/ হোম / ভূঞাপুর
ইউপি নির্বাচন: টাঙ্গাইলে আ.লীগের ১৮ নেতা-কর্মী বহিষ্কার - Ekotar Kantho

ইউপি নির্বাচন: টাঙ্গাইলে আ.লীগের ১৮ নেতা-কর্মী বহিষ্কার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, অর্জুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্বতন্ত্রপ্রার্থী আইয়ুব আলী মোল্লা; সহ-সভাপতি মো. আব্দুর রহমান; উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ; গাবসারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম আকন্দ শাপলা; আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম; ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ; উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও স্বতন্ত্রপ্রার্থী আমিনুল ইসলাম (আমিন); ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম; মো. আমিন মন্ডল; জয়নাল আবেদীন; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক; নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক মাসুদ; সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল; জুরান আলী মন্ডল; কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী; ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও কার্যকরী কমিটির সদস্য মো. রফিকুল।

বহিস্কার প্রসঙ্গে তাহেরুল ইসলাম তোতা জানান, দলের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায়  উল্লেখিত ১৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. ডিসেম্বর ২০২১ ১২:২৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার( ৭ ডিসেম্বর) সকাল থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন।

প্রতীক হাতে পাবার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পরেছেন ভোটের প্রচার-প্রচারনায়।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৫৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন হলেও মিরা খাতুনের খোঁজ মেলেনি - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন হলেও মিরা খাতুনের খোঁজ মেলেনি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হওয়া মিরা খাতুন (৩২) নামে এনজিও কর্মীর খোঁজ মেলেনি পাঁচ দিনেও। এদিকে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া জানান, ‘নিখোঁজ এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

নিখোঁজ মিরা বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)-এর ভূঞাপুর উপজেলার ফলদা শাখার সিনিয়র মাঠ সংগঠক। তিনি কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী।

সূত্র জানায়, গত শনিবার (২০ নভেম্বর) ফলদা এসএসএস অফিস থেকে মিরা উপজেলার ঝনঝনিয়া ও মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ওই দিনই এনজিও কর্তৃপক্ষ মিরার সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করে।

এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, ‘দেড় বছর ধরে মিরা ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। নিখোঁজের দিন মিরা এই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে যান। সেখান থেকে তার ফলদা শাখায় ফিরে আসার কথা ছিল। কিন্তু দুই কেন্দ্রে কাজ শেষ করার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘নিখোঁজ এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান অব্যাহত আছে।’

তিনি আরো বলেন, আশা করি খুব দ্রুতই মিরা খাতুনের খোঁজ পাওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২১ ১২:৩৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

একাতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জানাজায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হলেন সাইফুল ইসলাম (২৮) নামে এক পরিবহণ ব্যবসায়ী। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পৌর এলাকার ঘাটান্দি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ঘাটাইল উপজেলায় এক আত্মীয়র জানাজায় যাওয়ার পথে ভূঞাপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অপর একটি মোটরসাইকেল পেট্রলপাম্পে প্রবেশ করছিল। এ সময় মোটরসাইকেলটি সাইফুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইফুল সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহতাবস্থায় প্রথমে  তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুল ওহাব জানান, ব্যবসায়ী সাইফুলের মাথায় হেলমেট ছিল না। যে কারণে মোটরসাইকেলের ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বশেষ আপডেটঃ ২০. নভেম্বর ২০২১ ১২:৪৩:এএম ৫ বছর আগে
অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি - Ekotar Kantho

অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

একতার কণ্ঠঃ  নামাজ পড়তে গিয়ে অজু করার সময় হাত ও পকেট থেকে মোবাইল ফোন পানিতে পড়ে গিয়ে নষ্ট হলে সার্ভিসিং ফ্রি।এমনি এক সাইনবোর্ড ঝুলানো হয়েছে উপজেলার বিভিন্ন মসজিদে ও দোকানের সামনে। এমন সাইনবোর্ড পথচারীসহ সকল মানুষকে দৃষ্টি আকৃষ্ট করছে। মহৎ এ উদ্যোগের মাধ্যমে নজির স্থাপন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের আব্দুর রহমান টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পরিচালক মেকানিক সোহেল রানা।

তার এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সোহেল রানা জানিয়েছেন, আগে থেকেই আমার মনের মাঝে একটা স্বপ্ন পোষণ করতাম কিভাবে জনকল্যাণমূলক কাজ করা যায়। আর সেই স্বপ্ন প্রতিফলনের মাধ্যমে এমনই উদ্যোগ নিয়েছি। আমার এমন উদ্যোগে মানুষের কাছ থেকে বেশ উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিদিন এমনিতেই কাজকর্ম ভালো থাকে। তবে অজু করতে গিয়ে নষ্ট হওয়া মোবাইল বিনা পয়সায় মেরামত করার পর থেকে কাজকর্ম অনেক বেড়ে গেছে। আর আমার কাজটা হবে নামাজ পড়তে যাওয়া মানুষদের জন্য। বিনা পয়সায় কাজটা করে দিলে তারা আমার জন্য দোয়া কবরে। এছাড়া আমার এমন উদ্যোগ দেখে অন্যরাও এমন মহৎ কাজে উৎসাহিত হবে।

নষ্ট হওয়া মোবাইল বিনা পয়সায় মেরামত করে হাতে পাওয়ার পর মো. হাসমত আলী নামে এক মুসুল্লি বলেন, গত কয়েক দিন আগে আসরের নামাজের সময় অজু করতে গিয়ে আমার মোবাইলটা পকেট থেকে পানিতে পড়ে যায়। টাকার অভাবে মেরামত করতে পারছিলাম না। হঠাৎ এক লোক বললেন, গোবিন্দাসী বাজারের আব্দুর রহমান টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পরিচালক সোহেল রহমান নামাজ পড়া মুসল্লিদের অজু করতে গিয়ে মোবাইল নষ্ট হলে সেই মোবাইল বিনা পয়সায় মেরামত করে দেন। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না। পরে সেখানে গেলে আমার নষ্ট মোবাইল বিনা পয়সায় তিনি মেরামত করে দেন।

গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মো. ছরোয়ার হোসেন আকন্দ বলেন, সোহেল রহমান মুসুল্লিদের জন্য উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এমন একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য বাজার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তার সাফল্য কামনা করছি।

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২১ ০৫:৩৪:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিতুলিয়াপাড়া গ্রামের বাছেদের ছেলে মকবুল (২০) মাটিকাটা গ্রামের রশিদের ছেলে আসাদুল (১৭) একই গ্রামের ইলিয়াসের ছেলে রাকিব (১৬)। এরা তিনজনই পেশায় ভেকু চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দেড়টার দিকে তিন বন্ধু মিলে নতুন মোটরসাইকেল নিয়ে রহুলীর দিকে মহরা দিতে যান। এ সসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সাথে ধাক্কা লাগলে সাথে সাথেই চালক মকবুল ও আসাদুল মারা যায়। পরে রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাবা বাছেদকে আত্মহত্যার ভয় দেখিয়ে নিহত মকবুল ভূঞাপুর থেকে দুই লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেলটি ক্রয় করে ।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তাস্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৩. নভেম্বর ২০২১ ০৩:২২:এএম ৫ বছর আগে
যমুনায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড় - Ekotar Kantho

যমুনায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজি ওজনের একটি বাগাড়। মাছটি এক হাজার টাকা কেজিতে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গাবসারার কালীপুরের মেঘনায় ইব্রাহীম মিয়ার জালে ওই মাছটি ধরা পড়ে।

রবিবার (১৭ অক্টোবর) সকালে গোবিন্দাসী মাছ বাজারের আড়তদার ইসমাইল হোসেন বাগাড়টি ২৩ হাজার টাকা দরে ক্রয় করেন। পরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তালুকদারের নেতৃত্বে কয়েকজন মিলে মাছটি আড়তদারের কাছ থেকে ২৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে বণ্টন করে নেন।

আব্দুল লতিফ তালুকদার জানান, অনেক দিন পর যমুনায় এত বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই লোভ সামলাতে না পেরে কিনে সবাই ভাগ করে নিলাম।

সর্বশেষ আপডেটঃ ১৮. অক্টোবর ২০২১ ০২:১২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে হামলার শিকার সেই ম‌্যা‌জিস্ট্রেটের মামলা - Ekotar Kantho

টাঙ্গাইলে হামলার শিকার সেই ম‌্যা‌জিস্ট্রেটের মামলা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম‌্যা‌জি‌স্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টার পর হামলার শিকার উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনী বাদী হ‌য়ে উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জ‌নের না‌মে ভুঞ‌াপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

মামলায় সরকারি কাজে বাধা ও হামলায় আহত করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা‌কে কেন্দ্র ক‌রে থমথমে অবস্থা বিরাজ কর‌ছে। থানায় মামলা দা‌য়েরের পর প‌রিবহন শ্রমিকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ কর‌ছে। এতে অন‌্যান‌্য দি‌নের মত ভুঞাপুর থেকে ঢাকার উদ্দেশে তেমন প‌রিবহন ছে‌ড়ে যায়‌নি।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় ম‌্যা‌জি‌স্ট্রেট বাদী হ‌য়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অক্টোবর ২০২১ ০৯:২৬:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটের উপর হামলাঃ ক্ষমা চেয়ে মুক্তি - Ekotar Kantho

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটের উপর হামলাঃ ক্ষমা চেয়ে মুক্তি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় আহত হয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবহন শ্রমিককে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটী গ্রামের মৃত মজিদ মণ্ডলের ছেলে হারুনুর রশিদ (৪০) ও উপজেলা কাগমারীপাড়ার ইকেন আলীর ছেলে মানিক।

জানা যায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোপাতাড়িভাবে পার্কিং করে দখল করার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উঠানো হয়। উপস্থিত অনেকেই পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করে। এতে ম্যাজিস্ট্রেটের নাক ফেটে রক্ত বের হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এর আগে ওই ম্যাজিস্ট্রেট দুই পরিবহন শ্রমিককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায়।

এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সকল পক্ষের সাথে আলোচনা করা হয়। পরে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পান।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২ জন শ্রমিককে জেল-জরিমানা করলে পুলিশ সদস্যরা তাদের নিয়ে পুলিশ ভ্যানে বসে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। পরে ইউএনও কক্ষে শ্রমিক নেতারাসহ সবাই বসে বিষয়টি সমাধান করে। এতে পরিবহন শ্রমিকরা ক্ষমা চাওয়ায় দুই শ্রমিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ আপডেটঃ ১৩. অক্টোবর ২০২১ ০২:২২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হচ্ছেন নার্গিস বেগম - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হচ্ছেন নার্গিস বেগম

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. নার্গিস বেগম।টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে এবারই প্রথম কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে যাচাই বাছাই শেষে একমাত্র প্রার্থী নার্গিস বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নার্গিস বেগম ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

নার্গিস বেগম ভুঞাপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল হালিমের স্ত্রী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই আব্দুল হালিম মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২ নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণের কথা।

নার্গিস বেগম ভুঞাপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং লোকমান ফকির ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন একমাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে পরদিন তাকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১২. অক্টোবর ২০২১ ০১:১৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নৌকা বাইচ পন্ডঃঃ সংঘর্ষে  আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে নৌকা বাইচ পন্ডঃঃ সংঘর্ষে আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে প্রতিযোগিতা চলাকালে আল্লাহ ভরসা ও যমুনার তরী নামক নৌকার সঙ্গে সংঘর্ষে যমুনার তরী নৌকাটি ডুবে যায়। এতে নৌকার প্রতিযোগীদের মাঝে সংঘাতের সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে ৫ জন আহত হন।এ ঘটনায় গাবসারা ও নিকরাইল ইউনিয়নবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় আহতরা হলেন- বিল্লাল, রাজ্জাক, শামীম, হৃদয়, হাবিল। এদের মধ্যে বিল্লাল, রাজ্জাক ও হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, একই সময়ে আরও দুটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে তাদের মধ্যেও মারামারি হয়। ডুবে যাওয়া নৌকার প্রতিযোগীরা সাঁতরিয়ে পাড়ে উঠলে দেখা দেয় উত্তেজনা ও মারামারি। সন্ধ্যা ঘনিয়ে আসলে নৌকাবাইচ কমিটি বাইচ স্থগিত ঘোষণা করেন।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, শনিবার নৌকাবাইচকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছিল তার জের ধরে  ইউনিয়নের কালিপুর গ্রামের দারাজ আলী (৪৬) ও তার ছেলে সোহেল (২৫) রোববার সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে গেলে ওই এলাকার যমুনার তরী নৌকার লোকজন তাদের মারধর করে আটক করে রাখে। পরবর্তীতে আটক এবং মারধরের বিষয়টি নিকরাইল ইউপি চেয়ারম্যান মতিন সরকারকে জানালে তিনি আটককৃতদের নিয়ে আসার জন্য বলেন। আমি এ ব্যাপারে তাদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি। এছাড়া ভূঞাপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা জানান, স্থানীয় এমপি ছোট মনিরের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো দুই দিনব্যাপী নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রথম দিনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলেও দ্বিতীয় দিনে একাধিক নৌকার সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে বাইচ চলাকালে একটি নৌকা ডুবে যায়, এতে নৌকাবাইচ স্থগিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ  (ওসি) আব্দুল ওহাব জানান, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  পুলিশের তদারকি অব্যাহত আছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. সেপ্টেম্বর ২০২১ ০২:০০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ঘরের সিঁধ কেটে গৃহবধূকে গণধর্ষণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘরের সিঁধ কেটে গৃহবধূকে গণধর্ষণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ও অস্ত্র দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ধর্ষণের অভিযোগ কবির সরকার (২৬) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রুলীপাড়া গ্রামের শহিদ জামান সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চল রুলীপাড়া এলাকায় গত ২১ সেপ্টেম্বর রাতে স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূর সিঁধ কেটে ঘরে ঢোকে একই গ্রামের কবির সরকার ও শাহদত। পরে ঘরে ঢুকে ছুড়ি দিয়ে মেয়ে ও ধর্ষিতা গৃহবধূকে গলা কেটে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে ওই গৃহবধূ ডাকচিৎকার করতে থাকলে ধর্ষকরা তাকে মারধর করায় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে অজ্ঞান অবস্থায় তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা। এঘটনায় ২৩ সেপ্টেম্বর ভূঞাপুর থানায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় কবির নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. সেপ্টেম্বর ২০২১ ১২:২৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।