একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।
আরো পড়ুনঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১১ টন সয়াবিন তেলসহ উল্টে গেল ট্রাক
নিহত স্বপন চক্রবর্তী (৩৫) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া এলাকার কানাই চক্রবর্তীর ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির আঙিনায় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, সাপের কামড়ে স্বপন চক্রবর্তী হাসপাতালে মারা গেছেন। পারিবারিকভাবে তার লাশ সৎকার করা হয়েছে।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে দূর্ঘটনায় কোনো হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
ট্রাক চালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল বলেও জানান তিনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সড়িয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পরেছে সেখানে দ্রুতই বালু দেয়া হবে। এছাড়া, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় রুপম খান (১৮) ও নিশাত খান (১৮) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) বিকেলে মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়কের ঘুঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চালক আজিজুল হককে আটক করে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
রুপম খান উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের রমিনুর রহমান খানের ছেলে ও নিশাত খান একই গ্রামের খোকন খানের ছেলে। তারা মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বিকেলে রুপম তার বন্ধু নিশাতকে নিয়ে মোটরসাইকেলে করে মির্জাপুরের দিকে রওনা দেন। পথে মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়কের ওই স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে রুপম খান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নিশাত খানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করার পর রাত আটটার দিকে তিনি মারা যান।
মির্জাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ইটবোঝাই ট্রাকের চাপায় লুৎফর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্জু মিয়া (৩৬) নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত লুৎফর রহমান টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের এলাহী বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত কাজ শেষ করে লুৎফর রহমান মোটরসাইকেলে করে সখীপুর থেকে টাঙ্গাইল ফিরছিলেন। সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে সড়কের পশ্চিমপাশে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক মঞ্জু মিয়া ছিটকে পাশের খেতে পড়ে যান। পরে ট্রাকটি ডান দিকে সরে গিয়ে সড়কের পূর্বপাশে থাকা লুৎফর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় লুৎফর রহমানের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, আহত মঞ্জু মিয়াকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকচালক অপ্রাপ্তবয়স্ক ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহত লুৎফর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী মুক্তা আক্তার বলেন, টাঙ্গাইলের করটিয়া বাজারে ইলেকট্রনিকসের দোকান করতেন আমার ভাশুর। তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বুধবার ভোরে পারিবারিক জমি সংক্রান্ত কাজে সখীপুর গিয়েছিলেন তিনি।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুইটি মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক শাহিন আলম(৩০) বগুড়া জেলার শেরপুর থানার মাগুরগাড়ী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
ওই ঘটনায় আহত হয়েছেন আরেক ট্রাক চালক।আহত ট্রাক চালকের নাম রফিকুল ইসলাম (৪০)। সে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালার গ্রামের দানেশ আলী ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহত ট্রাক চালক সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছলে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ বাঁধে।এসময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাক চালকের মৃত্যু এবং আহত হয় বালুবাহী অপর ট্রাক চালক রফিকুল।
তিনি আরো জানান, পরে আহত ট্রাক চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানা হেফাজতে হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের কাছে ওই দুর্ঘটনা ঘটে।ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, যুবকটি রেললাইন দিয়ে হাঁটছিলো। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হয়ে মারা যায়।
ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আব্দুল ওহাব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল ।
আরো পড়ুনঃ ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে টাঙ্গাইল
নিহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হচ্ছেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে ট্রাকটি সাগরদিঘী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে চার যাত্রী নিয়ে আসা অটোরিকশাটির সঙ্গে লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলামের মৃত্যু হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হারাধন মন্ডল(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
আরো পড়ুনঃ টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হামলা, গ্রেপ্তার ৩
বুধবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হারাধন মন্ডল উপজেলার ভাটপাড়া এলাকার খিরত মন্ডলের ছেলে। তিনি টাঙ্গাইলে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হারাধনের পাঁচ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী লাভনী বলেন,আমার মেয়ে কারে বাবা বলে ডাকবোরে।এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হারাধনের স্ত্রী লাভনী।
বাসাইল থানার অফিসার- ইন-চার্জ(ওসি) হারুনুর রশিদ জানান,দুর্ঘটনার বিষয়টি জানাতে পেরেছি।এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) ভোর সাড়ে চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ ওসি (তদন্ত) আব্দুল হক।
এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গারট্ট গ্রামে আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। হাছিনা আক্তার ওই এলাকার আব্দুল বারেক মিয়ার স্ত্রী। ওই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতা বশত তাঁর শরীরে আগুন লেগে যায়। আগুনে ওই গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম হাসান (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার(৯ ফেব্রয়ারি) সকালে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের ঘোনারচালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কচুয়া পূর্বপাড়া গ্রামের বিশা মিয়ার ছেলে।
নিহতের পারিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে নাঈম মোটরসাইকেল যোগে কচুয়া বাজারে আসার পথে কচুয়া আড়াইপাড়া সড়কের ঘোনারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা নাঈমকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম ( ২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার( ৩১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর সেতুতে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হালিম উপজেলার দুর্গাপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে ও সরকারি শামসুল হক কলেজের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। আহতরা হলেন, ঘাটাইল উপজেলার নতুনবাগ গ্রামের মাজেদুর রহমান সরদার (৩০) ও একই এলাকার শাকিল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গামুখী দুটি মোটরসাইকেলের সাথে একই মুখী একটি মাছবাহি জ্যাক পিকআপের সংঘর্ষে একটি মোটরসাইকেল সেতুর নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি চালকের উপরে পরে এবং সেতুর গাইড ওয়ালের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি যুবক আব্দুল হালিম মারা যান। অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ব্রিজের ভাঙা পাটাতনে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। নিহতের নাম মশিউর রহমান (৪০)।শনিবার( ২৯ জানুয়ারি) রাতে গোপালপুর-পিংনা সড়কের ঝাওয়াইল বেইলি ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমানের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। তিনি অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রিজের মধুপুর উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। মশিউর মধুপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মশিউরের সহকর্মী আশিক বিল্লাহ জানান, গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজারের কয়েকটি ওষুধের দোকান থেকে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেল যোগে মধুপুর ফিরছিলেন মশিউর। পথে ঝাওয়াইল বেইলি ব্রিজের ভাঙা পাটাতনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি।স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এর আগেও ওই ব্রিজের ভাঙা পাটাতনের কারণে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে।