/ হোম / দুর্ঘটনা
বাসাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ - Ekotar Kantho

বাসাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে ইঞ্জিন চালিত পিকনিকের নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া (৩৫) নামের এক যবুক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া সেতুর নিচে এঘটনা ঘটে।

নিখোঁজ এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদের ভাই লিটন মিয়া জানান, শুক্রবার সকালে তারটিয়া থেকে ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা মির্জাপুরের দিকে যাচ্ছিল। বাসাইল উপজেলা বিলপাড়া পৌঁছালে নৌকা থেকে সেতুর নিচে পড়ে নিখোঁজ হয়। সে সাতাঁর কাটতে পারে।পড়ে গিয়ে সে আর পানি থেকে উঠতে পারেনি। সেতুর সাথে এরশাদের মাথায় আঘাত লাগতে পারে ধারণা করছি। নদীতে অনেক স্রোত রয়েছে। নৌকাতে পিকনিকের ৩৫-৪০ জন লোক ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন।

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ২২. জুলাই ২০২৩ ০৩:৩৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন অপর একজন। একই ঘটনায় আহত শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।

শুক্রবার(১৪ জুলাই )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এ ঘটনা ঘটে।

তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন।

তবে তিনি নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।এতে অটোরিক্সার চালক কাওসার আহমেদ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকসা ৫/ ৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর পিছন দিক থেকে দ্রতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা(৪০) ও খাদিজা(৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত খাদিজার স্বামী মাসুদ রানা(৪৫)সহ ওই নিহত দুই নারীর সন্তান সন্ততি সিনহা(১০), মারিয়া(১০), রায়হান(৫) রাইম(৬) কে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২৩ ০৫:৩১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামকস্থানে শনিবার (৮ জুলাই) সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

নিহত চালক ইমদাদুল হাসান মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের আলম হোসেনের ছেলে।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জামালপুর থেকে একটি কভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ধনবাড়ীর নল্যা এলাকায় কাভার্ডভ্যানটি পৌঁছলে নিয়ন্ত্রয়ণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৩ ০৩:২১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশু সহ নিহত ৫  - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশু সহ নিহত ৫ 

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২জন।

শুক্রবার(৭ জুলাই )বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে তিনজন এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। এরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া জানায়, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সাথে একটি পিকআপে করে রওনা হোন। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের গাড়িটির উপরে পেছন থেকে তুলে দেয়। এতে পিক-আপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।

তিনি আরও জানান,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

অন্যদিকে, একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাস চাপায় এক নারী ও বাসাইলে মোটরসাইকলে চাপায় ফারজানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ০৮. জুলাই ২০২৩ ০৫:১২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার দুই আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার দুই আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪জন।

বুধবার (৫ জুলাই)সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ আলী (৪০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে জামালপুর থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ধনাবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই আরোহী নিহত হয়। আহত হয় আরও ৪জন।

তিনি আরও জানান, বাস জব্দ করা হয়েছে কিন্তু বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ০৫. জুলাই ২০২৩ ০৬:২২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র রাফি নিহত হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ধোপাজানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রের নাম আশরাফুল ইসলাম রাফি (২০)। সে উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর গ্রামের হাসাজানি গ্রামের জুয়েল হোসেন (বাবলু) এর ছেলে।

রাফি ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করতো। রাফির বাবা র‌্যাব এ কর্মরত আছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে রাফি মোটরসাইকেলে যোগে দিঘর থেকে ঘাটাইল শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২ টার দিকে মহাসড়কের ধোপাজনি এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি চলন্ত প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের দরজায় গিয়ে লাগে । এতে মোটরসাইকেলটি দুমরে মুচড়ে যায় ও চালক রাফি মহাসড়কে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ প্রসঙ্গে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান ,কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. জুলাই ২০২৩ ১২:২৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে বারেক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার নগদা-শিমলা ইউনিয়নের মাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বারেক গোপালপুর উপজেলার নগদা-শিমলা ইউনিয়নের সেনের মাকুল্যা গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে।

প্রতিবেশী আব্দুল মালেক জানায়, বারেক হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনার দিন বারেক মাকুল্যা গ্রামের কবরস্থান এলাকা থেকে নদী সাঁতরে অপর প্রান্তে যাওয়ার সময় পানিতে ডুবে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরে টাঙ্গাইল থেকে ডুবুরির দলের দুইটি ইউনিট এসে নদীর তলদেশ থেকে বারেকের মরদেহ উদ্ধার করে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে শোনার পর ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছিলাম। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ আপডেটঃ ০২. জুলাই ২০২৩ ০৯:৪৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে দুই বন্ধুসহ নিহত ৩, আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে দুই বন্ধুসহ নিহত ৩, আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ ব্যাটারি চালিত অটোরিকশার তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন।

শুক্রবার(৩০ জুন )বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নিহত অপর দুই বন্ধু হচ্ছে, একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ওরা বন্ধুরা ১১ জন মিলে ঘুরতে বের হয়েছিলো। ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলো। অপর দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটো রিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০১. জুলাই ২০২৩ ০৩:১১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের - Ekotar Kantho

টাঙ্গাইলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাস চাপায় আব্দুল্লাহ তালুকদার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রবিন মন্ডল (১৯) নামে তার সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের চিতুলিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টাপর নিহত আব্দুল্লাহ তালুকদারের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

আব্দুল্লাহ তালুকদার ঘাটাইল উপজেলার আনোহলা ইউনিয়নের যোগিহাটী গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে

আহত রবিন মন্ডল একই গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে। তারা দুজনেই টাঙ্গাইল সৃষ্টি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে একটি নতুন মোটরসাইকেল নিয়ে আব্দুল্লাহ ও রবিন বাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে চিতুলিয়াপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে তারা।

এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ রক্তক্ষরণে মারা যায় এবং আহত হয় মোটরসাইকেল চালক তার বন্ধু রবিন মন্ডল। পরে আহত রবিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়।

অপরদিকে, ঘাতক বাস চালক ও শ্যামলী পরিবহন বাসটি ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহন নামে বেপরোয়া গতির একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয় এবং ও আহত হয় নিহতের বন্ধু রবিন। এ খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আহত রবিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক চালক ও বাসটি আটক হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৯. জুন ২০২৩ ০৩:৫২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা লাকড়ির ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা লাকড়ির ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা- জামালপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজন সহ দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯ টার দিকে ওই মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত দুই গার্মেন্টস কর্মী হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) ও তার মা নাসিমা বেগম (৪৫)।

নিহত নাসিমার ছেলে বিপ্লব জানান, তাঁরা সবাই আশুলিয়া বেরিবাঁধ এলাকায় একটি গার্মেন্টসে কাজ করত। ঈদের ছুটিতে বাইপাইল থেকে একটি পিকআপ যোগে তিনি সহ তার মা, ভাই, ভাবী, খালা ও খালু মিলে বাড়ি ফিরতেছিল। পথিমধ্যে এলেঙ্গা-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় পৌঁছলে সড়কের পাশে বাঁকাভাবে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এসময় সাথে সাথেই আমার ভাবী নিশি মারা যায়।

তিনি আরও জানান, ওই পিকআপে আমরা প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলাম। পরে এখানকার লোকজন আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আমার মা মারা যায়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জন রোগী আহতবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং নাসিমা নামের এক নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে মারা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।

এবিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে ঢাকা বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ দ্রুত এবং বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন ও কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মোট দুইজন পিকআপের যাত্রী নিহত হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লাশ দুটি আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২৩ ০২:৩৮:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার(২৬ জুন) দুপুরে উপজেলার বোয়ালী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাঈম বোয়ালী কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টার দিকে বন্ধুর সাথে বোয়ালী পেট্রোল পাম্পে তেল আনতে যায়। টাঙ্গাইলগামী একটি সিএনজি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটায় তার মৃত্যু হয়।

নাঈমের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৩ ১১:৪৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলের মির্জাপুরে সহযাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের - Ekotar Kantho

টাঙ্গাইলের মির্জাপুরে সহযাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলের মির্জাপুরে আরেকজনকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে সজিব হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) রাতে মির্জাপুর স্টেশনের পূর্ব গেটের কাছে বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন নওগাঁ সদর উপজেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন একই জেলার বদলগাছি উপজেলার ওলাবাজার গ্রামের এনামুল হকের ছেলে রেমন হোসেন (২৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে মির্জাপুর স্টেশনের পূর্ব গেটের কাছে বাওয়ার কুমারজানি নামক স্থানে পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর দিয়ে টানানো ডিস লাইনের তারে আটকে ট্রেনের ছাদ থেকে পড়ে যান যাত্রী সজিব ও রেমন হোসেন। সজিব ঘটনাস্থলে মারা যান। রেমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। ডিস লাইনের তারে আটকে আরও দুই যাত্রী আহত হলেও তারা নিচে পড়েননি। তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত রেমন হোসেন বলেন, গাজীপুর স্ট্যান্ডার্ড সিরামিক কারখানায় চাকরি করি। ট্রেনের ছাদে গাদাগাদি করে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম। মির্জাপুর রেল স্টেশনের কাছে আসার পর একজন লোক পড়ে যাওয়ার সময় আমার পা টেনে ধরেন। তখন আমরা দুজনই নিচে পড়ে যাই। লোকটি ওখানে মারা গেলেও আমি আল্লাহর রহমতে বেঁচে আছি।

মির্জাপুর স্টেশনের গেটম্যান শান্ত ইসলাম বলেন, দিনগত রাত ১২টার দিকে আহত লোকটি আমার কাছে এসে দুর্ঘটনার খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আহত ব্যক্তিকে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সকালে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে।

মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান বলেন, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২৩ ০৫:৫৯:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।