একতার কণ্ঠঃ হাসপাতালে ভর্তি অসুস্থ বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলীর চিকিৎসার খোঁজখবর জানতে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের একটি প্রতিনিধি দল সোমবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন।
উপস্থিত মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলীর সুচিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।কর্তব্যরত চিকিৎসক উনার চলমান শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিনুর রহমান মিল্টন।
এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী সাহেবের কনিষ্ঠপুত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক ইমদাদুল হক এবং জৈষ্ঠপুত্র টাঙ্গাইল জেলা শাখার সদস্য নাসির উদ্দিন।
একতার কণ্ঠঃ অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষগুলোর কষ্ট লাগবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের শিশুদের জন্য ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। যেখানে মিলছে ১০ টাকায় বাজার। সেচ্ছাসেবক এই সংগঠনের এমন উদ্যোগটি সাধুবাদ জানিয়েছেন সুধিজনরা।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের হাজরাঘাট এলাকার একুয়ার বস্তিতে বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ বাজার বসানো হয়। বাজার থেকে ১০ টাকার বিনিময়ে বিভিন্ন সবজি, মাছ ও মাংস কিনতে পারছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো।

১০ টাকার বাজারে ১০ টাকার বিনিময়ে মিলছে- ১ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি মূলা, ১ কেজি সিম ও আধা কেজি পেঁয়াজ, ফুল কপি, মিষ্টি লাউ, লাল শাক, পালন শাক, ৩ টি শিং মাছ বিক্রি করা হয়েছে। এছাড়া এ বাজারে কাঁচা মরিচ দেওয়া হয়েছে ফ্রিতে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের আয়োজিত ১০ টাকার বাজারে বাজার করতে আসা গৃহিনী রাশেদা বেগম বলেন, বস্তিবাসীদর অভাব-অনটনের সংসার। বর্তমানে সবজির অনেক দাম বেড়ে গেছে। কিন্তু ১০ টাকার বাজারে এত কম টাকায় জিনিস কিনতে পেরে আমরা বস্তিবাসী খুবই আনন্দিত। আমরা চাই নিয়মিত এমন বাজারের ব্যবস্থা করা হোক।
বস্তি এলাকার সুবিধাবঞ্চিত দিনমুজুর ইয়াকুব আলী জানান, বাজারে নতুন নতুন সবজি উঠেছে। কিন্তু দাম বেশি থাকায় কিনতে পারি না। অনেক দিন পর পরিবারের জন্য মাত্র ১০ টাকায় মুরগি কিনতে পেরেছি এ বাজার থেকে। আমাদের মত গরীর মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
১০ টাকার বাজারের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম মুনিম জানান, এ বাজারের ক্রেতা হিসেবে আগে থেকেই সুবিধাবঞ্চিত মানুষদের নির্বাচন করেছি। প্রতিটি পণ্যে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি আমরা দিচ্ছি। এছাড়া লটারি মাধ্যমে মুরগি দেওয়া হয়েছে। এ রকম কাজে সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। এ উদ্যোগ অব্যাহত রাখব।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের সমন্বয়ক মুঈদ হাসান তড়িৎ জানান, সমাজের স্বল্প আয়ের মানুষদের জন্যই আমাদের এমন উদ্যোগ। এ বাজারে চাল, ডাল, মুরগি মাছসহ সব জিনিসের দাম ভর্তুকি দিয়ে রাখা হচ্ছে মাত্র ১০ টাকা যেন সুবিধাবঞ্চিত মানুষ টাকার বিনিময়ে জিনিস কিনেছেন এই আত্মতৃপ্তিটা পান।
তিনি আরও জানান, এ ধরণের বাজার থেকে আমরা ধারণা নিলাম কোন কোন পণ্যে মানুষের বেশি চাহিদা। এমন উদ্যোগ আমাদের আগামীতেও থাকবে। এছাড়া বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন বাজারের আয়োজন দেশের বিভিন্ন জেলায় আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান বাংলাদেশে কর্মরত অতিরিক্ত জেলা দায়রা জজ সমমর্যাদার বিচারকদের মধ্যে ‘প্রধান বিচারপতি পদক-২০২২’ পেয়েছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি ওই পদক গ্রহণ করেন।
সাউদ হাসান গোপালগঞ্জ জেলা সদরের আড়পাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মোল্লা ও আনোয়ারা বেগমের কনিষ্ঠ সন্তান।
তিনি গোপালগঞ্জের আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এলএলএম (প্রথম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি আইসিআরসি স্কলারশীপ প্রাপ্ত হন এবং ভারতের নালসার ইউনিভার্সিটি অব ল’ থেকে আন্তর্জাতিক মানবিক আইনে পিজিডি-তে প্রথম স্থান অধিকার করেন।
তিনি আইন, বিচার, মানবধিকার ও আইন গবেষণার উপর দেশে ও বিদেশে প্রায় ৪৮টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান আইন বিষয়ে ৩টি পেশাগত বইয়ের রচিয়তা।
এছাড়া দেশি-বিদেশি আইনি জার্নালে এ যাবৎ তার ৬টি লেখা প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা জজ কোর্ট এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভূক্ত আইজীবী হিসেবে প্রাকটিস ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যাপনা করেছেন।
তিনি তৃতীয় বিজেএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে ২০০৮ সালের ২২ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রাজবাড়ি জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকার সিনিয়র সহকারী জজ, মানিকগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার, ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি টাঙ্গাইলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করার পরে বিচারপ্রার্থী জনগণের বিচারিক সেবার মান উন্নয়ন, আদালতের সার্বিক পরিবেশের উন্নয়ন সাধন, স্বল্প সময়ে অধিক সংখ্যক মামলা নিস্পত্তি, বৃক্ষরোপনসহ জেলার সামগ্রিক বিচার ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন।
তিনি বিবাহিত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। সাউদ হাসানের স্ত্রী মনিকা খান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন সদস্য এবং বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হিসেবে কর্মরত।
একতার কণ্ঠঃ কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের আকুর টাকুর পাড়াস্থ কুরতুবী মাদরাসার টাঙ্গাইল সিটি ক্যাম্পাস এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার সরকারী সৈয়দ মহব্বত আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো, নূরুজ্জাহিদ কচি, বেড়াডোমা ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রাশেদুল ইসলাম, মগড়া গার্লস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব হাফেজ আমজাদ হোসেন।
কুরতুবী মাদরাসার টাঙ্গাইলের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে অভিভাবক, মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে মায়ের উপর অভিমান করে কীটনাশক পানে মেরি আক্তার ফাতেমা (১৮) নামে এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপালপুর থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত নববধু পৌরশহরের সওদাগর পাড়ার আলমগীর হোসেনের ছেলে শফিকুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় নিহতের বাবা মারফত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর সওদাগর পাড়ার মারফতের মেয়ে মেরি আক্তার ফাতেমার সাথে শফিকুলের বিয়ে হয়। বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মেয়েকে স্বামীর বাড়ী পাঠানো হয়নি। সেজন্য ফাতেমা বাবার বাড়ীতে বসবাস করত।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে সাংসারিক কাজ করা নিয়ে ফাতেমাকে তার মা রুনা বেগম বকাঝকা করে। এতে সে মায়ের উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। ঘটনা টের পেয়ে বাড়ীর লোকজন প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা জানান, নিহতের লাশ রবিবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
একতার কণ্ঠঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন।পরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে দোয়া ও মোনাজাত করেন।
এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ‘ফোরথ ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন ট্রেন্ডস কম্পিটিউশনাল কগনিটিভ ইঞ্জিনিয়ারিং (টিসিসিই-২০২২)’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
একতার কন্ঠঃ টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৮টা থেকে সেতুতে টোল আদায় শুরু হলে যানবাহন চলাচল শুরু হয়।
রোববার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়।
এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু-পূর্ব থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত পরিবহনের যানজট তৈরি হয়।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার ভোররাত থেকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পার্শ্বেই টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে নাহ। এর ফলে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। সকাল ৮টার পর টোল আদায় শুরু হওয়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে দাহ্য পদার্থ ভর্তি ড্রাম বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু (৩২) উপজেলার বগা প্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী হার্ডওয়্যার ব্যবসায়ীর আতিকুল ইসলাম তার দোকানের কর্মচারী আল আমিন থিনার ভর্তি একটি ড্রাম খোলার জন্য এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং নামক একটি ওয়ার্কসপে নিয়ে গেলে ওই দোকানের কর্মচারী নিহত রাজু ড্রামটি খোলার চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই রাজু নিহত এবং তিনজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- জসিমের ছেলে আতিকুল (৪০) এছাক আলীর ছেলে সবুজ (২৬) ও আরেকজন পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে আল আমিন (১৮)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.হাবিবা শবনম বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সখীপুর থানার এস আই মজিবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটানাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে গোসল করার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক খান(৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮ টায় ধর্ষিত শিশুর মা বাসাইল থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ১ ঘন্টার মধ্যে ধর্ষক রাজ্জাক খানকে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজ্জাক খান উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিম পাড়া গ্রামের মৃত হযরত খানের ছেলে। পেশায় সে অটোচালক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে পাঁচ বছর বয়সী ওই শিশুকে গোসল করার কথা বলে তার মার কাছ থেকে নিয়ে যায় রাজ্জাক। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্না করলে ধর্ষক শিশুটিকে ঘর থেকে বের করে দেয়।পরে শিশুটি তার মার কাছে এসে সব বলে দেয়। শিশুটির মা জানার পর বাসাইল থানায় অভিযোগ করেন। অভিযোগ করার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী জানান, ধর্ষণের ঘটনার বিষয়টি শুনেছি।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।শিশুটির মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মো. জুলহাস আলী (৪০) বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত কাদেরের মেয়ে শিরিনা (৩৪), সদর উপজেলার কান্দিলা এলাকার আ. বাছেদের মেয়ে ফরিদা (২৪)। এছাড়া সদর উপজেলার পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার মুকুল আকন্দের ছেলে মো. রাসেল (৩১), আলমগীরের ছেলে আলামিন (২০), মৃত আ. সামাদ ফকিরের ছেলে আ. রাকিব (৩২) ও আব্দুল জব্বার আকন্দের ছেলে মো. রাজা আকন্দ (৩৩)।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জুলহাস আলী জমির পর্চা তোলার জন্য টাঙ্গাইল শহরে তার শ্যালকের নিকট যাওয়ার পথে এলেঙ্গা বাসস্ট্যান্ড পৌঁছে সিএনজিতে উঠেন। সিএনজিতে একজন মহিলা ও পুরুষ যাত্রী ছিল। টাঙ্গাইল আসার পথে শিরিনা বাদীর নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। বাদী তার নাম ঠিকানা বললে সে বলে তার বাড়িও কালিহাতী, টাঙ্গাইল শহরের বাসা ভাড়া নিয়ে থাকেন। কথার এক পর্যায়ে বাদিকে অশালীন অঙ্গভঙ্গি দেখিয়ে বাসায় যাওয়ার অনুরোধ করেন আসামী। পরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড পৌঁছালে ফরিদা উপস্থিত হয়ে বাদিকে অটোরিকশাযোগে দুপুরে পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং মাঠের পশ্চিম পাশে সোলায়মান এর বাসার ভাড়াটিয়া রাসেলের ঘরে নিয়ে যান।
আরো জানা যায়, বাসায় যাবার পর ফরিদা বাদীকে বলেন শিরিনা তার বোন হয় এখন তার সাথে আপনার যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। বাদী অস্বীকার করলে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শণ করেন। এক পর্যায়ে বাদী ঘর থেকে বের হতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে রাসেল, আলামিন, রাকিব ও রাজা ঘরে প্রবেশ করে বাদিকে খারাপ কাজ করতে এসেছে বলে গালিগালাজ ও মারধর করে। বাদী আসামীদের হাত পা ধরে ক্ষমা প্রার্থনা করলেও তারা কোন কর্ণপাত না করে খারাপ কাজ করতে এসে ধরা খেয়েছেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই নারীসহ ছয় জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, গ্রেপ্তারকৃত ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১২/১৩/১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধিতে এই ধরণের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
দিনের শুরুতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শ্রদ্ধাঞ্জলি জানান।
এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাংগাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান।
এরপর শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ।
শেষে শহীদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও সকাল ৮টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
পরে ১১টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। বাদ জুমা সকল মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
একতার কণ্ঠঃ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামার বিয়ে। রাতে বাসর ঘর সাজানোর দায়িত্ব ছিল তার।
তাই মামার বাসর ঘরের ফুল আনতে টাঙ্গাইল শহরে যান ভাগনে। ফুল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে গাড়িচাপায় লাশ হয়ে বাড়ি ফিরেন তিনি। ভাগনের আর হলো না মামার বাসর সাজানো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানি (হাট বাইপাস) এলাকায় গাড়িচাপায় ওই যুবক নিহত হন।
নিহত ওই যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২০)। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
ফয়সালের চাচা রতন হোসেন জানান, তার চাচাতো মামার বন্ধুর সঙ্গে ফয়সাল বিয়ের ফুল আনতে সকালে টাঙ্গাইল শহরে যান। সেখান থেকে বাসর ঘরের ফুল নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাদারজানি এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়।
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলে ফয়সাল নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক তার মামার বন্ধু সজীব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফয়সালের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি পক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে।