একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৯ ইটভাটায় অভিযান চালিয়ে এক কোটি ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রভাবশালীরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ইটভাটা প্রস্তুত করে। এমন খবরে অভিযান চালিয়ে মেসার্স নিউ সান ২০ লাখ টাকা, মেসার্স জে এম বি ২০ লাখ টাকা, মেসার্স এইচ বি এম ২০ লাখ টাকা, মেসার্স নিউ এম বি এম ২০ লাখ টাকা, মেসার্স নিউ দেওয়ান ২০ লাখ টাকা, মেসার্স এম আর বি ৫ লাখ টাকা, মেসার্স হাজী আনছার আলী ৫ লাখ টাকা, মেসার্স জে এস বি ৫ লাখ টাকা ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল জানান, ৯ অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক কোটি ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভাটার কিলন ভাঙচুর ও কাঁচা ইট নষ্ট করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিত মিজানুর রহমান লিটন টাঙ্গাইল আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী সাক্ষী-প্রমাণ ও শুনানি শেষে এ রায় দেন।
মিজানুরের বিরুদ্ধে সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন মাহমুদ বাদি হয়ে গত ২৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
আদালত পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নয় লাখ টাকা অর্থদন্ড করেছেন। রায় ঘোষনার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম তালুকদার জানান, মিজানুর রহমান ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১৪ লাখ টাকা ধার নেন। তিনি দুই দফায় নয় লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুটি চেক মিলন মাহমুদকে দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। মিলন মাহমুদ ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে টাকা জমা নেই। চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখান হয়। পরে মিলন মাহমুদ আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদি মিলন মাহমুদ বলেন, মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। উল্টো আমাকে বিভিন্ন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করে নানান টালবাহানা করেছেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আ’লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর জানান, মিজানুর রহমান লিটন শহর আ’লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকলে তার জন্য আমরা ভবিষ্যতে পদপদবির জন্য সুপারিশ করবো না।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ খন্দকার আমজাদ ওরফে হযরত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের জয়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হযরত মির্জাপুর পৌর এলাকার পাহাড়পুর গ্রামের খন্দকার আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের জয়েরপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় খন্দকার আমজাদ ওরফে হযরতকে গ্রেপ্তার করা হয় । পরে তার কাছে থাকা লাল-কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম খান জানান, খন্দকার আমজাদ ওরফে হযরতকে মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিষয়ে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জেনেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির কথা জানতে পেরে অভিযান চালিয়ে হযরতকে গ্রেপ্তার এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক বিক্রি, মোবাইল ফোন ও মোটরসাইকেল চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে পাহাড়পুর গ্রামের লোকজন অভিযোগ করেছেন।
একতার কণ্ঠঃ: এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে মারুফ (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বলমআটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ একই গ্রামের মো. ইবরাহীমের ছেলে। সে পাশের গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলে মারুফ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। এতে সে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে । পরে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার মা মারুফকে ভাত খাওয়ার জন্য ডাকলে সাড়াশব্দ না পেয়ে মারুফকে ঘরের ধরণায় ঝুলতে দেখে। পরে মারুফকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করা হয়। পরিবার ও প্রতিবেশিদের মাধ্যমে জানা গেছে সে এসএসসি পরীক্ষায় ইংরেজি এক বিষয়ের ওপর অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে মারুফের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া এলাকায় নিউ ধলেশ্বরী নদীর ডান তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে বর্ষা মৌসুমে আশপাশের বসতবাড়ী ও ফসলী জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, কুড়িঘড়িয়া গ্রামের হাজী ছানোয়ার হোসেন ভূইয়া, তার ভাই শহীদুল ইসলাম ও ছেলে স্বাধীন ভূইয়াসহ একটি প্রভাবশালী মহল প্রায় ১৫ দিন ধরে নদীর তীর কেটে ভেকু বসিয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে অবাধে বিক্রয় করছে। দিনরাত মাটি ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তার দু’পাশে বসবাসরত জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের আশবাবপত্র বিছানাসহ খাবারেও মাটির প্রভাব পড়ে। এতে এসব এলাকায় সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়াও ক্রমাগত নদী তীর কেটে মাটি বিক্রি করলে বর্ষা মৌসুমে এলাকার বসতভিটা সহ ফসলী জমি ভাঙনের আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
সরেজমিনে দেখা যায়, নিউ ধলেশ্বরী নদীর ডান তীর কেটে ভেকু বসিয়ে প্রায় ৪০ ফুট করে গভীর গর্ত করে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী ওই মহল। তারা জানান, প্রশাসনসহ বিভিন্ন মহলের সাথে সমঝোতা করেই ব্যবসা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন জানান, নদীর তীর কেটে মাটি বিক্রয়ের বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।
রোববার রাত ৩ টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।
তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩ টার দিকে আজগর তার নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি শুরু করে।
এ সময় তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে যায়।
তিনি আরো জানান,কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কাহারা এঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম মো. আবুল হোসেন(৫৫)। তিনি বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া রেজাউল কোচিংয়ের পরিচালক রেজাউল করিম(৩২) ও নাগরপুর উপজেলার বাসিন্দা। দুজনেই দেলদুয়ার কৃষিব্যাংকে কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। বাসের চালক ও সহকারি পালিয়ে গেছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল এবং লাশ দুটিকে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে
একতার কণ্ঠঃ জমি বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুরে চাচাতো ভাইদের এলোপাথারি হামলা থেকে আরেক চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই আব্দুল হামিদ (৪৫)।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
এ ঘটনায় শনিবার (২৬ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী শাহিনা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর ওই রাতেই প্রধান আসামি সাঈদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), আজিজুল (৩৫), সোনা মিয়া (৫০) এবং আলেয়া খাতুনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ভূঞাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঈদ-আজিজুলদের সাথে জমি নিয়ে নিহত হামিদের চাচাতো ভাই আব্দুল রাজ্জাকের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। তারা সালিশ না মানলে একপর্যায়ে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১০৭ ধারা আইনে মামলা করেন নিহতের ভাই আব্দুর রাজ্জাক। আদালতের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে রাজ্জাকের উপর হামলা চালায়। এসময় রাজ্জাকের বড় ভাই হামিদ ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে তারাও আহত হয়।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। তারমধ্যে রাজ্জাকের ভাই হামিদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখানকার চিকিৎসক হামিদকে বিকাল সাড়ে ৫ টার দিকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এজাহারের পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।
তিনি আরো জানান, তাদের মধ্যে তিনজনকে শনিবার সকালে ও অপর আরেকজনকে রবিবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আাসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
একতার কণ্ঠঃ ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক সমিতির সদস্যরা।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফিরোজ হায়দার খান, কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শাহজাহান আলী সরকার ও শাহজাহান আলী ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদের বাবুল ও সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী সিদ্দিকী প্রমুখ।
বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং টাঙ্গাইল শহর আওয়ামিলীগের সহ-সভাপতি কোরবান আলী মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় টাঙ্গাইল স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন বকুলতলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী ও ভক্ত বৃন্দ রেখে গিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার অকাল মৃত্যুতে, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসহ দৈনিক কালের বার্তা ও একতার কণ্ঠ পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় সংলগ্ন একটি আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইল কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের একটি আম বাগানে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের শম্ভূনাথ আর্য (৭০) পরলোকগমন করেছেন।
তিনি শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন।
শম্ভুনাথ আর্য একজন শিক্ষক ও প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি সাহিত্য ও আঞ্চলিক ইতিহাস চর্চা করতেন। তার অসংখ্য লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার সুন্দর হাতের লেখার জন্য তিনি সর্বদাই প্রশংসিত হয়েছেন। আঁকতেন ছবি।
তিনি সরকারি সা’দত কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেন। এরপর সহকারী শিক্ষক হিসেবে জোয়াইর উচ্চ বিদ্যালয়, দেউপুর উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ নারান্দিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োজিত ছিলেন। তিনি পলিমাটি সাহিত্য সংসদ, শতদল সাহিত্য সংসদ ও অনুপ্রাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
শম্ভূনাথ আর্যের মরদেহ ঢাকা থেকে সরাসরি তার সাবেক কর্মস্থল নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ মাঠে নেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লাশ নিজ বাড়িতে নেওয়া হলে তাকে একবার দেখার জন্য বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ছুটে আসেন।
শম্ভূনাথের মৃত্যুতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শম্ভূনাথ আর্যের সৎকার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে শনিবার বিকেলে সম্পন্ন হয়।