একতার কণ্ঠঃ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দৈনিক নয়া দিগন্তের কর্মকর্তা মাসুদ রানা নিহত হয়েছেন। রবিবার(৩০ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে তার মোটরসাইকেলকে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
নিহত মাসুদ রানা দৈনিক নয়া দিগন্তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। তার মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা তার বগুড়াস্থ বাড়ি থেকে নিজের মোটরসাইকেল যোগে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় ওভারপাসে তার মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দেয় তিনি ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা দেয়া গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলার কয়রাপাড়া এবং বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে গোপালপুর উপজেলার পৌরশহরের ভূয়ারপাড়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে জামালপুর থেকে ঢাকাগামী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধনবাড়ীগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে আহত হন ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) এবং কাঁচা মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, কাঠ শ্রমিক বাবু গোপালপুরের হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে গাছের গুঁড়ি বোঝাই নছিমনের ওপর বসে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ভূয়ারপাড়ার সড়কে নছিমন উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা বাবুকে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালপুরের ডুবাইল ঘটকবাড়ীর নূরুল ইসলামের ছেলে।
একতার কন্ঠঃটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বুধবার(২৬ জানুয়ারি) পৃথক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র ও এক নারী নিহত হয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে লামিম (১২) মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার বাওয়ার রোড এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, এ ঘটনায় লামিমের নানা উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ওসমান মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলায় ট্রাকচালক খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে লামিমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উপজেলার কড়াইল গ্রামের ছায়েদ আলীর স্ত্রী মেহের ভানু (৭২) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলার ডোকলাহাটী এলাকা পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় মোয়াজ্জেম হোসেন জানান, মেহের ভানু শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।
মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শাহিন মিয়া জানান, তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি তিনি শুনেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২৫ জন আহত হয়েছেন।সোমবার (২৪ জানুয়ারি) ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ভূঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে লাগা আগুনে জেলেমন বেগম (৭২) নামে এক মানসিক ভারসম্যহীন নারী দগ্ধ হয়েছেন। এছাড়া ওই ঘটনায় বাড়িটিতে থাকা অর্ধকোটি টাকার মালামালও পুড়ে গেছে।
রবিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন জিন্নাহ জানান, ভোরে হঠ্যাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরে। এতে বাসার ৬টি রুমে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, আগুনে জেলেমন নামে মানসিকভারসম্যহীন এক নারী দগ্ধ হয়েছেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দগ্ধ নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) রাতে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান।
নিহতরা হলেন, কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। এরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই।
স্থানীয়রা জানান, মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে মোটরসাইকেলে করে হাতিয়া গ্রামে একটি বিয়ের দাওয়াত খেতে আসেন। দাওয়াত খাওয়া শেষে রাতে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কাঠবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৩৫)।
কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে কয়েকজন শ্রমিককে নিয়ে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। চালক হেলপারকে দিয়ে ট্রাক চালাতে দিয়ে ভেতরেই ঘুমাচ্ছিলেন। পরে ট্রাকটি কাতুলী এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কালিহাতী ও ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে পিকআপ চালক ও এক বৃদ্ধা নিহত হয়েছেন।এদের মধ্যে চালকের পরিচয় পাওয়া গেলেও বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। নিহত পিকআপ চালক ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিঞার ছেলে জুয়েল মিঞা (২৯)।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক রেলক্রসিং এলাকায় পিকআপের সঙ্গে ট্রেনের সংর্ঘষ হয়ে একজন নিহত। এছাড়া একই সময়ে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা গেছে, জুয়েল মাল বোঝাই পিকআপ নিয়ে ভূঞাপুর উপজেলার খড়গ-নিকলা অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল। এসময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে ,একই সময় কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান জানান, দুপুরের দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু রয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল।
নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়, এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, দুর্ঘটনায় শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী হামিদপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজরুল ইসলাম সরকার ।
নিহত রাজ্জাক কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন বীমা কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক উপজেলার হামিদপুর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজ্জাক মারা যান। পরে খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে একটি পাটের গুদামে আগুন লেগে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামের গনি বেপারীর গুদামে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
গুদামের মালিক গনি বেপারী জানান, তার পাট গুদাম সংলগ্ন ধান ভাঙানোর মেশিনে সুইচ দেওয়ার পর সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আলতাফ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার তালতলা এলাকা থেকে আনোয়ার তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত আতোয়ার তালুকদারের ছেলে।
টাঙ্গাইল সদর থানার এসআই বেল্লাল হোসেন জানান, আনোয়ার তালুকদারের ছেলে-মেয়ে ঢাকায় থেকে পড়াশুনা করে। তার স্ত্রী মাঝে মধ্যেই ছেলে-মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন। তারই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর ঢাকায় যান তিনি। এরপর থেকেই বাসায় একাই থাকতেন আনোয়ার।
তিনি আরো জানান, সর্বশেষ গত ২৩ ডিসেম্বর স্ত্রী-সন্তানদের সঙ্গে মোবাইলে কথা বলেন আনোয়ার। এরপর থেকে পরিবারের লোকজন একাধিকবার ফোন করেও তাকে পাচ্ছিলেন না। পরবর্তীকে তাদের এক ভাগ্নে বাসায় এসে ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কোনো সাড়া পায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা জানান, লাশটি অর্ধগলিত ছিলো। ৩ থেকে ৪ দিন আগেও মারা যাওয়ায় লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।