একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের বংশাই নদীর মির্জাপুর উপজেলার ‘একাব্বর হোসেন এমপি সেতু’র পশ্চিম পাশ থেকে রোববার(২১ মার্চ) সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে বংশাই নদীও ওই স্থানে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বিভিন্ন অংশে পঁচে-গলে গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার(২০ মার্চ) সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন। এছাড়া ৬-৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাগেছে, সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য আগামি ৩০ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল আলীম ও বর্তমান সাধারণ সম্পাদক কেরামত আলী তালুকদার প্রার্থী হয়েছেন। সেলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইউনিয়নের কাউন্সিলর ও ডেলিগেটদের মন জয় করতে উঠে-পড়ে লেগেছেন, দিনরাত গণসংযোগ ও মিছিল-শোডাউন করছেন। এরই অংশ হিসেবে ২০ মার্চ(শনিবার) বিকালে দেউপুর পুরাতন বাজারে কেরামত আলী তালুকদারের পক্ষে সমাবেশ আহ্বান করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে একই স্থানে একই সময়ে অপর প্রার্থী আব্দুল আলীমের পক্ষেও সমাবেশ ডাকা হয়। উভয় গ্রুপ একই স্থান ও সময়ে সমাবেশ আহ্বান করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে উভয় পক্ষই ওই স্থানের সমাবেশ বাতিল করে। ওইদিন সন্ধ্যায় কেরামত আলী তালুকদার ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি সাহানুজ্জামান তালুকদার রঞ্জুর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন দেউপুর পুরাতন বাজারের দিকে যাওয়ার পথে ফটিক মন্ডলের মোড় পৌঁছলে সেখানে অবস্থানরত আব্দুল আলীমের কর্মী-সমর্থকরা শোডাউনে অতর্কিত হামলা চালায়।
হামলায় কেরামত আলী তালুকদারের কর্মী পারভেজ আহাম্মেদ ফরিদ, লাভলু মিয়া, রুহুল আমিন তালুকদার, বাবলু মিয়া, বাবর আলী, অনিক, হুমায়ুন, আব্দুল মজিদ সহ ১০-১২জন আহত হয়। আহতদের মধ্যে পারভেজ আহাম্মেদ ফরিদ, লাভলু মিয়া, রুহুল আমিন তালুকদারকে কালিহাতী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পারভেজ আহাম্মেদ ফরিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি সাহানুজ্জামান তালুকদার রঞ্জু জানান, পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করায় তারা সন্ধ্যায় একটি মোটরসাইকেল শোডাউন করছিলেন। শোডাউনটি দেউপুর ফটিক মন্ডলের মোড়ে পৌঁছলে সেখানে অবস্থানরত আব্দুল আলীমের কর্মী-সমর্থকরা তাদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে।
এ বিষয়ে সল্লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী কেরামত আলী তালুকদার জানান, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই। তাই বলে প্রতিহিংসা পরায়ন হয়ে হামলা চালানো মধ্যযুগীয় বর্বরতার সামিল। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান ও দোষীদের শাস্তি দাবি করেন।
অপর সভাপতি প্রার্থী ও সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় রয়েছেন। তিনি জেনেছেন স্থানীয় ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র গ্রুপের মধ্যে ঝগড়া হয়েছে- এটা তেমন বড় কিছু নয়।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রামে রোববার(২১ মার্চ) সকালে অভিযান চালিয়ে ৯৫পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ইয়ামিন হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃত মো. ইয়ামিন হোসেন(২০) কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি দল শালিনা গ্রামে পুংলী নদীর পাড়ে অভিযান চালিয়ে মো. ইয়ামিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫পিস বিক্রি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
তিনি আরও জানান, টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত মো. ইয়ামিন হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে আম গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালাম শেখ(৪২) খুনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার (২১ মার্চ) নাগরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আ. মান্নান মাষ্টার, ঠান্ডু মিয়া, শাহনাজ বেগম, শামীম মিয়া, শাহ আলম, নিহতের মা ছামিরন বেগম প্রমুখ। এ সময় বক্তরা সালাম শেখ হত্যা মামলায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচির আগে গয়হাটা বাজার থেকে হত্যা মামলার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে।
নিহত সালাম শেখের আট বছরের শিশু পুত্র শামিম শেখ কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি বাবা হত্যার বিচার চাই, জড়িতদের ফাঁসি চাই’।
উল্লেখ্য, আম গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ মিমাংসার জন্য গত ১৫ মার্চ স্থানীয় মাতব্বররা সালিশে বসেন। সালিশে প্রতিপক্ষ মাসুদ-জুয়েলরা সশন্ত্র হামলা করে। হামলায় গুরুতর আহত সালাম শেখকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরদিন ১৬ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় সালাম শেখের মৃত্যু হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। এ উপলক্ষে রোববার (২১ মার্চ) শহরের নিরালা মোড়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও জনসাধারণদের সচেতন করতে মাইকিংও করা হয়।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, মো. শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আইজিপি’র নির্দেশে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সারাদেশের ন্যায় জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলার হাট-বাজার, বাসস্ট্যান্ড, মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে জনসাধারণদের সচেতন করা হচ্ছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সড়কে ঝড়ল আরো একটি প্রাণ। এবার প্রাণ গেল অলিম্পিক কোম্পানির রিজিওনাল ম্যানেজার মাহমুদুর রহমানের(৫০)।টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন স্থানে রোববার(২১ মার্চ) সকালে ট্রাক চাপায় প্রান হারান তিনি । এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহত মাহমুদুর রহমান দিনাজপুর জেলার শ্রীবর্দীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানীর টাঙ্গাইলের আরএম।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানীর আরএম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পাড় হওয়ার সাথে সাথে পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ সদ্য প্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট, ও ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদের স্মরণ সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মো. মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাফিস মকসুদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, আব্দুর রাজ্জাক, ডঃ আজাদ খান, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামাল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন মওলানা ভাসানী যুব ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুমন, যুব ফাউন্ডেশনের নেতা মো. হাসান মিয়া সহ আরো অনেকে। স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশন ও ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সৈয়দ আবুল মকসুদ সারা জীবন তার লেখনির মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি তার গবেষণা কর্মের মাঝেই বেঁচে থাকবেন।
একতার কণ্ঠ ডেস্কঃ সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট। শনিবার(২০ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র সরকার ও চন্দন সুত্রধর, যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম কর্মকার, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুভাষ সরকার, ঘাটাইল উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি বিভাষ চন্দ্র বিশ্বাস সহ জেলা হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠন ছাড়াও উপজেলা হিন্দু মহাজোট ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত মঙ্গলবার রাতে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে আটকের পর বুধবার স্থানীয় হেফাজতে ইসলাম সমর্থকরা সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করেন অভিযোগকারীরা। এসময় ৮৮ বাড়িঘর ও ৮ টি মন্দির ভাংচুরের অভিযোগ রয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ ইয়াং টাইগার অনুর্দ্ধ-১৮ ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধণী দিনে জয় পেয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা।শনিবার(২০ মার্চ )বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার অনুর্দ্ধ-১৮ ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা ডিভিশন উত্তরের দু’টি খেলা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে “ক”গ্রুপের খেলায় ময়মনসিংহ ৩ উইকেটে নরসিংদী জেলা পরাজিত করে শুভ সূচনা করেছে । অপর দিকে, কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে “খ” গ্রুপের খেলায় টাঙ্গাইল জেলা ১৫ রানে নেত্রকোনা জেলাকে পরাজিত করেছে।
কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করে ৪১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। টাঙ্গাইল জেলা দলের স্কোর এক পর্যায়ে ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান ছিল।
তারপরও ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ৪১.২ ওভারে ১৩৮ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে মাইনুল সর্বোচ্চ ৪১ রান করে।এছাড়া ফেরদৌস ৩৪ ও তাসিন ১৯ রান করে। নেত্রকোনার পক্ষে বোলিংয়ে শেখ আওয়াল ১৬ রানে ৬টি এবং আহনাফ নাবিদ ২৯ রানে ৩টি উইকেট দখল করে।
বোলিংয়ের শুরুতেই টাঙ্গাইল জেলার ইমতিয়াজ ও তারেকের চমৎকার বোলিংয়ে নেত্রকোনা ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।সেই চাপ নেত্রকোনা আর সামাল দিতে না পারলে নেত্রকোনা ৪৪.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে। খেলায় টাঙ্গাইল জেলা দল ১৫ রানে জয় লাভ করে।
নেত্রকোনা জেলা দলের পক্ষে শাহিদ সর্বোচ্চ ৬৪ ও ফাহিম ২২ রান করে। টাঙ্গাইল জেলার পক্ষে ইমতিয়াজ ২০ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া তারেক ২৪ রানে ২টি এবং ফেরদৌস ২১ রানে ২টি করে উইকেট দখল করে।
টাঙ্গাইল স্টেডিয়ামে টস জয়ী নরসিংদী জেলা প্রথমে ব্যাটিং করে ৪৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান করে।দলের পক্ষে সিরাজুল ৩০ ও সালাউদ্দিন ২৯ রান করে। বোলিংয়ে ময়মনসিংহের শামুসর রহমান ১৯ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে ময়মনসিংহ জেলা ৪৩.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। দলের পক্ষে রোহান সর্বোচ্চ ৩৫ রান করে। বোলিংয়ে নরসিংদী জেলার পক্ষে চঞ্চল ৩৬ রানে ৪টি উইকেট এবং তানজীন ২৫রানে ৩টি উইকেট দখল করে।
আগামী ২৩ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দ্বিতীয় ম্যাচ খেলবে শেরপুর জেলার বিপক্ষে এবং টাঙ্গাইল স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা খেলবে মানিকগঞ্জের বিপক্ষে।
ঢাকা ডিভিশন নর্থের “ক” গ্রুপের দলগুলো হল ময়মনসিংহ জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা ও মানিকগঞ্জ জেলা এবং “খ” গ্রুপের দল গুলো হল টাঙ্গাইল জেলা, নেত্রকোনা জেলা, গাজীপুর জেলা ও শেরপুর জেলা।
কিশোরগঞ্জের জেলা স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহন করবে দুই গ্রুপের চ্যাম্পিয়ান ও রানারআপ দল।
এর পূর্বে সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে “খ” গ্রুপের খেলার উদ্বোধন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান আলো, টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান ও ধারাভাষ্যকার তমাল বিহারী দাস।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দু’টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে পৌর এলাকায় বাসস্ট্যান্ডে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর হোসেন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেনের নেতৃত্বে দু’টি পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় মনজুর হোসেন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অর্থদন্ড হিসাবে একুশ শত টাকা জরিমানা আদায় করা হয়।
অপর দিকে, একই সময়ে নাহিয়ান নুরেন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অর্থদন্ড হিসাবে এক হাজার টাকা আদায় করা হয়।
এ সময় বাসাইল থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এছাড়া উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রায় দুই শত পথচারী মাঝে মাস্ক বিতরন করা হয়।
এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি ) নাহিয়ান নুরেন বলেন, “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে ।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, “বর্তমানে প্রানঘাতী করোনার প্রকোপ হঠাৎ করেই বেড়ে চলেছে। এ সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতি অধিক মনোযোগি হতে হবে। আর তাই আমাদের ভ্রাম্যমান আদালতের এই কার্যক্রম পরবর্তীতেও চলমান থাকবে। মাস্ক ব্যবহার না করার অপরাধে দু’টি আদালতের মাধ্যমে শুক্রবার ‘সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নিমূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ’ ১৫জনের বিরুদ্ধে মামলা ও তিন হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে রফিক-সঞ্জয় ট্রফি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার(১৯ মার্চ) বিকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
আয়োজক কমিটির আহ্বয়াক আব্দুল লতিফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে লীগের উদ্বোধন করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা। বিশেষ অতিথি, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু, ভূঞাপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক রফিকুল ইসলাম রবি সহ স্থানীয় নানা শ্রেনী-পেশার মানুষ ও ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বৃন্দ।
আহ্বয়াক আব্দুল লতিফ তালুকদার জানান- রফিক-সঞ্জয় স্মৃতি পরিষদের সহযোগিতায় বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। এ ক্রিকেট টুর্নামেন্ট মানুষদের মাঝে বিনোদন ও অনুপ্রেরণা যোগাবে।
প্রসঙ্গত, রফিক-সঞ্জয় ট্রফিটুর্নামেন্টে সোনালী অতীত লিজেন্ডস, হাই স্কুল ডিনামাইট ও সুপার স্টার প্রাথমিক শিক্ষকের তিনটি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী টুর্নামেন্ট ম্যাচে প্রথম দিনে সোনালী অতীত লিজেন্ড বনাম সুপার স্টার প্রাথমিক শিক্ষক দল অংশ গ্রহণ করে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজে এ অভিযান পরিচালনা করা হয়। নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন। ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিক জিতেন্দ্র মোহন সাহাকে এক লাখ টাকা জরিমানা করে।
অভিযান প্রসঙ্গে র্যাব-১২ এর (সিপিসি-৩) টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদি টাঙ্গাইল এলাকায় মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয়।সেখানে অবৈধভাবে নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন।