একতার কণ্ঠঃ মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী টাঙ্গাইলের মো. হাফিজুর রহমানকে আর্থিক সহযোগিতা করলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে বিজয়ীর হাতে উপহারটি তুলে দেন জেলা প্রশাসক।
স্বর্ণপদক জয়ী মো. হাফিজুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পানকাতরা গ্রামের মো. আমির আলীর ছেলে। সে ধনবাড়ি সরকারি কলেজের এইচ.এস.সি (মানবিক বিভাগ) এর দ্বিতীয় বর্ষের ছাত্র।
সম্প্রতি হাফিজুর ঢাকার মিরপুর স্টেডিয়ামে রয়েল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়শীপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় এবং শেখ কামাল স্মৃতি মার্শাল আর্ট প্রতিযোগিতা ও হাবিব’স এম এম এ একাডেমি ক্লাব ফাইটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় মিক্সড মার্শাল আর্টে স্বর্ণপদক জয় করেন। ঢাকায় উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম হাফিজুরকে এই আর্থিক সহযোগিতা দিলেন।
একতার কণ্ঠঃ টানা ছয় মাস অনুপস্থিত স্কুল শিক্ষিকা জেবুন নাহার শিলাকে অবশেষে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জেবুন নাহার শিলা গত বছরের ১০ জুলাই থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন মাসের চিকিৎসা ছুটিতে ছিলেন। একই বছরের ১০ অক্টোবর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত পুনরায় তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেন। নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যগত কারণে তিন মাসের অধিক ছুটির ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সনদ প্রয়োজন। মেডিকেল বোর্ডের সনদের জন্য ওই শিক্ষকের আবেদনপত্র টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে বিগত সময়ের চিকিৎসকের ব্যবস্থাপত্র ও কাগজপত্র মেডিকেল বোর্ডে পাঠাতে চিঠি দেয় সিভিল সার্জন কার্যালয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে বোর্ডে অনুপস্থিত রয়েছেন শিক্ষক জেবুন নাহার শিলা।
এরআগে সখীপুর ইউএনওর নির্দেশে গত ১৬ ও ২৯ জানুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, ওই শিক্ষকের চিকিৎসা ছুটির আবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু মেডিকেল বোর্ড প্রয়োজনীয় কাগজপত্র চাইলে জমা দেননি শিক্ষক শিলা। ফলে ওই শিক্ষক চিকিৎসা ছুটি পাননি। এ কারণে সিভিল সার্জন কার্যালয় কাগজপত্র ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হচ্ছে।
উল্লেখ্য, জেবুন নাহার শিলা ২০২৩ সালের ২৪ জানুয়ারি সখীপুর উপজেলার পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বজলুর রশিদ (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বজলুর রশিদ উপজেলার দিগড় ইউনিয়নের আঠারদানা দক্ষিনপাড়া এলাকার মৃত আমীর উদ্দিনের ছেলে। তিনি রাইস মিলের ব্যবসা করতনে।
স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন ভোরে বাড়ি থেকে একা বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি অটোভ্যান তাকে চাপা দেয় । এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। জেনারেল হাসপাতালে তার অবস্থার আরও অবনতি ঘটলে তার পরিবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘাটাইল উপজেলার দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, মসজিদে নামাজে পড়তে যাওয়ার পথে এভাবে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী বজলুর রশিদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৭ বছর উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের কেন্দ্রীয় নেতা ডা. আবু আসলাম মিন্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে ভাসানী ফাউন্ডেশনের ছাত্র, যুব ও সাংস্কৃতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কাগমারী সম্মেলন ১৯৫৭ সালে অনুষ্ঠিত একটি বিশেষ তাৎপর্য জাতীয় সম্মেলন। যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশেষ ইঙ্গিতবহ ভূমিকা রেখেছিল। ১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত টাঙ্গাইল জেলার কাগমারীতে মওলানা ভাসানীর নেতৃত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন।
নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুলের ছেলে। সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল বলেও জানা গেছে।
আহতের নাম হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও একজন। এসময় স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিন ভিক্ষুককে দোকান ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটব বিতরণ করেছেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে দোকান ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে অস্বচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া প্রমুখ।
দোকানপ্রাপ্তরা হলেন-মিনতী রাণী কর্মকার, শহর আলী ও করিমন বেগম।
এর আগে অফিসার্স ক্লাব একাডেমি ইনডোর প্লে-গ্রাউন্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক।
একতার কণ্ঠঃ সম্প্রতি টাঙ্গাইল শাড়ির জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেশন) বা ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্ত শিল্প দফতর। এরপরেই তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
এরইমধ্যে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের জিআই পণ্য ঘোষণা করায় আইনগত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রয়োজনে বিশ্ব মেধাসম্পদ সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে (ডাব্লিউআইপিও) সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে।
এরআগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জিআই পণ্যের স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
গেল ২ জানুয়ারি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির ভৌগলিক নির্দেশকের সত্ত্ব পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া। আর এটাও সত্য যে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত এবং সবারই জানা এর ভৌগলিক অবস্থান বাংলাদেশেই।
এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুলিয়ার তাঁত শিল্পীরাও বিব্রত। যেমন- ২০২১ সালে তাঁত শিল্পের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পদ্মশ্রীপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক, যার পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে, তিনিও কিছুটা অবাক হয়েছেন।
তার ভাষায়, ‘বিষয়টি সংশ্লিষ্ট দুই সরকারের দেখা উচিত।’ তবে তিনি যোগ করেন, ‘যেহেতু ফুলিয়া-টাঙ্গাইলের তাঁতের শাড়িতে জিআই স্বীকৃতি পেয়েছে, তাই তারা এটা নিয়ে খুশি।’
বীরেন কুমার বসাক নিজেই স্বীকার করে বললেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির উৎস বাংলাদেশের টাঙ্গাইলের জেলাতেই। আর ফুলিয়ার প্রায় সব তাঁতিই এসেছেন পূর্ববঙ্গ থেকে।
ফুলিয়া প্রগতিশীল তন্তুবায় সমিতির কর্মকর্তা অশ্বীনি কুমার বসাক জানালেন, মাধ্যমিক পাস করার পর তিনি বাংলাদেশ থেকে এসেছেন ফুলিয়াতে। এসে যুক্ত হয়েছেন তাঁত শিল্প উন্নয়নের কাজে। এই সমবায়ে প্রায় ৪০৫ জন তাঁত শিল্পী রয়েছেন। যদিও করোনার পর অনেকেই এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। টাঙ্গাইলের তাঁতের শাড়ির জিআই পাওয়ার পর বিষয়টি নিয়ে খোদ টাঙ্গাইলে তার বন্ধু-স্বজনরাও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান তিনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের অলোয়া তারিনী এলাকায় নিখোঁজের একদিন পর বিল থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় রাসেল মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় অলোয়া বিলের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল থানা পুলিশ।
রাসেল মিয়া (১২) পৌরসভার ৯নং ওয়ার্ডের অলোয়া তারিনী এলাকার অটোরিক্সা চালক সোনা মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলের একটি ধান ক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে চক খিলদা ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চক খিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের আয়োজনে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বিলবরনী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফুলতলা ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে পালিমার নাবিল ক্রিকেট একাদশ । খেলাটি উদ্বোধন করেন বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
খিলদা নবজাগরণ ক্লাবের সভাপতি আরশেদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক সাকের আহমেদ প্রমূখ।
খেলাটি পৃষ্ঠপোষকতা করেছেন হাফেজ মো. আসাদুজ্জামান আসাদ।
ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ছিলো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাপের কামড়ে ৮ মাস বয়সের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাজিদ (৮ মাস)। সে ওই গ্রামের প্রবাসী নুর আলমের একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান।
সাজিদের পরিবার জানায়, মঙ্গলবার সকাল ১১টায় শিশুটি ঘরে ঘুমিয়ে ছিলো। শিশুটির চিৎকার শুনে তার কাছে গিয়ে তার হাতে সাপের কামড়ের দাগ দেখতে পান তার মা। পরে পরিবারের সদস্যরা স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা করান। শিশুটির শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিলো তার পরিবার। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরবিবারের কাছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, শিশুটিকে সাপে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। এভাবে সময়ক্ষেপণ না করে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হয়তো তাকে বাঁচানো যেতো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) স্বত্ব পেতে আবেদন করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ আবেদন করা হয়।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান জেলা প্রশাসক। দ্রুতই আবেদনটি কার্যকর করা হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ি প্রকৃতপক্ষে যেকোনো বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা বিগত তিন মাস ধরে টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্য ডকুমেন্টেশন কার্যক্রম চালিয়ে আসছি। মঙ্গলবার আমরা আবেদন করেছি। মূলত শাড়িটির ইতিহাস, এর সাথে সংশ্লিষ্ট মানুনের জীবন জীবিকার তথ্যটি, আড়াইশ’ বছরের ইতিহাসের তথ্যাদি সংগ্রহ করে ডকুমেন্টেশন তৈরি করে আবেদন করা হয়েছে। আবেদনটি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুতই টাঙ্গাইল শাড়ি নামে জিআই স্বীকৃতি পাব।
তিনি আরও বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পাওয়ার পরে ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন’-এর গঠনতন্ত্র অনুযায়ী আপিল করব। ভারত ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে যে জিআই স্বীকৃতি পেয়েছে, এটি বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। আমরা পুরোপুরি আশাবাদী টাঙ্গাইল শাড়ি চূড়ান্ত বিচারে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি নিয়ে আসতে পারব।
প্রকাশ, বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎস পশ্চিমবঙ্গ- সম্প্রতি এমনটা দাবি করে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। বিতর্কিত দাবিটি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়।
পোস্টে দাবি করা হয়, “টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। সূক্ষ্ম উপস্থাপন, প্রাণবন্ত রং এবং জটিল বুননের জন্য শাড়িটি বিখ্যাত, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতিটি টাঙ্গাইল শাড়ি দক্ষ কারুকার্যের প্রমাণ; এটি ঐতিহ্য এবং কমনীয়তাকে একত্রিত করে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারাদেশের মানুষ।
একতার কণ্ঠঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি বিশ্বাস করেছিলাম, একটি অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় ২০১৮ সালের নির্বাচন গুণমান সম্পন্ন ছিলো না। ২০২৪ সালের নির্বাচন তার চেয়েও খারাপ হয়েছে। সে বার তাও কিছু মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এইবার সেই পরিমান মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, ভোট দিতে পারে নাই।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা‘মিট দ্য প্রেস’ এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, এবার কোন কোন কেন্দ্রে জোড় করে ভোট নেয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎসাহ পায়নি। আমার জীবনে রাজনৈতিক চরম ব্যর্থতা। আমরা যতটা চেষ্টা করেছিলাম, আমাদের নিজেদের সমর্থকও সেই পরিমান ভোট কেন্দ্রে যায় নাই। নির্বাচনের দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বলেছেন, ভোট হয়েছে ২৬ শতাংশ। কেউ বলে দেওয়ার পর বলেছেন ভোট হয়েছে ৪০শতাংশ। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা ভোটের চেয়ে ঘোষণার ভোট অনেক বেশি হয়েছে।
তিনি সরকারকে উল্লেখ করে বলেন, নির্বাচনের পরের দিন থেকেই সরকার স্বস্তিতে নেই। নির্বাচনের মানুষের অংশ গ্রহণ থাকলে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট হতো। তাতে সরকার অনেক স্বস্তি পেতেন। সরকারকে স্বস্তিতে থাকতে হলে মানুষকে উৎসাহিত করতে হবে। মানুষের মালিকানা মানুষকে দিতে হবে। চোরের বিচার চোরের কাছে দিলে সেটা কতটা যুক্তি সঙ্গত হয়। আমার কারনে রাষ্ট্রে উত্তেজনা সৃষ্টি হোক, অস্থিতিশীলতা সৃষ্টি হোক এটা আমি চাই না। এটা চাইনি বলে সখীপুরের নির্বাচন আমি প্রত্যাখান করি নাই। এছাড়াও আমরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবো।
এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিপলু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।