একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১ জুন) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইরের গোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (৪২)। মাইন উদ্দিনের স্ত্রী ছালেহা বেগম (৩০), ও তাদের সন্তান সিয়াম (৬) এবং ভ্যান চালক একই গ্রামের দরাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (৪০)।
মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার হেমায়েল কবির জানান, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৩৬৪১) টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোভ্যান রিক্সাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান,এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হন। আহত এক শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক আপেল মাহমুদ জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তরুণ প্রতিভাবান ক্রিকেটার তামজিদ আহমেদের (১৯ ) বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে বজ্রপাতের শিকার হয় তামজিদ। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তামজিদ টাঙ্গাইলের ভুঞাপর উপজেলার অলোয়া ইউনিয়নের কদিম নিকলা গ্রামের মোঃ ইমান আলীর ছেলে।
এ প্রসঙ্গে, টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মো. আরাফাত রহমান জানান, বুধবার দুপুরে স্টেডিয়ামটিতে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছিল। ম্যাচটিতে তামজিদ ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলছিল।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে আকাশে সামান্য মেঘ ছিল। তামজিদ আহমেদ ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের পরিহিত জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়েছিলেন তামজিদ। গোপালগঞ্জ আবহানী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে এসেছিলেন তিনি। তামজিদ টাঙ্গাইল জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তামজিদ ঢাকায় জীবিকা নির্বাহের জন্য ফুড পান্ডায় ডেলিভারি ম্যানের কাজ করতো।
তামজিদের অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বসতঘরে উপর উঠে গেলে ঘুমন্ত মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা খোকন চন্দ্র রবি দাস।
সোমবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকন চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)। আহত খোকন চন্দ্র রবি দাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা উপজেলার নল্লা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৩০ মে) সকালে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা বাজার এলাকার খোকন চন্দ্র রবি দাসের বাড়ীতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত হয় বাবা। পরে আহত খোকনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। নিহত মা-মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান মিরাজ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ মে) সকালে পৌর শহরের গোপালপুর কলেজ রোডের ভূঞারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ পৌর এলাকার সুন্দর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী গোপালপুর কলেজের প্রভাষক মোঃ মাইনুর রহমান জানান, গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে মিরাজ ঘাটাইলের দিকে যাচ্ছিল। কলেজ সংলগ্ম রোডে সারি সারি বাস পার্কিং করার কারণে রাস্তার এক পাশ দিয়ে ঘাটাইল থেকে একটি পিকআপভ্যান দ্রুত গতিতে গোপালপুরের দিকে আসছিল। ওই রোড দিয়েই মোটরসাইকেল আরোহী মিরাজ ঘাটাইলের দিকে যাচ্ছিল। পৌর এলাকার ভূঞারচক নামকস্থানে পিকআপভ্যানের চালক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী পিকআপের চাকায় পিষ্ট হয়।
তিনি আরোও জানান, পরে স্থানীয়রা পিকআপভ্যানের চাকার নিচ থেকে মোটরসাইকেলসহ আহত মিরাজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় শরাফত আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পচিশমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরাফত মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ী গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।
জানা যায়, শরাফত আলী দিনমজুরী করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কাজে যোগ দেওয়ার জন্য সাইকেল যোগে টেলকী যাচ্ছিলেন। পচিশমাইল এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ি তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে ট্যাংক-লরি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্যাংক-লরির চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্যাংক-লরির হেলপার আহত হয়েছে।
রবিবার (২১ মে) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বিক্রমহাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক ময়মনসিংহ জেলার বোকাই নগর থানার গৌরিপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া(২৫)। আহত হেলপার কিশোরগঞ্জ জেলার কারাইল উপজেলার কাড়াইল এলাকার হযরত আলীর ছেলে মো. মোস্তাকিন মিয়া(২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্রগাম থেকে ছেড়ে আসা সওদাগর এক্সপ্রেস নামের একটি ট্যাংক-লরি টাঙ্গাইলের সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বিক্রমহাটি এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা পিকঅ্যাপভ্যানের পিছনে ধাক্কা দেয়। মুহুর্তে পিকঅ্যাপভ্যান ও ট্যাংক-লরিটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে ট্যাংক-লরির চালক মো. রুবেল মিয়া নিহত হয়। সাথে থাকা হেলপার আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চালকের মরদেহটি উদ্ধার করে।
এ প্রসঙ্গে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির
উপ-পরিদর্শক(এসআই) মো. সাকিব হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরোও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা (২৪) এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৭ মে) রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকার সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সহপাঠীর মোটরসাইকেলে শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।
নিহত শারমিন সুলতানা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। সে ২০১৪ সালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে।
প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার রাতে টাঙ্গাইল শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাগমারী-চারাবাড়ী সড়কের আরিফ নগর এলাকায় মোটরসাইকেলের সামনে কুকুর দেখে চালক ব্রেক চাপলে শিক্ষার্থী শারমিন সুলতানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায়। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মস্তিষ্কের প্রচণ্ড রক্তক্ষরণ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করে। ঢাকা নেয়ার পথে মস্তিষ্কের রক্তক্ষরণ বাড়তে থাকায় রাত ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলেন। রাত ১২ টার দিকে ঢাকা নেয়ার পথে অবস্থার আরো অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এনাম মেডিকেলে নেয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় আহত শিক্ষার্থীকে বহনকারী বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। পরে প্রায় আধা ঘণ্টা পর এনাম মেডিকেল কলেজে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এনাম মেডিকেলে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হকের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে শোক প্রকাশ করেন।
তিনি বলেন, শারমিনের মৃত্যুতে আমরা শোকাহত। ক্যাম্পাসের বাইরে দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলার নেই। কারিগরি ত্রুটি হতেই পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে লিচু পাড়তে গিয়ে করিম খান (৫৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার(১৬ মে) সকালে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ আলী।
নিহতের ভাতিজা মাহফুজ খান ও স্থানীয়রা জানান, করিম খানের বাড়ি ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর মোথাজুরি গ্রামে। করিম খানের বাড়ির পাশে একটি বড় লিচু গাছ রয়েছে। গাছের পাকা লিচু পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবেন এই উদ্দেশ্যে তিনি মঙ্গলবার সকালে ওই লিচু গাছে ওঠেন। লিচু পাড়ার সময় পা ফোঁসকে গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ আলী জানান, লিচু পাড়তে গিয়ে করিম খান নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাটি সত্য। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তার লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মে) ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) ও একই উপজেলার হুগড়া ইউনিয়নের মৈশানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)।
তারা দুজনেই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় অভিমান করে তারা বাসাইল জোড়বাড়ী এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরে সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এসময় প্রেমিক হাবিলের পরিবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জোড়বাড়ী লেভেলক্রসিংয়ে গেট কিপার সুলতান মাহমুদ বলেন, ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে নিহতদের লাশ নিয়ে গেছে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক বলেন, ধারণা করা হচ্ছে প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে শ্যালো মেশিনের বিদ্যুৎ পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, অন্যান্য দিনের মত জাহিদুল স্থানীয় চকে শ্যালো মেশিনের মাধ্যমে ইরি ক্ষেতে পানি দিতে যায়। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বাড়িতে নেন। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুলের মৃত্যু হয়। দিনমজুরি ও শ্যালো মেশিনের মাধ্যমে তার সংসার চালাতো। এখন তার সংসার চালানোর মতো কেউ রইল না।
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তার পরিবার মরদেহটি নিয়ে গেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বপন মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর গোরস্থান ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী অপু কুমার দাস (২৫) ও মনির হোসেন (১৭) আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম।
নিহত স্বপন মিয়া উপজেলার অরণখোলা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে কাকরাইদ বাজারে তার মামা মফিজের হার্ডওয়ারের দোকানে কাজ করতেন।
ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে স্বপন ব্যবসায়ীক কাজ শেষে গারোবাজার থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে ফিরছিলেন । অপর দিকে একটি পিকআপভ্যান প্রচণ্ড গতিতে গারোবাজারের দিকে যাচ্ছিল। কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর গোরস্থান ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই স্বপন মিয়া নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় অপর দুই মোটরসাইকেল আরোহী। তারা বর্তমানে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন জানান, দূর্ঘটনার কথা জেনেছি। তবে এই ব্যাপারে কোন অভিযোগ পাইনি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের জিম্মায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মোজ্জাম্মেল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ মে) সকালে উপজেলার লতিফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোজ্জামেল হক ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোজ্জামেল হক তার বাড়ির পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে লাল মাটি কাটছিলেন। এসময় ওই জমিতে থাকা একটি খেজুর গাছের গোঁড়ার মাটি কাটা পড়লে গাছটি মোজ্জামেল হকের উপরে পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।