/ হোম / অপরাধ
টাঙ্গাইলে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় সংলগ্ন একটি আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইল কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের একটি আম বাগানে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২২ ০১:২৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাড়ির পাশের টিলা থেকে নারীর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে বাড়ির পাশের টিলা থেকে নারীর মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের টিলা থেকে এক নারীর মরদেহ পাওয়া গেছে। সোমবার(২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই এলাকার বনবেষ্টিত পাহাড়ি টিলা থেকে লাশটি উদ্ধার করে ঘাটাইল থানার পুলিশ।

নিহত ওই নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি মাকড়াই এলাকার মৃত কুবেদ আলীর মেয়ে।

তাঁর স্বামী আবদুল গফুর একই ইউনিয়নের মালেঙ্গা বড়চালা এলাকার বাসিন্দা। নিহতের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির দূরত্ব ২০০ মিটারের মতো হবে। বাবার বাড়ির পূর্ব পাশের টিলায় লাশটি পাওয়া যায়।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন নারী সোমবার দুপুরে টিলা এলাকায় লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় তাঁরা মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। স্থানীয় ব্যক্তিরা বিকেলে থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ পৌঁছে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

সাজ্জাদ হোসেন আরও বলেন, নিহত নারীর গলায় ওড়না দিয়ে কয়েকটা প্যাঁচ দেওয়া। ওড়নার অপর প্রান্ত বোরকার সঙ্গে বাঁধা। তবে শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।

সেলিনার বড় ভাই আবদুল মান্নান জানান পারিবারিক কলহের জেরে সেলিনা মাস তিনেক আগে তাঁদের বাড়িতে আসেন। তখন থেকে এখানেই থাকতেন। গত রাতে বাড়িতে না পেয়ে তাঁরা ভেবেছিলেন, সেলিনা তাঁর স্বামীর বাড়িতে গেছে। কিন্তু সকালে খোঁজ করে সেখানেও পাওয়া যায়নি। পরে টাঙ্গাইলে আরেক ভাইয়ের বাসায়ও খোঁজ করা হয়। দুপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ বাড়ির পাশের টিলায় পড়ে থাকতে দেখেন স্থানীয় নারীরা। সেলিনাকে কেউ হত্যা করেছে বলে অভিযোগ করেন আবদুল মান্নান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ২২. নভেম্বর ২০২২ ০৫:৪৮:পিএম ৩ বছর আগে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, প্রেমিক পলাতক - Ekotar Kantho

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, প্রেমিক পলাতক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। রোববার (২০ নভেম্বর)থেকে এ অনশন শুরু করেন তিনি। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক হৃদয় (২২)।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে এলেঙ্গা পৌরসভা মসিন্দা গ্রামে। হৃদয় হোসেন ওই গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। আর মেয়ের বাড়ি ভূঞাপুর উপজেলায়। .
এদিকে বিয়ের দাবিতে প্রেমিক হৃদয়ের বাড়িতে অবস্থান করায় বাড়ির লোকজন ওই তরুণী ব্যাপক মারধর করে। বর্তমানে মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, প্রায় দুই বছর আগে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে হৃদয় হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্ক রূপ নেয় দৈহিক সম্পর্কে। কয়েকদিন আগে সে বিয়ের জন্য চাপ প্রেমিক হৃদয় হোসেনকে। কিন্তু সে বিয়েতে রাজি না হয়ে নানা টালবাহানা শুরু করে।
যোগাযোগ বন্ধ করে দেয়। পরে রোববার দুপুর থেকে সে প্রেমিক হৃদয় হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

এদিকে রোববার দুপুরে ওই তরুণী বিয়ের দাবিতে হৃদয় হোসেনের বাড়িতে উঠলে বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ির গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে গেটের সামনেই অনশন চালিয়ে যেতে থাকে সে। পরে সে অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত হৃদয় হোসেন ও তার বাবা হাবিবুর রহমান বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৯:২৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামে এক কিশোরী ব্যাটারিচালিত অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা সদরের সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল মিয়া উপজেলা সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা জানান, শাকিল মিয়া স্থানীয় বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

তিনি মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রোববার (২০ নভেম্বর) রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন।
পরে সোমবার সকালে স্থানীয়রা কলেজের পেছনে শাকিলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৮:২৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দেবে গেছে সেতু ৩ কর্মকর্তা বরখাস্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে দেবে গেছে সেতু ৩ কর্মকর্তা বরখাস্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের বেড়াডোমা সেতু নির্মাণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে এমনটা জানার পরও আইনগত প্রদক্ষেপ না নেওয়ায় টাঙ্গাইল পৌরসভার মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

রবিবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এসব চিঠি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজীব গুহ ও উপসহকারী প্রকৌশলী জিন্নাতুল হক।

এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ নামা পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে তাদের লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে জানানোর জন্য বলা হয়েছে।

জানা গেছে, বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর উপর নির্মাণাধীন সেতু দেবে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছিল। আট মিটার প্রস্ত ও ৪০ মিটার দৈর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি ৬০ লাখ টাকা।

তবে স্থানীয় সূত্র জানায়, ‘ব্রিকস্ অ্যান্ড বিল্ডিং লিমিটেড’এবং ‘দ্যা নির্মিতি কে (জেভি)’ নামক দুটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ কাজ পেয়েছিলেন। কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা।

এ বিষয়ে পৌর মেয়র এস এম সিরাজুল হক জানান, তারা মন্ত্রানালয়ের ওয়েব সাইটের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই চিঠির জবাব দিবেন।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৪:৫৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ফেলে পালালো বিনিময় পরিবহন - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ফেলে পালালো বিনিময় পরিবহন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়েছে বিনিময় পরিবহনের একটি বাস। পরিবহনটি ধনবাড়ী থেকে ঢাকা চলাচল করে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মরদেহটি দেখার পর তারা পুলিশকে জানায়।

পরে রাত ৮টার দিকে থানা থেকে সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে এমন সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। বাসটিকে আটক করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৫:৫৮:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের  টুকরো অংশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের টুকরো অংশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলর মগড়া ইউনিয়নের বাহির শিমুল গ্রামের ধানক্ষেত থেকে এক নারীর মস্তকবিহীন লাশের খন্ডিত কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৮ নভেম্বর) বিকেল চারটা থেকে শনিবার(১৯ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। লাশের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেহের খন্ডিত বিভিন্ন টুকরা উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেতগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ১১:২৪:পিএম ৩ বছর আগে
স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী পলাতক - Ekotar Kantho

স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী পলাতক

‌‏একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়ার দায়ের কোপে স্ত্রী সাহিদা আক্তার(৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়া জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সোনা মিয়া পলাতক রয়েছে।

জানা যায়, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে তাদের সংসার চালাতো। প্রতিদিনে মতো শনিবার সকালে স্বামী-স্ত্রী মিলে কারিগর পাড়া জঙ্গলে লাকড়ি কাটতে যায়। তাদের সাথে পাশের একজন প্রতিবেশীও ছিলো।

হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সোনা মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহাদত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ০৮:৩৪:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিস্ফোরিত ককটেলসহ ছোট-বড় মোট ১২টি ককটেল সহ ৫ জনকে আটক করেছে টহল পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রিকলেজের পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কদিমহামজানি গ্রামের মৃত খন্দকার লাল মিয়ার ছেলে খন্দকার ইকবাল হোসেন (৩৬), বল্লভবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদ সিকদার (২৭), একই গ্রামের মহির উদ্দিন তালুকদারের ছেলে হাফিজুর রহমান তালুকদার (৪৪), রতনগঞ্জ জোড়বাড়ী গ্রামের মৃত খেদমত আলীর ছেলে সাইফুল ইসলাম লাভলু মিয়া (৫৮) ও চাঁনপাড়া গ্রামের আ. হক আকন্দের ছেলে এসএম আহসান হাবিব লাভলু (৫০)।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাত্রিকালীন থানার মোবাইল টিম ডিউটি করাকালে বাগুটিয়া বাজারে অবস্থানকালে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের পাশে ফাঁকা জায়গায় বসে নাশকতার উদ্দেশ্যে কতিপয় লোকজন মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।

তিনি জানান,এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি সহ ছোট বড় মোট ১২টি ককটেলসহ পাঁচজনকে আটক করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরণ দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ০১:৪৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মামলা - Ekotar Kantho

টাঙ্গাইলে মাকে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরের কাগমারীপাড়া শিয়ালকোল এলাকার গৃহবধু জহুরা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভূঞাপুর থানা) আমলী আদালতে তার মেয়ে মো. সেলিনা বেগম (৪১) বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলাটি গ্রহণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
মামলায় নিহত গৃহবধুর স্বামী মো. বেল্লাল হোসেন তালুকদার, তার ছেলের স্ত্রী মোছা. আম্বিয়া বেগম ও ছেলের শ্বশুড় মো. আনছার আলী মন্ডলকে (৬৫) আসামী করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বেল্লাহ হোসেন তালুকদারের জমি-জমা লিখে দেয়ার জন্য তার ছেলের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন চাপ দিতেন। এক পর্যায়ে বেল্লাল হোসেন তালুকদার জমি লিখে দিতে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়।

পরে তার ছেলের স্ত্রী ও শ্বশুড় হত্যা করার পরিকল্পনা করেন। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে জহুরা বেগমকে মারধর করে আসামীরা। এক পর্যায়ে জহুরা বেগমের মৃত্যু হয়।
মেয়ে খবর

মার মৃত্যুর খবর পেয়ে মামলার বাদী তার মেয়ে বাড়ি গিয়ে মায়ের লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে ৯৯৯ ফোন করে। পুলিশ গিয়ে ২৭ সেপ্টেম্বর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আসামীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২২ ০২:২১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নিজ ঘরে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিজ ঘরে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রাম থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামেরই ফজলুর রহমান খানের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর কয়েক দিন আগে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজের ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ‘মরদেহটির সুরতহাল তদন্তে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২২ ০১:০৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের নাগরপুরে হামলায় নিহত ব্যক্তির লাশ নিয়ে বিক্ষোভ - Ekotar Kantho

টাঙ্গাইলের নাগরপুরে হামলায় নিহত ব্যক্তির লাশ নিয়ে বিক্ষোভ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত সোহরাব মিয়ার লাশ নিয়ে সোমবার (১৪ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

নাগরপুরের বেকড়া ইউনিয়নের দক্ষিণ বেকড়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে সোহরাব মিয়া (৫০) প্রতিপক্ষের হামলায় গত ৯ নভেম্বর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।

ঢাকায় ময়না তদন্ত শেষে রোববার (১৩ নভেম্বর) রাতে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। দাফনের আগে এলাকাবাসী এই হত্যার বিচারের দাবিতে বেকড়া বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, বেকড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে নিহত সোহরাবদের পরিবারের সঙ্গে রহিম ও রৌফ মিয়ার পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার (৯ নভেম্বর) সোহরাবদের বাড়িতে প্রতিপক্ষ হামলা করে। এতে সোহরাব ছাড়াও তার অপর তিন ভাই চান মিয়া (৫২), জহিরুল ইসলাম (৪৫), ফরিদ মিয়া (৩০), এবং দুই ভাইয়ের স্ত্রী শাহানাজ বেগম (৫০) ও নাজমা বেগম (৪০) আহত হন। তাদের মধ্যে সোহরাবসহ চার ভাইকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোহরাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এই হামলার পর সোহরাবের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এখন ময়না তদন্তের প্রতিবেদন পেলে ওই মামলায় হত্যা মামলার ধারা সংযুক্ত হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:০৪:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।