মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইল পুলিশ লাইনস্ স্কুলের কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা - Ekotar Kantho

টাঙ্গাইল পুলিশ লাইনস্ স্কুলের কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা

একতার কণ্ঠঃ অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ১০ বছরের শিক্ষা জীবনে ১১টি জাতীয় পুরষ্কার অর্জন করেছেন নৈঋতা হালদার নামে এক স্কুল ছাত্রী। নৈঋতা হালদার টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি এবার এসএসসি পরীক্ষা দিবেন।বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতি ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্চিত কুমার রায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, কৃতিছাত্রী নৈঋতার মাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক চিনু রানী বিশ্বাস।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহরের একটি স্কুল থেকে ধারাবাহিকভাবে ১১টি জাতীয় পুরষ্কার অর্জন একটি বিরল ঘটনা। বিভিন্ন ক্যাটাগরিতে এতোগুলো পুরষ্কার অর্জনকারী ছাত্রী দেশে আরও আছে কি না আমাদের জানা নেই।

সম্মাননা পেয়ে নৈঋতা হালদার আবেগময় অনুভূতি প্রকাশ করেন। তিনি ভবিষ্যত জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চান। পরে নৈঋতা হালদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

সর্বশেষ আপডেটঃ ১৭. সেপ্টেম্বর ২০২১ ০২:২১:এএম ৫ বছর আগে
সুযোগ সন্ধানীদের কোনভাবেই দলীয় কমিটিতে জায়গা দেওয়া যাবেনা :: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

সুযোগ সন্ধানীদের কোনভাবেই দলীয় কমিটিতে জায়গা দেওয়া যাবেনা :: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দীর্ঘ দেড় বছরে ধরে চলা মহামারী করোনার প্রকোপে আওয়ামী লীগের অনেক জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করা যায়নি।

বর্তমানে অনেক কমিটি মেয়াদোত্তীর্ণ। এখন করোনার সংক্রমণ অনেকটা কমে এসেছে- স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করার পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দলকে আরও সুসংগঠিত করতে হবে। একইসাথে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ দলের সহযোগী সংগঠনকেও আরও সুসংগঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, দলের নতুন কমিটিতে তৃণমূলের পরীক্ষিত-নিবেদিত ও দু:সময়ে যারা পাশে ছিল- সেসব ত্যাগী কর্মীদেরকে দলে জায়গা করে দিতে হবে। অসৎ, সুযোগ সন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যারা দলে ভিড়েছে- তাদেরকে কোনভাবেই নতুন কমিটিতে স্থান দেওয়া হবে না।

এছাড়াও কমিটিতে স্থান দিতে পারিবারের সদস্যদের রাজনৈতিক আদর্শ বিবেচনায় আনতে হবে। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে- সেলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক দেশের রাজনীতিতে সবসময়ই অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল। আওয়ামীলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় স্বার্থে যে কোন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আওয়ামী লীগ জাতীয় স্বার্থে কখনও কোনদিন নীরব দর্শকের ভূমিকা পালন করে না।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক এমপি বলেন, আন্দোলন-সংগ্রামের নামে গাড়িতে, বাড়িতে, রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার আগুন সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকান্ড থেকে আপনারা বিরত থাকুন।

আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন, নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদেরকে ভোটে বিজয়ী করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাব।

কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকান্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর দিবাস্বপ্ন ভুলে যান, বিএনপির সে শক্তি নেই।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. সেপ্টেম্বর ২০২১ ০২:৫৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন আবেদন আবারও নামঞ্জুর - Ekotar Kantho

টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন আবেদন আবারও নামঞ্জুর

একতার কন্ঠঃ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন আবেদন আবারও নামঞ্জুর হয়েছে। এ নিয়ে ১৪তম বারের মতো তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই।

আদালতের সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) এস আকবর খান জানান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) মুক্তির আইনজীবীরা জামিন আবেদন করেন।

তারা যে কোনো শর্তে মুক্তির জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মাসুদ পারভেজ বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) বিকালে আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে গত ১৮ আগস্ট সকালে টাঙ্গাইল জেলা কারাগারে সহিদুর রহমান খান মুক্তি অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুকের ব্যথায় মুক্তি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার হৃদযন্ত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে থাইরয়েড ও কিডনিতে কিছু সমস্যা আছে।

হাসপাতালে থাকতেই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। তিন দিন আগে তিনি করোনামুক্ত হয়েছেন। বর্তমানে কোমরের ব্যথার জন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রকাশ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ ২০১৩ সালের ১৮ জানুয়ারি তার কলেজপাড়া বাসার কাছ থেকে উদ্ধার হয়। ফারুক হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ ছয় বছর পলাতক ছিলেন মুক্তি।

গত বছরের ২ ডিসেম্বর তিনি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দফায় দফায় তার পক্ষে আইনজীবীরা ১৪ বার জামিনের আবেদন করেছেন। তবে প্রতিবারই ওই আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ফারুক হত্যাকান্ডে আমানুর রহমান খান রানা, সহিদুর রহমান খান মুক্তি সহ তদের অপর দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পারও জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

এরপর তারা সবাই আত্মগোপনে চলে যান। এর মধ্যে আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান। অপর দুই ভাই কাকন ও বাপ্পা এখনও পলাতক রয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. সেপ্টেম্বর ২০২১ ০২:৫৭:এএম ৫ বছর আগে
মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে হামলা, ভাঙচুর - Ekotar Kantho

মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে হামলা, ভাঙচুর

একতার কণ্ঠঃ ছাত্রীদের উত্ত্যক্ত, ছাত্রদের মারধরসহ কলেজে প্রবেশে বাধা দেওয়ায় টাঙ্গাইল শহরের অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে বহিরাগতরা।বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হামলায় ভবনের জানালার কাঁচ, চেয়ার-টেবিল ভাংচুর ও প্রহরীকে মারধর করে তারা।

শিক্ষকদের অভিযোগ, করোনা মহামারির কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ ছিলো। ১২ সেপ্টেম্বর চালু হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজ ড্রেস ব্যতিত চলছে শিক্ষাকার্যক্রম। এর ফলে ড্রেস ছাড়াই কলেজে আসছে ছাত্র-ছাত্রীরা। এই সুযোগ নিয়ে কলেজে বহিরাগতদের উপদ্রব বেড়েছে। তারা কলেজ প্রাঙ্গণে ছাত্রীদের উত্ত্যক্ত করা, এমনকি ছাত্রদের মারধরও করেছে।

প্রত্যক্ষদর্শী একাধিক কলেজ শিক্ষক জানান,  সকালে কলেজের বাণিজ্য বিভাগ প্রথম বর্ষের এক ছাত্রকে মারধর করে বহিরাগতরা। ঘটনাটি জানাজানি হলে মারধরের শিকার ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষের কক্ষে ডেকে আনা হয়। ওই ছাত্রকে মারধরের ঘটনায় জড়িত কলেজের প্রাক্তন ছাত্র বায়েজিদ বোস্তামী উপস্থিত হয় অধ্যক্ষের কক্ষে। তিনি বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান। ফলে তাকে অধ্যক্ষের কক্ষ থেকে বাইরে যাওয়ার অনুরোধ করেন শিক্ষকরা। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বহিরাগতদের নিয়ে হামলা-ভাঙচুর চালায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কলেজ অধ্যক্ষ পুলিশে খবর দেন। এরই মধ্যে কলেজ ত্যাগ করে হামলাকারীরা।

উপাধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বল বলেন, হামলার বিষয়টি জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ড. আতাউল গণিকে জানানো হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত প্রাক্তন ছাত্র বায়েজিতের নাম উল্লেখসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২১ ০৩:২৫:এএম ৫ বছর আগে
বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি - Ekotar Kantho

বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি

একতার কন্ঠঃ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সাংসদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।

ইকবাল সিদ্দিকী বলেন, গত মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দকী বীরউত্তমকে অধ্যাপক এমএস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর আল্ট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এএইচএম তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল মুঠো ফোনে বলেন, বঙ্গবীরের চিকিৎসা নিয়ে আগামীকাল(বৃহস্পতিবার) মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। সেখানেই তাঁর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ রয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৮:এএম ৫ বছর আগে
করটিয়ায় ইউটার্নের দাবীতে সড়ক অবরোধ - Ekotar Kantho

করটিয়ায় ইউটার্নের দাবীতে সড়ক অবরোধ

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় ইউটার্নের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।বুধবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ওই অবরোধ কর্মসুচী পালন করা হয়।  একই দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মাদারজানী এলাকার বিপুল সংখ্যাক নারী-পুরুষ।

পরে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ও করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু  বিষয়টি নিয়ে যথাযথ কতৃপক্ষের সাথে কথা বলার আশ্বাসের  প্রেক্ষিতে কর্মসুচী প্রত্যাহার করে নেয়া হয়।

অবরোধ কর্মসুচীতে অংশগ্রহন করেন, করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল , স্থানীয় মাদারজানী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোস্তফা মুরাদ, আব্দুল গনি, বাবুল প্রমুখ।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটের পাশ্ববর্তী এলাকা মাদারজানী । এখান দিয়ে শত-শত ব্যবসায়ী কাপড়ের গাড়ি নিয়ে এই রাস্তাটি দিয়ে চলাচল করে।  মহাসড়কের এই অংশে ইউটার্ন না থাকায় বিপাকে হাজার-হাজার কাপড়ের মহাজন।

বক্তারা আরো বলেন,মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। ইউটার্ন না থাকায় মসজিদে নামাজ পড়া এবং মরদেহ সৎকার করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২১ ০৩:০৯:এএম ৫ বছর আগে
মধুপুর বনের হারানো ঐতিহ্য ফেরাতে বন বিভাগের নানা উদ্যোগ - Ekotar Kantho

মধুপুর বনের হারানো ঐতিহ্য ফেরাতে বন বিভাগের নানা উদ্যোগ

 

একতার কণ্ঠঃ মধুপুরে বনের হারানো ঐতিহ্য ফিরাতে শাল বনের সাথে মানান সই দেশী প্রজাতির বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। জীব বৈচিত্র্য সংরক্ষণ, বন্য প্রাণীর খাদ্যের সংস্থান, নিরাপদ আবাস্থল টেকসই বনের জন্য বেত ও ভেষজ বৃক্ষের সমন্বয়ে বাগান করা হচ্ছে। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের এ বনায়ন কার্যক্রমে মধুপুর শাল বনের হারানো ঐতিহ্য ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বন বিভাগের দোখলা রেঞ্জ সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের মধুপুরের দোখলা রেঞ্জের অরণখোলা মৌজায় সুফল প্রকল্পের মাধ্যমে ১শ হেক্টর দেশী নানা প্রজাতির ফলজ ও ৫০ হেক্টর বেত বাগান করা হয়েছে। জবর দখল রোধ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বন্য প্রাণীদের খাদ্যের সংস্থান, নিরাপদ আবাস্থল, বনের মধ্যে বেড়া হিসেবে বেত রোপন ও ভেষজ গাছের সমন্বয়ে এ বাগান করা হয়েছে।বনের ঐতিহ্য ফিরাতে ও পশু খাদ্যের জন্য দেশী প্রজাতির লটকন, ঢেউয়া, জলপাই, গোলাপজাম, তিতিজাম, ঢাকিজাম, কালোজাম, আমলকি, কাঠ বাদাম, তেঁতুল, চাপালিশ, বহেড়া, পেয়ারা, গাদিলা, নেওউর, গাব, আতাফল, জামরুল ও চালতা সহ নানা প্রজাতির ফলজের ১শ হেক্টর বাগান করা হয়েছে।

ইতিমধ্যে সৃজিত বাগানে ফুল-ফল আসতে শুরু হয়েছে। ফুল ও ফলে বাগান সমৃদ্ধ হলে বন্য প্রাণীদের খাদ্যের সংস্থান হবে। এই বনের জীব বৈচিত্র্য সংরক্ষণ হবে। বন রক্ষার পাশাপাশি জবর দখল রোধ হয়ে ফিরে আসবে মধুপুর শাল বনের হারানো ঐতিহ্য ।

সম্প্রতি টাঙ্গাইলে জেলা প্রশাসক ড. মো.আতাউল গনি, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মো.জহিরুল হক, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন সুফল প্রকল্পের এ বাগান পরিদর্শন করেন।এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

দোখলা রেঞ্জকর্মকর্তা আব্দুল আহাদ জানান, সুফল প্রকল্পের মাধ্যমে দোখলা রেঞ্জে ১শ হেক্টর ফলজ ও ৫০ হেক্টর বেত বাগান সৃজন করা হয়েছে।জীববৈচিত্র্য সংরক্ষণ পশুখাদ্য ও নিরাপদ আবাস স্থলের জন্য দেশী প্রজাতির বহেড়া, আমলকি, কাঠবাদাম, জাম চালতা সহ আরো ২৫-৩০ প্রজাতির ফলজ বাগান করা হয়েছে। শাল বনের জীবন্ত বেড়া হিসেবে বেত বাগান করা হয়েছে। বাগানে ফুল-ফল ধরা শুরু হয়েছে।এ বাগান সমৃদ্ধ হলে মধুপুর বন তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে তার ধারনা।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২১ ০২:১৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরজিনা আক্তার (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজের শয়নকক্ষের বাঁশের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আরজিনা উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদালি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এ প্রসঙ্গে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান জানান, আরজিনা তার মায়ের সাথে রাগ করে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১৬. সেপ্টেম্বর ২০২১ ০২:৪৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত এক - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত এক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘাটাইল  উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দীঘি হাজীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুত্বর আহত এক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাতিঁমারা গ্রামের সিদ্দীক আলীর ছেলে মুহাম্মদ আলী রাজু(২২) ও আহত আসাদুল ইসলাম (২০) সাগরদীঘি বেতুয়াপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার (১৩ সেপ্টেম্বর)রাতে মুহাম্মদ আলী রাজু ও আসাদুল ইসলাম মোটরসাইকেল যোগে সাগরদীঘি থেকে সখীপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরী বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ আলী রাজুকে মৃত ঘোষনা করেন।  গুরুত্বর আহত আসাদুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, দূর্ঘটনায় গুরুত্বর আহত মুহম্মদ আলী রাজূ( ২২) নামে  এক যুবকের ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্য হয়েছে।ঘাতক ট্রাকটি পালিয়েছে। তবে ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. সেপ্টেম্বর ২০২১ ০২:৪৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সেতু থেকে লাফ দিয়ে কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে সেতু থেকে লাফ দিয়ে নবম শ্রেণির ছাত্র শান্ত খানের(১৬) মৃত্যু হয়েছে। শান্ত মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামের শফিনুর রহমান খানের ছেলে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সে ধামরাই উপজেলার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত খান তার চার সহপাঠি একই এলাকার আলিফ, আনাম, বিবেক ও নাদিমের সাথে পাশ্ববর্তী চর রাজাপুর এলাকায় একটি সেতুর নিকট গোসল করতে যায়। এক পর্যায়ে সকল বন্ধুরা মিলে সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে গোসল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে শান্ত খান সেতু থেকে লাফিয়ে পানিতে পড়ে। এ সময় সে হাত দিয়ে কিছু একটা ইশারা করে পানিতে তলিয়ে যায়।

এমন দৃশ্য দেখে অন্য বন্ধুরা সেতু থেকে লাফ না দিয়ে নদীর স্রোতের ভাটিতে তাকে খুজতে থাকে। পরে স্বজনদের জানালে তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুুরিদল ঘটনাস্থলে গিয়ে বিকেলে শান্তর মরদেহ উদ্ধার করে। এসময় নদীর দুই পারে শত শত মানুষের ভিড় জমে।

সর্বশেষ আপডেটঃ ১৫. সেপ্টেম্বর ২০২১ ০১:১৪:এএম ৫ বছর আগে
পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী - Ekotar Kantho

পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী

একতার কণ্ঠঃ ২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোমবার( ১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

দীপু মনি বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল মিলে হবে এইচএসসির ফল। এছাড়া দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন থাকবে না। তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও হবে না।

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও থাকবে না বলে জানান মন্ত্রী।

এছাড়া শুধু ১০ শ্রেণির পাঠ্যক্রমে হবে পাবলিক পরীক্ষা হবে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৪. সেপ্টেম্বর ২০২১ ০২:৫২:এএম ৫ বছর আগে
ইবি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনের ইন্তেকাল - Ekotar Kantho

ইবি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনের ইন্তেকাল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন সোমবার(১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মরহুমের মরদেহ সোমবার বিকাল ৪ টার দিকে তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি গ্রামে আনা হয়। পরে বাদ আছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ শেষে চারাবাড়ি সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

প্রধান শিক্ষক মো. আফজাল হোসেনের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) ও ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. এ আর এম সোলাইমান গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ আপডেটঃ ১৪. সেপ্টেম্বর ২০২১ ০২:০৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।