একতার কণ্ঠঃ টাঙ্গাইলে রেল সেতুর স্লিপার ক্লিপে নাট-বল্টুর (ডগ ক্লিপ) পরিবর্তে ব্যবহার হচ্ছে কাঠের কুচি। এমটাই ঘটেছে ঢাকা-উত্তরবঙ্গ রেলপথের কালিহাতী উপজেলার কয়েকটি রেল সেতুতে। সেতুগুলোর নষ্ট হওয়া লোহার ক্লিপে নাট-বল্টুর পরিবর্তে দেওয়া হয়েছে কাঠের কুচি।
তবে, ঝুঁকিপূর্ণ এই রেলপথ মেরামতে থাকা শ্রমিকদের দাবি, নাট-বল্টু চুরি আর মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এ অবস্থায় রেল চলাচলে সুবিধায় কাঠের ওই কুচি লাগানো হচ্ছে। কাঠের কুচির কারণে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না বলেও দাবি তাদের।
রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী থেকে থেকে ঢাকার জয়দেবপুর পর্যন্ত ৩০৪ কিলোমিটার রেলপথের বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ছোট-বড় ছয়টি রেল সেতু রয়েছে। এর মধ্যে প্রত্যেকটি সেতুর স্লিপার আটকানো লোহার ক্লিপ দিয়ে। সম্প্রতি কিছু ক্লিপ চুরি ও মরিচা ধরে নষ্ট হলে লোহার ক্লিপের পরিবর্তে কাঠের কুচি লাগানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু রেলপথের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় দেখা যায়, রেলপথ মেরামতে কাজ করছেন শ্রমিকরা। প্রতিটি রেল সেতুতেই স্লিপার আটকানো হয়েছে কাঠের কুচি দিয়ে। এছাড়া কাচের ওই কুচিগুলো স্লিপারের ভেতরে ঠুকাতে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে।
টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কোনোভাবেই স্লিপার আটকানোর জন্য নাট-বল্টুর (ডক পিন) পরিবর্তে কাঠের কুচি বা অন্যকিছু ব্যবহার করা যাবে না। কারণ যখন ট্রেন চলে তখন স্লিপারগুলো ওঠানামা করে। এজন্য এটি স্থির রাখতে ডক পিন বা নাট-বল্টু ব্যবহার করা হয়। স্লিপারে কাঠের কুচি ব্যবহার করলে যেকোনো সময় ছুটে গিয়ে রেল দুর্ঘটনা ঘটতে পারে।
তবে এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ (পাকশী) বীরবল মণ্ডল বলেন, স্লিপার রেলের লোড বহন করে না। একটি স্লিপার অন্যটির সঙ্গে যেন না লাগে সে কারণে এখানে নাট-বল্টু (ডক পিন) ব্যবহার করা হয়। নাট-বল্টু বা ডক পিন নষ্ট হলে সেখানে কাঠের কুচি ব্যবহার করা যায়। অনেক সময় চুরি রোধে ডক পিনের পরিবর্তে কাঠের কুচি ব্যবহার করা হচ্ছে।
এতে রেল চলাচলে কোনোরকম ঝুঁকি নেই বলেও দাবি করেছেন এ কর্মকর্তা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৩৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন আপন সহোদর।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে ভূঞাপুর উপজেলার ছাব্বিসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-১৯৬৩)।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. মরতুজা আলম (২৫) ও মো. সাহাবুদ্দিন আলম (২৩), মো. মফিজ উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (২১) ও পীরগঞ্জ উপজেলার খরসিংরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।
র্যাব-১৪ এর সিপিসি ৩ কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শুক্রবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাব্বিসা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে মাদক কারবারিদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি প্রাইভেটকারের ব্যাক ডালার ভেতর দুইটি প্লাস্টিকের বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল জব্দ হয়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঠাকুরগাঁও সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো তারা।’
র্যাবের এই কর্মকর্তা জানান ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে এলমা নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলমা উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া এলাকার জহিরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশেই খেলছিল এলমা। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
এদিকে বাড়ির লোকজন এলমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে এলমার কাপড় ভাসতে দেখে বাড়ির লোকজনের আর্তচিৎকারে সবাই এগিয়ে আসে।
স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
একতার কণ্ঠঃ ৬ মাসের মাথায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলস্থ ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।
গত জুন মাসে একই উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে চুর হওয়া সেই ল্যাপটপগুলো উদ্ধার সম্ভব হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন চার তলার ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। এদিন বিকেলে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ।
বিদ্যালয় সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর বিদ্যালয়ের ফলাফল দিয়ে প্রতিদিন নিচ তলার অফিস কক্ষ নিয়মিত খোলা রাখা হয়। উপরে যাওয়ার প্রয়োজন হয়নি। মুক্ত পাঠ ট্রেনিং সংক্রান্ত কাজে শনিবার সকালে চতুর্থ তলার ল্যাবের সামনে গিয়ে ক্যাচিগেট ও ভিতরের দরজা খোলা এবং কক্ষের ভিতরের সব টেবিল ল্যাপটপ শূন্য পাওয়া যায়। ল্যাপটপের সাথে কি বোর্ড, মাউসসহ কম্পিউটার এক্সেসরিজ খোয়া যায়।
খ্রিষ্ট ধর্মাবলম্বী প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ বড় দিনের উৎসব অনেকটা মাটি হচ্ছে উল্লেখ করে জানান, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়। তাদের নির্দেশ ও পরামর্শ মতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি কবে ঘটেছে নিশ্চিত করা যায়নি। তবে শুক্রবার রাতের আগেও ঘটতে পারে বলে জানান প্রধান শিক্ষক।
তিনি আরও জানান, বিদ্যালয় থেকে এর আগেও একটি ডেস্কটপ খোয়া গিয়েছিল। পরে বিশেষ উদ্যোগে সেটি উদ্ধার করা সম্ভব হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে একজন এসআইকে অ্যাসাইন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে আউশনারা উচ্চ বিদ্যালয় থেকে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। পুলিশী অনুসন্ধানে সেগুলো উদ্ধার হয়েছে।
একতার কণ্ঠঃ সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে গণমিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) কালিহাতীর উপজেলায় সকাল ৭ টায় গোহালিয়াবাড়ী জোকার বাসস্ট্যান্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।
জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে জোকারচার এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা আমাদের অবগত করে।পরে লাশের বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক জানান, অজ্ঞাত লোকটির লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মির্জাপুরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় আবু বক্কর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে দুল্যা মনসুর গ্রামের নান্নু মুন্সির ছেলে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আকাশ মিয়া নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল চেয়ারম্যান বাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়।
আকাশ বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের জুরান মার্কেট এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে বাঁশতৈল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, আকাশ হাটুভাঙ্গা এলাকা থেকে মোটরসাইকেলযোগে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফিরছিল। চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে তিনি জানান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সকালে সখীপুর উপজেলার বাটাজোর সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের মধ্যে উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আ. সালামের ছেলে সাকিবের (২০) পরিচয় মিলেছে।
সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনির বলেন, তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোড় বাজারে নিজেদের দোকানে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সেবা লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত এক ব্যক্তি বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরোহী মারা যান।
ওসি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের মহিলা সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।লাঞ্চনার সময় আহত হয়েছে আরও দুই মহিলা গ্রাম পুলিশ সদস্য।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তাঁর উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্ত ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তুলাকে আটক করেছে ধনবাড়ী পুলিশ। বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
শারীরিকভাবে লাঞ্চনার সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
ওই ইউপি সচিব জানান, চেয়ারম্যানের সঙ্গে তাঁর কক্ষে আলোচনা চলছিল। এ সময় একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কথা বলার একপর্যায়ে তুলা মেম্বার ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা করে কিল-ঘুষি মারতে-মারতে বাইরে আনে। তাঁকে বাঁধা দিলে রহিমা খাতুন ও পারুল আক্তার নামের দুই গ্রাম পুলিশ সদস্যদেরও আহত করে সে।
তিনি আরও বলেন, ‘অন্য ইউপি সদস্যরা আমাকে এ সময় উদ্ধার করে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তুলা মেম্বার বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত সে। সঠিক বিচার চাই।
বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, ‘সচিব আগে আমাকে থাপ্পর মেরেছে। আমি তাকে শারীরিকভাবে লাঞ্চনা করেনি।
শারীরিকভাবে লাঞ্চনা করার ঘটনার সত্যতা স্বীকার করে মুশুদ্দি ইউপি চেয়ারম্যান আবু কাউসার।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষ আইনি ব্যবস্থা নেয়ো হবে।’
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে থিনার ভর্তি ড্রাম বিস্ফোরণে দগ্ধ আল আমিন (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম আহত আল আমিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম.এ মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের দিন একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলো। আমরা সকল ব্যবসায়ীকেই সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দিচ্ছি।
উল্লেখ্য, গত শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আহত আতিকুল ও আল আমিন থিনার ভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ওই ড্রামটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব রাজুর মৃত্যু হয়।
আহত হন আলামিন (১৮) আতিকুল (৪০) ও সবুজ (২৬)। আহতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকা প্রকম্পিত হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরিত ড্রামটি নিহত রাজুকে আঘাত করে উড়ে ১০০ গজ দূরে গিয়ে পড়ে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. সাগর (৩৫) ও মো. সজিব (৩৩) নামে প্রাইভেটকার আরোহী দুই যুবক নিহত হয়েছেন। প্রাইভেটকার দুর্ঘটনায় পড়লে এরা দুজন রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তারা ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাঁটতে গিয়ে এই দুই যুবক নিহত হন।
নিহত মো. সাগর পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে। মো. সজিব একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যাক্তিরা রাতে প্রাইভেটকার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এলে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় এই দুই যুবক রেল লাইনের উপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন এক স্কুলছাত্রী। বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভুয়াইদ এলাকার প্রেমিক রাসেলের (২০) বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
ঘটনার পর থেকে প্রেমিক রাসেল বাড়ি থেকে উধাও হয়ে গেছেন।
রাসেল ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ছেলে। সে কালিহাতী লাইয়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে অধ্যায়নত রয়েছেন।
ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা জিনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। সে এ বছর সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।
ওই ছাত্রী জানান, প্রায় দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভনে প্রেমিক রাসেল তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি তার কয়েকটি বিয়েও ভেঙে দেয় রাসেল। পরে বিষয়টি দুই পরিবার জেনে যায়। এরপর থেকেই রাসেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। রাসেলের পরিবার এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই ছাত্রী।
পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক রাসেলের মন্তব্য পাওয়া যায়নি।
তবে রাসেলের এক স্বজন বলেন, ওই মেয়ের সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক নেই। তবে তাদের মধ্যে পরিচয় থাকতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।