একতার কণ্ঠ ডেস্কঃ সদ্য প্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট, ও ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদের স্মরণ সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মো. মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাফিস মকসুদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, আব্দুর রাজ্জাক, ডঃ আজাদ খান, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামাল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন মওলানা ভাসানী যুব ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুমন, যুব ফাউন্ডেশনের নেতা মো. হাসান মিয়া সহ আরো অনেকে। স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশন ও ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সৈয়দ আবুল মকসুদ সারা জীবন তার লেখনির মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি তার গবেষণা কর্মের মাঝেই বেঁচে থাকবেন।
একতার কণ্ঠ ডেস্কঃ সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট। শনিবার(২০ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র সরকার ও চন্দন সুত্রধর, যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম কর্মকার, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুভাষ সরকার, ঘাটাইল উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি বিভাষ চন্দ্র বিশ্বাস সহ জেলা হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠন ছাড়াও উপজেলা হিন্দু মহাজোট ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত মঙ্গলবার রাতে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে আটকের পর বুধবার স্থানীয় হেফাজতে ইসলাম সমর্থকরা সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করেন অভিযোগকারীরা। এসময় ৮৮ বাড়িঘর ও ৮ টি মন্দির ভাংচুরের অভিযোগ রয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ ইয়াং টাইগার অনুর্দ্ধ-১৮ ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধণী দিনে জয় পেয়েছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা।শনিবার(২০ মার্চ )বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার অনুর্দ্ধ-১৮ ডিভিশনাল ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা ডিভিশন উত্তরের দু’টি খেলা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে “ক”গ্রুপের খেলায় ময়মনসিংহ ৩ উইকেটে নরসিংদী জেলা পরাজিত করে শুভ সূচনা করেছে । অপর দিকে, কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে “খ” গ্রুপের খেলায় টাঙ্গাইল জেলা ১৫ রানে নেত্রকোনা জেলাকে পরাজিত করেছে।
কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা প্রথমে ব্যাটিং করে ৪১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। টাঙ্গাইল জেলা দলের স্কোর এক পর্যায়ে ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান ছিল।
তারপরও ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ৪১.২ ওভারে ১৩৮ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে মাইনুল সর্বোচ্চ ৪১ রান করে।এছাড়া ফেরদৌস ৩৪ ও তাসিন ১৯ রান করে। নেত্রকোনার পক্ষে বোলিংয়ে শেখ আওয়াল ১৬ রানে ৬টি এবং আহনাফ নাবিদ ২৯ রানে ৩টি উইকেট দখল করে।
বোলিংয়ের শুরুতেই টাঙ্গাইল জেলার ইমতিয়াজ ও তারেকের চমৎকার বোলিংয়ে নেত্রকোনা ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।সেই চাপ নেত্রকোনা আর সামাল দিতে না পারলে নেত্রকোনা ৪৪.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান করে। খেলায় টাঙ্গাইল জেলা দল ১৫ রানে জয় লাভ করে।
নেত্রকোনা জেলা দলের পক্ষে শাহিদ সর্বোচ্চ ৬৪ ও ফাহিম ২২ রান করে। টাঙ্গাইল জেলার পক্ষে ইমতিয়াজ ২০ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া তারেক ২৪ রানে ২টি এবং ফেরদৌস ২১ রানে ২টি করে উইকেট দখল করে।
টাঙ্গাইল স্টেডিয়ামে টস জয়ী নরসিংদী জেলা প্রথমে ব্যাটিং করে ৪৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান করে।দলের পক্ষে সিরাজুল ৩০ ও সালাউদ্দিন ২৯ রান করে। বোলিংয়ে ময়মনসিংহের শামুসর রহমান ১৯ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে ময়মনসিংহ জেলা ৪৩.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। দলের পক্ষে রোহান সর্বোচ্চ ৩৫ রান করে। বোলিংয়ে নরসিংদী জেলার পক্ষে চঞ্চল ৩৬ রানে ৪টি উইকেট এবং তানজীন ২৫রানে ৩টি উইকেট দখল করে।
আগামী ২৩ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দ্বিতীয় ম্যাচ খেলবে শেরপুর জেলার বিপক্ষে এবং টাঙ্গাইল স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা খেলবে মানিকগঞ্জের বিপক্ষে।
ঢাকা ডিভিশন নর্থের “ক” গ্রুপের দলগুলো হল ময়মনসিংহ জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা ও মানিকগঞ্জ জেলা এবং “খ” গ্রুপের দল গুলো হল টাঙ্গাইল জেলা, নেত্রকোনা জেলা, গাজীপুর জেলা ও শেরপুর জেলা।
কিশোরগঞ্জের জেলা স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহন করবে দুই গ্রুপের চ্যাম্পিয়ান ও রানারআপ দল।
এর পূর্বে সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে “খ” গ্রুপের খেলার উদ্বোধন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান আলো, টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান ও ধারাভাষ্যকার তমাল বিহারী দাস।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল এলাকার মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজে এ অভিযান পরিচালনা করা হয়। নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন। ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিক জিতেন্দ্র মোহন সাহাকে এক লাখ টাকা জরিমানা করে।
অভিযান প্রসঙ্গে র্যাব-১২ এর (সিপিসি-৩) টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদি টাঙ্গাইল এলাকায় মেসার্স আলকালায়েড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালানো হয়।সেখানে অবৈধভাবে নকল ওষুধ মজুত রাখার দায়ে কারখানার মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রানুয়ারা খাতুন।
একতার কণ্ঠ ডেস্কঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বুধবার(১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও বেলুন উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
এরপর একটি আনন্দ র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিসার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ভাসানী পরিষদসহ বিভিন্ন সংগঠন।
বেলা ১১ টায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে হিলিয়াম বেলুন উড্ডয়ন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধুর বায়োগ্রাফী, তথ্যচিত্র প্রদর্শন, আতশবাজী ও ফানুস উড়ানো হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে বুধবার(১৭ মার্চ) টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষো আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্ঘ অর্পন, চিত্রাঙ্কন, রচনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, সঙ্গীত ও বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও চিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।
বুধবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়। পরে জেলা আ’লীগের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি। বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহিরুল ইসলাম ডিপটি প্রমুখ।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার( ১৬ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে তোফায়েল আহমেদ জানান, গত ১০ মার্চ রাতে তিনি তার কয়েকজন সহযোগী নিয়ে টাঙ্গাইল শহর থেকে ঘারিন্দা নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। তারা ধরাট গ্রামের জনৈক কাশেমের বাড়ির পাশে পাকা রাস্তার উপর পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা ১৮/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এবং হামলা চালায়।
সন্ত্রাসীরা গাড়ি ভাংচুর করে এবং তাকে সহ তাদের কয়েকজনকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। একই সাথে পরবর্তীতে সুযোগ মত পেলে মারপিটসহ খুন করা হবে বলেও হুমকি দেয়া হয়। তারপর স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হামলার ঘটনায় হুমায়ুন, মো. হোসেন, বিশাল, মিরান, মিজান, কায়সার, কামাল, আরিফ ও বিদ্যুৎসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয় এবং সুরুজ এলাকার বিশালকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তোফায়েল আহমেদ।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে মামলার সকল আসামীকে গ্রেফতার এবং আসামীদের গডফাদারদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এসময় হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বক্তব্য রাখেন।
সম্মেলনে টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু ররহমান এর ম্যুরাল ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সোমবার(১৫ মার্চ) সকালে পুস্পস্তবক অর্পণ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, মজলুম জন নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃআলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও পূর্ণাঙ্গ কমিটির অনুলিপি প্রদান করা হয়।
এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সরদার আতিকুর রহমান নিশান ও সাধারন সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫মার্চ) সকালে পুরাতন আদালত সংলগ্ন টাঙ্গাইল হাইকেয়ার বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
টাঙ্গাইল হাইকেয়ার( বধির ) স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি লিজা, প্রত্যাশা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা পারভীন ,সলিমাবাদ কমরেড আসলামউদ্দিন অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবুল হোসেন খান , জমিরউদ্দিন ফকির অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো: শহিদুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল শাখার উপদেষ্টা মোঃ নূর আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ অনুর্দ্ধ-১৭ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছে টাঙ্গাইল ক্রিকেটের বিস্ময় বালক ডান হাতি ব্যাটিং অলরাউন্ডার রিজান হোসেন (১৫)। বিষয়টি নিশ্চিত করেছে, বিসিবি নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান।
জানা গেছে, গত ২ মার্চ (মঙ্গলবার) বাংলদেশ ক্রিকেট বোর্ড অনুর্দ্ধ-১৭ জাতীয় ক্রিকেট দল গঠনের জন্য ৩০ জন ক্রিকেটারের প্রাথমিক নামের তালিকা তাদের ওয়েব সাইটে প্রকাশ করে। সেই তালিকায় নাম রয়েছে রিজান হোসেনের।
গত ১০ মার্চ (বুধবার) মিরপুরে অবস্থিত ক্রীড়া পল্লীতে রিজানের করোনা পরীক্ষা করা হয়। করোনা ফলাফল নেগেটিভ হওয়ায় রিজান এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে বাংলাদেশ অনুর্দ্ধ-১৭ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবলুর তত্বাবধানে দশ দিনের নিবিড় প্রশিক্ষনে রয়েছে।
টাঙ্গাইলে এই কিশোর ক্রিকেটার রিজান হোসেন ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় অনুর্দ্ধ-১৫ ক্রিকেট দলের হয়ে খেলে টাঙ্গাইল জেলার সুনাম কুড়িয়ে এনেছে। এবার অনুর্দ্ধ-১৭ দলে ডাক পেলেন তিনি ।
টাঙ্গাইল বয়স ভিত্তিক ক্রিকেটে অতিপরিচিত মুখ রিজান হোসেন টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৬ দলের অধিনায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এ ছাড়ও টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ দলের অধিনায়ক হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।
গত ৯ মার্চ (মঙ্গলবার) শুরু হওয়া বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে রিজানকে সিটি ক্লাব নিলামে ৪১ হাজার টাকায় দলে ভিড়িয়েছে। প্রিমিয়ার লীগে এই টাকাই তৃতীয় সর্বোচ্চ দর এবং কিশোর ক্রিকেটারদের মধ্যে রিজানের দাম সবোর্চ্চ উঠেছে।
এ প্রসঙ্গে ঢাকা প্রিমিয়ার লীগ ও বিপিএল খেলা টাঙ্গাইলের কৃতি ক্রিকেটার নাজমুল হোসেন মিলন(ছক্কা মিলন) বলেন, রিজান অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। তারা যখন ক্রিকেট খেলেছেন, টাঙ্গাইলে ক্রিকেট প্রশিক্ষনের সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এখন অনেক ধরনের সুযোগ তৈরি হয়েছে। সঠিক ভাবে প্রশিক্ষন পেলে টাঙ্গাইল থেকে আরো অনেক প্রতিভাবান ক্রিকেটার বের হয়ে আসবে।তিনি রিজানের সাফল্য কামনা করেন।
বিসিবি নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান জানান, রিজানের সবচেয়ে বড় শক্তিশালী দিক হল পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলে । শারীরিক সামর্থ্যও অনেক। তার দৃঢ বিশ্বাস সঠিক ভাবে প্রশিক্ষন নিলে রিজান ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য রাখে রিজান ।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার তৈরি হয়ে আসছে। অনেক দিন হলো, বাংলাদেশ দলে টাঙ্গাইলের কোন ক্রিকেটার নেই। রিজান সেই শূন্য স্থান পূরণে সক্ষম হবে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রিজানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
একতার কণ্ঠ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ইতিহাসে একটি ক্ষুদ্র জায়গায় রয়েছেন বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন; এটি ইতিহাসে সেভাবেই থাকবে। তিনি যুদ্ধের নির্দেশক বা পরিচালক কিছুই ছিলেন না। একটি সেক্টরের কমান্ডার ছিলেন, এই টুকুই তার পরিচয়। ইতিহাসের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
মন্ত্রী বলেন- ‘জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাদের অনুরোধে স্বাধীনতাপত্রটি প্রথমে নিজের নামে, পরে শেখ মুজিবুর রহমানের নামে পাঠ করেন। তখন সবাই মনে করেছিলেন একজন সামরিক বাহিনীর লোক দিয়ে ঘোষণাপত্রটি পাঠ করালে গুরুত্ব বাড়ে। এ জন্য কৌশলগত কারণে তাকে দিয়ে ঘোষণাপত্রটি পাঠ করানো হয়। যতই বলা হোক, ইতিহাসে স্বাধীনতার ঘোষক বা মূল নেতা হিসেবে তিনি স্থান পাবেন না।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা পাকিস্তানে উচ্ছিষ্টভোগী ছিল, পা চাটা কুকুর ছিল, যারা পাকিস্তানের সহায়ক হিসেবে কাজ করেছে, তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়। কিন্তু সত্য উদঘাটন হয়েছে। আমাদের এ প্রজন্মও এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে। মুক্তিযুদ্ধের মহানায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরও বলেন- ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন, পরবর্তীতে ৫৪’র নির্বাচন, ৬২’র স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন, ৬৬’র স্বায়ত্বশাসন ও স্বাধিকার আন্দোলনের মাধ্যমে ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’
একতার কণ্ঠ ডেস্কঃ প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭মার্চ। দিবসটি উপলক্ষে রবিবার(৭ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ারহোসেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা সাবেক কমান্ডার মো. ফজলুল হক (বীর প্রতিক), খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ জাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।