মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে বিয়ারসহ যুবক আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে বিয়ারসহ যুবক আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে চার বোতল বিয়ারসহ এক যুবকের আটক করেছে র‌্যাব। রবিবার (১৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়া এলাকা  থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক সদর উপজেলার আকুর টাকুর পাড়ার মো. আজাদের ছেলে মো. পিয়াস (২২)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ছয়টার দিকে পৌর এলাকার আকুর টাকুর পাড়ায় অভিযান পরিচালনা করলে বিন্দুবাসিনী গার্লস স্কুলের পাশ থেকে চার বোতল বিয়ার ও ২ হাজার টাকাসহ পিয়াসকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত পিয়াস দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিয়ার অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল।। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুলাই ২০২২ ০৩:৫০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ)অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম(৪০) কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে ডিবি দক্ষিণের এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের একটি টেইলার্সের দোকানের ভেতর অভিযান চালায়।

অভিযানে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, সল্লা গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে মো. শাহীন আলম টেইলার্স চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. জুলাই ২০২২ ০১:২৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে মামুন(১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৬  জুলাই), উপজেলার বহেড়াতৈল নকিল বিলে ওই ঘটনা ঘটে৷

নিহত মামুন বহেড়াতৈল ইউনিয়নের ভূগলিচালা গ্রামের মোঃ হাকিম মিয়ার ছেলে এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যয়নরত ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মামুন সহ ৪-৫ জন বন্ধু মিলে বহেড়াতৈল নকিল বিলে সাঁতার কাটতে নামে। হঠাৎ মামুন ও শাহেদকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ৫ মিনিটের মধ্যেই শাহেদকে উদ্ধার করা হলেও প্রায় ১ ঘন্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।]

মামুনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. জুলাই ২০২২ ০১:০৩:এএম ৪ বছর আগে
এসপি দেওয়ান লালনের জানাজা অনুষ্ঠিত, আইজিপির শোক - Ekotar Kantho

এসপি দেওয়ান লালনের জানাজা অনুষ্ঠিত, আইজিপির শোক

একতার কণ্ঠঃ পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশনেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতারা, ট্যুরিস্ট পুলিশের পক্ষে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচ এবং গীতিকবি সংঘ বাংলাদেশ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে শেষ শ্রদ্ধা জানান। তাকে টাঙ্গাইলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি ঢাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) পদে কর্মরত ছিলেন।

তিনি বৃহস্পতিবার সকালে অসুস্থতাবোধ করলে তাকে দ্রুত রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঢাকায় নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন ও এক ভাইসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ছাঁওয়ালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছর জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে যোগদান করেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০২:১৪:এএম ৪ বছর আগে
স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রথমে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের আয়োজনে রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খান এনা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ।

এছাড়াও ব্যাংকক থেকে জুমে বক্তব্য রাখেন শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজ।
স্বরণ সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) ভোরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০৯:৩০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যমুনায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে মারা গেছেন এসএসসি পরীক্ষার্থী শারমিন (১৫)।বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমিন ডিগ্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে আসে। বুধবার(১৩ জুলাই) বিকেলে শারমিন কয়েকজন সহপাঠীদের নিয়ে যমুনা নদীর পারে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পারে পানিতে নামলে পানির প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ঐদিন না পাওয়া গেলেও বৃহস্পতিবার গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা দেলদুয়ার থান পুলিশ। বুধবার(১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পানিতে অর্ধডুবন্ত অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে, মঙ্গলবার ভোড় ৪টার পরে পানিতে ডুবে যুবকটি মারা গেছেন। সে সনাতন ধর্মাবলম্বী বলে মনে হয়েছে। লাশের পড়নে ব্লু রঙের একটি ট্রাউজার ছিল। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০২:৩২:এএম ৪ বছর আগে
এসআই পরিবহনের সেই বাস চালক আটক - Ekotar Kantho

এসআই পরিবহনের সেই বাস চালক আটক

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিরাজগঞ্জের এসআই পরিবহণ বাসের ধাক্কায় অটোরিক্সার দুইযাত্রী খালা ও ভাগ্নি মৃত্যুর ঘটনায় জড়িত সেই ঘাতক বাস চালককে আটক করেছে র‍্যাব-১২।

আটক চালক নাজমুল হাসান (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর গ্রামের মো. হাসমত আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে দূর্ঘটনা কবলিত বাসসহ চালককে মির্জাপুর উপজেলার পাকুল্লা থেকে আটক করা হয়।

বুধবার (১৩ জুলাই)দুপুরে র‍্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত অটোরিক্সায় এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলেন চারজন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় বেপরোয়া গতির এস আই পরিবহণের একটি বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী খালা-ভাগ্নি নিহত ও ২ জন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমি ও তার ভাগ্নি জামালপুর জেলার  চেকি মারি গ্রামের রেজাউল এর মেয়ে রিয়া মনি।
তিনি আরও জানান, যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেওয়ার পর ঘাতক চালক বেপরোয়া গতিতে বাসটি নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল ঘাতক চালক ও বাসটিকে আটক করার জন্য বাসটির পিছু ধাওয়া করে। একপর্যায় মির্জাপুর উপজেলা পাকুল্লা এলাকা থেকে ঘাতক চালক নাজমুল হাসান (২৫) আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটক চালক নাজমুল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর
গ্রামের মো. হাসমত আলীর ছেলে।
রাতেই ঘাতক বাস চালকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫/৯৮ ধারায় দায়ের করে র‍্যাব। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট ঘাতক চালক নাজমুল হাসান (২৫) কে সুস্থ্য অবস্থায় পরবর্তীতে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০২:৩৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ফেনসিডিল সহ যুবক আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ফেনসিডিল সহ যুবক আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী নামক স্থানে বুধবার(১৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ মো. রাজিব আলী নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত মো. রাজিব আলী(২৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চকমাহাপুর গ্রামের মো. নুরনবী মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য বেলটিয়াবাড়ীস্থ টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে অভিযান চালায়। অভিযানে ৫০ বোতল ফেনসিডিল(মূল্য প্রায় ৫০ হাজার টাকা), একটি মোটরসাইকেল ও নগদ একহাজার ৪৭০টাকা সহ মো. রাজিব আলীকে আটক করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃত মো. রাজিব আলীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০১:১৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা এবং দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৩ জুলাই) সকালে  টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সৈয়দ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাসুম ফেরদৌস।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল বীরমুক্তিযোদ্ধা হওয়ায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বক্ষনিক দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশের শিল্পকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের পাঁচ জনের একজন হচ্ছেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। এছাড়াও দেশ প্রেমিক হিসেবে শ্রেষ্ট শিল্পপতি ছিলেন নুরুল ইসলাম বাবুল। তিনি সার্বক্ষনিক সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কোন অভিযোগ নেই।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনীতিকসহ সুধীসমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. জুলাই ২০২২ ০১:২৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পিকনিক শেষে নদীতে নেমে যুবক নিখোঁজ - Ekotar Kantho

টাঙ্গাইলে পিকনিক শেষে নদীতে নেমে যুবক নিখোঁজ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিক শেষে যমুনা নদীতে গোসলে নেমে মো. শরিফ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১১ জুলাই) রাতে ওই যুবক নিখোঁজ হন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যান। পিকনিক শেষে রাতে তারা বাড়ি ফিরছিলেন। পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসলে করতে নামে।
গোসল শেষে শরিফের অন্যান্য বন্ধুরা নৌকায় উঠে এলেও শরিফ ওঠেননি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন।

চেয়ারম্যান শাপলা আরও বলেন, ঘটনা সোমবার বিকেলের হলেও আজ সকালে নিখোঁজ যুবকের স্বজনদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। তার সন্ধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিখোঁজ যুবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সর্বশেষ আপডেটঃ ১২. জুলাই ২০২২ ১১:৩০:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।