মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (২৯ জুলাই) বিকালে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সাপুয়া বাঘিল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যাক্তি একই উপজেলার শ্রীফলিয়াটার (বাগিল বাজার) আ: কুদ্দুছের ছেলে শাহদাত (২৫) ও বাচ্চু মিয়ার ছেলে ফারুক আহম্মেদ (২৮)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সদর উপজেলার সাপুয়া (বাঘিল) এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ছয় শত টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. জুলাই ২০২২ ০১:৩১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যুবক খুন;শিশু সন্তান রেখে পালিয়েছে স্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবক খুন;শিশু সন্তান রেখে পালিয়েছে স্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় আবু সাইদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় বানু পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।

নিহত আবু সাইদ সদর উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। হৃদয় বানুরও এর আগে বিয়ে হয়েছিলো। ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে বাসা ভাড়া নেন। সেখানেই হৃদয় বানু থাকতেন। মাঝে মাঝে আবু সাইদ তার কাছে যেতেন। বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাদের ঘরে যায়। এ সময় ঘরে আবু সাইদের লাশ দেখে তারাই পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিলো।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান ,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ১০:৫৮:পিএম ৪ বছর আগে
চেক জালিয়াতির মামলায় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের করণিক কারাগারে - Ekotar Kantho

চেক জালিয়াতির মামলায় বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের করণিক কারাগারে

একতার কণ্ঠঃ চেক জালিয়াতির মামলায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে (বটতলা) অবস্থিত বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের করণিক আনোয়ার পারভেজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) রাতে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার পারভেজ পৌর শহরের দেওলা এলাকার বাসিন্দা।

অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান, শহরের সাবালিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ধার নেন করণিক আনোয়ার। পরে ওই ব্যক্তির টাকা পরিশোধের জন্য তাকে একটি চেক দেন আনোয়ার। পরিশোধের নির্দিষ্ট তারিখে তার অ্যাকাউন্টে টাকা না থাকায় আনোয়ার পারভেজের নামে একটি ডিজ-অনার মামলা করেন ওই ব্যক্তি। ওই মামলায় রোববার(২৪ জুলাই) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৮:৩৫:পিএম ৪ বছর আগে
মাভাবিপ্রবির মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের নবনিযুক্ত পরিচালক আজিজুল হক - Ekotar Kantho

মাভাবিপ্রবির মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের নবনিযুক্ত পরিচালক আজিজুল হক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক কে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায় যে, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হককে যোগদানের তারিখ হতে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তিনি বুধবার (২৭ জুলাই) সকালে পরিচালক হিসেবে যোগদান করেছেন।

এই ব্যাপারে অধ্যাপক ড. মোঃ আজিজুল হক বলেন, এই দায়িত্বপালন পালনের জন্য আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার এর নিকট আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে আমি বদ্ধপরিকর। মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের জাতীয় চেতনার অংশই। ভাসানী হুজুরের জীবনের বহুমাত্রিকতায় অধিকতর গবেষনণার সুযোগ রয়েছে-এ লক্ষ্যেই গবেষনণা কেন্দ্রটি কাজ করে যাবে।

উল্লেখ্য, তাকে প্রাথমিকভাবে ০১ (এক) বছরের জন্য মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৭:১৫:পিএম ৪ বছর আগে
ভর্তি পরীক্ষার্থীদের জন্য ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিবহন সেবা - Ekotar Kantho

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিবহন সেবা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আসন বিন্যাস করায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক খান মোঃ মূর্তজা লিংকন জানান, শুধুমাত্র ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাড়ী পরিবহনগুলো শিক্ষার্থীদের আনা নেওয়া করবে। রাবনা বাইপাস থেকে ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল ৯.৪৫ মিনিটে বাস (বনলতা,২০৮) ক্যাম্পাসের কেন্দ্রের উদ্দেশ্য ছেড়ে আসবে। ঘারিন্দা রেলস্ট্রেশন রক্ত করবী (২০৭) বাসটি সকাল ৯.৪৫ এ ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। আশেকপুর বাইপাস থেকে রুপসী বাংলা (০০০৪) বাসটিও সকাল ৯.৪৫ এ ছেড়ে আসবে, সোনার তরী (০০০৩) বাসটি সকাল ১০ টায় ছেড়ে আসবে ক্যাম্পাসের উদ্দেশ্যে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অপরদিকে একই সময়ে (সকাল ১০ টা) টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড থেকে শংসপ্তক (০০০৫) নং বাস ভর্তি পরীক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসবে।

বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সূত্রে আরও জানা যায় যে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০/০৭/২০২২, ১৩/০৮/২০২২ এবং ২০/০৮/২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি: /সম্মান) GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ীগুলো টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এই ৩ দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাসের সকল ট্রিপ সকাল থেকে দুপুর ১২.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে শহর থেকে দুপুর ১.০০ টায় ছাত্র-ছাত্রীদের বাস ছেড়ে আসবে এবং দুপুর ২.০০ টা হতে অন্যান্য ট্রিপ অপরিবর্তীত থাকবে।
শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়মিত ট্রিপগুলোর মধ্যে ভর্তি পরীক্ষার দিন শুধুমাত্র শিক্ষকদের দুপুর ১.০০টার ট্রিপটি ২.০০টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে এবং বিকাল ৫.০০ টার ট্রিপটি ৫.১৫ টায় ক্যাম্পাস হতে ছেড়ে যাবে। অন্যান্য সকল ট্রিপ অপরিবর্তীত থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে এবং যাতায়াতে ডিন মহোদয়দের বরাদ্দকৃত গাড়ী ৫৯৯১ (প্রাডো জীপ) এবং মাইক্রোবাস
৫১-০০০১ গাড়ীটি সার্বক্ষনিক ডিন অফিসের কাজে নিয়োজিত থাকবে।

ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন সময়ে সকল মাইক্রোবাস ও মিনিবাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে এবং ৭১-৩২৫৯ এ্যাম্বুলেন্সটি একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এর মাঝখানে অবস্থান করবে এবং ৭১-১৫৮০ এ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থান করবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৭:১৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাসচাপায় মাদরাসার সাবেক অধ্যক্ষ নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসচাপায় মাদরাসার সাবেক অধ্যক্ষ নিহত

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের মধুপুরে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় মাওলানা আব্দুল কাদের (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাতে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার গোলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন এ দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষক উপজেলার আম্বাড়িয়া গ্রামের ইসমাইল সরকারের ছেলে। তিনি শালিখা ফাজিল (ডিগ্রি) মাদসারা অধ্যক্ষ ছিলেন। কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে স্থানীয় গোলাবাড়ী বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, বাজারের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিরাপদে ক্রসিং দিয়ে রাস্তা পার করাচ্ছিলেন শিক্ষক আব্দুল কাদের। পথিমধ্যে মাদারগঞ্জগামী একটি বাস আব্দুল কাদেরকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা রাত ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরে রাতে ওই শিক্ষকের ছোট ভাই আব্দুর রাজ্জাক তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক মাওলানা আব্দুল কাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৭:২৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে দুটিতে আ.লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে দুটিতে আ.লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ছিলিমপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি পান ৫ হাজার ৩৬৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী মো. সেলিম (আনারস) পান ২ হাজার ৫০৬ ভোট।

কাকুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।

কাতুলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগর প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পান ৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী দেওয়ান সুমন আহমেদ (আনারস) পান ৬ হাজার ৩৪৮ ভোট।

মাহমুদনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন। তিনি পান ২ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ প্রাথী মো. সেলিম (নৌকা) পান ২ হাজার ৪৯৯ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান,, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নিদিষ্ট সময়ের পরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।’

এ ছাড়া নির্বাচনে প্রায় ৭০ ভাগের বেশি ভোট কাস্টিং হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইভিএমে স্লো ভোটিং-এর কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করতে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য, র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২২ ০৬:৫২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(২৬ জুলাই) সকালে সন্তোষস্থ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ন্যাপ ভাসানীর মহাসচিব খালেদ শাহরিয়ার, বরিশাল জেলা ন্যাপ ভাসানীর সাংগঠনিক সম্পাদক ইউনুস নাজির, যুগ্ম-মহাসচিব মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ডা. আব্দুল করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ-জাতি ও ন্যাপ ভাসানীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুলাই ২০২২ ০১:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণকারী কৃষ্ণ চন্দ্র দাসকে(৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকেলে দেলদুয়ার উপজেলার দেউলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা।

অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র দাস নাগরপুর উপজেলার বেকরা ইউনিয়নের ভোর বাজার গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দাস এর ছেলে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়নের ভোর বাজারে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন শারীরিক প্রতিবন্ধী। তার বাবা চা বিক্রি করে কোন রকম সংসার চালায়। প্রতিদিন দুপুরে মেয়েকে দোকানে বসিয়ে রেখে বাড়ীতে খাবার খেতে যায়। শুক্রবার মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে যান তিনি। পরে নামাজ আদায় করতে গেলে কৃষ্ণ দাস নিজ দোকান থেকে বের হয়ে ওই চা দোকানে আসে।নামাজের সময় বাজারে লোকজন না থাকায় কৃষ্ণ দাস শিশু মেয়েটিকে ডেকে তার দোকানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে সুকৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে ধর্ষণকারী আসামি কৃষ্ণ চন্দ্র দাসকে সোমবার দেলদুয়ার উপজেলার দেউলী থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামি কৃষ্ণ চন্দ্র দাস শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আসামিকে আদালতে মাধ্যমে মঙ্গলবার (২৬ জুলাই) টাংগাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ, ঘটনার পর ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০৮:৫৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও! - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল থেকে ছাত্রী উধাও!

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল থেকে এক ছাত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৬) উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই ছাত্রীর পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলেও আসে বলে জানায় তার কয়েকজন বান্ধবী। পরে ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়িতে না গেলে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে জানতে পারে পাশের উপজেলা মধুপুরের আচরা এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক সূত্রে পালিয়েছে।

এ বিষয়ে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হানিফ জানান, স্কুলে উপস্থিতি হাজিরা রয়েছে। তবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, ওই মেয়ের বিভিন্ন ছেলের সাথে একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে প্রেম ঘঠিত কারণে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০২:৩২:এএম ৪ বছর আগে
বেড়াডোমা সেতু নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি; দুদক টিম - Ekotar Kantho

বেড়াডোমা সেতু নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি; দুদক টিম

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বেড়াডোমা-ওমরপুর সড়কে লৌহজং নদীর উপর শহরের বেড়াডোমায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৩০ মিটার দীর্ঘ সেতুতে কোন নিয়ম মানা হয়নি বলে মন্তব্য করেছে দুদকের এনফোর্সমেণ্ট টিম।

টিম মনে করে, স্টিলের পাইপের পরিবর্তে বাঁশ ও কাঠের তৈরি খুঁটি দিয়ে সেতুর পার্ডার ও স্ল্যাবের সেণ্টারিং করা, সাইটে ঠিকাদারের প্রকৌশলীর অনুপস্থিত থাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই সেতুটি নির্মাণের আগেই ধ্বসে পড়েছে।

টাঙ্গাইলের লৌহজং নদীর উপর নির্মাণাধীন সেতুটি ১৬ জুন রাতে ধ্বসে পড়ার পর রোববার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেণ্ট টিম সরেজমিন পরিদর্শন করে।

দুদকের এনফোর্সমেণ্ট টিম আরও জানায়, তারা সরেজমিনে দেখতে পায়- নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্রিজটির মাঝখানে দেবে গেছে।

স্পেসিফিকেশন বহির্ভূতভাবে সেতু নির্মাণকাজ শুরু করা, গার্ডার ও স্ল্যাবের সেণ্টারিং কাজে স্টিলের পাইপের পরিবর্তে গজারি, ইউক্যালিপটাস ও বাঁশের পাইল ব্যবহার, ঠিকাদারের দায়িত্বে অবহেলা ও সাইটে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর অনুপস্থিতিসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮ মিটার প্রস্থ ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। বিগত ২০২০ সালের (১২ নভেম্বর) থেকে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুর নির্মাণকাজ শুরু করে।

গত ১১ মে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলে এ পর্যন্ত মাত্র ৫৫ শতাংশ কাজ শেষ করা হয়েছে। জুনের মাঝামাঝি সময়ে সেতুর ওপরের অংশে ঢালাই কাজ করা হয়। কিন্তু ১৬ জুন রাতে সেতুর মাঝখানের সাটারিং সরে সাড়ে তিন ফুট দেবে যায়। ফলে নির্মাণাধীন সেতুটি ভেঙে আবার নতুন করে নির্মাণ করার প্রয়োজনীতা দেখা দিয়েছে।

পরিদর্শনকালে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমি দুদকের টিমকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার সতর্ক করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ চালিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করে, প্রভাবশালী একটি মহল এই অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত থাকায় অনিয়ম করা হয়েছে।

দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয় সহকারী পরিচালক ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেণ্ট টিম গঠন করা হয়। টিমের অপর সদস্যরা হচ্ছেন- সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ ও জাহেদ আলম।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ জানান, একটি এনফোর্সমেণ্ট টিম টাঙ্গাইল পৌর সভার বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়াডোমায় লৌহজং নদীর উপর নির্মিতব্য সেতু এলাকা পরিদর্শন করেছে।

অভিযোগের সত্যতা পেয়ে বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং এনফোর্সমেণ্ট টিম দুদকের উর্ধতন কর্মকর্তার কাছে দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২২ ০২:০০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলার একজনের যাবজ্জীবন কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী ১০ বছরের শিশুকে বড়ই খাওয়ার কথা বলে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ মামলার রায়ে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন সোমবার(২৫ জুলাই) দুপুরে এই রায় ঘোষনা করেন।

সেই সাথে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

দন্ডিত ব্যক্তি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল ৩ টার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ১০ বছরের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। পরে একই গ্রামের দন্ডিত আসামী লিয়াকত আলী বড়ই খাওয়ার লোভ দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শণ করে ভিকটিমকে ঘর থেকে বের করে দেয়। পরদিন ভিকটিম বাড়ীর লোকদের ঘটনার বিষয় জানায়। ধর্ষিত শিশুর পিতা প্রতিবন্ধি হওয়ায় পরে তার দাদা ২০১৫ সনের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই মো: আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামী লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ৮ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুর রাজ্জাক।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২২ ০৯:৩১:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।