টাঙ্গাইলের কান্দাপাড়ায় মাদক বিরোধী অভিযান, ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা 


০৬:১৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলের কান্দাপাড়ায় মাদক বিরোধী অভিযান, ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা  - Ekotar Kantho
গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়

আরমান কবীর:টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার(২৫ নভেম্বর ) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেনের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

কান্দাপাড়া মাজার গেট, রবিদাসপাড়া, এসএস আইডিয়াল স্কুল, চাররাস্তার মোড় ও মধ্যম গলিসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ১০ জনের মধ্যে দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মোট ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, নুর হোসেন, আনোয়ার, সোহাগ, লিমন, ইফাতুল ইসলাম লিমন, বুলবুলি বেগম, সাদিয়া আক্তার, সিজান, জামিল খান ও সরোয়ার হোসেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান এবং উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ১ থেকে ৫ নম্বর আসামিকে এক মাস করে, ৬ ও ৭ নম্বর আসামিকে চার মাস করে, ৮ নম্বর আসামিকে ১৫ দিন, ৯ নম্বর আসামিকে পাঁচ দিন এবং ১০ নম্বর আসামিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।