/ হোম / একতার কণ্ঠ
স্বাধীনতা দিবসে বিএনপি নেতা খন্দকার হাবিবের শ্রদ্ধা - Ekotar Kantho

স্বাধীনতা দিবসে বিএনপি নেতা খন্দকার হাবিবের শ্রদ্ধা

একতার কণ্ঠঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট খন্দকার আহসান হাবীব শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি  শনিবার (২৬ মার্চ) সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

এসময় তার সাথে অংশগ্রহণ করেন আইনজীবী ফোরামের নেতা এডভোকেট রাকিবুল ইসলাম, এডভোকেট শাহীন মিয়া, এডভোকেট জহুরুল ইসলাম, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা শাহ আলম মিয়া, বাবুল খান, খন্দকার শাহ ফরিদ, আসাদুজ্জামান আদম, বায়োজিদ হোসেন, সফিকুর রহমান, লালু মিয়া, মুক্তা খান, খন্দকার আবু নাছের স্বপন, রুবেল মিয়া, বিপ্লব খান ও হীরন খানসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও জাতির স্বার্থে কোন আপোষ নয়। আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকবো।

প্রকাশ,  টাঙ্গাইল পৌরসভার জনপ্রিয় সাবেক কাউন্সিলর খন্দকার আহসান হাবীব বর্তমানে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. মার্চ ২০২২ ০২:৫৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার ওপর হামলা, পোস্ট মাস্টার গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার ওপর হামলা, পোস্ট মাস্টার গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় মিনহাজ উদ্দিন (৫০) নামের এক পোস্টমাস্টারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে মামলার আইও টাঙ্গাইল সদর থানার এসআই মোরাদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (২৫ মার্চ) তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে স্কুলছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন

গ্রেপ্তারকৃত  মিনহাজ উদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি বাসাইল উপজেলা পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। এরআগে একই মামলায় গত ২৩ মার্চ করটিয়া বেপারীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মিরাজ (২০) কে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে দুইজনেই কারাগারে রয়েছে।

আহত ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঢেলিকরটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত ১৫ মার্চ প্রতিদিনের ন্যায় সকালে সাব্বির হোসেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঢেলিকরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে এলাকার  একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বিরের ওপর এলোপাথাড়িভাবে আঘাত করে। এসময় তার মাথায়, হাত এবং পায়ে দেশীয় অস্ত্রের কোপের আঘাতে গুরুতর আহত হয়। তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে যায়। সাব্বিরের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সাব্বিরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের মা সাফিয়া বেগম বাদি হয়ে ২১ মার্চ ১৩ জনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

এদিকে, এ হামলার ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

সাব্বির হোসেনের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলের ওপর বর্বরোচিত হামলার উপযুক্ত বিচার চাই। আমার ছেলেটি বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

টাঙ্গাইল সদর থানার এসআই মোরাদুজ্জামান বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। আহত সাব্বিরের মা বাদী হয়ে ১৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টাঙ্গাইলের ডেপুটি পোস্টমাস্টার (জেনারেল) মোহাম্মদ ওমর ফারুক জানান ‘বাসাইল উপজেলা পোস্টমাস্টারকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। যদি কোনও কর্মচারি মামলাতেই পুলিশ কর্তৃক গ্রেফতার হয়, তাহলে সরকারি আইনে তাকে সাসপেন্ড করা হয়। অফিস খুললে তথ্য সংগ্রহ করে তাকে সাসপেন্ড করা হবে।’

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২২ ১২:৫৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার(২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আরো পড়ুনঃ  টাঙ্গাইলে স্কুলছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন

কর্মসূচির মধ্যে ছিল- প্রত্যুষে ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, জেলা সদরের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুস্পস্তবক অর্পন, আলোকসজ্জা, কুচকাওয়াজ, খেলাধূলা, আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিশেষ মোনাজাত ও প্রার্থণা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইত্যাদি।

শনিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদকায়সার,পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফজলুল হক বীরপ্রতীক, সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২২ ১২:৫৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুলছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুলছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের স্কুল ছাত্র রাহাত(১৪) হত্যা রহস্য উদঘাটন করেছে র‌্যাব।শনিবার(২৬ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে  ওই হত্যাকান্ডের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন।

র‌্যাব কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, বন্ধুকে এতিম বলায় জীবন দিতে হয় স্কুলছাত্র রাহাতকে (১৪)। শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত রাহাতের বন্ধু বিপ্লব র‌্যাবের হাতে আটক হওয়ার পর হত্যার রহস্য উদঘাটন হয়।

তিনি আরো জানান, রাহাত ও বিপ্লব দুই বন্ধু। তাদের বাড়িও পাশাপাশি। মঙ্গলবার (২২ মার্চ) রাতে বিপ্লব ও রাহাত কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে বসে লুডু খেলছিল। এ সময় বিপব্লকে কয়েকবার রাহাত এতিম বলে সম্বোধন করে। এ কারণে রাহাতের ওপর ক্ষিপ্ত হয় বিপ্লব এবং রাহাতকে হত্যার সিদ্ধান্ত নেয় । পরে বিপ্লব বাজারের একটি দোকান থেকে ব্লেড ও সিগারেট কেনে। এরপর সে সিগারেট খাওয়ার কথা বলে রাহাতকে কাগুজিপাড়া এলাকার একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সিগারেট খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিপ্লব ব্লেড দিয়ে রাহাতের গলায় পোচ দেয়। এসময় রাহাত চিৎকার দিলে বিপ্লব মুখ চেপে ধরে আরও কয়েকবার পোচ দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কাদা-মাটির মধ্যে রাহাতের মুখ চেপে ধরে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ পাশের পুকুরে ফেলে দিয়ে রাহাতের মোবাইল ফোন নিয়ে বাড়িতে চলে যায় বিপ্লব। বাড়িতে গিয়ে সে গোসল করে এবং তার রক্তমাখা জামা-কাপড় ধুয়ে ফেলে।

তিনি গণমাধ্যম কর্মীদের আরো জানান, শুক্রবার (২৫ মার্চ) তথ্যপ্রযুক্তির মাধ্যমে কালিহাতী থেকে বিপ্লবকে আটক করার পর র‌্যাবের কাছে সে এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। পরে তার ঘর থেকে তার জামা-কাপড় ও নিহত রাহাতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকা থেকে রাহাতের মরদেহটি উদ্ধার করা হয়। রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল। আটককৃত বিপ্লব বানিয়ারা গ্রামের নুবু মিয়ার ছেলে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২২ ০৯:১০:পিএম ৪ বছর আগে
নাগরপুরে গণহত্যা দিবস পালিত - Ekotar Kantho

নাগরপুরে গণহত্যা দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) সকালে নাগরপুর উপজেলার বনগ্রাম গণকবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সহ গ্রামবাসীর পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরো পড়ুনঃ ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব “সেলুলয়েডে বঙ্গবন্ধু”

পুস্পস্তবক অর্পণ ও দোয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলু সহ গ্রামবাসী।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বনগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম রসুলপুরে (২৫ অক্টোবর) বর্বরোচিত হামলা করে পাক হানাদার বাহিনী। হামলায় নিরীহ গ্রামবাসী সহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করা সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় বসত বাড়ি। সেই সাথে পুড়িয়ে মারা হয় অসংখ্য অসহায় গবাদি পশু। এমন হত্যা যজ্ঞ শেষে পাক হানাদার বাহিনী চলে গেলে গ্রামবাসীদের সহায়তায় শহীদ মুক্তিযোদ্ধাদের দেয়া হয় গণ কবর। সেই থেকে প্রতি বছর এই দিনে (২৫ মার্চ) শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও নিহত মুক্তিযোদ্ধার পরিবার সহ গ্রামবাসীরা ছুটে যান এই গণ কবরে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২২ ০৩:৪৭:এএম ৪ বছর আগে
ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব “সেলুলয়েডে বঙ্গবন্ধু” - Ekotar Kantho

ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব “সেলুলয়েডে বঙ্গবন্ধু”

একতার কণ্ঠঃ জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ২৭ মার্চ (রোববার) আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে শুরু হচ্ছে সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে চলচ্চিত্র উৎসব।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও গবেষক দিলদার হোসেন।

তিনি বলেন, ৩ দিনব্যাপী এ উৎসবের আয়োজনে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এস এস কমিউনিকেশন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উৎসবে বিনাটিকেটে শুধুমাত্র আইডি কার্ড প্রদর্শন করে বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পাবেন। আর দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। যা দিয়ে একদিনে প্রদর্শিত সবগুলো চলচ্চিত্র দেখার সুযোগ থাকছে।

তিনি বলেন, ২৭ মার্চ উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র টুঙ্গি পাড়ার মিয়া ভাই, চিরঞ্জীব মুজিব, বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও তোমারই হোক জয়। উৎসব চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। অনুষ্ঠান উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময়বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ কুমার রানা, এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী শফিউল্লাহ সুমন, উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহানূর, এস এস কমিউনিকেশনের উপদেষ্ঠা শওকাত হাসান মিঞা, ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সানভিস বাই তনী’র সত্বাধিকারী রুবাইয়াত ফাতেমা তনি উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২২ ০২:৫৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার (২৪ মার্চ)  রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে আরো একজন। বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ( ওসি) মো. আজিজুল হক।

আরো পড়ুনঃ ডা. খন্দকার গোলাম মোস্তফার মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা

নিহতরা হলেন- মোটর সাইকেল চালক বাবুল হোসেন (৩০), তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকায়। অপর দূর্ঘটনায় ট্রাক চাপায় স্থানীয় নাহিদ কটন মিলের এক শ্রমিক নিহত হয় । তার নাম রাসেদুল ইসলাম (২৮)। সে গাইবান্ধা জেলার পলাশতলী উপজেলার ভগবানপুর গ্রামে বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে গোড়াই হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ( ওসি) মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে মহাসড়কের পাকুল্যা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক বাবুল হোমেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ভাই আলামিন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি আরো জানান,  এছাড়া বৃহস্পতিবার রাতে কাজ শেষে গোড়াই এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ভুট্টাবাহী একটি ট্রাক  চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ কটন মিলের শ্রমিক রাসেদুল মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ট্রাক আটক হলেও চালকরা পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২২ ০২:০৯:এএম ৪ বছর আগে
ডা. খন্দকার গোলাম মোস্তফার মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা - Ekotar Kantho

ডা. খন্দকার গোলাম মোস্তফার মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিশিষ্ট ভেটেরিনারি চিকিৎসক ডা. খন্দকার গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

মন্ত্রী শুক্রবার(২৫ মার্চ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত খন্দকার গোলাম মোস্তফা কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির মেজো মামা। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের খন্দকার বাড়ি নিবাসী ছিলেন। মামার স্নেহ ও ভালবাসার স্মৃতিচারণ করে শোকবার্তায় মন্ত্রী বলেন, ছোটোবেলা থেকে মামার অপার স্নেহ ও ভালবাসা পেয়েছি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও পরোপকারী। তিনি এলাকাবাসীর বিপদেআপদে সবসময়ই এগিয়ে আসতেন, তাঁদের পাশে দাঁড়াতেন।

উল্লেখ্য, ডা. খন্দকার গোলাম মোস্তফা শুক্রবার সকালে ঢাকায় আনোয়ার খান মর্ডার্ন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বাক্ষরিত/
কামরুল ইসলাম, পিআরও

সর্বশেষ আপডেটঃ ২৫. মার্চ ২০২২ ০৮:১৯:পিএম ৪ বছর আগে
গোপালপুরে সরকারি বই জব্দ, থানায় অভিযোগ - Ekotar Kantho

গোপালপুরে সরকারি বই জব্দ, থানায় অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে ফেরিওয়ালার কাছ থেকে সরকারি বই জব্দের ঘটনায় থানায় অভিযোগ জমা পড়েছে। চরচতিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম মণ্ডল বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এই অভিযোগ করেন।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে কাফনের কাপড় পাঠিয়ে মসজিদের ইমামকে হুমকি

এর আগের দিন বুধবার ওই মাদ্রাসা থেকে বইগুলো কিনে নেয়ার সময় ফেরিওয়ালা আব্দুল গণিকে আটক করেন স্থানীয়রা। পরে বস্তাভর্তি বই উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা তাৎক্ষণিকভাবে বইগুলো জব্দ করেছি, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ।’

ফেরিওয়ালা আ. গণি জানান, ওই মাদ্রসার প্রভাষক আকাশ আলীর মাধ্যমে ১৭ টাকা কেজি দরে ৫ হাজার ৯০০ টাকায় বইগুলো কেনেন তিনি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘আমার কাছে অভিযোগ এসেছে। প্রভাষক আকাশের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন মাদ্রাসা অধ্যক্ষ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ আপডেটঃ ২৫. মার্চ ২০২২ ০১:৪৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

আরো পড়ুনঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ টন সয়াবিন তেলসহ উল্টে গেল ট্রাক

নিহত স্বপন চক্রবর্তী (৩৫) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া এলাকার কানাই চক্রবর্তীর ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, সাপের কামড়ে স্বপন চক্রবর্তী হাসপাতালে মারা গেছেন। পারিবারিকভাবে তার লাশ সৎকার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. মার্চ ২০২২ ১২:৫২:এএম ৪ বছর আগে
দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের আব্দুল হামিদ - Ekotar Kantho

দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের আব্দুল হামিদ

একতার কণ্ঠঃ দক্ষিণ আফ্রিকার জঙ্গলে গুলিতে নিহত হয়েছেন টাঙ্গাইলের সখীপুরের আবদুল হামিদ (৩৬)। তিনি অবৈধ পথে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার জঙ্গলের সীমান্তে পৌঁছালে টহলরত পুলিশের গুলিতে মারা গেছেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। আবদুল হামিদ সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস আগে উপজেলার প্রতিমাবংকী গ্রামের আমির হোসেনের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মিনহাজ উদ্দিন ছুটিতে বাড়িতে আসেন। তখন মিনহাজ তার পূর্বপরিচিত হামিদকে একই সঙ্গে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কথা বলে এবং সেখানে তাকে বেশি বেতনে শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে হামিদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকাও হাতিয়ে নেয়। মিনহাজ হামিদকে সঙ্গে না নিয়ে আবদুস সাত্তার নামে এক আদম ব্যবসায়ীর মাধমে আফ্রিকা পাঠানোর ব্যবস্থা করে চলে যায়।

এ বছরের জানুয়ারিতে আবদুল হামিদ আফ্রিকার উদ্দেশে ওই আদম ব্যবসায়ীর সহযোগিতায় বাড়ি থেকে বের হন। আবদুল হামিদের সঙ্গে পরিবারের কিছুদিন যোগাযোগ থাকলেও মাসখানেক ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আফ্রিকায় অবস্থারত মিনহাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে সে নানা টালবাহানা করতে থাকে। গত রোববার রাতে হামিদের বাড়িতে খবর আসে, তিনি দুবাই, কঙ্গো ও জিম্বাবুইয়ে হয়ে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে সীমান্ত এলাকায় ঢুকলে ওই দেশের পুলিশের গুলিতে মারা যান।

নিহতের বড় ভাই মো. হারুন জানান, রোববার রাতে খবর পেলেও ১০-১৫ দিন আগে হামিদ ওই দেশের পুলিশ অথবা সন্ত্রাসীর গুলিতে মারা গেছে। এ বিষয়ে সখীপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষই থানায় এসেছিল। তারা সমঝোতার চেষ্টা করছেন বলে আমাকে জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. মার্চ ২০২২ ০২:০৯:এএম ৪ বছর আগে
বিয়ে করতে চাওয়া সেই ২ কিশোরীকে পরিবারে হস্তান্তর - Ekotar Kantho

বিয়ে করতে চাওয়া সেই ২ কিশোরীকে পরিবারে হস্তান্তর

একতার কণ্ঠঃ বিয়ে ও সংসার করার দাবিতে টাঙ্গাইলে একত্রিত হওয়া দুই কিশোরীকে প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিদায় বেলায় বিচ্ছেদে কাতর দুই জনই কান্নায় ভেঙে পড়ে। অশ্রুসজল বিদায়ের মধ্য দিয়ে মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন পরিষদে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রেমের টানে বিয়ে ও সংসার করতে সুদূর নোয়াখালী থেকে টাঙ্গাইলের কিশোরী প্রেমিকার বাড়িতে ছুটে আসে এক কিশোরী। তবে তাদের প্রেম ও এমন দাবি মেনে নিতে নারাজ পরিবার। প্রেম ও সম্পর্কে অনড় দুই কিশোরী। প্রয়োজনে গার্মেন্টে কাজ করে হলেও এক সংসার করতে চায় দুই জন। বিষয়টি নিয়ে বাসাইল উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পরিবার পড়েন চরম বিপাকে।

বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু বলেন, ‘ইউএনও আমাকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছিলেন। পরে দুই কিশোরীর অভিভাবকের সঙ্গে বৈঠকে বসা হয়। সেখানে মুচলেকা রেখে দুই জনকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই দুই কিশোরী যাতে আর যোগাযোগ করতে না পারে সে বিষয়ে তাদের পরিবারকে নির্দেশ নেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন বলেন, ‘নোয়াখালী সদরের ইউএনও-র সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরীর পরিবারকে খুঁজে বের করা হয়। এরপর ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে সমাধানের জন্য বলা হয়। তিনি তাদের অভিভাবকদের কাছ লিখিত রেখে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন।’

উল্লেখ্য, ফেসবুকে নোয়াখালী সদর ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার দুই কিশোরীর প্রায় দুই বছর আগে পরিচয় হয়। সেই থেকে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ হতো তাদের। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে তারা প্রায় দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় একসঙ্গেও থাকে। এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তারা সিরাজগঞ্জের চৌহালী গিয়ে সময় কাটায়। সেখানে স্থানীয়দের কাছে দুই কিশোরীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দুই জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ রবিবার তাদের মোবাইল ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় নোয়াখালীর কিশোরী টাঙ্গাইল শহরে চলে আসে। পরে বাসাইল থেকে গিয়ে তাকে নিয়ে আসে অপর কিশোরী। ‘তারা একে অপরকে বিয়ে করতে চায়’ বিষয়টি ওই রাতেই এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। তাদের দেখতে লোকজন বাড়িতে ভিড় জমান। তাদের এমন সিদ্ধান্তে স্বজনরাও হতভম্ব। অবশেষে ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুন ২০২২ ০৮:৪০:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।