একতার কণ্ঠ ডেস্কঃ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী সহ বিভিন্ন সংগঠনের নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার(৭মার্চ) দিনব্যাপী টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে প্রতিটি সংগঠন। সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদের সঞ্চালনায় ৭ই মার্চের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান প্রমূখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ভাষন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.কুদরত আলী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন, আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম ও শেখ শামসুল হক প্রমূখ।
অন্যদিকে ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় দেশের প্রতিটি থানার ন্যায় নাগরপুর থানা পুলিশ বিকেলে থানা কমপ্লেক্স ভবনে এক আনন্দ উৎসবের আয়োজন করে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ৯ মার্চ (মঙ্গলবার) শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে বর্তমান চ্যাম্পিয়ন কাপাপো ক্রীড়া চক্র ও ইষ্টান স্পোর্টিং ক্লাব।ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থা এই লীগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
টাঙ্গাইল ক্রিকেটের ১০টি প্রভাবশালী ক্লাবের অংশ গ্রহনে শুরু হতে যাওয়া এই প্রিমিয়ার লীগকে ঘিরে টাঙ্গাইল স্টেডিয়াম পাড়ায় এখন সাজ-সাজ রব।
সরেজমিনে রবিবার (৭ মার্চ) বিকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের কর্মকর্তাগণ এবং ক্লাব অফিসিয়াল ব্যস্ত তাদের শেষ মূহূর্তের প্রস্তুতিতে।মাঠে অনুশীলনে ব্যস্ত বিভিন্ন ক্লাবের ক্রিকেটারগণ ।পুরো মাঠ জুড়ে রয়েছে নানা রংয়ের পোশাক পরা বিভিন্ন ক্লাবের কিশোর, তরুন ও প্রবীন ক্রিকেটারদের ভীড়। এ যেন এক ক্রিকেট মহা উৎসবের প্রস্তুতি চলছে। অনেকদিন পর টাঙ্গাইল স্টেডিয়ামে বসেছে নবীন-প্রবীন ক্রিকেটাদের মেলা।
স্টেডিয়ামের আউট ফিল্ডে এক দিকে অনুশীলনে ব্যস্ত থানা পাড়া ক্লাব ও কাপাপো ক্রীড়া চক্রের ক্রিকেটাররা। অন্যদিকে অনুশীলন করছে প্যাড়াডাইসপাড়া স্পোর্টিং ক্লাব, স্কয়ার ক্রিকেট ক্লাব, ইষ্টান স্পোর্টিং ক্লাব সহ লীগে অংশগ্রহনকারী প্রায় সব ক্লাব । কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই সব ক্লাবের খেলোয়াররা। আরো বেশি ব্যস্ত সময় পার করছেন পিচ কিউরেটর হায়দার আলী। দু’জন সঙ্গীকে নিয়ে তিন শ’ কেজি ওজনের রোলার দিয়ে পিচ ঠিক করছেন। এ ছাড়া দু’টি স্পন্সর প্রতিষ্ঠান হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের কর্মচারীগন ক্রিকেট মাঠের চারিদিকে বিলবোর্ড বসাতে ব্যস্ত।
এই সব আয়োজন যাদের জন্য সেই ক্রিকেটারদের অনুভুতি অত্যন্ত আনন্দের। মারুফ স্মৃতি ক্লাবের উলফাৎ হোসেন সজিব, থানা পাড়া ক্লাবের তাসিন মাহতাব, টাঙ্গাইল ক্রিকেট ক্লাবের সাদ্দাম খান, স্কয়ার ক্রিকেট ক্লাবের মুরাদ রহমান বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ এই ধরনের জাঁকজমক পূর্ন ক্রিকেটলীগ আয়োজন করার জন্য। গত তিন মাস ধরে ক্রিকেটারগন ব্যস্ত সময় পার করছে। প্রথমে গত বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, তার পর প্রথম বিভাগ ক্রিকেট লীগ শেষ হয়েছে।
এই সব প্রতিভাবান তরুন ক্রিকেটারদের প্রত্যাশা, আগামী ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টাঙ্গাইলের ক্রিকেটারগণ তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। বাংলাদেশের ক্রিকেট অনেক দুর এগিয়েছে। তাদের আশা, টাঙ্গাইলের ক্রিকেটও এগিয়ে যাবে অনেক দুর ।
প্যাড়াডাইস পাড়া স্পোটিং ক্লাবের অফিসিয়াল ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন ও থানা পাড়া ক্লাবের এরফানুল করিম খান আজমি বলেন, অনেক দিন পর রঙ্গিন পোশাকে লীগ অনুষ্ঠিত হচ্ছে।এটা অত্যন্ত ইতিবাচক দিক। প্রিমিয়ার ডিভিশনে অংশ গ্রহন করা প্রতিটি ক্লাব খেলোয়াদের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আশা করি, এবার প্রিমিয়ার ডিভিশনের প্রতিটি খেলা হবে প্রতিদ্বদ্ধিতাপূর্ন। প্রতিটি ক্লাব স্পোটিং মনোভাব নিয়ে লীগে অংশ গ্রহন করবে।
এ প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-পরিষদের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, দীর্ঘ পরিকল্পনা নিয়ে টাঙ্গাইল ক্রিকেট উপ-পরিষদ এগোচ্ছে। বিশেষ করে, পাইনিয়ার ক্রিকেট লীগ আয়োজনের পরিকল্পনা রয়েছে জেলা ক্রীড়া সংস্থার। যে লীগে নতুন নতুন দল অংশ গ্রহনের সুযোগ পাবে। ফলে তৈরি হবে ক্রীড়া সংগঠক ও নতুন প্রজন্মের ক্রিকেটার। প্রতিবছর এই রকম ক্রিকেট টুর্নামেন্ট ও লীগ আয়োজন করতে পারলে, টাঙ্গাইলের ক্রিকেটাদের সুযোগ হবে ঢাকার বিভিন্ন লীগে অংশ গ্রহন করার। সকল মহলের সহযোগীতা পেলে টাঙ্গাইলের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন, অন্যন্য খেলা গুলোর সাথে ক্রিকেটের উপরও জোর দিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। ইতোমধ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি চলছে কাবাডি টুর্নামেন্ট আয়োজনের। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পর দ্বিতীয় বিভাগ ও পাইনিয়ার ক্রিকেট লীগের আয়োজনের প্রস্তুতিও চলছে বলে তিনি আরো জানান। টাঙ্গাইলের প্রতিভাবান ক্রিকেটারগন যেন ঢাকার বিভিন্ন লীগে অংশ গ্রহন করতে পারে সে বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এবার প্রিমিয়ার ডিভিশনে ৫০ ওভারের খেলায় ব্যবহার করা হবে সাদা বল। এ ছাড়া প্রতিটি দল সাদা পোশাকের পরিবর্তে গাঁয়ে জড়াবে রঙ্গিন পোশাক । এবার বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে , হ্যাবিট ও হক ব্রাদার্স।
বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগে অংশ গ্রহনকারী ১০টি ক্লাব হচ্ছেঃ ’ক’- গ্রুপে কাপাপো ক্রীড়া চক্র, ইষ্টান স্পোর্টিং ক্লাব, প্রগতিশীল স্বদেশী সংঘ, টাঙ্গাইল ক্রিকেট ক্লাব, প্যাড়াডাইসপাড়া স্পোর্টিং ক্লাব।
’খ’- গ্রুপে থানা পাড়া ক্লাব, ইয়ং স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব, স্কয়ার ক্রিকেট ক্লাব, মারুফ স্মৃতি ক্লাব।
একতার কণ্ঠ ডেস্কঃ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭মার্চ। দিবসটি উপলক্ষে রবিবার(৭ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ারহোসেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা সাবেক কমান্ডার মো. ফজলুল হক (বীর প্রতিক), খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ জাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৭মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি,বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ভাসানী পরিষদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ লেখক ও সাংবাদিক মুসতাক আহমেদ ও সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবকদল আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পুলিশির বাঁধায় পন্ড হয়ে গেছে।
শনিবার(৬মার্চ) সকালে টাঙ্গাইল পৌর এলাকার আনসার ক্যাম্প রোড থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে পৌঁছুলে পুলিশ তাতে বাঁধা দেয়। বাঁধা পেয়ে সেখানেই বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি মনির হোসেন, লিটন পাল, অ্যাডভোকেট রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান খান, প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট সামিম আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ মার্চ) সকালে জেলার আঞ্চলিক শাখা কার্যলয় বেবীস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া ও হারুন অর রশিদ; কার্যকরী সভপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি এস ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হাসান দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী অটোরিক্সা,অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ৩ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা । কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৬ বছর অতিবাহিত হলেও নির্বাচন দেওয়া হচ্ছে না। আগামী ১৪ মার্চের মধ্যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবী জানানো হয় সভায় । বক্তারা বলেন, নির্বাচের মাধ্যমে নেতা-কর্মী বাছায়ের ফলে কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে।
জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন বলেন, আমরা শ্রমিকদের দাবি অনুযায়ী ১৪ মার্চের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করবো। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্বাচন নিয়ে কাজ করবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান বলেন, দ্রুতই আহবায়ক কমিটি গঠন করে বর্তমান কমিটি বিলুপ্ত করা হবে।
একতার কণ্ঠ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবীতে মর্যাদার উচ্চ আসনে উন্নীত করেছেন। অত্যন্ত দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়ন করে সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।
ইতোমধ্যে তিনি বাংলাদেশকে পৃথিবীতে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছেন। আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করে। সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।
আজ শুক্রবার ( ৫ মার্চ) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী; তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত; তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী-প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, ‘নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ। নারীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। তাদের সম্ভাবনা অনেক বেশি। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদেরকে স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।’
এসময় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে উদ্বোধক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। স্বাগত বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপজেলা চেয়ারম্যান মো: হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. মো: শহিদুল ইসলাম প্রমুখ।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী পচাসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের অর্থআত্মসাত ও এক মহিলাকে যৌন হয়রানির অডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদআলীকে (৪৫) স্থায়ী ভাবে বরখাস্ত করা হয়েছে ।
তার বিরুদ্ধে আনিত অর্থ আত্মসাত ও নারী কেলেংকারীর অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় তাকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হয়। রবিবার (১ মার্চ )সকালে স্কুল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পচাসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ওই নারীর সাথে শিক্ষক ফরহাদ আলীর যৌন উত্তেজক আপত্তি কর কথপোকথনের একাধিক অডিও ক্লিপস ভাইরাল হয়। এ ঘটনা বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার হলে এলাকা সহ বিভিন্ন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক ফরহাদ আলী উপজেলার শাখাইল গ্রামের দুঃখু মিয়ার ছেলে।
সূত্রে আরো জানা যায়, উপজেলার ভারড়া ইউনিয়নের ভারড়া গ্রামের হত দরিদ্র কাঠ মিস্ত্রী আ. মোতালেবের স্ত্রী (৩৭) কে চাকুরী দেওয়ার সূত্র ধরে তার সাথে ঘনিষ্ঠ হন পচাসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চাকুরী প্রত্যাশী ভুক্তভোগীর দরিদ্রতার সুযোগ নিয়ে মোবাইলফোনে ও সরাসরি প্রতিনিয়ত শারিরিক মিলনের জন্য কু-প্রস্তাব দিতে শুরু করে। পরে ভুক্তভোগী নারী টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর আমলী আদালতে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি সে সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে কতৃপক্ষ ২১ ডিসেম্বর ২০২০ তারিখে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে। পরবর্তীতে তার বিরুদ্ধে অডিটের নামে সহকারী শিক্ষকদের নিকট টাকা নিয়ে তা আত্মসাত ও নিয়োগ বানিজ্যের অভিযোগ ওঠে। এ সকল অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় অবশেষে তাকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুল পরিচলনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডাঃ তাহেরুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্পর্শকাতর । এখানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করে। জেনে শুনে চরিত্রহীন ও বিদ্যালয়ের অর্থআত্মসাত কারিকে বহাল রাখতে পারিনা। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে এবং শিক্ষার্থীদের ফের স্কুল মুখী করতে এ সিন্ধান্ত নেয়া হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার( ২ মার্চ) বিকালে ধর্ষণের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন।অভিযুক্ত হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার আবদুল কদ্দুস মিয়ার ছেলে। অভিযুক্ত হায়দার আলী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে মনোহারী দোকান করে আসছিল। সে দুই সন্তানের জনক।
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, ব্যবসায়ী হায়দার আলী প্রতিবেশী দুই শিশুকে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে প্রথমে শিশু দু’টিকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে শিশু দু’টি অভিভাবকদের বিষয়টি জানায়।
সখীপুর থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে মামলা হয়েছে। শিশু দু’টিকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দুই শিশু অভিভাবকদের হেফাজতে রয়েছে। তিনি আরো বলেন, পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে যথাযথ মর্যদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে দায়িত্ব পালন কালে আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে টাঙ্গাইল পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
আয়োজিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল-সদর(৫) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি মো. ময়নুল ইসলাম, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে আত্ম-উৎর্সকারী টাঙ্গাইলের ৭৯ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় ।এদের মধ্যে গত বছর দায়িত্ব পালনকালে আত্ম-উৎর্সকারী আট পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি’র পক্ষ থেকে নগদ ৫০ হাজার করে টাকা, ক্রেস্ট, সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী দেওয়া হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল হাই নামে এক ইউপি সদস্যকে চুরি মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার(১ মার্চ) চুরি মামলায় হাজিরা দিতে গেলে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার তাকে জেলহাজতে পাঠান। বাদী পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আব্দুল হাই উপজেলার তরফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, আব্দুল হাই প্রায় ৬ মাস পূর্বে তরফপুর গ্রামের প্রবাসী জলিল দেওয়ানের বাড়িতে শিদ কেটে স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর সময় গৃহকর্তৃ নুরজাহান দেখে ফেলেন। গ্রাম্য শালিসে চুরির বিষয়টি প্রমানিত হলেও স্বর্ণালঙ্কার ফেরত দেয়নি তিনি। পরে নুরজাহান বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন।
আদালত এই চুরির মামলাটি মির্জাপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
সোমবার ইউপি সদস্য আব্দুল হাই টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।