/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে সেতু থেকে লাফ দিয়ে নবম শ্রেণির ছাত্র শান্ত খানের(১৬) মৃত্যু হয়েছে। শান্ত মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের শফিনুর রহমান খানের ছেলে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সে ধামরাই উপজেলার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত খান তার চার সহপাঠি একই এলাকার আলিফ, আনাম, বিবেক ও নাদিমের সাথে পাশ্ববর্তী চর রাজাপুর এলাকায় একটি সেতুর নিকট গোসল করতে যায়। এক পর্যায়ে সকল বন্ধুরা মিলে সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে গোসল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে শান্ত খান সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে। এ সময় সে হাত দিয়ে কিছু একটা ইশারা করে পানিতে তলিয়ে যায়।

এমন দৃশ্য দেখে অন্য বন্ধুরা সেতু থেকে লাফ না দিয়ে নদীর স্রোতের ভাটিতে তাকে খুজতে থাকে। পরে স্বজনদের জানালে তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুুরিদল ঘটনাস্থলে গিয়ে বিকেলে শান্তর মরদেহ উদ্ধার করে। এসময় নদীর দুই পারে শত শত মানুষের ভিড় জমে।

সর্বশেষ আপডেটঃ ১৫. সেপ্টেম্বর ২০২১ ০১:১৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩দিন পর ফাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সল্লা ইউনিয়নের বিলছাইয়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম উপজেলার দেউপুর দক্ষিন পাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে ও স্থানীয বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মদিনাতুল উলূম মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায় ,ফাহিম স্থানীয় ‘বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মদিনাতুল উলূম মাদ্রাসায়’ হেফজ খানায় পড়াশোনা করতো। সে গত সোমবার ভোর থেকে নিখোঁজ ছিলো । পরে বৃহস্পতিবার বিকেলে বিলের মধ্যে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১০. সেপ্টেম্বর ২০২১ ০২:৩৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

একতার কন্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে তানহা নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতি গ্রামে ওই ঘটনা ঘটে।নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন বিষয়টি নিশ্চিত করেছে।

মর্মান্তিক ঘটনার শিকার শিশু তানহা নাগবাড়ী ইউনিয়নের খিলগাতি গ্রামের বাবুল মিঞার মেয়ে।

নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন জানান, নিহত শিশু তানহার মা বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াচ্ছিল। সেখান থেকে ২০ গজ দূরে রাস্তায় তানহা তার বড় বোনের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে তানহা রাস্তার পাশের একটি জমিতে বন্যার পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। পরে তানহার চাচাতো ভাই  তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশু তানহার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. সেপ্টেম্বর ২০২১ ০২:৪২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত

একতার কন্ঠঃ বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার( ৫ সেপ্টেম্বর) সকালে  ওই দুর্ঘটনা ঘটে।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালক মমতাজ মিয়া (৩৫) দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি  মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে সামনে থাকা অপর একটি ট্রাক ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়ক ডিভাইডার এর উপরে উল্টে যায়। মাইক্রোবাসটিও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকচালক মমতাজ মিয়া ও তার সহকারী।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক জানান, নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত দু’টি ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. সেপ্টেম্বর ২০২১ ০২:১০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে  ভিমরুলের কামড়ে প্রাণ গেল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের - Ekotar Kantho

টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে প্রাণ গেল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে ভিমরুলের আক্রমণে নাজমুল হোসেন নামের (৩৭) এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউপি’র পূর্বপাড়া এলাকায় ভিমরুলের আক্রমণের শিকার হন তিনি। নাজমুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।

নাজমুলের ভগ্নিপতি হারুনুর রশিদ জানায়, শুক্রবার বিকেল সারে ৫টার দিকে ভাগ্নির বিয়ের বাবুর্চিদের নৌকাযোগে পারাপার করতে যান নাজমুল। নৌকা নিয়ে ফেরার পথে মাথার উপর থাকা ভিমরুলের বাসায় নাজমুলের হাতে থাকা লগি’র আঘাত লেগে ভিমরুলের বাসা ভেঙ্গে যায়। এসময় ক্ষিপ্ত ভিমরুলের ঝাঁক নাজমুলের শরীরের হুল ফোটাতে শুরু করলে তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাজমুলের বোন নাসরিন আক্তার জানায়, সন্ধ্যায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন । অবস্থার কোন উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে আনুমানিক রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ্ আল আরিফ বলেন, ভিমরুলের শতাধিক হুল ফোটানোর কারণে তার অবস্থা অত্যাধিক খারাপ হয়ে যায় এবং এর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।।

সর্বশেষ আপডেটঃ ০৫. সেপ্টেম্বর ২০২১ ০৩:১১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো এক শিশুর - Ekotar Kantho

টাঙ্গাইলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো এক শিশুর

একতার কন্ঠঃ  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী বিলে সোমবার ( ৩০ আগস্ট) দুপুরে শাপলা তুলতে গিয়ে শিফাত(১২) নামে এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় তানভীর (১২) নামে আরেক শিশু আহত হয়।  নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ওই শিশু ঘোনাবাড়ি গ্রামের মোঃ মোশারফের ছেলে শিফাত ও আহত তানভীর একই গ্রামের আবু তাহেরের ছেলে।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন জানান, শিফাত ও তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। ওই সময় তাদের পাশে বজ্রপাত হয়। এতে তারা আহত হলে স্থানীয়রা  উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার নির্দেশনা অনুযায়ী নিহত শিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ০২:১০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ডিসি লেকে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ডিসি লেকে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা সদরে অবস্থিত ডিসি লেকে ডুবে শাকিল মিয়া (১৫) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত শাকিল মিয়া টাঙ্গাইল জেলা সদর এলাকার মৃত. মতিয়ার রহমান তালুকদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন।

তিনি জানান, নবম শ্রেণিতে পড়ুয়া শাকিল জেলা সদর মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় ডিসি লেকে গোসল করতে আসে। এ সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক   তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ৩১. অগাস্ট ২০২১ ০১:৩৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদীর - Ekotar Kantho

টাঙ্গাইলে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদীর

একতার কন্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদীর। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ আগস্ট) বিকালে উপজেলা সদরের পাইশানা গ্রামে। নিহতের নাম অজিফা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মাহে আলমের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকালে ৫টার দিকে দাদী অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ীর পাশে তুর্কি বিলে গোছল করতে যায়। দাদীর গোছলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে ডুবে
যায়। নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেয় দাদী।

এসময় আশপাশের লোকজন নাতিকে জীবিত উদ্ধার করে। পরে দাদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়ীত্বরত চিকিৎসক ডা:কাবেরি রানী দাস তাকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. অগাস্ট ২০২১ ০২:৩২:এএম ৫ বছর আগে
বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ - Ekotar Kantho

বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’

একতার কণ্ঠঃ ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউম ‘ক্লিনিক্যালি ডেড’। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে। বিমানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার(২৯ আগস্ট) দুপুরে নওশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিমানের বেশ কয়েকটি অসমর্থিত সূত্র তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নওশাদের মৃত্যুর ঘোষণা এখনও হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন।

সূত্রে জানা গেছে, নাগপুরের কিংসওয়ে হাসপাতালে কোমায় থাকা নওশাদ ক্লিনিক্যালি ডেড। পাইলট নওশাদের স্বজনরা এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তাদের দাবি, নতুন করে মেডিকেল বোর্ড বসানো হোক। পরীক্ষা-নীরিক্ষার পর তারাই সিদ্ধান্ত দিক। এ দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে।

বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্যাপ্টেন নওশাদের মৃত্যুর খবর সঠিক নয়। এখনও তিনি লাইফ সাপোর্টে আছেন।

এদিকে নওশাদের দুই বোন যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

গত শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এরপর নাগপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।

শনিবার রাতেই নওশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে ওই হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে জানিয়েছিলেন, ক্যাপ্টেন নওশাদ ‘কোমায়’আছেন। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে সম্পূর্ণ ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

সংবাদ সূত্রঃ যুগান্তর অনলাইন

 

সর্বশেষ আপডেটঃ ৩০. অগাস্ট ২০২১ ০২:১৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে বৃহস্পতিবার(২৬ আগস্ট) ভোরে ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশিক(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশিক ছিটমামুদপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহতের চাচা শওকত হোসেন জানান, বুধবার রাতের খাবার শেষে আশিক প্রতিদিনের ন্যায় নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। পরে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক জানান, সাপের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনী প্রক্রিয়া শেষে আশিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. অগাস্ট ২০২১ ০১:৫১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী  ইউনিয়নের কামাক্ষার মোড়ে মো. সোহেল রানা(২৭) ও এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী নামক স্থানে গৃহবধূ সুবর্ণা (২২) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) ভোর পাঁচ টার দিকে নিহত যুবক মো. সোহেল রানা সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে এবং সকাল ১১ টার দিকে নিহত গৃহবধূ সুবর্ণা টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী।

সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, নিহত গৃহবধূ সুবর্ণার বাবার বাড়ি সহদেবপুর ইউনিয়নের চামুরিয়া গ্রামে। তিনি স্বামীর সাথে এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এনজিও’র ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে অভিমান করে গৃহবধূ সুবর্ণা উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে সাথে সাথে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. বেলাল হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের নিহত যুবক মো. সোহেল রানার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলেঙ্গা পৌর সভার রাজাবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূ নিহত হওয়ার বিষয়টি তারা জানতে পারেননি।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২১ ০৩:৩৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় কাভার্ডভ্যান চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় কাভার্ডভ্যান চালক নিহত

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামক স্থানে সোমবার(২৩ আগস্ট) সকালে কাভার্ডভ্যান ও বুলডোজারের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।

সার্জেন্ট সৌরভ জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বুলডোজারের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. অগাস্ট ২০২১ ০১:২৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।