একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) ভোরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান।
নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে মারা গেছেন এসএসসি পরীক্ষার্থী শারমিন (১৫)।বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমিন ডিগ্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে আসে। বুধবার(১৩ জুলাই) বিকেলে শারমিন কয়েকজন সহপাঠীদের নিয়ে যমুনা নদীর পারে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পারে পানিতে নামলে পানির প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ঐদিন না পাওয়া গেলেও বৃহস্পতিবার গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পিকনিক শেষে যমুনা নদীতে গোসলে নেমে মো. শরিফ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
সোমবার (১১ জুলাই) রাতে ওই যুবক নিখোঁজ হন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীতে নৌকাযোগে পিকনিকে যান। পিকনিক শেষে রাতে তারা বাড়ি ফিরছিলেন। পথে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে পিকনিকের নৌকা দাঁড় করিয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসলে করতে নামে।
গোসল শেষে শরিফের অন্যান্য বন্ধুরা নৌকায় উঠে এলেও শরিফ ওঠেননি। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন।
চেয়ারম্যান শাপলা আরও বলেন, ঘটনা সোমবার বিকেলের হলেও আজ সকালে নিখোঁজ যুবকের স্বজনদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। তার সন্ধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিখোঁজ যুবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এস আই পরিবহনের বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১২জুলাই) দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার চেকিং কি মারি গ্রামের রেজাউলের মেয়ে রিয়া মনি(৫)।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন জানান,সিএনজিটি এলেঙ্গা থেকে গাজিপুরের দিকে যাচ্ছিলো। পরে সিরাজগঞ্জের এসআই পরিবহনের বাস টি সিএনজিকে ধাক্কা মারে ফলে ঘটনাস্থলে রিয়া নামে ৫ বছরের শিশু নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৌসুমি ও রিয়া সম্পর্কে ভগ্নি।
এই দূর্ঘটনায় ২ জন আহত রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় সৌরভ(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।সোমবার(১১ জুলাই) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ মধুপুর উপজেলার ব্রাক্ষমবাড়ী গ্রামের শফিকুলের ছেলে। ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ১৪ জন যাত্রী নিয়ে মধুপুরের উদ্দেশ্য একটি পিকআপ ভ্যান যাত্রা শুরু করে। পথিমধ্যে পিকআপটি ঘাটাইলের পোড়াবাড়ি পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি বিদ্যূতের খুঁটিকে ধাক্কা দিলে পিকআপটি যাত্রীসহ ১০ থেকে ১২ ফুট নিচে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইভারকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে নেয়ার পথে সৌরভ নামে এক কিশোরের মৃত্যূ হয়। এ ঘটনায় পিকআপ এ থাকা ১২ জন যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, মধুপুর উপজেলার ঘোড়ারটিকি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে মোসাঃ শিল্পি আক্তার(৮),বড়দিঘী গ্রামের ছাদেক আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৬),বাক্ষমবাড়ি গ্রামের ফজর আলীর স্ত্রী সাবিনা আক্তার(২৫),একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম(২৫),সাদিয়া আক্তার(১২),ধামাবাসুরী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিশু রুপা আক্তার(৬),ব্রাক্ষমবাড়ি গ্রামের সফিকুল ইসলাম(৩৫),একই গ্রামের শফিকুলের স্ত্রী শরিফা বেগম(২৫),লেংড়াবাজার গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী মিনারা বেগম(৩৫),ব্রাক্ষমবাড়ি গ্রামের জাফর আলীর মেয়ে রীনা আক্তার(২১),ধামাবাসুরী গ্রামের শফিকুলের মেয়ে শিশু সানজিদা আক্তার(৬) ও পিকআন চালক আব্দুল মিয়া(৩৫)।
ঘাটাইল থানার এস আই পলাশ মাহমুদ জানান, আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।পিক-আপ চালকের ঠিকানা জানা সম্ভব হয়নি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। মেডিসিন, মনিহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ব্যবসায়ী আরিফুর ইসলাম শাজু বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
বর্গা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্য করার দাবি জনান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীর সিঙ্গুরিয়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় বাস চাপায় মারা গেছেন একজন।
শনিবার (৯ জুলাই) দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এলেঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি সিএনজি চালিত অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিঙ্গুরিয়ায় পৌঁছাল মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
নিহত ওই নারী জেলার গোপালপুর উপজেলার ভেড়াডাকরী এলাকার ঠান্ডু মিয়ার মেয়ে লিমা আক্তার (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী।
অপর দিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় যানজটে আটকে পড়ায় ছেলের জন্য পানি নিয়ে ফেরার পথে বাস চাপায় একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।
শনিবার (৯ জুলাই) সকালে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এস কে জননী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন অটোরিকশার যাত্রী নিয়ে জামালপুর সদরে উপজেলায় যাচ্ছিলেন চালক। রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে টানছিল বাসটি। এ সময় বাস আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হন। গুরুতর আহতাবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি চান মিয়া আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তারা হলেন-নাটোর জেলার বাসিন্দা হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল (৩৫)।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. বিল্লাল বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
রোববার (৩ জুন) দুপুরের উপজেলার আলমনগর বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আলমনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে আলমনগর দাখিল মাদরাসার নুরানী শাখার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আলমনগর দাখিল মাদরাসার সুপার আমিনুল ইসলাম মারুফি জানান, আব্দুল্লাহ মাদ্রাসা ছুটির পর সড়কের পাশ দিয়ে সহপাঠী বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বাজার এলাকায় একটি অটোরিকশা আসতে দেখে সহপাঠী ও আব্দুল্লাহ দু’দিকে দৌড় দেয়।
তিনি আরো জানান, এ সময় অটোরিকশার চালক একজনকে বাঁচাতে গাড়ি ঘোরানোর সময় আবদুল্লাহকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহতাবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর এক সাইট প্রকৌশলী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। শনিবার (২ জুলাই) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহত ওই প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি বঙ্গবন্ধু রেল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বিকেলে কাজ শেষে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন জাবের খান জনি। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কর্মীরা জানান, বিকেলে কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জাবের খান জনি। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
নিহতের খালাতো ভাই জায়েদ জানান, দুর্ঘটনার পরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জনির মৃত্যু হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সোনালী নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১জুলাই)সন্ধ্যায় হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোনালী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, ভাদুরী চর মহিলা মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী সোনালী তার বান্ধবী রিমার সঙ্গে বৃষ্টিতে ভিজে বাড়ির পাশের ক্ষেতে ছাগল আনতে যায়। এমন সময় বজ্রপাত হয়। রিমা দৌড়ে বাড়ি ফিরতে পারলেও সোনালী মাটিতে পড়ে যায়। বজ্রপাতে তার গলা থেকে নাভি পর্যন্ত পুড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
বৃষ্টির পর রিমার মা বাড়ির পাশে গেলে সোনালীকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি )মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন এবং কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।