/ হোম / একতার কণ্ঠ
বঙ্গবন্ধুসেতুতে ২৪ ঘণ্টায় প্রায় সোয়া দুই কোটি টাকার টোল আদায় - Ekotar Kantho

বঙ্গবন্ধুসেতুতে ২৪ ঘণ্টায় প্রায় সোয়া দুই কোটি টাকার টোল আদায়

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮০২টি যানবাহন পারাপার হওয়ায় যে কোন সময়ের চেয়ে বেশি টোল আদায় হয়েছে। রোববার (৯ মে) ভোর ৬টা থেকে সোমবার(১০ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা টোল আদায় হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৭৯ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৫ হাজার ২৩টি। যা অন্য যে কোন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শফিকুল ইসলাম ও সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

নাম সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বঙ্গবন্ধুসেতু দিয়ে পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সেতু দিয়ে পারাপার হয়েছে। এদিকে, সোমবার সকাল থেকে উত্তরবঙ্গমুখী সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। ঈদুল ফিতরের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক, খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

অন্যদিকে, সরকার ঘোষিত দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও ঈদে ঘরমুখো মানুষ তা মানছে না। ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি ট্রাক, মাইক্রোবাস, পিকআপে করেই প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ছুটছে মানুষ। ফলে ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করছে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী সাধারণ। এছাড়া মহাসড়কে যাতায়াতে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছেনা। খুবই কম সংখ্যক দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে দেখাগেছে। তবে রাতে দূরপাল্লার যানবাহেেনর আধিক্য বেশি লক্ষ্য করা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে দূরপাল্লার কোন গণপরিবহন চলাচল করছে না। তবে সোমবার সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে এ মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছে। তবে এখনও যানজট ছাড়াই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

সর্বশেষ আপডেটঃ ১১. মে ২০২১ ০২:১২:এএম ৫ বছর আগে
সরকারের নানামুখী উদ্যোগে ধান উৎপাদন প্রতি বছর বাড়ছে :: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

সরকারের নানামুখী উদ্যোগে ধান উৎপাদন প্রতি বছর বাড়ছে :: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এবছর সারা দেশে আনন্দমুখর পরিবেশে বোরো ধান কাটা চলছে।সরকারের নানামুখী উদ্যোগ ও ভর্তুকি দেওয়ার ফলে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর বাড়ছে। বিশেষ করে চার দফায় সারের দাম কমানো বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।

ইতোমধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে। প্রতি বছর হাওর এলাকায় আগাম বন্যায় ধান তলিয়ে যায়- এবার সে আশঙ্কা নেই। আশা করা যায় সারাদেশে সফলভাবে ধান কাটা শেষ করা যাবে।মন্ত্রী বলেন, এখন দেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান হয়। এক সময় এ মৌসুমে তেমন কোন ধান হত না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, সেচের মূল্য হ্রাস, সারের দাম নিয়ন্ত্রণ, বীজ, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং নতুন নতুন উন্নত জাতের ও প্রযুক্তি উদ্ভাবনের ফলেই এটা সম্ভব হয়েছে।

কৃষিমন্ত্রী শুক্রবার(৭ মে) বিকালে টাঙ্গাইলের মধুপুরে ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মধুপুর কৃষক লীগ আয়োজিত “ধান কাটা উৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মধুপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম মঈনুল ইসামের সভাপতিত্বে ধান কাটা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মধুপুর উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর উপজেলাপরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম হিরণ, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মো. শহিদুল ইসলাম, মিজানুর রহমান, আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন, মধুপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মহসীনুল কবীর।

সর্বশেষ আপডেটঃ ০৮. মে ২০২১ ০৩:৫৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বাস চলাচল শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চলাচল শুরু

একতার কণ্ঠঃ বৃহস্পতিবার(৬ মে) সকাল থেকে  টাঙ্গাইলে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল করায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি প্রকাশ করছে পরিবহন চালকরা। দুরপাল্লার গাড়ী চলাচল না করায় টাঙ্গাইলের বাসস্ট্যান্ডেই রয়েছে দুরপাল্লার বাসগুলো। শুধু লোকাল বাস ও নন সিটিং সার্ভিস বাসগুলো চলছে টাঙ্গাইল জেলায়।

স্বাস্থবিধি মেনে ফাঁকা ফাঁকা হয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকায় ভাড়া বেশি দিতে হচ্ছে যাত্রীদের। তারপরও কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন সাধারন যাত্রীরা। কিন্তু দুরপাল্লা  গাড়ী চলাচল না করায় তেলের খরচও উঠছে না বলে জানিয়েছেন পরিবহন চালক ও  মালিকগণ।

বাস চালক মিজানুর রহমান জানান,  যাত্রী সংখ্যা কম হওয়াতে  গাড়ীর তেল খরচ উঠানোই কষ্টকর হয়ে পড়েছে। তার পরও সরকারকে ধন্যবাদ বাস চলাচলের অনুমোদি দেওযার জন্য।

বাস মালিক এহসানুল হক বলেন,  শুধু মাত্র শুধুমাত্র জেলার মধ্যে বাস চলাচলে মালিক-চালক-শ্রমিক কারো কোন লাভ হচ্ছে না। স্বাস্থ্য বিধি মেনে নিদিস্ট রুটে বাস চলাচল করার অনুমোদি দিলে সব  দিক যাত্রী- মালিক উভয়ই লাভবান হতো। আশা করি, সরকার বিষয়টি বিবেচনায় আনবেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. মে ২০২১ ০৩:৩৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে প্রসূতির পেটে গজ: পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রসূতির পেটে গজ: পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ৩১ জানুয়ারি প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার( ৬ মে)দুপুরে টাঙ্গাইল সদর আমলি আদালতের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসূতির বাবা এস,এম, মাহবুব হোসাইন এই মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকি মিয়া জানান, আদালত মামলা গ্রহণ করে পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন।

বাদী এস,এম, মাহবুব হোসাইন জানান, গত ৩১ জানুয়ারি তার মেয়েকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেসন্তান হয়। এরপর তার মেয়ের পেটে গজ রেখে সেলাই করে দেন চিকিৎসকেরা। এরা হলেন হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নিসফুন নাহার, ডা. অপু সাহা, ডা. আবেদা সুলতানা, ডা. ফজলুল হক ও ডা. জাকির।

এদিকে গজ পেটে রয়ে যাওয়ায় পর দিন থেকেই তার মেয়ের পেটে ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকের ব্যথা সন্দেহে এই হাসপাতালেই টানা ২২ দিন চিকিৎসা চলে। অবস্থার অবনতি হলে মেয়েকে ঢাকায় নেয়া হয়। গত ১ মার্চ ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানে পেটের ভেতরে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। ৩ মার্চ অস্ত্রোপচার করে তার পেট থেকে প্রায় এক ফুট লম্বা গজ বের করেন চিকিৎসকেরা।

তিনি জানান, চিকিৎসকদের এই অবহেলার জন্য তিনি তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি ঘটনার সঠিক তদন্ত ও সব আসামির বিচার চান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালের পক্ষ থেকে করা তদন্তে রোগীর স্বজনদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাটি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্খিত। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৈফিয়ত দাবি করব এবং সঠিক ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব।

 

সর্বশেষ আপডেটঃ ০৮. মে ২০২১ ০৮:৩৪:এএম ৫ বছর আগে
ভূঞাপুর পৌর নির্বাচনে আ.লীগ এজেন্টের আঙুল কেটে ফেলা সেই কাউন্সিলরকে বহিষ্কার - Ekotar Kantho

ভূঞাপুর পৌর নির্বাচনে আ.লীগ এজেন্টের আঙুল কেটে ফেলা সেই কাউন্সিলরকে বহিষ্কার

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের আঙুল কাটার অভিযোগে নির্বাচিত কাউন্সিলর আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সোমবার (৩ মে) ভূঞাপুর পৌর আ.লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে এই বহিষ্কারের কথা গণমাধ্যমকে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মো. আনোয়ার হোসেন গত ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে এবং আ.লীগের অন্যান্য কর্মীদের উপর নিজ স্বার্থ হাসিলের জন্য অতর্কিত হামলা করেন। সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলেন। এ কারণে দল থেকে বহিষ্কার করা হলো তাকে। এছাড়া বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় থেকে বিরত থাকতে বলা হলো তাকে।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি সকাল ৮ থেকেই সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী-পুরুষ ভোটাররা। নিজের অবস্থা শোচনীয় দেখে জাল ভোট দিতে যান কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন। অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে বিপত্তি বাধে, শুরু হয় সংঘর্ষ। লাঠি হাতে নিয়ে নেতৃত্ব দেন সদ্য বিজয়ী কাউন্সিলর আনোয়ার হোসেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। কেটে ফেলা হয় নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের আঙুল এবং গুরুতর আহত হয় ৭ জন।

সর্বশেষ আপডেটঃ ০৬. মে ২০২১ ০৩:৫৪:এএম ৫ বছর আগে
মধুপুরে আনারস বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - Ekotar Kantho

মধুপুরে আনারস বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি আনারস বাগান থেকে অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাতে  উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কুড়ালিয়া গাজীর ভিটার আনারস বাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আনারস বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,কয়েকদিন আগে তাকে হত্যা করে আনারস বাগানে ফেলে রাখা হয়েছে।

তিনি আরো জানান, বুধবার (৫ মে) সুরতহাল শেষে নিহতের লাশ  ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. মে ২০২১ ০৩:০৪:এএম ৫ বছর আগে
সরকারি চাকরিতে ফের বয়সে ছাড় আসছে - Ekotar Kantho

সরকারি চাকরিতে ফের বয়সে ছাড় আসছে

একতার কণ্ঠঃ  লকডাউনে’ চাকরির নিযোগ পরীক্ষা নিতে না পারায় গতবছরের ন্যায় এবছরও চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিতে নির্দেশনা দেবে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর বিধিনিষেধ বাড়ানো হয় আগামী ১৬ মে পর্যন্ত।সংক্রমণ পরিস্থিতিতে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনায় বিধিনিষেধের কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।তাদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবো। বয়সটা যাতে ছাড় দেওয়া হয় সেই পদক্ষেপ আমরা নেবো।

তিনি বলেন, যে সময়টা তাদের নস্ট হয়েছে, যখন যে সময় বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেব। পরিস্থিতি স্বাভবিক হলে আমরা এ বিষয়ে নির্দেশনা দেবো।গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার।

ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। কিন্তু এ বছর কতদিন ছাড় দেওয়া হবে তা নির্দিষ্ট করেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সর্বশেষ আপডেটঃ ০৫. মে ২০২১ ০৩:১৫:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলের সন্তোষে খোদা-ই-খেদমতাগার এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলের সন্তোষে খোদা-ই-খেদমতাগার এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে খোদা-ই-খেদমতাগার এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোদা-ই-খেদমতাগার ও ন্যাপ ভাসানীর সভাপতি মো: হাসরত খান ভাসানী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১০ নং হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন খান তোফা।

প্রধান আলোচক হিসেবে মওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে খোদা-ই-খেদমতাগার এর উপদেষ্টা অহেদুর রহমান মতি ও মওলানা ভাসানী মুসাফির খানার সাধারন সম্পাদক মো: আলিমুদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।

ইফতার ও দোয়ায় নাগরপুর জনতা কলেজের শিক্ষক মো: আব্দুর রহমান, ন্যাপ ভাসানীর যুগ্ম-মহাসচিব মো: আলাউদ্দিন, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: মফিজুল ইসলাম মজনু, মুরিদান সংঘের সাধারন সম্পাদক মো: আবু সাইদ আজাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ ভক্ত-মুরিদানগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. মে ২০২১ ০২:১৯:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে গরীব অসহায় দুস্থ এবং খেটে খাওয়া মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৪মে)সকালে বঙ্গবন্ধু সেনা নিবাসের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনানিবাসের লে. কর্নেল মোহাম্মেদ সোহেল রানা এবং মেজর ইমরুল কায়েসসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ।

এ সময় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা বিতরণ করা হয়।এ প্রসঙ্গে সেনা কর্মকর্তারা জানান, ভবিষ্যতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ০৫. মে ২০২১ ০২:২৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ’বেড়াডোমা ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন  - Ekotar Kantho

টাঙ্গাইলে ’বেড়াডোমা ব্রিজ’ নির্মাণ কাজের উদ্বোধন 

 একতার কণ্ঠ : টাঙ্গাইল পৌর সভার বেড়াডোমা এলাকায়  লৌহজং নদীর উপর অবস্থিত বেড়াডোমা  ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  সোমবার( ৩ মে) বেলা ১১ টায়  টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইলিং শুরুর মধ্য দিয়ে এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত  নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, উপ-সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ, পৌর কাউন্সিলর সাইফুল সরকার, মামুন জামান সজল  সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ প্রসঙ্গে  এস,এম সিরাজুল হক আলমগীর বলেন, বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর উপর  নির্মিত ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কার  হয়নি। ফলে  ব্রিজটি ভেঙ্গে গিয়ে  লৌহজং নদীর  পশ্চিম পাড়ের জনগণ সহ পশ্চিম টাঙ্গাইলের বিভিন্ন এলাকার মানুষের টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ বিঘ্নিত হয়ে চরম ভোগান্তি  শিকার হয়েছে।

তিনি আরো বলেন,  এই ব্রিজের  নির্মান  কাজ সম্পন্ন  হলে এই এলাকার  যোগাযোগ ব্যবস্থা সচল ও  জনগণের ভোগান্তি নিরসন হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২১ ০৩:৩৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

একতার কণ্ঠঃ  টাঙ্গাইলের কালিহাতীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নসু মন্ডলকে (৬৫) নামে একজন বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে এই  দিকে ধর্ষণের  ঘটনা ঘটে। অভিযুক্ত নসু মন্ডল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।  আহত শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভূক্তভোগী শিশুটি সাথীদের নিয়ে মসজিদ প্রাঙ্গণে খেলছিল। খেলার সাথীরা চলে গেলে একা পেয়ে নসু মন্ডল ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি শারীরিক যন্ত্রণায় চিৎকার করলে তার পরিবার ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি স্থানীয় মাতাব্বরা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

অপরদিকে, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেন। সেইসাথে তার শাস্তি দাবী করেছেন।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, স্থানীয় মাদ্রাসার সেক্রেটারী বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযুক্ত নসু মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমি বিষয়টি থানায় অবগত করেছি। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সার্কেল এএসপি রাসেল মনির বলেন, মালতী গ্রামের এক বৃদ্ধ ৪ বছরের শিশু ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নসু মন্ডলকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। থানায় মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২১ ০১:৩৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ  টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ।    শুক্রবার(৩০শে এপ্রিল) বাদ জুম্মা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
 কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি ও টাঙ্গাইল পৌর মেয়র এস,এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন টাংগাইল-২( গোপালপুর- ভূঞাপুর) আসনের  সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,টাঙ্গাইল  প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বাস কোচ -মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ও নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
 এই পরিচিতি সভাটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন নবনির্বাচিত  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান পাঠান( জুয়েল)।

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২১ ১২:৫৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।