/ হোম / একতার কণ্ঠ
টাঙ্গাইলে করোনায়  আরো ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৬ - Ekotar Kantho

টাঙ্গাইলে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৬

একতার কণ্ঠঃ বৃহস্পতিবার(১০ ফেব্রয়ারি) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ী নাগরপুর উপজেলায়। এই মৃত্যু নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২৬৩ জন।বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান। 

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৯৩ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৪৬ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ১৫ দশমিক ৬৯ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৭ হাজার ২০৭ জন।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৮ জন, দেলদুয়ারে ৪ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৪ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ১ জন, ঘাটাইলে ২ জন, ভুঞাপুরে ১ জন,  ও গোপালপুর উপজেলায় ১১ জন সহ মোট ৪৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান  সকলকে করোনা প্রতিরোধে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। স্বাস্থ্য বিধি মেনে পথচারীদের মাস্ক পরে চলাচলের আহ্বানও জানান তিনি।

 

 

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ১০:৫১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় ডিস ব্যবসায়ি গুরুত্বর আহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় ডিস ব্যবসায়ি গুরুত্বর আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় মোমিনুল রহমান(৪২) নামে এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী গুরুত্বর আহত হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বুধবার(৯ ফেব্রয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা ডাইভারশন সেতুর উপর ওই হামলার শিকার হন তিনি।

মোমিনুল টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পার-দিঘুলিয়ার মৃত আজিজুর রহমান চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বেড়াডোমা সাবান ফ্যাক্টরির কাছে অবস্থিত ইউজার চয়েজ ক্যাবল ও ইন্টারনেট অফিস থেকে প্রতিদিনের মতো ব্যবসায়ী মোমিনুল তার পার-দিঘুলিয়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বেড়াডোমা ডাইভারশন ব্রিজের মাঝামাঝি পৌঁছাতেই  কয়েকজন মুখোশধারি সন্ত্রাসী তার উপর বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় তার ডান হাত, মাথা, ডান পা ও নাক গুরুত্বর জখম হয়। তার ডান হাতের তিনটি আগুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া কোপের আঘাতে তার নাক কেটে ঝুলে যায়।তার ডান পায়ের রানের উপর আঘাতও গুরুত্বর । গুরুত্বর আহত অবস্থা তিনি হেঁটে কোন রকমে বেড়াডোমা বেবিস্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লাহ মেডিসিন সপের সামনে গিয়ে পরে যায়। পরে আহতের ভাই মামুন ও মামুনের বন্ধু আলাউদ্দিন মোটরসাইকেল যোগে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে অপরেশন থিয়েটারে নিয়ে জরুরী অপারেশন করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

মনিমুলের বড়বোন কামরুন্নাহার বলেন, হামলার খবর পেয়ে তার ভাই মামুন ও তার বন্ধু আলাদিন মোমিনুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হামলাকারিরা মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারা যায়নি।  ঘটনার পর হামলাকারিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

মমিনুলের বড় ভাই মাহবুব চৌধুরী মনি বলেন, ঢাকা পঙ্গু হাসপাতালে বুধবার রাতেই মোমিনুলের জরুরি অপারেশন করা হয়েছে।তিনি বর্তমানে হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে।মমিনুলের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাই তারা আইনগত কোন ব্যবস্থার দিকে যায়নি। অবস্থার উন্নতি হলে তারা আইনগত প্রক্রিয়া যাবেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার-ইন-চার্জ( ওসি) মীর মোশারফ হোসেন জানান, বুধবার রাতেই ঘটনাটি জেনে ঘটনাস্থল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। তবে আহতের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ১০:১৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ - Ekotar Kantho

টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ৩ টি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ওই তিন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাজাহান আনসারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।

নবনির্বাচিত যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন শপথ গ্রহন করেন তারা হলেনঃ

টাঙ্গাইল সদর উপজেলা ১. দাইন্যা ইউপিতে আফজাল হোসেন (নৌকা) ২. হুগড়া ইউপিতে নুর ই আলম তুহিন (স্বতন্ত্র) ৩. বাঘিল ইউপিতে এস এম মতিয়ার রহমান মন্টু (নৌকা) ৪. ঘারিন্দা ইউপিতে তোফায়েল আহম্মেদ (নৌকা) ৫. করটিয়া ইউপিতে খালেকুজ্জামান মজনু (নৌকা) ৬. পোড়াবাড়ী ইউপিতে শাহাদত হোসেন (স্বতন্ত্র) ৭. গালা ইউপিতে নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) ৮. মগড়া ইউপিতে মোতালেব হোসেন (স্বতন্ত্র)।

ঘাটাইল উপজেলা- ১. দেওলাবাড়ি ইউপিতে সুজাত আলী খান (নৌকা) ২. ঘাটাইল সদর ইউপিতে মিজানুর রহমান হীরা (স্বতন্ত্র) ৩. লোকেরপাড়া ইউপিতে সহিদুল হক মিলন (স্বতন্ত্র) ৪. আনেহলা ইউপিতে তালুকদার শাজাহান (নৌকা) ৫. দিগলকান্দি ইউপিতে রেজাউল করিম মটু (স্বতন্ত্র) ৬. দিঘর ইউপিতে ফারুক হোসেন ফনি (স্বতন্ত্র) ৭. দেওপাড়া ইউপিতে রুহল আমীন হেপলু (স্বতন্ত্র) ৮. জামুরিয়া ইউপিতে জামুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিকে শহিদুল ইসলাম খান হেস্টিংস।

বাসাইল উপজেলা- কাউলজানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব নৌকা),হাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম নৌকা), কাঞ্চনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুন (স্বতন্ত্র)।ফুলকী ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী শামছুল আলম বিজু।

 

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ০২:৪৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের নাগরপুরে ‘প্লাস্টিকের হস্তশিল্প পল্লী’,অনেকেই স্বাবলম্বী - Ekotar Kantho

টাঙ্গাইলের নাগরপুরে ‘প্লাস্টিকের হস্তশিল্প পল্লী’,অনেকেই স্বাবলম্বী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ও বেকড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্লাস্টিকের হস্তশিল্প তৈরির পল্লী গড়ে উঠেছে। আর এর মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। দেশের টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ানটাইম বেল্ট থেকে এ হস্তশিল্পের তৈরি হয়েছে। গড়ে উঠেছে বিভিন্ন মালিকানাধীন কারখানা।

এ সকল কারখানার মালিকরা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা থেকে পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় বেল্ট কিনে নিয়ে আসেন, এই প্লাস্টিক দিয়ে গ্রামীণ নারী-পুরুষ মিলে তৈরি করেন- সিলিং, ডোল কিংবা বেড়া।

এ সকল পণ্যের চাহিদা রয়েছে সারাদেশেই, স্থানীয় হাট-বাজার ছাড়াও কারখানা থেকে তাদের তৈরি পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন গ্রাহকরা। বিশেষ করে ধান কাটার মৌসুমে এ ডোল বেড় এর চাহিদা একটু বেশি। সারা বছর তৈরি করা পন্যর চাহিদা হলেও বছরে অন্যান্য সময়ে কারখানা পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় বেল্ট দিয়ে কারিগররা তৈরি করেন, ঘরের সিলিং, বেড়াসহ বিভিন্ন আসবাবপত্র।

প্লাস্টিকের তৈরি হলেও এ আসবাবপত্রগুলো দেখতে বাঁশ ও বেতের তৈরীর মতোই মনে হয়, টেকসই ও মজবুত হওয়ায় এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। গ্রামীণ জনপদের নারী-পুরুষ সামান্য প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন এমন পণ্য। তাদের তৈরি এ পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়, এতে করে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এ শিল্পকে ঘিরে।ফলে সংসারে অভাব-অনটন অনেকটাই লাঘব করতে সক্ষম হচ্ছেন নারীরা, এই শিল্পের মাধ্যমে পাল্টে যাচ্ছে তাদের পারিবারিক চিত্র।

বারাপুষা গ্রামের ইসহাক মেম্বার জানান, তার কারখানায় মোট ৮০ জন শ্রমিক কাজ করছে। তবে প্রায় কর্মীরা তাদের নিজ নিজ বাড়িতেই এ কাজগুলো করে নিয়ে আসে, কারখানায় এসকল কর্মীরা গড়ে ১৫/২০ পিস করে চেগার(আকার ভেদে) ও একজন কারিগর একটি করে ডোল বানাতে পারে।

তিনি আরও জানান, সিলিং প্রতি কেজি ১৩০ টাকা, চেগার বিক্রি করেন ১১০ টাকা কেজি ধরে।

এ শিল্প কাজের সাথে জড়িত কয়েক জনের সাথে কথা বললে জানা যায়, তাদের উৎপাদিত পণ্য বেশ চাহিদা থাকলেও অর্থের অভাবে সরবরাহ করতে পারছেন না ক্রেতার চাহিদা মতো পণ্য। তবে ব্যাংক কিংবা কোন এনজিও প্রতিষ্ঠান সহজ শর্তে ঋণ প্রদান করলে হয়তো এ শিল্প-কারখানা আরো প্রসারিত করা সম্ভব হতো বলে জানিয়েছেন কারিগররা।

টাঙ্গাইল বিসিকের কর্মকর্তা আসাদুজ্জামান আল ফারুক জানান, এ শিল্পের সাথে জড়িত কারিগররা চাইলে বিসিক এর পক্ষ থেকে এ শিল্প উদ্যোক্তাদের সহায়তা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সিফাত-ই-জাহান জানান, এ শিল্পের সম্প্রসারণের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০ - Ekotar Kantho

টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০

একতার কণ্ঠঃ বুধবার(৯ ফেব্রয়ারি) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ী সদর উপজেলায়। এই মৃত্যু নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২৬২ জন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান। 

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৭৫ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৭০ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৪৫ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৭ হাজার ১৬৫ জন। সর্বমোট মারা গেছে ২৬২ জন।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৫ জন,ধনবাড়ীতে ১৩ জন ,নাগরপুরে ১জন, বাসাইলে ৯ জন, কালিহাতীতে ৫জন, ঘাটাইলে ৫জন ও ভূঞাপুরে ২জন  নিয়ে মোট ৭০ জন।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ০১:১১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম হাসান (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার(৯ ফেব্রয়ারি) সকালে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের ঘোনারচালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কচুয়া পূর্বপাড়া গ্রামের বিশা মিয়ার ছেলে।

নিহতের পারিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে নাঈম মোটরসাইকেল যোগে কচুয়া বাজারে আসার পথে কচুয়া আড়াইপাড়া সড়কের ঘোনারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা নাঈমকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ১০. ফেব্রুয়ারী ২০২২ ১২:১৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একতার কণ্ঠঃ বহুল প্রচারিত যুগান্তর ২৩ বছরে পা রেখেছে। বর্তমানে যুগান্তরের পূর্ণ যৌবন। এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা যুগান্তর যুগ যুগ ধরে রাখবে। ডিজিটাল বাংলাদেশের চতুর্থ বিপ্লবে একটি দেশ এবং দেশান্তরের গণজাগরণ সৃষ্টি প্রত্যয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ বিনির্মাণে যথার্থ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ।

যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ।

সর্বশেষ আপডেটঃ ০৯. ফেব্রুয়ারী ২০২২ ০১:৩১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ স্বৈরশাসক এরশাদের শাসন আমলে ১৯৮৭ সালে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলু। মঙ্গলবার(৮ ফেব্রয়ারি) সকালে টাঙ্গাইলে তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শহীদের পরিবার, জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের শহীদ জগলু রোড়ে ( পুরাতন আদালত রোড়) জগলুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও জেলার আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এ আন্দোলনের অন্যতম সংগঠক তৎকালীন ছাত্রদলনেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

সর্বশেষ আপডেটঃ ০৯. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৮:এএম ৪ বছর আগে
প্রেমিকার অন্যত্র বি‌য়ে,  ঢাবি শিক্ষার্থী টাঙ্গাইলের প্রিতমের আত্মহত্যা - Ekotar Kantho

প্রেমিকার অন্যত্র বি‌য়ে, ঢাবি শিক্ষার্থী টাঙ্গাইলের প্রিতমের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপু‌রে প্রেমিকার অন্যত্র বি‌য়ে হ‌য়ে যাওয়ায় প্রিতম কুমার সিংহ আকাশ (২১) নামে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত‌্যা ক‌রে‌ছেন। রোববার (০৬ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত ১টার দিকে তিনি বিষপান করেন। পরে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু।

প্রিতম কুমার সিংহ আকাশ মধুপুর পৌরসভায় সাথী সি‌নেমা হল রো‌ডের পা‌র্শ্বের উত্তম কুমার সিং‌হের ছে‌লে। তিনি ঢাবির চারুকলা বিভা‌গের স্নাতক (সম্মা‌ন) শেষ ব‌র্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা ক‌লে‌জের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হ‌য়ে যায়। প্রেমিকা‌কে হারানোর বেদনা ও ক্ষোভে রোববার(৬ ফেব্রয়ারি) রাতে নিজ বাড়িতে ইঁদু‌র মারার বিষপান করে আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন প্রিতম। এতে তিনি অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে প্রথ‌মে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স ভ‌র্তি ক‌রে। প‌রে তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। প‌রে সোমবার (০৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইলের রানিদিনমনি মহাশ্মশান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, প্রেমঘ‌টিত কার‌ণে প্রিতম আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানতে পে‌রে‌ছি।

সর্বশেষ আপডেটঃ ০৮. ফেব্রুয়ারী ২০২২ ০২:২৯:এএম ৪ বছর আগে
অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেটে টাঙ্গাইল জেলা দলের ১৩৯ রানের বিশাল জয় - Ekotar Kantho

অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেটে টাঙ্গাইল জেলা দলের ১৩৯ রানের বিশাল জয়

একতার কণ্ঠঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেটের সেন্টাল জোনের কিশোরগঞ্জ ভেন্যুতে টাঙ্গাইল জেলা দল তাদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে। টাঙ্গাইল জেলা দল মানিকগঞ্জ জেলা দলকে ১৩৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

সোমবার (৭ ফেব্রয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক দেবাশিষ সরকার সকালে টসে জয় লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ঘন কুয়াশার কারনে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে ৪২ ওভারে নির্ধারন করা হয়। টাঙ্গাইল জেলা দল নির্ধারিত ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করেন।

টাঙ্গাইল জেলা দলের পক্ষে রিফাত ১০৬ বল খেলে ৮২ রান করে রান আউটের শিকার হয়। একই দলের অধিনায়ক দেবাশিস ৯৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকে।

জবাবে, ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে টাঙ্গাইল জেলা দলের বোলিং তোপের মুখে পরে মানিকগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল ৩৪ ওভার ১ বল খেলে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়।

টাঙ্গাইল জেলা দলের পক্ষে রাদিল ৮ ওভার বল করে ৪টি মেডেন সহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট দখল করে। অপরদিকে একই দলের অপর বোলার মুনতাসির ৮ ওভার বল করে ২ টি মেডেন সহ ১৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে। ফলে টাঙ্গাইল জেলা দল তাদের প্রথম ম্যাচে অনায়াসে ১৩৯ রানের ব্যবধানে জয় লাভ করে।

খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলা দলের ব্যাটসম্যান রিফাত বেগ।

টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়ারগণ হচ্ছেঃ- দেবাশিস(অধিনায়ক) সামিউল(উইকেট রক্ষক) আবিদ, বাঁধন, রিফাত, হামজা, সাবিবুর, ইমরুল, মাহাদি, মুনতাসির, ও রাদিল।

টাঙ্গাইল জেলা দলের কোচ হিসেবে আছেন কামরুল ইসলাম ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।সহকারি  ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মানুনুর রশিদ মামুন ।

টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব -১৬ ক্রিকেট দলের সার্বিক দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি) নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মো. আরাফাত রহমান।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা গ্রুপ পর্বের ম্যাচে আগামী বুধবার(৯ ফেব্রয়ারি) রাজবাড়ী জেলা দল ও শনিবার(১২ ফেব্রয়ারি) শরিয়তপুর জেলা দলের বিপক্ষে কিশোরগঞ্জ ভেন্যুতে খেলবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. ফেব্রুয়ারী ২০২২ ০২:৪৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ  মোঃ জলিল(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার( ৬ ফেব্রয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ী গ্রাম  থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে র‌্যাব-১২ সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত  করেছে।

গ্রেপ্তারকৃত মোঃ জলিল রাজাবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), (পিপিএম), (বিএন) এর নেতৃত্বে  কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেলক্রসিং এর উত্তর পাশে অভিয়ান চালিয়ে মোঃ জলিল নামের এক মাদকব্যবসায়ীকে ১ হাজার ৩ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।  সে রাজাবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায়  ৩ লাখ ৯ শত টাকা। গ্রেপ্তারকৃত জলিলের বিরুদ্ধের কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের  করা হয়েছে।

 

 

সর্বশেষ আপডেটঃ ০৭. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫০:এএম ৪ বছর আগে
জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা - Ekotar Kantho

জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

একতার কণ্ঠঃ ভোট কেনাসহ নানা অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আপিল বোর্ড নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে।

শনিবার (৫ ফেব্রয়ারি) বিকাল পাঁচটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। এই সভায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, জায়েদ নির্বাচনে দুর্নীতি করেছেন, টাকা দিয়ে ভোট কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এজন্য শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এদিকে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি প্রাঙ্গণ দুপুর থেকে উত্তপ্ত ছিল। ভোটাধিকার হারানো ১৮০ জন শিল্পী সেখানে মিছিল নিয়ে প্রবেশ করে স্লোগানে উত্তাপ ছড়ান। সমস্বরে তারা ‘জায়েদ খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ চিৎকারে জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দেন।

ক্ষোভ প্রকাশ করে একজন নৃত্যশিল্পী বলেন, আমাদের সঙ্গে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই। ওকে আমি অভিশাপ দিচ্ছি।

এর আগে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খান ১৭৬ ভোট ও নিপুণ ১৬৩ ভোট পান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিপুনের ২৬ ভোট বাতিলের তথ্য জানানো হয়।

জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারের পর ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তার আপিলের ভিত্তিতে ভোট পুনর্গণনাতেও সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। এ নিয়ে গত রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে টাকা দিয়ে ভোট কেনাসহ বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন নিপুণ।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. ফেব্রুয়ারী ২০২২ ০১:১৫:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।