সাহান হাসান (বার্তা-সম্পাদক)

টাঙ্গাইলে বাস্তুহারা কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস্তুহারা কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহান হাসানঃ টাঙ্গাইলে জেলা সদর বাস্তুহারা কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে শহরের আকুর টাকুর পাড়ায় জেলা সদর বাস্তুহারা কল্যাণ সমিতির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সদর বাস্তুহারা কল্যাণ সমিতির উপদেষ্টা মমিনুল হক খান নিকছনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৩. অক্টোবর ২০২৫ ০১:৫৪:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে ব্রিজের সংযোগ সড়ক বিচ্ছিন্ন, লক্ষাধিক মানুষের ভোগান্তি - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্রিজের সংযোগ সড়ক বিচ্ছিন্ন, লক্ষাধিক মানুষের ভোগান্তি

সাহান হাসানঃ টাঙ্গাইলের সদর উপজেলায় চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে গিয়ে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদ নগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিগত ২০০৬ সালে ১৭০.৬৪২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের পর থেকেই কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচ সড়ক ধসে যায়। সর্বশেষ গত বছরের ১০ জুলাইও ব্রিজের পশ্চিম পাশে অ্যাপ্রোচ ভেঙে ভোগান্তি পোহাতে হয়েছে।

এলাকাবাসী জানায়, গুরুত্বপূর্ণ এ ব্রিজ দিয়ে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ বিভিন্ন অফিস আদালতে যাতায়াতেও ব্যাঘাত ঘটছে।

এদিকে চরাঞ্চলের কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, অটোভ্যান, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে থাকে এই ব্রিজের উপর দিয়ে।

সিএনজি চালিত অটো রিকশার চালক আব্দুল হাই ও খোরশেদ আলম বলেন, মঙ্গলবার ভোরে যাত্রী নিয়ে এসে দেখলাম ভেঙে গেছে। পরে যাত্রী নামিয়ে দিয়ে ভাঙনের দৃশ্য দেখতেছি। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে আমরা গাড়ি চালাতে পারব না।

কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের অ্যাপ্রোচসহ সংযোগ সড়ক ও কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে। তাই দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজ ভেঙে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

সদর উপজেলার এলজিইডি কর্মকর্তা জাকির হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে আজকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ায় বৃহত্তর চরাঞ্চলের লক্ষাধিক মানুষ সাময়িক ভোগান্তির শিকার হলেও দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। যে কোন ভাবেই হোক অ্যাপ্রোচের মাটি দ্রুত ভরাট করে দ্রুততম সময়ের মধ্যে চরাঞ্চল বাসীর দুর্ভোগ সমাধান করে দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অক্টোবর ২০২৫ ০৮:০৮:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

সাহান হাসানঃ টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে। যাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

নিহত মনিরা (১১) উপজেলার মাহমুদ নগরের মনিরুল ইসলামের মেয়ে। নিখোঁজ দুই শিশু হলো- একই এলাকার বোরহানের মেয়ে আছিয়া (১২) ও মাফিয়া (০৯)। তারা সম্পর্কে খালাতো বোন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, শনিবার দুপুরের দিকে মনিরা তার দুই খালাতো বোন আছিয়া ও মাফিয়াকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধারকাজ শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় মনিরার লাশ উদ্ধার করা হয়। তবে আছিয়া ও মাফিয়ার সন্ধান মেলেনি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, শুক্রবার তারা খালার বাড়ি আসেন বিয়ের দাওয়াত খেতে। শনিবার সকলের চোখ ফাঁকি দিয়ে অদুরে ধলেশ্বরী নদীতে যায় গোসল করতে। কিন্তু নদীতে স্রোত থাকায় এবং তারা সাতার না জানায় পানিতে তলিয়ে যায়।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনের মরদেহ উদ্ধার করেছে এবং বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হবে না।

সর্বশেষ আপডেটঃ ০৫. অক্টোবর ২০২৫ ১১:৩৭:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল: ১৪ হাজার সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন ২ লাখ পরিবার - Ekotar Kantho

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল: ১৪ হাজার সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন ২ লাখ পরিবার

সাহান হাসানঃ টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ফলে ১৪ হাজার গ্রাহক ও ৫০টি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে, গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, তাদের শ্রমিকরা গ্যাসের পাইপের ওপর থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করছেন। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের ওপর বিদ্যুতের খুঁটি রয়েছে। দুর্ঘটনার পর খুঁটিটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। আশা করা যাচ্ছে, আজকে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হতে এক সপ্তাহর মতো সময় লাগবে। আজ রাতের মধ্যে বাইপাস লাইন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৪:পিএম ৭ মাস আগে
টাঙ্গাইলে যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাহান হাসানঃ টাঙ্গাইল যৌনপল্লি থেকে শহর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরে কান্দাপাড়ার যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত শাহ জনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার মো. ইসরাফিলের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলার আসামি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাতে শহরের যৌনপল্লি থেকে শাহ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে শাহ জনিকে গ্রেপ্তার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। শাহ জনি ওই মামলার ৪১ নম্বর আসামি।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫:এএম ৭ মাস আগে
মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর - Ekotar Kantho

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

আরমান কবীরঃ টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভেঙে ফেলে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডস্থ কাদের সিদ্দিকীর নিজ বাসভবন ‘সোনার বাংলায়’

এ ঘটনা ঘটে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়ির কেয়ার টেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাহির থেকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে গাড়িও ভাঙচুর করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে গেট টপকে পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১৫ জন মুখোশধারী এই ঘটনা ঘটিয়েছি। বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বাসভনের কয়েকটি জানালার গ্লাস ভেঙেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান,সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫:পিএম ৮ মাস আগে
টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

সাহান হাসানঃ টাঙ্গাইলে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। গত সাত মাসে জেলায় সাপের কামড়ে ৫৩৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৭২ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ৪৬১ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে সাপের কামড়ে জেলায় দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেন, সর্প দংশনের প্রতিষেধক জেলায় ১৩টি হাসপাতালে ৩৪৫টি রয়েছে। আশা করছি এর সংকট হবে না।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত সাত মাসে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, জেনারেল হাসপাতালে ১২২ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৬৪ জন, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, মিজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৮ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জন এবং গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৭২ জনকে স্থানান্তর করা হয়।

একই সময়ে সাপের ছোবলে আহত রোগীদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ৭৩ জন, জেনারেল হাসপাতালের ১২২ জন, কুমুদিনী হাসপাতালের ৬৪ জন, নাগরপুরে ১৬ জন, দেলদুয়ারে ৪ জন, বাসাইলে ৬ জন, মির্জাপুরে ২২ জন, সখীপুরে ৮১ জন, কালিহাতীতে ৪ জন, ঘাটাইলে ১০ জন, ভূঞাপুরে ১২ জন, গোপালপুরে ১৬ জন, মধুপুরে ২৯ জন এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এ সময়ে সাপের ছোবলে আহত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া দুজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারা হলেন, নাগরপুর উপজেলার মন্টুর স্ত্রী আসমা খাতুন ও ভূঞাপুর উপজেলার আমিনুর রহমান। তাদের মধ্যে আমিনুর রহমানকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হলেও তিনি মারা যান।

সাপের ছোবলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আসমা খাতুনের মেয়ে হামিদা খাতুন বলেন, আমার মাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১১ জুন ভর্তি করি। ভর্তির পরপর কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন ইনজেকশন দেওয়ার জন্য একটি কাগজে দ্রুত অ্যান্টিভেনম এনে দেওয়ার জন্য লিখে দেন। ভ্যাকসিন ইনজেকশনটি বাইরে থেকে কিনে এনে দিলে চিকিৎসক পুশ করে এবং তার মাকে স্যালাইন দেয়। এর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

একই মাসে ভূঞাপুর উপজেলার আমিনুর রহমানকে হাসপাতালে ভর্তি করে দুই ঘণ্টা পর অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করার প্রস্তুতির কালে তিনি মারা যান। আমিনুর রহমানের বোনের স্বামী পারভেজ বলেন, সাপের ছোবলে আহতাবস্থায় আমিনুর রহমানকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ২ ঘণ্টা পর চিকিৎসকরা জানান সেখানে অ্যান্টিভেনম নেই। অ্যান্টিভেনম না থাকায় বাইরে থেকে কিনে আনতে পরামর্শ দেন। বাইরে থেকে অ্যান্টিভেনম কিনে এনে দিলেও আমিনুর রহমানকে বাঁচানো যায়নি।

তিনি আরও বলেন, হাসপাতালে দুজন চিকিৎসক অ্যান্টিভেনম ইনজেকশন নিয়ে সিন্ডিকেটে জড়িত। হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও রোগীদের বাহির থেকে কিনে আনতে বলে। চিকিৎসক শাহরিয়া রহমান একটি কাগজে অ্যান্টিভেনম রোগী ভর্তির দুই ঘণ্টা পরে লিখে দিয়ে বলেন দ্রুত নিয়ে আসেন। যথারীতি ঠিকানা অনুযায়ী সেখানে দেখতে পান একই হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান। তার কাছ থেকে অ্যান্টিভেনম ১৪ হাজার টাকা দাম মিটায়। ২০০০ হাজার টাকা নগদ দিয়ে বাকি ১২ হাজার টাকা রেখে আসেন। ইনজেকশন নিয়ে আসার পর চিকিৎসক অ্যান্টিভেনম মিকচার করে পুশ করা অবস্থায় রোগীকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে চিকিৎসক আতিকুর রহমান বলেন, আমার নিজের প্রয়োজনে ইনসেপ্টা কোম্পানির দুটি ইনজেকশন ফার্মেসিতে রেখে দিয়েছিলাম। কখন কার বিপদ আসে সেটাকে মোকাবেলা করাতে আমার রাখা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুস কদ্দুছ বলেন, হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে। এছাড়াও অ্যান্টিভেনম নিয়ে কোনো চিকিৎসক রোগীকে বিভ্রান্ত করার কথা নয়।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেন, সর্প দংশনের প্রতিষেধক জেলায় ১৩টি হাসপাতালে ৩৪৫টি রয়েছে। আশা করছি এর সংকট হবে না।

সর্বশেষ আপডেটঃ ০৫. সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৮:এএম ৮ মাস আগে
টাঙ্গাইলে ‘বিআরডিবি’র’ কর্মচারী ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘বিআরডিবি’র’ কর্মচারী ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত

সাহান হাসানঃ টাঙ্গাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্ম: ইউনিয়ন বি-১৯২৫ সিবিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কর্মচারী ইউনিয়নের আয়োজনে কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ) বিকেলে টাঙ্গাইল বিআরডিবি মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে এই কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন বি-১৯২৫ সিবিপি, টাঙ্গাইল জেলার সহ-সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী সদস্য এ. কে. এম. মনিরুল হক মনির।

প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. মনিরুল হক মনির বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকল প্রকল্প ও কর্মচারী জনবলসহ বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, পজীক, পদাবিক, সদাবিক, পিইপি সকল প্রকল্প / কর্মসূচিতে কর্মরত জনবলের ন্যায় সংগত সকল দাবী বাস্তবায়ন করা হবে। বিআরডিবিতে আয় হতে দায় শোধের মত কোন প্রকল্প গ্রহণ করা হবেনা।

এসময় জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ হোসেন, অর্থ সম্পাদক মো: আলতাফ হোসেন, নির্বাহী সদস্য মো. বরকত আলী, নির্বাহী সদস্য মো. নুরুল আলম সবুজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. অগাস্ট ২০২৫ ০৩:৪৯:পিএম ৮ মাস আগে
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাহান হাসানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিটি উদ্দেশ্যই স্বেচ্ছাসেবক দল সফলভাবে পূরণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিগত বৈশ্বিক মহামারী করোনা কালে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বেচ্ছাসেবক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ২৬ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আশাকরি অতীতের মতোই ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম খান ঝলক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আমানুল্লাহ আমান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের জেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সর্বশেষ আপডেটঃ ২১. অগাস্ট ২০২৫ ০২:৫৯:এএম ৮ মাস আগে
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার - Ekotar Kantho

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সাহান হাসানঃ টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সারোয়ার হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

শনিবার (৯ আগষ্ট ) রাতে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের ‘মাদ্রাসা ক্বাসিমুল উলূম’ প্রতিষ্ঠানের অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক সারোয়ার হোসেন সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের ‘মাদ্রাসা ক্বাসিমুল উলূম’ নামক প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক ছাত্রকে (১৩) জোরপূর্বক বলাৎকার করেছেন। বৃহস্পতিবার( ৭ আগষ্ট) রাত আনুমানিক ১০ টায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শুক্রবার (৮ আগষ্ট) সকালে পরিবারকে বিষয়টি জানালে শনিবার রাতে তারা অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে ড্রাগন ফল খাওয়ার কথা বলে শিশুটিকে মাদ্রাসার ভিতর ডেকে নেয় ও তার সাথে রাত্রিযাপন করতে বলে। রুমের বাতি বন্ধ করে তার হাত পা টিপে দিতে বলে। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলৎকার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হবে। এ বিষয়ে শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা রজ্জু করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. অগাস্ট ২০২৫ ১১:২৮:পিএম ৯ মাস আগে
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সাহান হাসানঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন, মোটরসাইকেল আরোহী জামালপুরের মো. আল-আমীন (৩০), ও স্বপন মিয়া (৩৫)।

ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপ চালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

গুরুতর আহত মোটরসাইকেলের অপর এক আরোহী মো. সানীকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. অগাস্ট ২০২৫ ০৯:০০:পিএম ৯ মাস আগে
টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি নেতাদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সাহান হাসানঃ টাঙ্গাইলে বিএনপি’র তিন নেতার নামে ‘মিথ্যা মামলা’ ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপি’র তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া, যেভাবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা ও বিস্ফোরক মামলা দেওয়া হতো। এই মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রথমে গ্রেপ্তার দুইজনকে নির্যাতন করে বিএনপি’র তিনজনের নাম বলতে বাধ্য করান। গ্রেপ্তার হওয়ার পর তাদের খাবার দিতে গেলে পুলিশ বাধা দেয়। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি করছি। একই সঙ্গে তাদের মুক্তির দাবি করছি।

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা টাঙ্গাইল প্রেস ক্লাবে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, ‘কিলার গ্যাং’ নামে একটি সংগঠনের প্যাডে এক মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পাঠানো চিঠির ঘটনায় বিএনপি’র ওই তিন নেতা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জেলা বিএনপি গ্রেপ্তার হওয়া নেতাদের দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২৫ ০৩:০০:এএম ৯ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।