টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু


০৭:০৩ পিএম, ২ ফেব্রুয়ারী ২০২৩
টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু - Ekotar Kantho
প্রতীকী ছবি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস গাইবান্ধা জেলার সাধুল্লাপুর উপজেলার আলিনগর গ্রামের রিপন মিয়ার ছেলে। তিনি সখীপুরে ফুপার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন।


সখীপুর থানার উপপরিদর্শক সুকান্ত জানান, ফেরদৌস উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া গ্রামের হেকমত আলীর নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ করছিলেন। এ সময় ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।