খেলা করছিল সাদিকুল। ওর বাবা মা ওই পোল্ট্রিফার্মের ভেতর কাজ করছিল। কাজের ফাঁকে ছেলেকে না দেখে ডাকাডাকি করে তার মা। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে সখীপুর থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০৪:২৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে আমবাহী পিকআপ উল্টে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী আন্ডাপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার পলাশ উপজেলার চর সিন্দুর গ্রামের সবুজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম(২৩) ও একই জেলার শিবপুর উপজেলার লাটপুর গ্রামের স্বপন চন্দ্র বর্মণের ছেলে অর্থ চন্দ্র বর্মণ(১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি পিকআপ সকাল পৌনে ৯ টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের জার্মুকী আন্ডাপাসের কাছে পৌঁছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ চন্দ্র বর্মণের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. অগাস্ট ২০২৩ ০২:৩৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নৌকাডুবিতে ৩ বরযাত্রীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে নৌকাডুবিতে ৩ বরযাত্রীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপু‌রে বি‌য়ের দাওয়াত খে‌য়ে নৌকা‌য় বা‌ড়ি ফেরার প‌থে ক‌লেজছাত্রসহ তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), একই গ্রামের কহিনুরের মেয়ে স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।

আসিফ মির্জাপুর সরকা‌রি কলেজের ‌দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তরফপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আজিজ রেজা সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে, তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপির সঙ্গে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধুুরীর বিয়ের দিন ছিল বৃহস্প‌তিবার। বি‌য়ে‌র জন্য দুপুরে মাইক্রোবাসে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছে। বিকেলে বরের বাড়ির কয়েকজন শখ ক‌রে তরফপুর থেকে নৌকায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় নৌকায় এক‌টি সাপ দেখে একজন নারী চিৎকার করে ওঠেন। এতে নৌকার উপর হুড়োহুড়ি শুরু হলে নৌকা‌টি ডু‌বে যায়। এই ঘটনায় বরের বড় ভাই ও চাচাতো ভাইয়ের মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বিষয়টি জেনেছি। সন্ধ্যা হওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে কাজ শু‌রু কর‌বেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০৫:২৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় শিক্ষক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় শিক্ষক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলশিক্ষকের নাম আমিনুল ইসলাম (৫১)। তিনি বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করতেন। ভোরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, ঘটনার পর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান,এ ছাড়াও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা

হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০৩:১২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অপর এক কলেজ ছাত্র।

বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম মিয়া (১৭) টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকার মো. করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নাঈমসহ তিন বন্ধু মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে রওনা হয়। তারা মহাসড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী মো. সাগরকে(১৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলের অপর আরোহী বিপ্লবকে (১৭) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, পরে আইনী প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্র নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০১:৪৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
(more…)

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২৩ ০৮:৪৬:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার মোঃ মামুন হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে গোপালপুর নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২৩ ০৬:৩৩:পিএম ২ বছর আগে
বাসাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ - Ekotar Kantho

বাসাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে ইঞ্জিন চালিত পিকনিকের নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া (৩৫) নামের এক যবুক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া সেতুর নিচে এঘটনা ঘটে।

নিখোঁজ এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদের ভাই লিটন মিয়া জানান, শুক্রবার সকালে তারটিয়া থেকে ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা মির্জাপুরের দিকে যাচ্ছিল। বাসাইল উপজেলা বিলপাড়া পৌঁছালে নৌকা থেকে সেতুর নিচে পড়ে নিখোঁজ হয়। সে সাতাঁর কাটতে পারে।পড়ে গিয়ে সে আর পানি থেকে উঠতে পারেনি। সেতুর সাথে এরশাদের মাথায় আঘাত লাগতে পারে ধারণা করছি। নদীতে অনেক স্রোত রয়েছে। নৌকাতে পিকনিকের ৩৫-৪০ জন লোক ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন।

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ২২. জুলাই ২০২৩ ০৩:৩৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন অপর একজন। একই ঘটনায় আহত শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।

শুক্রবার(১৪ জুলাই )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এ ঘটনা ঘটে।

তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন।

তবে তিনি নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।এতে অটোরিক্সার চালক কাওসার আহমেদ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকসা ৫/ ৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর পিছন দিক থেকে দ্রতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা(৪০) ও খাদিজা(৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত খাদিজার স্বামী মাসুদ রানা(৪৫)সহ ওই নিহত দুই নারীর সন্তান সন্ততি সিনহা(১০), মারিয়া(১০), রায়হান(৫) রাইম(৬) কে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২৩ ০৫:৩১:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।