সাহান হাসান (বার্তা-সম্পাদক)

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘ‌র্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘ‌র্ষে নিহত ২

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকা‌রের সংঘ‌র্ষে দুইজ‌ন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ মার্চ) সকা‌ল ৮টার দি‌কে উপ‌জেলা সদরের নগরজালফৈ বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার ফ‌লে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গে‌ছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেটকারচালক মো. ইলিয়াস হোসেন (৩৫) সে বরগুনা জেলা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে। নিহত অপরজন হচ্ছেন, সিরাজগঞ্জ সদরের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।

এ দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও একই জেলার সদর উপজেলার আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে এ কে এম মাহফুজুর রহমান আল্লাল (৫৫) আহত হয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান , রবিবার সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।প্রাইভেটকারটি নগরজালফৈ বাইপাস এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৪ ০৯:৫৪:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থীর নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন সড়ক) পুষ্টকামুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ আবু রায়হানের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। সে এ বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা স্কুলশিক্ষক হাবিবুর রহমান। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবু রায়হান এ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করছে। বাবা হাবিবুর রহমান উপজেলার ছিট মামুদপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিল রায়হান। ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে উপজেলার বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল তার বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ফেব্রুয়ারী ২০২৪ ১০:২৫:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন।

নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুলের ছেলে। সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল বলেও জানা গেছে।

আহতের নাম হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও একজন। এসময় স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. ফেব্রুয়ারী ২০২৪ ০৭:০১:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি দাবি করার প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি দাবি করার প্রতিবাদে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভারতের শাড়ি হিসেবে দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ, সমাজকর্মী নাদিউর রহমান আকাশ, আহসান খান আকাশ, মির্জা রিয়ান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইলের শাড়ি আমাদের অহংকার। টাঙ্গাইলের শাড়ি স্বীকৃতি ভারত কখনই পেতে পারে না। ভারতের এ দাবি অযৌক্তিক। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া উচিৎ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইলের শাড়ির বিশেষত্ব মানেই টাঙ্গাইলে তৈরি। টাঙ্গাইল শাড়ির জিআই পাওয়ার দাবিদার হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুতই টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার।

টাঙ্গাইল শাড়ি মালিক সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, আমরা এই জিআই কখনও মানব না। সরকারকে বলবো যে কোনো মূল্যে নিজেদের নামে টাঙ্গাইলের শাড়ির জিআই করতে। অন্যথায় টাঙ্গাইলের শাড়ি ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম জানান, ভারত ২০২০ সালে জিআই আবেদন করে। আর টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই তাঁত শাড়ি জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. ফেব্রুয়ারী ২০২৪ ০৫:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন; ৫ রাউন্ড গুলি, দু্ই আনসার সদস্য আহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন; ৫ রাউন্ড গুলি, দু্ই আনসার সদস্য আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জন করেছেন।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা আতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার ভর্তি ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষনিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পর কেন্দ্রের বাকি বালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়স্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকার প্রার্থী সংসদস সদস্য তানভীর হাসান ছোট মনির। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। এ আসনের অন্য প্রার্থীরা হলেন গণফ্রন্টের গোলাম সরোয়ার (মাছ), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির সাইফুল ইসলাম (আম) ও জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল)।

সর্বশেষ আপডেটঃ ০৭. জানুয়ারী ২০২৪ ১১:৪৩:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী ক‌লেজছাত্রী আফরোজ মির্জা এশা’র ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেপ্তারকৃত সৌরভ পাল টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার শ্যামল পালের ছে‌লে। শনিবার (১৮ নভেম্বর) রা‌তেই তা‌কে গ্রেপ্তার করা হয়। সৌরভের সঙ্গে নিহত বাদী এশার বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

রবিবার (১৯ ন‌ভেম্বর) দুপু‌রে টাঙ্গাইল সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)আব্দুস ছালাম মিয়া বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে শনিবার রাতেই নিহত ক‌লেজছাত্রী এশা মির্জার বড় বোন লুনা মির্জা বাদী হয়ে সৌরভকে প্রধান ও তার আপন বড় ভাই জনি মির্জার নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন, শনিবার রাতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে এশা মির্জার বোন লুনা মির্জার আপন ভাই জনি মির্জা ও সৌরভ নামের একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মর‌দেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রবিবার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তারকৃত সৌরভ‌ পাল‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য ৫‌ দি‌নের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় নিহত এশা মির্জা বাদী হয়ে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় এশা ধর্ষণের কারণে অন্তঃসত্তা হয়েছে বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় ওই কিশোরী।

এশার দায়ের করা ধর্ষণ মামলার একমাত্র আসামি গোলাম কিবরিয়া বড় মনির বর্তমানে হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত রয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২৩ ০৯:১৩:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে মাসহ ২ ছেলের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে মাসহ ২ ছেলের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে মাসহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম(২৫) তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফিকে (২) হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের তিনজনের লাশ দেখতে পায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।

তবে একসঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা নাকি তাদেরকে তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, তিনজনকে হত্যা করে সিঁদ কেটে কেউ পালিয়ে গেছে।

এদিকে হত্যার আলোচনা উঠায় নিহত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছে। ফলে সন্দেহের তীর শাহেদের দিকে। শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফজলুর ছেলে।

স্বামীর আত্মগোপন ও মনিরা বেগমের ঝুলন্ত লাশ মাটিতে লেগে থাকায় সন্দেহের গভীরতা বাড়ছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, আমি ঘটনাস্থলে। লাশ তিনটি উদ্ধার হয়েছে। স্বামী শাহেদ পলাতক রয়েছ। শাহেদকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. মে ২০২৩ ০৩:৪৯:এএম ৩ বছর আগে
মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি - Ekotar Kantho

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

একতার কণ্ঠঃ পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

রাকিব সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।

গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবর জানিয়ে ছিলেন ফেসবুকে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২৩ ১১:০৫:এএম ৩ বছর আগে
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল - Ekotar Kantho

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল

একতার কণ্ঠঃ নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

সোমবার (১৩ মার্চ ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির আদেশে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইডলাইন পাওয়া যাবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সূত্র – The Daily Star বাংলা

সর্বশেষ আপডেটঃ ১৪. মার্চ ২০২৩ ০৬:০০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাড়িতে প্রেমিকাকে দেখে পালাল প্রেমিক - Ekotar Kantho

টাঙ্গাইলে বাড়িতে প্রেমিকাকে দেখে পালাল প্রেমিক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা অবস্থান নিয়েছেন। এ সময় প্রেমিকসহ পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন, উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে ইলিয়াস।

ভুক্তভোগী তরুণী জানান, অনেক দিন ধরে ইলিয়াসের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে ইলিয়াস আমার সঙ্গে অনেকবার ঘনিষ্ঠ সম্পর্ক করেছে। প্রেমের সম্পর্কের জের ধরে আমাদের বাড়িতে ইলিয়াসের যাতায়াত ছিল। সম্প্রতি আমাকে এড়িয়ে চলায় মঙ্গলবার (৭ মার্চ) বিয়ের দাবিতে ইলিয়াসের বাড়িতে উঠেছি।

ভুক্তভোগীর মা ডলি বেগম জানান, আমার মেয়ের সঙ্গে ইলিয়াসের প্রেমের সম্পর্কের বিষয়টি জানি। পার্শ্ববর্তী সবাই তাদের চলাফেরা করতে দেখেছে। আমার বাড়িতেও ইলিয়াসের আসা-যাওয়া ছিল। প্রথম পর্যায়ে মেয়েকে বাধা দিয়েছি। এতে কয়েকবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরও জানান, ইলিয়াস বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করায় মেয়ে বাড়িতে না জানিয়ে ইলিয়াসের বাড়িতে উঠেছে। আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলেও মেয়ে বাড়ি আসছে না।

অভিযুক্ত ব্যক্তির বাড়িতে তালা থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, মঙ্গলবার দুপুরে এ ঘটনার সংবাদ পেয়ে অভিযুক্ত ইলিয়াসের বাড়ি গিয়ে মেয়ের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু শিশু ও নারী বিষয়ক ঘটনা মীমাংসা করার অধিকার আমাদের নেই। মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. মার্চ ২০২৩ ০৩:২০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ (১২) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে। সে স্থানীয় বলরামপুর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে জাহিদ বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। পাশের জঙ্গলে  রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জনান, এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি ছিনতাইয়ের জন্য জাহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মার্চ ২০২৩ ০১:২৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি )বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে ঘিরে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সমাবেশ ছিল। একই স্থানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরাও সমাবেশ করতে চায়।

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ জন এবং ২ জন স্থানীয় সাংবাদিক আহত হন। সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটির কথা জানান।

‘জামাত-বিএনপি সমর্থকদের’ রেখে কমিটি ঘোষণা করার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে।

এর জেরে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে যান। একই স্থানে সংসদ সদস্যদের অনুসারীরাও সমাবেশ করতে চায়।

সংঘর্ষের বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ‘আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

সর্বশেষ আপডেটঃ ২৮. ফেব্রুয়ারী ২০২৩ ০৩:৪১:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।