একতার কণ্ঠঃ সম্প্রতি টাঙ্গাইল শাড়ির জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেশন) বা ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্ত শিল্প দফতর। এরপরেই তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
এরইমধ্যে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের জিআই পণ্য ঘোষণা করায় আইনগত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রয়োজনে বিশ্ব মেধাসম্পদ সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে (ডাব্লিউআইপিও) সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে।
এরআগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জিআই পণ্যের স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
গেল ২ জানুয়ারি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির ভৌগলিক নির্দেশকের সত্ত্ব পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া। আর এটাও সত্য যে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত এবং সবারই জানা এর ভৌগলিক অবস্থান বাংলাদেশেই।
এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুলিয়ার তাঁত শিল্পীরাও বিব্রত। যেমন- ২০২১ সালে তাঁত শিল্পের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পদ্মশ্রীপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক, যার পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে, তিনিও কিছুটা অবাক হয়েছেন।
তার ভাষায়, ‘বিষয়টি সংশ্লিষ্ট দুই সরকারের দেখা উচিত।’ তবে তিনি যোগ করেন, ‘যেহেতু ফুলিয়া-টাঙ্গাইলের তাঁতের শাড়িতে জিআই স্বীকৃতি পেয়েছে, তাই তারা এটা নিয়ে খুশি।’
বীরেন কুমার বসাক নিজেই স্বীকার করে বললেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির উৎস বাংলাদেশের টাঙ্গাইলের জেলাতেই। আর ফুলিয়ার প্রায় সব তাঁতিই এসেছেন পূর্ববঙ্গ থেকে।
ফুলিয়া প্রগতিশীল তন্তুবায় সমিতির কর্মকর্তা অশ্বীনি কুমার বসাক জানালেন, মাধ্যমিক পাস করার পর তিনি বাংলাদেশ থেকে এসেছেন ফুলিয়াতে। এসে যুক্ত হয়েছেন তাঁত শিল্প উন্নয়নের কাজে। এই সমবায়ে প্রায় ৪০৫ জন তাঁত শিল্পী রয়েছেন। যদিও করোনার পর অনেকেই এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। টাঙ্গাইলের তাঁতের শাড়ির জিআই পাওয়ার পর বিষয়টি নিয়ে খোদ টাঙ্গাইলে তার বন্ধু-স্বজনরাও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের অলোয়া তারিনী এলাকায় নিখোঁজের একদিন পর বিল থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় রাসেল মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় অলোয়া বিলের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল থানা পুলিশ।
রাসেল মিয়া (১২) পৌরসভার ৯নং ওয়ার্ডের অলোয়া তারিনী এলাকার অটোরিক্সা চালক সোনা মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলের একটি ধান ক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে চক খিলদা ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চক খিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের আয়োজনে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বিলবরনী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফুলতলা ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে পালিমার নাবিল ক্রিকেট একাদশ । খেলাটি উদ্বোধন করেন বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
খিলদা নবজাগরণ ক্লাবের সভাপতি আরশেদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক সাকের আহমেদ প্রমূখ।
খেলাটি পৃষ্ঠপোষকতা করেছেন হাফেজ মো. আসাদুজ্জামান আসাদ।
ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ছিলো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাপের কামড়ে ৮ মাস বয়সের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাজিদ (৮ মাস)। সে ওই গ্রামের প্রবাসী নুর আলমের একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান।
সাজিদের পরিবার জানায়, মঙ্গলবার সকাল ১১টায় শিশুটি ঘরে ঘুমিয়ে ছিলো। শিশুটির চিৎকার শুনে তার কাছে গিয়ে তার হাতে সাপের কামড়ের দাগ দেখতে পান তার মা। পরে পরিবারের সদস্যরা স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা করান। শিশুটির শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিলো তার পরিবার। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরবিবারের কাছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, শিশুটিকে সাপে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। এভাবে সময়ক্ষেপণ না করে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হয়তো তাকে বাঁচানো যেতো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) স্বত্ব পেতে আবেদন করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আবেদন করা হয়।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান জেলা প্রশাসক। দ্রুতই আবেদনটি কার্যকর করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ি প্রকৃতপক্ষে যেকোনো বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা বিগত তিন মাস ধরে টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্য ডকুমেন্টেশন কার্যক্রম চালিয়ে আসছি। মঙ্গলবার আমরা আবেদন করেছি। মূলত শাড়িটির ইতিহাস, এর সাথে সংশ্লিষ্ট মানুনের জীবন জীবিকার তথ্যটি, আড়াইশ’ বছরের ইতিহাসের তথ্যাদি সংগ্রহ করে ডকুমেন্টেশন তৈরি করে আবেদন করা হয়েছে। আবেদনটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুতই টাঙ্গাইল শাড়ি নামে জিআই স্বীকৃতি পাব।
তিনি আরও বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পাওয়ার পরে ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন’-এর গঠনতন্ত্র অনুযায়ী আপিল করব। ভারত ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে যে জিআই স্বীকৃতি পেয়েছে, এটি বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। আমরা পুরোপুরি আশাবাদী টাঙ্গাইল শাড়ি চূড়ান্ত বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি নিয়ে আসতে পারব।
প্রকাশ, বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎস পশ্চিমবঙ্গ- সম্প্রতি এমনটা দাবি করে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। বিতর্কিত দাবিটি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়।
পোস্টে দাবি করা হয়, “টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। সূক্ষ্ম উপস্থাপন, প্রাণবন্ত রং এবং জটিল বুননের জন্য শাড়িটি বিখ্যাত, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতিটি টাঙ্গাইল শাড়ি দক্ষ কারুকার্যের প্রমাণ; এটি ঐতিহ্য এবং কমনীয়তাকে একত্রিত করে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারাদেশের মানুষ।
একতার কণ্ঠঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি বিশ্বাস করেছিলাম, একটি অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় ২০১৮ সালের নির্বাচন গুণমান সম্পন্ন ছিলো না। ২০২৪ সালের নির্বাচন তার চেয়েও খারাপ হয়েছে। সে বার তাও কিছু মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এইবার সেই পরিমান মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, ভোট দিতে পারে নাই।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা‘মিট দ্য প্রেস’ এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, এবার কোন কোন কেন্দ্রে জোড় করে ভোট নেয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎসাহ পায়নি। আমার জীবনে রাজনৈতিক চরম ব্যর্থতা। আমরা যতটা চেষ্টা করেছিলাম, আমাদের নিজেদের সমর্থকও সেই পরিমান ভোট কেন্দ্রে যায় নাই। নির্বাচনের দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বলেছেন, ভোট হয়েছে ২৬ শতাংশ। কেউ বলে দেওয়ার পর বলেছেন ভোট হয়েছে ৪০শতাংশ। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা ভোটের চেয়ে ঘোষণার ভোট অনেক বেশি হয়েছে।
তিনি সরকারকে উল্লেখ করে বলেন, নির্বাচনের পরের দিন থেকেই সরকার স্বস্তিতে নেই। নির্বাচনের মানুষের অংশ গ্রহণ থাকলে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট হতো। তাতে সরকার অনেক স্বস্তি পেতেন। সরকারকে স্বস্তিতে থাকতে হলে মানুষকে উৎসাহিত করতে হবে। মানুষের মালিকানা মানুষকে দিতে হবে। চোরের বিচার চোরের কাছে দিলে সেটা কতটা যুক্তি সঙ্গত হয়। আমার কারনে রাষ্ট্রে উত্তেজনা সৃষ্টি হোক, অস্থিতিশীলতা সৃষ্টি হোক এটা আমি চাই না। এটা চাইনি বলে সখীপুরের নির্বাচন আমি প্রত্যাখান করি নাই। এছাড়াও আমরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবো।
এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিপলু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাতটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাটাইল উপজেলার পাঁচটি পার্শ্ববর্তী কালিহাতী ও ভূঞাপুর উপজেলার দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
লাইসেন্সবিহীন সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটা মলিকদের কাছ থেকে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ছয়টি ইটভাটার মালিকের প্রত্যেককে ছয় লাখ টাকা করে এবং একজন ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটার কিলন ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস, স্বর্ণা ব্রিকস-২, মিশাল ব্রিকস ও লোকেরপাড়া গ্রামের এমএসটি ব্রিকস। কালিহাতী উপজেলার তালতলা গ্রামের একুশে ব্রিকস ও ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের কবির ব্রিকস।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক তুহিন আলম ও সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ প্রমুখ।
অভিযানে টাঙ্গাইল জেলার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচলক পরিচালক জমির উদ্দিন জানান, সোমবার সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে অভিযান চালানো হয় ভাটাগুলোতে। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মির্জাপুরের গোড়াই সৈয়দপুর এলাকার মেসার্স আশা ব্রিকস এন্ড কোং ও মেসার্স নূরজাহান ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং রানাশাল এলাকার মেসার্স হাকিম এন্টার প্রাইজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে গলায় ফাঁস দিয়ে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম নাহার বেগম (২০)। সে ওই গ্রামের প্রবাসী মো: আলম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাহার বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লাশটি উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির স্বামী প্রবাসী এবং তাদের বিয়ে মোবাইল ফোনের মাধ্যমে হয়েছিল। তবে প্রাথমিকভাবে ঘটনাটি ‘আত্মহত্যা’ বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মই থেকে পড়ে উজ্জ্বল সূত্রধর (৪০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গুনগ্রাম এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. বদিরুজ্জামান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উজ্জ্বল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা গ্রামের জোয়ান সূত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য জানান, কাঠ মিস্ত্রির কাজ করতেন উজ্জ্বল। গুনগ্রাম এলাকায় একটি ভবনে মই দিয়ে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ তার হাই প্রেসার উঠে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিক এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিল।
নিহতদের মধ্য প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সাঈদ। নিহত অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় ঢাকাগামী লেনে কলা ভর্তি একটি ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান সজোরে ব্রেক করে। তখন কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ রাস্তার পাশে জঙ্গলে পড়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তি। তাকে মৃত ভেবে তার কাছে যায়নি কেউ। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে দেখতে পায় সে মৃত নয় অচেতন অবস্থায় রয়েছে। এরপর তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপালপাড়া এলাকা থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তিটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত যুবকের নাম মো. বকুল হোসেন (৩৪)। তিনি জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভৈরব বাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে।
থানা সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশের কাছে খবর আসে নিকলা গোপালপাড়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ রাস্তার পাশের জঙ্গলে পড়ে আছে। এমন খবর পেয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ মরদেহ উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলে দেখতে পায় সে অসচেতন অবস্থায় রয়েছে।
এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জীবীত ঘোষণা করেন। পরে চিকিৎসায় তিনি সুস্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় মিলে। তারপর তার দেওয়া তথ্যমতে, তার পরিবারের সাথে যোগাযোগ করে স্বজনদের কাছে তাকে দুপুরে হস্তান্তর করেন ভূঞাপুর থানা পুলিশ।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডা. খাদেমুল ইসলাম বলেন, প্রায় মৃত অবস্থায় হাসপাতালে তাকে আনা হয়। দ্রুত হাসপাতালে আনা না হলে জীবনহানি ঘটতে পারতো।
বকুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় বকুলের মানসিক সমস্যা দেখা দেয়। শুরুতে নানা চিকিৎসা করালেও পরে অর্থ সংকটে তা আর সম্ভব হয়নি। মাঝেমধ্যে বকুল নিরুদ্দেশ হয়ে যেতো। এবারই আমার ছেলেকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করে পুলিশ। জীবীত অবস্থায় ছেলেকে ফিরে পেয়ে পুলিশের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, স্থানীয়দের মাধ্যমে থানায় খবর আসে অজ্ঞাত এক ব্যক্তির লাশ নিকলা গোপালপাড়া এলাকায় রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দেখি লোকটি অসচেতন। তারপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় সে জীবীত।
তিনি আরও জানান, এরপর সুস্থ হলে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানতে পারি এবং পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে বকুলকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বকুলের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের যমুনা নদীর চরাঞ্চলে জেগে উঠা ফসলি জমি কেটে বিক্রির অপরাধে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত বালু ব্যবসায়ী উপজেলা অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের আকবর আলী খানের শহীদুজ্জামান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ও অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবের ঘাটে তিনি অবৈধ এ বালু উত্তোলনের ব্যবসা করে আসছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, জগৎপুরা এলাকায দীর্ঘদিন যমুনা চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা।
তিনি আরও জানান,সেখানে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।