/ হোম / টাঙ্গাইলে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী পিতা মজিবুর রহমান(৫৮) এবং তার বড় ছেলে জাহিদ(২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে পিতা-পুত্র দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত‍্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২৪ ০১:২১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার(২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া গ্রামের সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজফৈ বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরেমুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটো চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রদীপ পালকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ী নিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২৪ ০১:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইমাম ও মুয়া‌জ্জি‌ন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইমাম ও মুয়া‌জ্জি‌ন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপু‌রে মোটরসাইকেল ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনায় দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সংঘ‌র্ষের কার‌ণে মোটরসাইকেল‌টি দুম‌ড়েমুচ‌ড়ে যায় এবং পিকআপ‌টি সড়‌কের পা‌শে উল্টে যায়।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)।

বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টেছে। নিহত ওই দুইজন মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের সিরাজী মুয়াজ্জিন এবং হা‌বিবুর ইমামতি কর‌তেন। এছাড়া তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহম‌াদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, দুইজন মাদরাসার শিক্ষার্থী পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম‌তি ও মুয়াজ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তো। ভো‌রে মস‌জি‌দে আযান দেয়ার জন‌্য মাদরাসা থে‌কে তারা মোটরসাইকেল‌যো‌গে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিল। এসময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের সা‌থে তাঁদের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুত্ব‌র আহত হয়। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। ভো‌রে প্রচুর কুয়াশা ছিল । ফলে রাস্তার কিছুই দেখা যা‌চ্ছিল না।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এমরানুল কবীর জানান, সংঘ‌র্ষে দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এরআগে তা‌দের গুরুত্বর আহতবস্থায় ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। পিকআপ জব্দ করা হ‌য়ে‌ছে ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে।

তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৮. ডিসেম্বর ২০২৪ ০৭:২২:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে দুর্নীতি-অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার - Ekotar Kantho

টাঙ্গাইলে দুর্নীতি-অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই বহিষ্কার করা হয় বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী রতন এ বিষয়টি নিশ্চিত করেছেন ।এর আগে গত ১০ ডিসেম্বর তাকে সাময়িক বহিষ্কার করে গভর্নিং বডি।

এছাড়া অর্থ ছাড়া পদোন্নতি না দেওয়ার অভিযোগে ওই কলেজের ১৩ জন শিক্ষক অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন।

এর আগে অধ্যক্ষ হাছান আলীকে ২টি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং একইসঙ্গে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছিলেন কলেজ গভর্নিং বডি।

কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ৩১ ডিসেম্বর কলেজের সাবেক সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যক্ষ হাছান আলীকে এ ২টি কারণ দর্শানোর নোটিশ ও ৬ মাসের ছুটির আদেশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে কলেজের সভাপতি বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

ওই নোটিশে বলা হয়, নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর কলেজের গভর্নিং বডির সভার ২ নম্বর সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদনে তার অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরে।

বহিষ্কারপত্র সূত্রে জানা যায়, গভর্নিং বডি চলতি বছরের ২২ জানুয়ারি একটি মিটিংয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে ২২ লাখ ৯০ হাজার ৫০১ টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। এর প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর কলেজ গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বাহিষ্কার করা হয়।

এসব অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাছান আলী বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। গভর্নিং বডি আমাকে বহিষ্কার করতে পারে না। কমিটির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. রেশমা আখতার জানান, অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই তাকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ১৮. ডিসেম্বর ২০২৪ ১২:০৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে - Ekotar Kantho

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনী, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

১৬ ডিসেম্বর (সোমবার)সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরিফা হক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, পৌরসভার পক্ষে প্রশাসক শিহাব রায়হানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৯ টায় শহিদ স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয় এবং ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি’র সহ বিভিন্ন রাজনৈতিক দল, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২৪ ০৭:১৩:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে শিশু সন্তান হত্যা মামলায় মায়ের ১দিনের রিমান্ড মঞ্জুর - Ekotar Kantho

টাঙ্গাইলে শিশু সন্তান হত্যা মামলায় মায়ের ১দিনের রিমান্ড মঞ্জুর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে শিশু সন্তানকে হত্যা মামলায় মাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর)দুপুরে বাসাইল আমলী আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া হীরা আক্তারকে (৩৫) । তিনি বাসাইল পূর্ব পাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী।

গত শুক্রবার নিজের দুই বছর বয়সি ছেলে মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে মা হীরা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে হীরা আক্তারকে একমাত্র আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ইব্রাহীম মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ছেলে মোহাম্মদ আলীকে প্রসাব করানোর কথা বলে ঘরের বাইরে নিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে ইব্রাহীমকে ডেকে তার স্ত্রী জানান মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইব্রাহীম বের হয়ে ছেলেকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ছেলেকে উদ্ধার করা হয়। পরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার সকাল ৮ টার দিকে বাসাইল থানার পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা আক্তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কারা তাকে হত্যায় সহায়তা করেছে সে সম্পর্কে কোন তথ্য দেয়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২৪ ০২:০৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কাব্য (১৭) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে।

এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন (১৭ বছর)। তারা দুইজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পিছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান । এ ঘটনায় তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২৪ ০২:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর - Ekotar Kantho

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামী সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার(১১ ডিসেম্বর )বিকালে মির্জাপুর আমলী আদালতের বিচারক সোহেল ম্রোং এ রায় দেন।

এরআগে বিকেলে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আদালত চত্বরে আনা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে প্রিজন ভ্যান থেকে তাকে আদালতের ভিতরে না নিয়ে কারাগারে ফেরত নেওয়া সময় শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। এসময় প্রিজন ভ্যানে থাকা সাবেক মন্ত্রীকে লক্ষ করে ডিম ছুড়ে মারে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রিজন ভ্যানের গতিরোধ করার চেষ্টা করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময়ে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দিতে রাজি হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, লাঠি চার্জ করা পুলিশকে এক ঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে বড় পরিসরে আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে পিপি শফিকুল ইসলাম রিপন জানান, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক একাধিক মামলার আসামী। মির্জাপুরে ইমন হত্যা মামলায় তাকে বুধবার আদালতে হাজির করার তারিখ ধার্য করা ছিল। এ মামলায় তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

তিনি আরও জানান,এছাড়াও নিরাপত্তা জনিত কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আদালত চত্বর থেকেই তাকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জিওসি - Ekotar Kantho

টাঙ্গাইলে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জিওসি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি বাসাইল দক্ষিণপাড়া, এসআরপাড়া ও ভাটপাড়ায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় কৃষক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশিদ, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরুখ খানসহ সেনাবাহিনী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অপরিকল্পিতভাবে বাসাইল দক্ষিণপাড়া এলাকায় সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ বছর বাসাইল দক্ষিণপাড়াসহ কয়েকটি এলাকায় সরিষা আবাদ থেকে বঞ্চিত হয়েছেন অসংখ্য কৃষক। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে কর্তৃপক্ষের নজরে আসে।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৪ ০১:০২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তারা সবাই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর লিংক রোডে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজার সংলগ্ন চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে তিন বন্ধু যমুনাসেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পেছন থেকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনের মধ্যে শাহরুখ আকন্দের মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২৪ ১২:৪০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলার সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে জেলা সদর হেলিপ্যাড চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাসে গিয়ে শেষ হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেৎরা, হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।

এই সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। পরে সকল ধর্মের মানুষদের নিয়ে পুলিশ লাইনের ভিতরে সম্প্রতির বৃক্ষরোপণ করা হয়। শেষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২৪ ০১:৪৩:এএম ২ বছর আগে
ত্রিপুরায় উপ-হাইকমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল - Ekotar Kantho

ত্রিপুরায় উপ-হাইকমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

একতার কণ্ঠঃ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনারের মৌলবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করা হয়েছে।

মঙ্গলবার(৩ ডিসেম্বর )সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি শুরু করা হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, আবু আহমেদ শেরশাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা‌র আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২৪ ০৮:১৫:পিএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।