/ হোম / টাঙ্গাইল সদর
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুস ছোবাহান (৪২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সদর উপজেলায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিন্টেনডেন্ট (চলতি দায়িত্ব) অমল চন্দ্র সরকার।

ঘারিন্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, মঙ্গলবার দুপুরে আব্দুস ছোবাহান সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনের বসে ছিলেন।সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

গুরুত্বর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ০৯. নভেম্বর ২০২২ ০৪:৩৬:এএম ৪ বছর আগে
শেখ হাসিনার উদারতায় বেগম জিয়া আজ মুক্ত: ওবায়দুল কাদের - Ekotar Kantho

শেখ হাসিনার উদারতায় বেগম জিয়া আজ মুক্ত: ওবায়দুল কাদের

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আজ জনগণকে সরকার পতনের উস্কানি দিচ্ছে। বিএনপি নেতারা ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে পারেনি। শেখ হাসিনার উদারতায় বেগম জিয়া আজ মুক্ত। আপনারা পারেননি বেগম জিয়ার জন্য একটা মিছিলও করতে।

সোমবার(৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা স্টেডিয়ামে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি ১৩ বছরে পারেনি, এখন সরকার পরিবর্তনের আন্দোলন করবে, বিজয় মিছিল করবে। খালেদা জিয়াকে নিয়ে ১০ ডিসেম্বর নাকি বিজয় মিছিল করবে। তারেক রহমানকে নাকি বিপ্লবের মাধ্যমে হঠাৎ ঢাকায় নিয়ে আসবে। এয়ারপোর্টে দাওয়াত দিচ্ছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল আর রাজনীতি করবে না। হারানো ক্ষমতা ফিরে পেতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে কী, হারানো হাওয়া ভবন ফিরে পেতে আজকে আন্দোলন চলছে।’
তিনি আরও বলেন, ‘তারা ১০ ডিসেম্বর ডাক দিয়েছে। ঢাকা শহরে যদি আমরা ডাক দেই, বাইরের লোক লাগবে না। শেখ হাসিনা ডাক দিলে লাখ লাখ মানুষ হাজির হবে। আপনি দশ লাখ বলছেন, দশ লাখ করার ক্ষমতা আপনাদের নেই, চট্টগ্রামে প্রমাণ হয়ে গেছে। আমরাই লাখ লাখ লোকের জমায়েত করতে পারব। ঢাকা সিটির অলি-গলিও খালি থাকবে না।’

‘আমরা যদি রাজপথে অবস্থান নেই, ঢাকা শহরে বিএনপি পালাবার পথ পাবে? পালানোর দল আওয়ামী লীগ নয়। পালানোর দল হচ্ছে বিএনপি। খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। বাঁশের লাঠিতে পতাকা বেঁধে রাস্তায় নামবেন, খবর আছে। জাতীয় পতাকা বাঁশের লাঠিতে লাগাবেন, এটা আমরা হতে দেব না,’ তিনি যোগ করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুস সোবাহান গোলাপ, মির্জা আজম, শামছুন্নাহার চাপা।

উল্লেখ্য, সর্বশেষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। সেবার ফজলুর রহমান খান ফারুক এবং জোয়াহেরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়। এবারও সভাপতি, সাধারণ সম্পাদক পদে তাদের বহাল রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:৩৭:পিএম ৪ বছর আগে
দৈনিক যুগধারা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - Ekotar Kantho

দৈনিক যুগধারা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক যুগধারা পত্রিকা’র প্রতিনিধি সম্মেলন ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

রবিবার(৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুডজোন এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুগধারা পত্রিকা’র সম্পাদকমন্ডলীর সভাপতি,টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন, এফবিসিসিআই পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু নাসের, আলোকিত কালিহাতী’র সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকা’র নির্বাহী সম্পাদক আব্দুল আলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগধারা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব।

প্রতিনিধি সম্মেলনে সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসী, বার্তা সম্পাদক আরমান কবীর, যুগধারা পত্রিকা’র স্টাফ রিপোর্টার,উপজেলার প্রতিনিধিগণ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন।

দুপুরে প্রতিনিধিদের মধ্যাহ্ন ভোজ শেষে আইডি কার্ড বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:২৪:পিএম ৪ বছর আগে
বিএনপি একটা পর্যায়ে নির্বাচনে আসবে: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপি একটা পর্যায়ে নির্বাচনে আসবে: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি যতোই আন্দোলনের কথা বলুক, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ।’

শুক্রবার (৪ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি একথা বলেন। সোমবার (৭ নভেম্বর) এই স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘আমরা বারবার বলছি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে। আসলে নির্বাচন পরিচালনা করা সরকারের কোন দায়িত্ব নাই, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। একটা নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য সংবিধানের ১২৬ এ নির্দেশ দেয়া আছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইজিপি, সেনাবাহিনীর প্রধান, মন্ত্রী, সচিব সবার দায়িত্ব হবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চলা। তাদের নির্দেশ অনুযায়ী দেশ চলবে। কাজেই আওয়ামী লীগ এখানে কোনো বিষয় নয়। একটা আইনের আওতায় নির্বাচন কমিশন করা হয়েছে। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন খুব গুরত্বপূর্ণ। নেতাকর্মীদের মাঝে যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে আমি মনে করি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী পর্বটি একটি মহাসমাবেশে পরিণত হবে। এই সম্মেলনটি সারা বাংলাদেশে একটি নতুন উদাহারণ সৃষ্টি করবে।’

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, আহসানুল ইসলাম টিটু, তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাহার আহমেদ, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:২০:পিএম ৪ বছর আগে
দু’দিন ধরে তালাবদ্ধ ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি - Ekotar Kantho

দু’দিন ধরে তালাবদ্ধ ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি

একতার কণ্ঠঃ চাকরি স্থায়ীকরণসহ ১৪ দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

বুধবার (০৩ নভেম্বর) সকাল সোয়া ৯টা থেকে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত উপচার্য অবরুদ্ধ রয়েছেন।
তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান জানান, তৃতীয় শ্রেণির ২২ জন কর্মচারী তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করছেন।

সম্প্রতি ১৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, ১৫টি পদের বিপরীতে এডহক ভিত্তিতে নিয়োজিত ২২ জনকে নিয়োগ দেওয়া হোক।

কিন্তু উপাচার্য এ দাবি মানছেন না। তাই তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির পক্ষ থেকে বুধবার সকাল সোয়া ৯টা থেকে ভিসির কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন জানান, ২০১৯ সালে তৎকালীন ভিসি তৃতীয় শ্রেণির ২২ জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দুই দফায় ১৫টি পদের অনুমোদন পাওয়া গেছে। ওই ১৫ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এসময় কর্মচারী সমিতির পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়েছে। তারা ১৫ পদের বিপরীতে ২২ জনকে নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন। তারা কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি স্থায়ী করার দাবিও করছেন। এ দাবিতে বুধবার সকাল থেকে তাকে (ভিসি) অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। কিন্তু তারা তাদের দাবিতে অনড়।

তিনি আরও জানান, আরও সাতটি পদ বাড়াতে তিনি ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। তিনি পদ বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

তালাবদ্ধ করে রেখে উপচার্যের ব্যক্তিস্বাধীনতা হনন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২২ ০৮:২৩:পিএম ৪ বছর আগে
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচন হবে না: মির্জা আব্বাস - Ekotar Kantho

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচন হবে না: মির্জা আব্বাস

একতার কণ্ঠঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, নিশিরাতের সরকারের সহযোগী বর্তমান ইসির অধিনে আর কোন নির্বাচন হবে না। গাইবান্ধা মার্কা নির্বাচন বাংলাদেশে আর হতে দেয়া হবে না। একটি নিরপেক্ষ সরকার ও ইলেকশন কমিশনের অধিনে বিএনপি নির্বাচনে যাবে, এর বাইরে কোন বিকল্প নেই। মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পশ্চিম আকুরটাকুর পাড়া্ ঈদগাহ মাঠে জেলা বিএনপির ক্রি-বার্ষিক সম্মেলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার একটি লুটেরা সরকার, দুর্ভিক্ষের সকরকার, ডাকাত সরকার। প্রধানমন্ত্রী বলেছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ মোকাবিলার আগেই দেশের জনগন এই সরকারের পতন ঘটাবে।।মির্জা আব্বাস আরো বলেন, গণতন্ত্র দিয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউরর রহমান, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। আর গণতন্ত্র হত্যা করেছেন শেখ হাসিনা।

টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবাইদুল হক নাসির প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৩ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সরসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের কথা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০১. নভেম্বর ২০২২ ১০:৩৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)। রবিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিদেশী মোল্লার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন)ওসি হেলাল উদ্দিন জানান , টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর থানাধীন আলোকদিয়া এলাকা হতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত জিআর মূলে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. অক্টোবর ২০২২ ০১:২৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ফেনসিডিল সহ দুই কিশোর আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ফেনসিডিল সহ দুই কিশোর আটক

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে শনিবার(২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেনসিডিল সহ দুই কিশোরকে আটক করেছে র‌্যাব।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১২ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত কিশোরদ্বয় হচ্ছেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়োজিদ(১৬) ও একই এলাকার মৃত শাহিন ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম(১৪)।

তারা ঠাকুরগাঁও জেলা শহরের ২ নম্বর ওয়ার্ডের আসলামপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য শনিবার রাতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে একটি সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়।

অভিযানে ১১৯ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ উল্লেখিত কিশোরদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইলও জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃত কিশোরদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২২ ০৭:৫৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

একতার কণ্ঠঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সম্পাদক মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ।

টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলার উপজেলা সমূহ থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম টাঙ্গাইল এসে পৌঁছুলে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাঁকে বরণকরে নেন টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২২ ০৩:০৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Ekotar Kantho

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একতার কণ্ঠঃ  “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” এ শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালী ও পথসভা করেছে গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সংগঠনটি উদ্যোগে শহরের বটতলা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হলে পুলিশ এতে বাধা প্রদান করে। পরে র‌্যালীটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে পথসভার আয়োজন করে।

এই পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র সদস্য সচিব শামিমুর রহমান সাগর, গণঅধিকার পরিষদ সখিপুর উপজেলা শাখার দেলুয়ার রহমান, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ।

এসময় গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২২ ০২:৩৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে টানা বর্ষণে ঘরে পানি ঢুকে আইপিএস তলিয়ে যেতে থাকায় তা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) গভীর রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শরীফ ফকির ওই এলাকার আইনজীবী আইয়ুব আলী ফকিরের ছেলে। তিনি গত পৌরসভা নির্বাচনে ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। টানা বৃষ্টির পানি ঘরে ঢুকে আইপিএস তলিয়ে যাচ্ছিল। শরীফ তলিয়ে যাওয়া থেকে আইপিএস উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হন। বাবা মা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে জানাজা নামাজ শেষে তাকে ভূঞাপুর উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২২ ০১:৩৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মাকে খুনের অভিযোগে ছেলে আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে মাকে খুনের অভিযোগে ছেলে আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের এনায়েতপুর এলাকায় মা সালমা বেগমকে খুন করার অভিযোগে ছেলে মো. আবুল কালামকে(৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(২৫ অক্টোবর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ সালমা বেগম(৫০) ওই এলাকার পুলিশ থেকে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শেখের স্ত্রী।

টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু জানান, মোহাম্মদ আলী শেখ ৪০ দিন মেয়াদের তাবলিগ জামায়াতে ছিলেন। তিন ছেলে নিয়ে সালমা বেগম তার বাসায়ই থাকতেন। মঙ্গলবার সকালে তার বাসা বাইরে থেকে বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

তিনি আরো জানান, পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখে মেঝেতে ছেলে মো. আবুল কালাম বসে আছে। এক পর্যায়ে খাটের নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় সালমা বেগমকে উদ্ধার করা হয়। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে আগুন দিয়ে ছ্যাকা দেওয়ার আলামত পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ছেলে আবুল কালাম আটক আছে। কিভাবে খুন হয়েছেন তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২২ ০১:২৫:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।